রোবটও কবিতা লিখবে!

নিজের আঁকা পোর্ট্রেটের সামনে আইডা, যাকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম রোবট শিল্পী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কথা আমরা কমবেশি জানি। রোবটের কথাও শুনেছি। তারপরও যাঁরা সহজে বুঝবেন না, তাঁদের জন্য একটি প্রশ্ন, আপনি কি কখনো কম্পিউটারে দাবা খেলেছেন? যদি খেলে থাকেন, তাহলে খেয়াল করে থাকবেন, অন্যান্য প্রোগ্রামে আপনি নির্দেশ দেন, কম্পিউটার তা অনুসরণ করে। এখানে কিন্তু তা ঘটেনি। বরং কম্পিউটার আপনাকে জব্দ করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত যদি আপনি হেরে থাকেন, মন খারাপের কিছু নেই। দাবার গ্র্যান্ডমাস্টার বেন্ট লারসেনও হেরেছিলেন।

আপনি প্রশ্ন করতে পারেন, দাবা খেলা আর কবিতা লেখা কি এক কাজ? এবার আমরা আপনাকে একটা প্রদর্শনীর খবর দেব।

লন্ডন শহরের ডিজাইন মিউজিয়ামে গত ১৮ মে একটি পোর্ট্রেট প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। পোর্ট্রেটগুলো এঁকেছে আই-ডা, যাকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম রোবট শিল্পী।

আমরা শুনেছি, রোবট কথা বলে, কারখানায় কাজ করে, হোটেলে খাবার পরিবেশন করে, চিকিৎসকের সহকারীর কর্মও সম্পাদন করে সে। এমনকি ট্রাফিক পুলিশের কাজ করে, গাড়ি ও উড়োজাহাজ চালায়, আর মহাকাশ অভিযানে তো যায়ই। এত কিছু করার পর সে কবিতাও লিখবে?

ছয় বছর আগে যুক্তরাজ্যের রয়েল সোসাইটি কেমব্রিজের বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের সঙ্গে একটি প্রকল্প হাতে নেয়, নাম ‘ব্রেকথ্রু লিসেন’। পৃথিবীর বাইরে ভিনগ্রহে যে বুদ্ধিমত্তা আছে, তারই অনুসন্ধান ছিল এর উদ্দেশ্য। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১০০ মিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পের দ্বিতীয় উদ্যোগের নাম ‘ব্রেকথ্রু ম্যাসেজ’, পৃথিবীর মানুষ ও সভ্যতার বার্তা সাংকেতিক ভাষায় লেখা ছিল এর উদ্দেশ্য, যাতে ভিনগ্রহীরা কখনো এলে আমাদের সম্পর্কে জানতে পারে।

এই প্রকল্পের একটি হালনাগাদ তথ্য জানা যাচ্ছে, যা ‘দুবাই এক্সপো ২০২০’ নামে পরিচিত। এই দুবাই এক্সপো আসছে অক্টোবর থেকে মার্চ ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এখানে যুক্তরাজ্যের প্যাভিলিয়নে অভিষেক ঘটতে যাচ্ছে এক রোবট কবির, যাকে কবিতার প্রায় পাঁচ লাখ পঙ্‌ক্তি শেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে সমসাময়িক ১০০ ব্রিটিশ কবির কবিতা ও ৪০ হাজার শ্লোক। এই রোবট কবি একটি কবিতাও লিখেছে, ‘চোখ বন্ধ, স্মৃতিতে কড়া নাড়ছে আমার অতীত/ তাৎপর্যময় এবং চমৎকার একটা দিন ছিল/ কারণ, এক রাতে তাঁর হাতে রেখেছি/ আলোর বাক্স, যাকে বলে বৃক্ষ।’

অন্যদিকে, ২০১৮-এর দিকে অস্ট্রেলিয়ার আরেক দল বিজ্ঞানী তৈরি করেন ‘ডিপ-স্পিয়ার’ নামে একটি (রো)বট। এই যন্ত্র প্রজেক্ট গুটেনবার্গ নামে অনলাইন লাইব্রেরি থেকে প্রায় ২ হাজার ৭০০ সনেট পড়েছে এবং এই সব কবিতা পড়ে প্রায় ৩ লাখ ৬৭ হাজার শব্দ শিখেছে। সে জানে কী করে কবিতার শব্দমালা সাজাতে হয়।

তবে এরও আগে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার গবেষকেরা যৌথভাবে কবিতা লিখতে পারে, এমন একটি গাণিতিক পরিভাষা (অ্যালগরিদম) তৈরি করেন। এই কৃত্রিম বুদ্ধিমত্তাটি খুব সহজে ছন্দ তৈরি করতে পারে। নিয়ম মেনে মাত্রার হিসাব ঠিক রেখে শব্দ সাজাতে পারে। গবেষকেরা জানান, এই রোবটকে তিন হাজার সনেট পড়ানো হয়। প্রতিটি শব্দ বিচ্ছিন্ন করে একটির সঙ্গে আরেকটির সম্পর্ক কী, তা শেখানো হয়। কবিদের লেখার সঙ্গে মিশিয়ে ওর লেখা কবিতা পড়িয়ে যখন পাঠককে প্রশ্ন করা হয়, অর্ধেক মানুষ বুঝতেই পারেনি কোনটা রোবটের লেখা।

পশ্চিমবঙ্গের কবি রণজিৎ দাশের ‘সেক্স-রোবট’-এর কথা মনে পড়ছে। এই কবিতায় তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ‘অতি অলক্ষ্যে এগিয়ে আসছে এই সর্বনাশা দিন। মানুষ আর মানুষকে চাইবে না, রোবটকে চাইবে, মেশিনকে চাইবে। স্মার্টফোনে, ল্যাপটপে বুঁদ হয়ে থাকা হেঁটমুণ্ড মানুষ আর মাথা তুলে দেখতে পাবে না আকাশের মেঘ, প্রিয়জনের মুখ, জঙ্গল ও সমুদ্র, নক্ষত্রলোকের স্তব্ধ শোভা।’

ফলে, সেই দিন হয়তো খুব বেশি দূরে নয়, কোনো এক কবিতা সন্ধ্যায় মিলনায়তনে দাঁড়িয়ে রোবট কবি কবিতা পড়বে আর শ্রোতারা বিস্ময়ে বিমূঢ় হয়ে হাততালি দেওয়া ভুলে যাবে।

পোয়েট্রি আর্কাইভের পরিচালক ট্রেসি গুইরি অবশ্য মনে করেন, একজন মানুষ লিখতে পারবে এমন কিছু, যা একটা রোবট কখনোই লিখতে পারবে না। কারণ, এটা মনের চরম প্রকাশ। রোবটের তো জীবনের অভিজ্ঞতা নেই।

এই অভিজ্ঞতার কথাই তো জীবনানন্দ দাশ বলে গেছেন, ‘সকলেই কবি নয়। কেউ কেউ কবি; কবি—কেননা তাদের হৃদয়ে কল্পনা এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তা রয়েছে...।’ ফলে রোবট যত দিন কল্পনা-অভিজ্ঞতার মধ্য দিয়ে না যাচ্ছে, তত দিন কবি হিসেবে গৌণই থেকে যাবে বলে মনে হয়।


সূত্র: দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক পোস্ট, দ্য নিউ ইয়র্কার, দ্য আইরিশ টাইম ও লিটারেরি হাব