শুনেছি, কী একটা রোগ হলে লোকে সবকিছু হরিদ্রাবর্ণ দেখে। তেমনি আমাদের সাহিত্যকদের কারও কারও কাঁধে কি একটা রোগ চেপেছে তাঁরা চারদিকে কেবলই সংকট দেখছেন।...
...দেশ বিভক্ত হয়েছে বলে সাহিত্যও বিভক্ত হবে, তাঁদের এ যুক্তিটি এখানে বিচার করে দেখা দারকার। বেশ কথা আসুন, সাহিত্যকে ভাগ করা যাক। কিন্তু বিভক্তিটা কী রকম হবে? তমদ্দুনপন্থীদের একজন পুরোধা বলেছেন, অবিভক্ত বাংলার সাহিত্য থেকে আমাদের সাহিত্য সম্পূর্ণ স্বতন্ত্র হবে। তবে কি প্রাচীন বাংলা সাহিত্য, অর্থাৎ পাকিস্তান হওয়ার আগের সাহিত্য কিছুই আমরা গ্রহণ করতে পারব না? তা করতে গেলে সে পাকিস্তানের জাতীয় কবি নজরুল, গোলাম মোস্তফা ও ফররুখ আহমদ প্রভৃতি কবি-সাহিত্যিক, এমনকি যাঁরা এই সৎ পরামর্শটা দিচ্ছেন, তাঁরা পর্যন্ত বাতিল হয়ে যান। পরামর্শদাতা কোন ডালে বসে গাছ কাটছিলেন, সেটা বোধ হয় ভেবে দেখেননি।
তমদ্দুনপন্থীরা হয়তো বলবেন, তা কেন? আমরা বলেছি ভবিষ্যৎ সাহিত্য আমাদের, তোমাদের ওই কুফরি বাংলা সাহিত্য থেকে আলাদা হবে। ভালো কথা। কিন্তু তাহলে কি আমাদের পুরোনো সাহিত্য বলে কিছু থাকবে না? অতীত থাকবে না আমাদের, অথচ গড়ে উঠবে ভবিষ্যৎ, একি কখনো সম্ভব? তাহলে ভবিষ্যৎ সাহিত্যের সৌধ গড়ব কিসের ওপর?
তখন তমদ্দুনপন্থীরা বলেন, কেন, বাংলা সাহিত্যে একটা আলাদা ইসলামি সাহিত্যই তো রয়েছে, যার প্রকাশ দেখি পল্লিগীতিকাব্যগুলোতে এবং যার শ্রেষ্ঠ পরিচয় নজরুল ইসলাম ইত্যাদি। পাঠক লক্ষ করবেন, নিজের যুক্তির বিরুদ্ধে এঁরা আবার আমাদের বিভাগ-পূর্ব সাহিত্যের দিকেই নিয়ে যাচ্ছেন। তবে বলছেন, হিন্দুর সাহিত্য ছোঁব না। মুসলমানি সাহিত্য চাই। এ যেন ‘কায়েত হোটেলে খাব না বিশুদ্ধ ব্রাহ্মণ হোটেল চাই’ ভাবখানা।
