সুন্নতের অনুসরণ রাসুলপ্রেমের নিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য ভালোবাসা ইমানের অংশ। আল্লাহ তাআলা বলেন, ‘(হে নবী!) বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।’ (সুরা-৩ আলে ইমরান, আয়াত: ৩১)

হজরত আনাস (রা.) বলেছেন—রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সকল মানুষ থেকে প্রিয় হব। (বুখারি: ১৩-১৪)

ভালোবাসা মানে নিজের সবকিছু সমর্পণ; আনুগত্যেই ভালোবাসার প্রমাণ। মহানবী (সা.) বলেছেন, ‘যে আমার সুন্নতকে ভালোবাসে, সে আমাকেই ভালোবাসে; যে আমাকে ভালোবাসে, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে।’ (মুসলিম: ২৭২৬)

ভালোবাসার সারকথা হচ্ছে, যিনি যঁাকে ভালোবাসেন, তিনি তঁার চিন্তাচেতনার সঙ্গে একাত্ম হন। ভালোবাসা হলো প্রেমাস্পদের সঙ্গে সব সময় একাত্ম থাকা। রাসুলুল্লাহ (সা.)–এর মহব্বতের নিদর্শন বা প্রমাণ হচ্ছে জীবনের সব ক্ষেত্রে তাঁর সুন্নতের অনুসরণ করা

হজরত আবদুল্লাহ ইবনে হিশাম (রা.) বর্ণনা করেন, ‘একদিন আমরা নবীজি (সা.)–এর সঙ্গে ছিলাম। নবীজি (সা.) হজরত উমর (রা.)–এর হাত ধরে ছিলেন। হঠাৎ উমর (রা.) বলে উঠলেন, ‘ইয়া রাসুলুল্লাহ (সা.)! আপনি আমার কাছে সবকিছু থেকে প্রিয়, তবে আমার জীবন ব্যতীত।’ তখন নবীজি (সা.) বললেন, ‘না উমর, এতে হবে না। যে সত্তার হাতে আমার জান, তাঁর কসম! (ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না) যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জানের চেয়েও প্রিয় না হই।’ পরক্ষণেই উমর (রা.) বললেন, ‘হ্যাঁ, এখন তা হয়েছে; আল্লাহর শপথ! (এখন থেকে) আপনি আমার কাছে আমার জীবনের চেয়েও প্রিয়।’ তখন নবীজি (সা.) বললেন, ‘হ্যাঁ উমর! এখন (তোমার ইমান পরিপূর্ণ) হয়েছে।’ (বুখারি: ৬৬৩২)

নবীজি (সা.)–এর ভালোবাসা মুমিনের সম্বল। মুমিনের সবচেেয় বড় সম্পদ হলো ইমান। ইমানের স্বাদ সে-ই পায়, যার নিকট আল্লাহ ও তাঁর রাসুল (সা.)–এর ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে থাকে। হজরত আনাস (রা.) হতে বর্ণিত, ‘নবী করিম (সা.) বলেছেন, তিনটি গুণের অধিকারী ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করবে। এর মধ্যে  প্রথম হলো, যার কাছে আল্লাহ ও তাঁর রাসুল (সা.) সবচেয়ে প্রিয় হবেন।’ (মুসলিম: ৬৭)

নবীজি (সা.)–এর ভালোবাসা ইমান ও আমলে উৎকর্ষ লাভের উপায় এবং আখিরাতে মহাসাফল্য অর্জনের সহায়। প্রত্যেক মুমিনের কাঙ্ক্ষিত সে সাফল্য হলো আখিরাতে রাসুলুল্লাহ (সা.)–এর সঙ্গলাভ। এর উপায়ও নবীজি (সা.) বলেছেন। হজরত আনাস (রা.) বলেছেন—এক ব্যক্তি রাসুলে করিম (সা.)–কে জিজ্ঞেস করল, ইয়া রাসুলুল্লাহ! কিয়ামত কবে হবে? তিনি পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি প্রস্তুতি নিয়েছ কিয়ামতের জন্য? সে জবাব দিল, ‘আমি আল্লাহ ও তাঁর রাসুল (সা.)–কে ভালোবাসি।’ তখন নবীজি (সা.) বললেন, ‘যে ব্যক্তি যাকে ভালোবাসে, তার সঙ্গেই তার হাশর হবে।’ (মুসলিম: ২৬৪০)

হজরত আনাস (রা.) বলেন, ‘ইসলাম গ্রহণের পর আমাদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় ছিল নবী করিম (সা.)–এর এই কথা।’ তারপর হজরত আনাস (রা.) বলেন, ‘আর আমি আল্লাহ ও তাঁর রাসুল (সা.)–কে ভালোবাসি। আবু বকর (রা.) ও উমর (রা.)–কেও ভালোবাসি। যদিও তাঁদের মতো আমল আমি করতে পারিনি।’ (মুসলিম: ২৬৩৯)

ভালোবাসার সারকথা হচ্ছে, যিনি যঁাকে ভালোবাসেন, তিনি তঁার চিন্তাচেতনার সঙ্গে একাত্ম হন। ভালোবাসা হলো প্রেমাস্পদের সঙ্গে সব সময় একাত্ম থাকা। রাসুলুল্লাহ (সা.)–এর মহব্বতের নিদর্শন বা প্রমাণ হচ্ছে জীবনের সব ক্ষেত্রে তাঁর সুন্নতের অনুসরণ করা। নবীপ্রেমের অন্যতম অনুষঙ্গ হলো দরুদ শরিফ পাঠ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি বিশেষ রহমত নাজিল করেন, ফেরেশতাগণ নবীর জন্য বিশেষ রহমতের দোয়া করেন। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি দরুদ পাঠ করো এবং বিশেষভাবে সালাম পেশ করো।’ (সুরা-৩৩ আহযাব, আয়াত: ৫৬)

নবী করিম (সা.)–এর ভালোবাসার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়ে ছিলেন। হজরত আবু সুফিয়ান (রা.) ইসলাম গ্রহণের আগেই বলেছেন, ‘আমি কাউকে এতটা ভালোবাসতে দেখিনি, মুহাম্মদ (সা.)–কে তাঁর সঙ্গীরা যত ভালোবাসেন।’ (সিরাতে ইবনে হিশাম, খণ্ড: ২, পৃষ্ঠা: ১৭২; আলবিদায়া ওয়ান নিহায়া, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৬৫)

‘উহুদ যুদ্ধে সংকটকালে হজরত আবু তালহা (রা.) নিজে ঢাল হয়ে রাসুলুল্লাহ (সা.)–এর ওপর আক্রমণ প্রতিহত করছিলেন। একপর্যায়ে যখন নবীজি উঁকি দিয়ে দেখতে চাইলেন, তখন আবু তালহা (রা.) বললেন—ইয়া রাসুলুল্লাহ (সা.)! আমার মা-বাবা আপনার জন্য কুরবান হোক! আপনি উঁকি দেবেন না; তাহলে আপনার গায়ে কোনো তির এসে লাগতে পারে। আমার বুক আপনার জন্য উৎসর্গিত।’ (বুখারি: ৩৮১১)

  • মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী

যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম

[email protected]