রাজশাহী বিশ্ববিদ্যালয়: প্রয়োজন স্মার্ট নেতৃত্বে স্মার্ট ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০ হয়ে গেল। সংখ্যার হিসাবে এ বয়স কম নয়। বিশ্ববিদ্যালয়টিতে এখন ৫৯টি বিভাগ, ১২টি অনুষদ ও ৬টি ইনস্টিটিউট। শিক্ষা ও গবেষণায় রাখছে অনন্য স্বাক্ষর। সমূহ সম্ভাবনার সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত; বিশ্বায়নের এ কালপর্বে স্মার্ট বাংলাদেশের ধারনার সঙ্গে যুক্ত। প্রশাসনিক ব্যবস্থাপনায় তারুণ্যদীপ্ত স্মার্ট লিডারশিপে সেজেছে বর্তমান প্রশাসন।

তবু মফস্‌সলি শব্দটি পিছু ছাড়েনি অদ্যাবধি। নেপথ্যে কারণ কী? অনুসন্ধানে বহুরৈখিক সূত্র দেখা দিতে পারে, কিন্তু অনিবার্য ভাবনায় সত্যি হলো এই যে স্মার্ট ব্যবস্থাপনা বাস্তবায়নের অন্তরায়। সময়ের প্রয়োজনে স্মার্ট ব্যবস্থাপনা এ বিশ্ববিদ্যালয়কে সমুন্নত আসনে অধিষ্ঠিত করতে পারে। চিন্তা ও কর্মে স্মার্ট ভাবনার সমন্বয় হলেই অনন্য দৃষ্টান্ত হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৭০ পূর্ণ করা এ বিশ্ববিদ্যালয়ের কাছে তাই প্রত্যাশা, ‘স্মার্ট নেতৃত্বে স্মার্ট ব্যবস্থাপনা’। বর্তমান বাস্তবতা সেদিকেই হাঁটছে।

ফলে প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন এ সময়েই কার্যকরের সম্ভাবনাও রয়েছে; রয়েছে খুব সাধারণ কিছু বিষয়ে অসাধারণ ব্যবস্থা গ্রহণের সুযোগ। এ জন্য দরকার স্মার্ট চিন্তা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।

ইতিমধ্যে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন ভর্তি ও ফরম ফিলাপ অনলাইনের আওতায় এসেছে। এসেছে সার্টিফিকেট প্রাপ্তির আবেদনও। এ দুটি ক্ষেত্রে বিভাগীয় সভাপতি ও হল প্রাধ্যক্ষের স্বাক্ষর গ্রহণ এখনো ম্যানুয়ালি করা হয়, যা আসন্ন পরীক্ষার্থীর জন্য বিড়ম্বনামাত্র। অনলাইনে ফরম পূরণের পর পুরো ডেটা সভাপতি ও হল প্রশাসনের কাছে অনলাইনেই প্রেরণ করে প্রতিস্বাক্ষর প্রশাসনই গ্রহণ করতে পারে স্মার্ট ভাবনায়। এতে পরীক্ষার অব্যবহিত পূর্ববর্তী সময়ে শিক্ষার্থী নিজের প্রিপারেশনের ব্যাঘাত না ঘটিয়ে এ কাজগুলো ঘর থেকেই সম্পন্ন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপ্তিতে সার্টিফিকেট প্রাপ্তি আনন্দদায়ক ও ন্যায্য অধিকার।

বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলো এ বিষয়ে একটি স্মার্ট ব্যবস্থাপনায় দৃষ্টান্ত স্থাপন করেছে। অনার্স ও মাস্টার্স পরীক্ষার চূড়ান্ত ফরম পূরণের সময় সার্টিফিকেট ফি গ্রহণ করে ফল প্রকাশ হওয়ামাত্রই সার্টিফিকেট রেডি করে রাখা এখন সময়ের দাবি। সাল ও বিভাগ অনুযায়ী প্রিন্ট করা সার্টিফিকেট চাহিবামাত্র বিড়ম্বনা ছাড়াই প্রার্থিতজন পেয়ে যেতে পারেন। এতে প্রয়োজনের সময়ে উৎকণ্ঠা কমে আসবে।

বিভিন্ন শিক্ষাবর্ষের ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতি পরিহার করে সফটওয়্যার ডেভেলপ করা আশু প্রয়োজন। অনলাইনে নম্বর পোস্টিংসহ যোগ-বিয়োগের ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার একদিকে ডেটাবেজ ও অন্যদিকে সহজসাধ্য করে তুলতে সক্ষম। বিদেশ গমনসহ বিভিন্ন এনওসির ম্যানুয়াল ফাইল পরিহার করে অনলাইন আবেদন এবং অনলাইনেই ডিও লেটারের মতো গুচ্ছতালিকা করে অনাপত্তি সনদও প্রকাশ করা উচিত। ইউজিসিসহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে এমন ব্যবস্থাপনা চালু রয়েছে।