বেশ, মুসলমান যখন, মুসলমানের রান্না খাওয়াই চাই। আসুন, মুসলমানি সাহিত্যে। পল্লিগীতিকার কথা বলছেন? গুনে দেখেছেন তার কয়টা মুসলমানের রচনা? আর যাঁরা রচনা করেছেন, তাঁরাও যে হিন্দু-মুসলমানের ভেদ রাখেননি। হিন্দুর কথা মুসলমানে লিখেছেন, মুসলমানের কথা হিন্দু লিখেছেন। কীভাবে বাছাই করবেন, বিষয় হিসেবে না গ্রন্থকার হিসেবে? নায়ক-নায়িকার নাম দেখে বেছে নেবেন? আসুন, কাজলরেখা, মহুয়া, মদিনা, মলুয়া, ভেলুয়া, বেহুলা এদের কে মুসলমান, কে হিন্দু বলতে পারেন? তাই বলছি বন্ধু, সাহিত্যে ছাড়ুন ভেদবিচার, তাতে কুল পাবেন না, ঠাঁই পাবেন না। তারপর—আসুন, আধুনিক যুগের সাহিত্যে। পাকিস্তানের জাতীয় কবি বলে আপনারা যাঁকে বরণ করে নিয়েছেন, আমাদের সেই প্রিয় কবি নজরুল ইসলামকেই ধরুন। তাঁর সাহিত্যই কি তবে আপনাদের তমদ্দুনিক সাহিত্যের নমুনা? আনুন তাঁর সাহিত্য। খুলে দেখুন তাঁর বিখ্যাত গানের বই বনগীতি (যাতে বেশিসংখ্যক ইসলামি গান রয়েছে), ওর যে পৃষ্ঠায় আছে, ‘হে মদিনার বুলবুলি গো!’ তার সামনাসামনি পৃষ্ঠায়ই দেখুন ‘কালা, এত ভাল কি হে কদম্বগাছের তলা?’ যে পৃষ্ঠায় আছে ‘দীন দরিদ্র কাঙ্গালের তরে...হে হযরত’, তার বিপরীত পৃষ্ঠায় দেখুন, ‘আমার কালো মেয়ের পায়ের তলায়’, ঠিক তেমনি ‘পাঠাও বেহেশত হতে’ এবং ‘জয় বাণী বিদ্যা দায়িনী’। আরও দেখুন এক পৃষ্ঠায় রয়েছে ‘মোহাম্মদ মোর নয়ন মণি’, উল্টো পৃষ্ঠায় ‘আর লুকোবি কোথায় মা কালী’। আবার ‘মোহাম্মদ নাম জপেছিলি’ এবং ‘কে বাজিয়ে চলে বাঁশী, ‘বিশ্বরাধা ঐ সুরে উদাসী’। আর কত উদাহরণ দেব? এর কোনটা ফেলে কোনটা রাখব। নজরুলেরই একটা হাসির গান মনে পড়ে গেল, ‘হেডমাস্টারের টেড়ি, সেকেন্ড মাস্টারের দাড়ি কারে রাখি কারে ছাড়ি?’
রইস সাহেবরা এবার বলবেন, ‘ছিঃ ছিঃ, এমন উদাহরণ দিতে লজ্জা করে না? নজরুল হিন্দুর গান লিখেছেন, তা তো আমরা ভুলেই গেছি। তিনি যেগুলো মুসলমানি গান লিখেছেন শুধু সেগুলোই আমরা গ্রহণ করব।’ আমি নিশ্চিত বলতে পারি, নজরুল সুস্থ ও প্রকৃতিস্থ অবস্থায় এ-জাতীয় কথা শুনলে বক্তার মাথায় ডাঙ্গস মারতেন। কিন্তু আমি জিজ্ঞাসা করি, কীভাবে আমরা মুসলমানিগুলোকে আলাদা করে নেব? বইয়ের পাতা ছিঁড়ে? তারও যে উপায় নেই। কারণ, একই পাতার এপিঠ-ওপিঠ মুসলমানি আর হিন্দুয়ানি কবিতা ছাপা যে, আর আঠা দিয়ে যদি এক হিন্দুয়ানি পৃষ্ঠাজুড়ে দেওয়া যায়, তবে তার সঙ্গে যে পরের মুসলমানি পৃষ্ঠাও আটকে যায়।
