
‘আমাকে একটা চাকরি দিতে পারেন? সায়াহ্নে এসে বড় একঘেয়ে হয়ে উঠেছে এ জীবন! মরতে বসেছি একঘেয়েমিতে। ৮৯ বছর বয়স আমার। কেউ কি আমাকে কাজে নেবেন?’ এভাবেই বড় আকুতি জানিয়ে কাজের সন্ধান করছিলেন জো বার্টলি নামের এক বৃদ্ধ। যুক্তরাজ্যের ডেভনের পেইগটনে তাঁর বাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক তিনি।
একঘেয়েমি যে মৃত্যুর নামান্তর! বুঝতে পেরেছিলেন বার্টলি। ‘একঘেয়েমির’ জীবন থেকে ছুটি নিতে স্থানীয় এক পত্রিকায় চাকরির জন্য বিজ্ঞাপন দেন তিনি। সেখানেই ‘একঘেয়ে মরণ’ থেকে বাঁচতে খণ্ডকালীন চাকরির দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
তাঁর ওই বিজ্ঞাপনটি চোখে পড়ে সেখানকার ক্যানটিনা বার অ্যান্ড কিচেনের সহস্বত্বাধিকারী সারাহ মার্টিনের। বার্টলিকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
জো সম্পর্কে সারাহর ভাষ্য, বয়স বা ব্যাকগ্রাউন্ড যা-ই হোক না কেন, আপনি একটি সুযোগ পেতে পারেন। কারণ, এখানে অনেক মানুষ শুধু কফি পান করতে আসে না, তাঁরা গল্প করতে আসেন। জো তাঁদের সঙ্গে দারুণ মানাবে।
জো দুইবার বিজ্ঞাপন দিয়েছিলেন। বিজ্ঞাপনে জো লিখেছিলেন, ‘এখনো পরিষ্কার করতে, বাগান পরিচর্যা করতে বা যেকোনো কাজ টুকটাক করতে পারি। আমার রেফারেন্সও আছে। আমাকে একঘেয়েমি থেকে বাঁচাও।’
ওই বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় চমকে গেছেন জো। নতুন চাকরি পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন, ‘মালিক আমাকে ফোন দিয়ে তাঁর আগ্রহের কথা জানাল। আমাকে আসতে বলল। আমি ওই ক্যাফেতে গেলাম। টুকটাক আলাপ করলাম। হাত মেলালাম।’
ওই বিজ্ঞাপন দেওয়ার পর থেকে তিনি স্থানীয় তারকার মতো সম্মান পাচ্ছেন। নিজের কষ্টে আয় করা অর্থে বাড়িভাড়া শোধ করতে পারবেন ভেবে তিনি আরও খুশি। জোর ভাষ্য, ‘আমি সত্যি বিশ্বাস করতে পারছি না, দারুণ ব্যাপার।’
দুই বছর আগে স্ত্রী ক্যাসান্দ্রা মারা যাওয়ার পর থেকে একাই ছিলেন তিনি। যখন আশপাশে কেউ থাকে না কথা বলার কাউকে পাওয়া যায় না। সময় যেন কাটে না। এটা যেন নির্জন কারাবাস।
ক্যাফেতে তাঁর দায়িত্ব হচ্ছে আতিথেয়তা করা। এ ছাড়া আরও কয়েক জায়গা থেকে কাজের সুযোগ এসেছে তাঁর জন্য। অনেকেই বলছেন, বয়স্ক মানুষদের জন্যও একটু ভাবা উচিত। তাঁদেরও নিয়োগ দিতে পারেন চাকরিদাতারা। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।