নবীন শিক্ষকদের জন্য জুবেরি ভবনে ২৪ ঘণ্টা চালু একটি ডিজিটাল রিসার্চ কাম রিডিং সেন্টার জরুরি। সদ্য নিয়োগ পাওয়া একজন শিক্ষকের ক্লাস লেকচার প্রস্তুত করার জন্য তা এই সময়ের জন্য জরুরি। খুব প্রয়োজন দীর্ঘদিন শিক্ষকতার মহান পেশা থেকে অবসর গ্রহণ করা শিক্ষকদের হয়রানি বন্ধে একটি পৃথক সেল গঠন করা। অসহায়ের মতো একজন প্রথিতযশা সিনিয়র শিক্ষক যখন ন্যুব্জ হয়ে দ্বারে দ্বারে ঘোরেন, তখন তা সত্যিই কষ্টের। বিভিন্ন সময়ে কর্মকর্তাদের অসন্তোষ দানা বেঁধে ওঠে প্রশাসনের প্রতি। এর অন্যতম কারণ কর্মকর্তাদের জন্য নির্ধারিত পদসমূহে শিক্ষকদের ভারপ্রাপ্ত দখলদারত্ব।

রেজিস্ট্রার, টিএসসিসি, হিসাব পরিচালকসহ এরূপ পদে কর্মকর্তাদের অধিকার নিশ্চিত করা উচিত। ভর্তুকি দিয়ে হলেও নামমাত্র মূল্যে মানসম্মত খাবারের ব্যবস্থা করে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াকে শিক্ষক-শিক্ষার্থীর আস্থার জায়গা নিশ্চিত করা দরকার। ক্যাফেটেরিয়ারও একটি নিজস্ব অনলাইন অ্যাপস থাকা প্রয়োজন।

কো-কারিকুলার কার্যক্রমের আওতায় সব সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা এবং ভিডিও ধারণপূর্বক তা সংরক্ষণ করা ভবিষ্যতে ডেটাবেজ গবেষণার জন্য অনিবার্য। টিএসসিসি এ বিষয়ে একটি অনলাইন আর্কাইভস তৈরি করতে পারে। প্রতিটি বিভাগের একাডেমিক বার্ষিক প্রতিবেদন অনলাইনে বাধ্যতামূলক করলে র‌্যাঙ্কিং নির্ধারণে তা সহায়ক হবে। শুধু তা-ই নয়, প্রাপ্ত প্রতিবেদনে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া বিভাগকে তদারকির আওতায়ও আনা সম্ভব হবে।

শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে ৬টি হলের সমন্বয়ে একটি করে জোন ব্যাংকিং বুথ চালু করা যেতে পারে। প্রতিটি হলে নামমাত্র মূল্যে ফটোকপি, ফ্যাক্স ও মেইলসুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ সামগ্রিক সেবায় দৃষ্টান্ত স্থাপনসহায়ক হবে। বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা কেন্দ্র হতে পারে। বিভিন্ন জরুরি অবস্থার মোকাবিলায় এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি হলে কিংবা হলের পাশে অনুমোদিত দোকানগুলোতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম বাধ্যতামূলক করা দরকার।

প্রশাসনিক পদে সহছাত্র উপদেষ্টার পদ সৃজনপূর্বক অনুষদভিত্তিক একজন করে সহছাত্র উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে; একই ভাবনায় সহকারী প্রক্টরও হওয়া উচিত অনুষদভিত্তিক। বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের মানকে সমৃদ্ধ করে থাকে। থেমে থাকা রাবি প্রকাশনা থেকে শিক্ষক ও গবেষকদের গ্রন্থ প্রকাশের ব্যবস্থা নেওয়া উচিত। চিকিৎসাকেন্দ্রের  সহায়তায় প্রাথমিক চিকিৎসা সেবা অ্যাপস চালু করা জরুরি। ওই অ্যাপসের মাধ্যমে রুমে থেকেই প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিক পরামর্শ পেতে পারে।

পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনলে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ অনেকখানি সহজ হবে। প্রতিটি হলে ন্যূনতম একজন আবাসিক শিক্ষক (শিক্ষক) রাতযাপনের ব্যবস্থা করা হলে ফ্যাক্টস ফাইন্ডিং সহজতর হবে।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের লাল ফিতার ফাইলের পেছনে দৌড়ানোর ভোগান্তি এড়াতে গ্রিন অ্যাপস ফাইলিং পদ্ধতি চালু হলে ডকুমেনটেশন, অন্বেষণ ও ব্যবস্থা গ্রহণ সবকিছুই সহজতর হয়ে উঠতে পারে। সর্বোপরি প্রতিটি দপ্তরকে অনলাইন জবাবদিহির আওতায় আনতে পারলে কর্মস্বচ্ছতা বৃদ্ধি পাবে।

নিয়োগ ও পদোন্নতিতে একটি গ্রহণযোগ্য পদ্ধতি অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণও স্মার্ট বাংলাদেশের পরিপূরক হয়ে উঠবে নিশ্চয়। ‘আওয়ার ক্যাম্পাস আওয়ার অ্যাক্টিভিটিজ’ নামে একটি ফেসবুক পেজ খুলে প্রাক্তন শিক্ষার্থীদের ইতিবাচক পরামর্শ গ্রহণ করা যেতে পারে।
সবই আছে, শুধু বাস্তবায়নে স্মার্ট ব্যবস্থাপনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে এ সময়ের দৃষ্টান্ত। সংগ্রাম ও বিজয়ের এমন স্বপ্ন দেখি ৭০ বছর বয়সী আমার প্রাণের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। জয়তু রাজশাহী বিশ্ববিদ্যালয়।

  • রহমান রাজু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক। ই–মেইল: [email protected]