এঁদের প্রস্তাবগুলো কত অবাস্তব ও ছেলেমানুষী, তাই দেখানোর জন্য এই অবান্তব ও ছেলেমানুষী কথাগুলো বলতে হলো। আসলে এই তমদ্দুনের ধ্বজাধারীরা যা বলতে চান এবং কর্মেও যা করে থাকেন, তা হচ্ছে: মুসলমান সাহিত্যিক হলেই তাঁকে আমরা পাকিস্তানি বলে ধরে নেব এবং হিন্দু হলেই ‘হিন্দুস্তানি’, সে জন্য অতুল প্রসাদ, গোবিন্দ দাস, নবীন সেন, পূর্ব বাংলার লোক হয়েও পাকিস্তানি কবি নন। আর সীমান্তের অপর পাড়ে বাস করেও বেচারী আবদুল ওদুদ সাহেবের রেহাই নেই, তাঁর জবাবদিহি এঁদের হাইকোর্টে। এঁদের ফতোয়া অনুযায়ী টিকি-দাড়ি হচ্ছে অপাক ও পাক কবির বা সাহিত্যিকের সাইনবোর্ড। তাই নজরুল ইসলাম চণ্ডীমাতা বা কালী মাহাত্ম্য যতই কীর্তন করুন না কেন, তিনি পাকিস্তানি কবি এবং নিরাকার এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাসী তথাকথিত হিন্দুয়ানির বিরোধী এবং যিনি জীবনে একটিও দেব-দেবীর স্তোত্র লেখেননি, সেই রবীন্দ্রনাথও আমাদের কবি নন। কিমাশ্চর্যতঃপরম।
শুধু কি তা-ই? বারবার ফতোয়া জারি করে ও মিথ্যা বুলি কপচাতে কপচাতে এঁরা এখানকার আবহাওয়াকে এতটা বিষাক্ত করে তুলেছেন যে, এখানে রবীন্দ্রনাথের কি অতুল প্রসাদের গান গাইলে তাঁরা বিজাতীয় আনুগত্যের গন্ধ পান, কিন্তু উদুর্র ছদ্মবেশে ভারতীয় হিন্দি বস্তপচা মাল সব এখানে হরদম মহাফুর্তিতে চলেছে। রবীন্দ্রসংগীত এঁদের কাছে অপাক বা না পাক, কিন্তু লতা মঙ্গেশকর, বীণা রায় ও সুরাইয়ার মধুর প্রেমসংগীত খাঁটি পাক। হিন্দি গীত, ঠুংরি, গজল, যেগুলোতে অনেক সময়ই অশ্রাব্য আদিরস ভরা থাকে, এমনকি রাধা-কৃষ্ণের লীলা কীর্তনও নানাভাবে যাতে আছে, সেগুলো বেতারে, সিনেমায় এবং প্রতি ঘরে মহা উৎসাহে প্রচারিত ও সর্বত্র প্রশংসিত হচ্ছে। জিজ্ঞাসা করি, এগুলোই কি শ্রেষ্ঠ পাকিস্তানি তমদ্দুনের নমুনা? নইলে এগুলোর বেলায় তমদ্দুনের অভিভাবকদের কাছ থেকে এ পর্যন্ত একবারও একটিও আপত্তি ওঠেনি কেন?
