চাকরি নিয়ে দুশ্চিন্তা নাকি দক্ষতা উন্নয়নে জোর

বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের গ্রন্থাগারে নতুন-পুরোনো বিশাল বইয়ের সংগ্রহ থাকে। একটু ডুব দিন না এ লাইব্রেরি নামের মহাসাগরে।প্রতীকী ছবি: আশরাফুল আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় উদ্ভাবন, আবিষ্কার, সৃজন, শিখন, জ্ঞান অর্জন তথা নিজেকে সমৃদ্ধ করার মুক্ত প্রাঙ্গণ। বিশ্ববিদ্যালয়ে পাঠ করে অনেক গ্র্যাজুয়েট দক্ষ, যোগ্য, সৃজনশীল জনশক্তি হয়ে বেরিয়ে আসেন। দেশকে এগিয়ে নিতে অবদান রাখেন এসব মেধাবীরা। অন্যদিকে কেউ কেউ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেও নিজেকে একটি পছন্দসই জায়গায় দাঁড় করাতে হিমশিম খান। আসলে বিশ্ববিদ্যালয়ে এসে যেমন অনেকে আদাজল খেয়ে নামেন নিজেকে ভালো একটি অবস্থানে দাঁড় করাতে, তেমনি অনেকে হেলাফেলায় সময় নষ্ট করে বের হন শূন্য হাতে। বিশ্ববিদ্যালয়ের সুবিশাল ক্যাম্পাসে একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পান দারুণ সব সুযোগ।

নিজ বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থী, নানান জেলা থেকে আসা বিভিন্ন মানুষের সঙ্গে মেশার কারণে পরিবর্তন আসে একজন শিক্ষার্থীর আচরণ, চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে। একটি বিশ্ববিদ্যালয়ে থাকে নানান সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এসব সংগঠনে যুক্ত হয়ে নেতৃত্বের গুণাবলি থেকে শুরু করে তৈরি হয় কাজ করার স্পৃহা। জড়তা কাটিয়ে নিজেকে মেলে ধরার চমৎকার উর্বর জায়গাও বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, অর্থাৎ স্নাতকে পা রাখার পরপরই অনেকের মাথায় নাড়াচাড়া দিয়ে বসে বিসিএস নামের এক সোনার স্বপ্ন। সে স্বপ্নপূরণে চলে দিন-রাত এমপি–থ্রিসহ অন্যান্য গাইড বা নোট মুখস্থ করার হিড়িক। কোচিংয়ে আসা-যাওয়া, গাইড–নোট থেকে প্রশ্ন মুখস্থ করা, আবার কয়দিন পর ভুলে যাওয়া, এভাবে চলতেই থাকে অনেকের। আবার অনেকে সিজিপিএ ভালো করার জন্য উঠেপড়ে লাগেন।

বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার স্বপ্নও উঁকি দেয় কারও কারও মনে। আবার অনেকে সবকিছুর মধ্যে ব্যালান্স রেখে চলেন। অনেকেই তো বলে ফেলেন, ওকে দিয়ে কিছু হবে না। ও শুধু এদিক-ওদিক সংগঠন নিয়ে ঘুরে বেড়ায়, চাকরির জন্য নেই কোনো পড়াশোনা, নেই সিজিপিএ ভালো করার কোনো চেষ্টা।

অনেকের ধারণা, সারা দিন এমপি-থ্রি নিয়ে দৌড়িয়ে কী হবে, বিসিএস না হলে সব জলে। যে যা–ই ভাবুক, একটি ভালো ক্যারিয়ার গড়ার পাশাপাশি আমাদের একজন ভালো ও যোগ্য মানুষ হওয়া চাই। তার জন্য দরকার নিরন্তর ছুটে চলা ও সবকিছুর মধ্যে সমন্বয় (বিভাগের পড়াশোনা, সহশিক্ষা, চাকরির প্রস্তুতি, জ্ঞান ও দক্ষতা অর্জন)।

বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবক তাঁকেই হতে হয়। বিশ্ববিদ্যালয়ে গেলে অভিভাবকদের সন্তানের ওপর থাকে আস্থা ও বিশ্বাস, তাঁর সন্তান মানুষের মতো মানুষ হয়ে বের হবে। ভালো একটি কর্মসংস্থান হবে তাঁর। আমাদের উচিত, তাদের এ বিশ্বাসের মর্যাদা রাখা। উৎপাদনশীল কত কাজই তো রয়েছে, দেখুন না, আপনি কোনটিতে পারদর্শী। নিজেকে উৎপাদনশীল করে তুলতে হবে। ভালো একটা চাকরি হবে তো—এ নিয়েই তো দুশ্চিন্তা? সৃজনশীল, কর্মদক্ষ মানুষকে কখনো বেকার বসে থাকতে হয় না। কাজেই চাকরির জন্য চিন্তা না করে ভাবা উচিত দক্ষতা উন্নয়ন নিয়ে।

