হুমায়ূন আহমেদ: আশ্চর্য অনুভূতির আখরে লেখা নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>হুমায়ূন আহমেদের একটি বই কতবার পড়েছিলেন সাদাত হোসাইন? হুমায়ূনকে নিয়ে নিজের অনুভব লিখতে লিখতে এ লেখায় জানালেন সেসব প্রসঙ্গ।

শৈশবে আমি খুব ‘কেরছা’ শুনতে চাইতাম। কেরছা মানে কিসসা। গল্প। আমাদের দাদিকে আমরা ডাকতাম বু। বু সম্ভবত বুবু থেকে এসেছে। বু রাত জেগে আমাদের কেরছা শোনাতেন। গহর বাদশাহ-বানেছা পরির কেরছা। ডালিম কুমার-পঙ্খীরাজ ঘোড়ার কেরছা। সোহরাব-রুস্তমের কেরছা। গল্প শোনার সেই শুরু।

গল্প বলার নানা মাধ্যম রয়েছে। সৃষ্টিশীল সব মাধ্যমের কাজই মূলত গল্প বলা। তা সে লেখা থেকে আলোকচিত্র হোক কিংবা সিনেমা থেকে ভাস্কর্য। আমাদের শৈশবে অবশ্য গল্প শোনার মাধ্যম ওই নানি, দাদি আর মা। সেখানে রেডিও-টেলিভিশন নেই। ক্লাসের বাইরের ‘আউট’ বই পড়ার সুযোগও তেমন নেই। ফলে মুখের কেরছা আর ক্লাসের বাংলা বইয়ের গল্প পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেতাম আমি। আমার তখন আরও গল্প চাই। অনেক অনেক গল্প। এক গল্প বারবার শুনতে আমার ভালো লাগে না। তাই আমার নিত্যনতুন গল্প চাই।

সেবার আমার মায়ের জন্য আব্বা শাড়ি কিনে আনলেন। শাড়ি খুলতেই দেখি শাড়ির ভেতর পুরোনো দিনের পত্রিকা। আমি অবাক হয়ে লক্ষ করলাম, সেই পত্রিকাভর্তি নানা সংবাদ আর ফিচার। এমনকি সেসব ফিচারজুড়েও নতুন নতুন গল্প। পত্রিকার নানা খবরও আমার কাছে গল্প হয়ে উঠতে লাগল! নতুন ধরনের গল্প। আমি তা গোগ্রাসে গিলতে লাগতাম। কিন্তু নতুন গল্পের নেশা অস্থির করে রাখল আমাকে। যেখানে যা পাই পড়ে ফেলি। কিন্তু গল্পের তেষ্টা যেন মেটে না। বুকের ভেতর খাঁ খাঁ রোদের আস্ত এক দুপুর সারাক্ষণ তড়পাতে থাকে।

তবে সেই তেষ্টা মিটে গেল অদ্ভুতভাবে।

মা তখনো গল্পের বই পড়েন। কিন্তু তা পড়তে হয় আমার দাদির চোখ এড়িয়ে। মাটির চুলায় খড়ি ঠেলতে ঠলতে আম্মা লুকিয়ে বই পড়েন। চুলোয় তাঁর ভাত নরম হয়ে যায়, তরকারি পুড়ে যায়। দাদি তেড়েফুঁড়ে আসেন, ‘বিয়াশাদি হইছে, দুই বাচ্চার মা হইছ, এহন আবার পড়াশোনা কইরা জজ-ব্যারিস্টার হওনের সাধ হইছে!’

দাদি যে আমার মাকে অপছন্দ করেন, তা নয়। বরং তাঁদের সম্পর্ক মা-মেয়ের মতোই অকৃত্রিম। সেখানে মায়ের বই পড়ার এই অভ্যাস দাদির চোখে বাহুল্য। সময় নষ্ট। মেয়ে মানুষের এত পড়ে কাজ কী! বিয়ের পর ঘরকন্নাটাই আসল। কিন্তু আমার মায়েরও যে গল্প শোনার নেশা! সেই নেশা আমাকেও এলোমেলো করে দিল। আম্মা রাতভর গল্প শোনান। সেসব গল্পের বেশির ভাগই তাৎক্ষণিক মুখে মুখে বানানো। কারণ, এক গল্প দুবার শুনতে আমার ভালো লাগে না। কিন্তু এত এত নতুন গল্প আম্মা পাবেন কই?

ছোটবেলায় আমার খুব জ্বর হলো। বিছানায় শুয়ে শুয়ে গোঙাচ্ছি। সারাক্ষণ আম্মার আঁচল টেনে ধরে পাশে বসিয়ে রাখছি। যেন আম্মার আঁচলের ঘ্রাণে আমার জ্বর সেরে যাবে। কিচ্ছু খেতে পারি না। চারপাশজুড়ে যেন মাছের উৎকট আঁশটে গন্ধ। খাবার দেখলেই বমি চলে আসে। আম্মা বাংলা বইখানা আমার হাতে তুলে দেন। আমি পাতা উল্টাই। গল্প দেখলেই আমার মন ভালো হয়ে যায় যদি! খানিক শরীরও। কিন্তু হয় না। এই বইয়ের সব গল্পই আমার পড়া। পড়া গল্প আর কতবার পড়া যায়! পড়া গল্প পড়তে ভালো লাগে না।