রবীন্দ্রনাথের ‘একটি নমস্কারে’ কিংবা ‘আমার মাথা নত করে দাও’ গানের মধ্যে তাঁরা অন-ইসলামি গন্ধ খুঁজে পান, যদিও এই গানগুলোতে সেই অদ্বিতীয় পরম করুণাময় এবং পরম মহিমাময়ের প্রতি হৃদয়ের ভক্তিনিষ্ঠ ভাবটিই শুধু প্রকাশ পেয়েছে এবং যা আমাদের নামাজের প্রার্থনারই অনুরূপ, শুধু সেজদা কথাটার বদলে আছে নমস্কার। কিন্তু অন-ইসলামি কিছু তাঁরা খুঁজে পান না রাধা-কৃষ্ণবিষয়ক ঠুংরি গান বা দুনিয়াকা মজা লেলে, লারে লাপ্লা ও মেরে দোপাট্টা—এসব বিশ্রী হিন্দি গানে।
তাই এঁদের, অর্থাৎ এই তমদ্দুনপন্থীদের ফতোয়ায় রবীন্দ্রনাথ বা মধুসূদনকে গ্রহণ করা মানে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা, ইসলামের বিদ্রোহী হওয়া ইত্যাদি। তাই তার পেছনে লাগাও গোয়েন্দা, লাগাও গুন্ডা। কিন্তু এঁদের এই মিথ্যার বেসাতিও আজ অচল হয়ে পড়েছে। এঁদের ভ্রুকুটি ও আস্ফালনকে উপেক্ষা করে পূর্ব পাকিস্তানের শিক্ষিত সম্প্রদায় যে রবীন্দ্রনাথকে আমাদের কবি বলে গ্রহণ করেছেন, তার প্রমাণ রবীন্দ্র জন্মতিথিতে দিকে দিকে মহাসমারোহে কবির জন্মোৎসবের অনুষ্ঠান এবং তাঁর প্রতি পূর্ব পাকিস্তানিদের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধাঞ্জলি। রবীন্দ্রনাথও আমাদের কবি, নজরুলও আমাদের কবি, কিন্তু সে ওই তমদ্দুনপন্থীদের ফতোয়ার জোরে নয়। আমাদের মাতৃভাষায় তাঁদের যে অসামান্য অবদান রয়েছে তার দৌলতে।
শুধু তাঁরা দুজন নন। আজ এ কথা জোর করেই বলার প্রয়োজন হয়েছে—বাংলা ভাষার সব কবিই আমাদের কবি। বাংলা ভাষার সব সাহিত্যিকই আমাদের সাহিত্যিক। এঁদের কাউকে আমরা ত্যাগ করতে পারব না। বাংলা সাহিত্যের আদি যুগ থেকে আজ পর্যন্ত যত লেখকের সৃষ্টিতে এই সাহিত্য সমৃদ্ধ হয়েছে, সেই বিদ্যাপতি—চণ্ডীদাস, আলাওল, ভারতচন্দ্র, মধুসূদন, নবীনচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম—সবাই আমাদের, সবার ওপরই আমাদের দাবি। এঁদের সবাই এক বাগানের ফুল—এর কোনোটা তুলব, কোনোটা তুলব না, এ হয় না, হতে পারে না। আমাদের আগের বাংলা সাহিত্যকে বিচ্ছিন্ন করে দেখা চলবে না, এ কথাটাই আমরা স্পষ্ট করে বলতে চাই।
সূত্র: ১৯৬৯ সালে প্রকাশিত সাহিত্যের নবরূপায়ণ বইয়ের ‘সংস্কৃতি–সংকট’ প্রবন্ধের অংশবিশেষ

মোফাজ্জল হায়দার চৌধুরী
মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্ম ১৯২৭ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর গ্রামে। তিনি কর্মজীবন শুরু করেন ১৯৪৮ সালে ঢাকা বেতারে পান্ডুলিপি রচয়িতা হিসেবে। অধ্যাপনার সূচনা ঢাকার জগন্নাথ কলেজে; কাজ করেছেন নটরডেম কলেজেও। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৫৮ সালে তিনি ধ্বনিতত্ত্বে গবেষণার জন্য বিলেত যান। সেখান থেকে ফিরে ১৯৭০ সালে তিনি রীডার পদে উন্নীত হন। মোফাজ্জল হায়দার ছিলেন সৃজনশীল ও মননশীল প্রতিভার অধিকারী। গবেষণার পাশাপাশি তিনি রচনা করেছেন অনেক কবিতা, গল্প ও নাটক। তবে প্রবন্ধ ও সাহিত্য সমালোচনাতেই তাঁর প্রতিভা সবচেয়ে বেশি বিকশিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ছোট ভাই লুৎফুল হায়দার চৌধুরীর বাড়ি থেকে িতনি অপহৃত হন।