ভালো একটা চাকরি প্রয়োজন রয়েছে; কিন্তু ভালো মানুষ হওয়ার জন্যও থাকতে হবে সাধনা ও নিরলস প্রচেষ্টা। বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের গ্রন্থাগারে নতুন-পুরোনো বিশাল বইয়ের সংগ্রহ থাকে। একটু ডুব দিন না এ লাইব্রেরি নামের মহাসাগরে। দেখবেন কত কিছুই–না কুড়াতে পারছেন। পরিচিত-অপরিচিত কত কিছু! গবেষণায় হাতেখড়িটা হয়ে যাক অনার্সের শুরু থেকেই। নিয়মিত লাইব্রেরি ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। চিন্তাভাবনা শুধু চাকরিকেন্দ্রিক না হয়ে যদি নিজেকে যোগ্য করে তোলার প্রচেষ্টা হয়, তাহলে একদিন চাকরিই খুঁজে নেবে আপনাকে। টাইপিং, ভাষান্তর, সম্পাদনা, রিসার্চ, উপস্থাপনা, আয়োজন করার দক্ষতা, ম্যানেজমেন্ট স্কিল—এ সব বিষয়ে গুরুত্ব দিয়ে শেখা জরুরি। শুধু কয়টা নোট–গাইডে নিজেকে সীমাবদ্ধ রাখলে চলবে না। বইপুস্তক, অনলাইন-অফলাইন সব জায়গা থেকেই শেখার আছে।

মনে রাখা দরকার, প্রতিদিনই হু হু করে বাড়ছে বেকারের সংখ্যা। নিত্যনতুন প্রযুক্তি এসে কর্মসংস্থান সংকীর্ণ করে দিচ্ছে। সম্প্রতি চ্যানেল ২৪-এ অপরাজিতা নামের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে খবর পড়ানো হয়। সামনে অনেক কাজই মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট দিয়ে করানো হবে। অন্যদিকে চাকরিপ্রত্যাশীর সংখ্যাও বাড়ছে দিন দিন। এত এত চাকরিপ্রার্থীর মধ্যে নিজেকে টিকিয়ে রাখা চ্যালেঞ্জ বৈকি। দেখা যায়, অল্প কয়েকটি পদের বিপরীতে আবেদন সংখ্যা অবিশ্বাস্যসংখ্যক! সুতরাং, বেকারের খাতায় নিজের নাম না দেখতে যোগ্যতা অর্জনের বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয় যেমন জ্ঞান অন্বেষণের মুক্ত প্রাঙ্গণ, তেমনি এখানে অবসরে সময় কাটানোর জন্য রয়েছে চমৎকার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ও নানান অবকাঠামো। আপনি চাইলে আপনার বন্ধুদের নিয়ে বসাতে পারেন আড্ডার (জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, ইতিহাস, সাহিত্য, ভূগোলসহ নানান বিষয়ে) আসর। এমনিতেই বিভিন্ন সংগঠন পাঠচক্রসহ বিভিন্ন বিষয়ে আয়োজন করে থাকে। সেখানে যুক্ত হয়েও নিজেকে একটু আপডেট করা যায়।

বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবক তাঁকেই হতে হয়। বিশ্ববিদ্যালয়ে গেলে অভিভাবকদের সন্তানের ওপর থাকে আস্থা ও বিশ্বাস, তাঁর সন্তান মানুষের মতো মানুষ হয়ে বের হবে। ভালো একটি কর্মসংস্থান হবে তাঁর। আমাদের উচিত, তাদের এ বিশ্বাসের মর্যাদা রাখা। উৎপাদনশীল কত কাজই তো রয়েছে, দেখুন না, আপনি কোনটিতে পারদর্শী। নিজেকে উৎপাদনশীল করে তুলতে হবে। ভালো একটা চাকরি হবে তো—এ নিয়েই তো দুশ্চিন্তা? সৃজনশীল, কর্মদক্ষ মানুষকে কখনো বেকার বসে থাকতে হয় না। কাজেই চাকরির জন্য চিন্তা না করে ভাবা উচিত দক্ষতা উন্নয়ন নিয়ে।

মারুফ হোসেন, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়