টুইটারে যেভাবে নিজের জমিদারি প্রতিষ্ঠা করেছেন ইলন মাস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলন মাস্ক

টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর থেকেই ইলন মাস্ক এই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটিকে একেবারে মধ্যযুগীয় জমিদারদের মতো পরিচালনা করছেন এবং সম্পূর্ণরূপে এটি এখন তাঁর ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছামতো চলছে। স্পষ্টতই এই প্রযুক্তি-ধনকুবের মন থেকে বিশ্বাস করেন, টুইটারে যাঁরা কাজ করেন, তাঁদের যে কারও চেয়ে তিনি সবকিছুই ভালো জানেন এবং তিনি তাঁর এই নতুন কোম্পানিটির কর্মীদের সঙ্গে আধুনিক যুগের দিনমজুরদের মতো আচরণ করে চলেছেন।

যে দুর্ভাগাদের ইলন মাস্কের টুইটারে চাকরি করতে হচ্ছে, তাঁদের সামনে দুটো বিকল্প খোলা আছে: হয় চরম কঠিন শর্তের কাছে মাথা নত করে তাঁর নতুন নতুন আদেশ মেনে নাও, নয়তো বরখাস্ত হও। টুইটারে মাস্কের রাজত্বকে একগুঁয়েমি, অতি আত্মবিশ্বাস ও জনকল্যাণমূলক মানসিকতার অভাব—এই তিনটির একটি সংমিশ্রণ হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে। 

টুইটারকে কিনে নিয়েই মাস্ক তাঁর নতুন সাম্রাজ্যে ঢুকলেন মূর্তিমান আতঙ্কের মতো। তিনি শুরুতেই তাঁর ভুল ধরিয়ে দেওয়া এবং তাঁর বিষয়ে প্রকাশ্যে সমালোচনামূলক মন্তব্য করা কর্মীদের একের পর এক চাকরি খাওয়া শুরু করেন। ‘হিংসা ছড়ানো’র অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইটার নিষিদ্ধ করেছিল; মাস্ক এসে সেই অ্যাকাউন্ট চালু করেছেন। টুইটারকে লাভজনক করার জন্য তিনি টুইটারের নীল টিক চিহ্নধারীদের মাসে ৮ ডলার দিতে হবে বলে ঘোষণা দেন। তাতে টুইটারে স্বাভাবিকভাবেই বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা ধরনের মানসিকতা ও অনন্য আইডিয়ার অনন্য মানুষ বলে যে কথা প্রচলিত আছে, ইলন মাস্কের দাম্ভিক ও অসহনশীল আচরণ সেই কথার সত্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। টুইটার নিয়ে মাস্ক যা করছেন, তাতে বরং সাধারণের এই ধারণা জন্মাবে যে আজকের দিনের ধনকুবেরেরা আগের দিনের সামন্তদের মতো।

আমরা যদি এই রাজনৈতিক ও অর্থনৈতিক স্বৈরাচারদের কাছ থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই মাস্কের মতো অতি ধনীদের আধুনিক করপোরেট আধিপত্যের জমিদারি শাসনে বাস করার মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। সামন্তবাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে এবং যত তাড়াতাড়ি সম্ভব সামন্তবাদের সর্বশেষ পুনরাবৃত্তিকে সেই আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে হবে। আর এর জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। 

তবে মাস্কের মতো ধনকুবের এবং অতীতের সামন্ত জমিদারদের মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। আমাদের একুশ শতকের ধনকুবেরদের নিদেনপক্ষে তাত্ত্বিকভাবে হলেও অধিকতর গণতান্ত্রিক ও ভারসাম্যমূলক জবাবদিহির নীতি থাকে। তঁাদের ক্ষমতাচর্চার ক্ষেত্র কোনো ছোট অঞ্চল বা দেশের পরিসরে সীমাবদ্ধ থাকে না। তাঁদের বৈশ্বিক করপোরেশনগুলো বিশ্বের আনাচকানাচে কার্যক্রম বিস্তৃত রাখে। অর্থাৎ অতীতের সামন্ত জমিদারদের চেয়ে আধুনিক ধনকুবেরদের প্রভাব অনেক বেশি বিস্তৃত। তাঁদের প্রভাব আমাদের বিশ্ববাসীর সামগ্রিক জীবন, এমনকি এই ধরিত্রীর ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলে।

ইলন মাস্কের মতো ধনীদের শুধু যে তাঁদের নিজেদের কর্মচারীদের ওপর নিয়ন্ত্রণ রয়েছে, তা নয়, বরং আমাদের সবার জীবনযাপনের ওপরও বিস্তর পরোক্ষ প্রভাব আছে। কার বক্তব্য সামনে আসবে কিংবা কাকে নিষিদ্ধ করতে হবে, সেসব বিষয় তাঁরা ঠিক করার ক্ষমতা রাখেন। মানবসম্প্রদায়ের মনোযোগ কোথায় রাখতে হবে, সে বিষয়ে প্রায়ই তঁারা অসামঞ্জস্যপূর্ণ প্রভাব খাটিয়ে থাকেন। নিরন্ন মানুষের মুখে খাবার জোগানো এবং জলবায়ু ও বৈশ্বিক প্রতিবেশগত সংকট মোকাবিলার দিকে মনোযোগ দেওয়ার চেয়ে মহাশূন্য দখলের প্রতিযোগিতা ও মঙ্গল গ্রহে উপনিবেশ গড়ার প্রতিযোগিতাকে বাণিজ্যিকীকরণে তঁাদের আগ্রহ বেশি। 

আরও পড়ুন

আমাদের বর্তমান সমাজব্যবস্থায় অসাম্য ব্যাপক বিস্তৃতি নিয়েছে। ক্ষমতাবানদের খবরদারির রাশ টেনে ধরার ক্ষমতা রাখে যে রাষ্ট্রব্যবস্থা, সেই রাষ্ট্রব্যবস্থার নিয়ন্ত্রণক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া করপোরেশনের ওপর ইলন মাস্কের মতো ধনকুবেরদের একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। মাস্কের মতো ধনীদের আধিপত্যের অধীন এই ব্যবস্থাকেই একাডেমিক পণ্ডিতেরা ‘নব্য সামন্তবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন। 

কোভিড-১৯ মহামারি, জলবায়ু পরিবর্তনজনিত সংঘাত ও জ্বালানি বাজারের অস্থিরতার মতো বিশ্বের সব মানুষের পরস্পরের সঙ্গে সংযুক্ত কিছু সংকটের কারণে কয়েক বছর ধরে এই নব্য সামন্তবাদের বাড়বাড়ন্ত মাত্রা ছাড়া পর্যায়ে চলে যাচ্ছে। এসব সংকটের কারণে যে বৈশ্বিক মন্দাবস্থা যাচ্ছে, তা আমাদের সবাইকে উল্লেখযোগ্যভাবে দরিদ্রতর করেছে। উল্টো দিকে এই সংকটগুলোকেই সুযোগ হিসেবে ব্যবহার করে আধুনিক সামন্তরা ধনী থেকে মহাধনী হয়ে উঠছেন। ‘সারভাইভাল অব দ্য রিচেস্ট’ শিরোনামে সম্প্রতি অক্সফাম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, ২০২০ সালে সারা বিশ্বে ৪২ ট্রিলিয়ন ডলারের সম্পদ উৎপাদিত হয়েছে। এই সম্পদের দুই-তৃতীয়াংশই বিশ্বের মাত্র ১ শতাংশ অতি ধনীর হাতে। এই শ্রেণিই গোটা বিশ্বের রাজনীতি, অর্থনীতিসহ সবকিছু নিয়ন্ত্রণ করছে।

আমরা যদি এই রাজনৈতিক ও অর্থনৈতিক স্বৈরাচারদের কাছ থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই মাস্কের মতো অতি ধনীদের আধুনিক করপোরেট আধিপত্যের জমিদারি শাসনে বাস করার মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। সামন্তবাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে এবং যত তাড়াতাড়ি সম্ভব সামন্তবাদের সর্বশেষ পুনরাবৃত্তিকে সেই আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে হবে। আর এর জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। 

আল-জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিতক

● খালেদ দিয়াব বেলজিয়ান-মিসরীয় সাংবাদিক ও লেখক