যাঁদের মাঝেমধ্যে অনলাইনে কিংবা অফলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়, তাঁরা জানেন সে কী জ্বালা। সেই জ্বালা ভোগকারীদের মধ্যে আমি একজন। অথচ ডিজিটাল প্রযুক্তি ছোঁয়ায় সেটা জ্বালা না হয়ে গলার মালা হতে পারত। তারপরও গত কয়েক বছরে দেশের রেলওয়ে খাতের বড় ইতিবাচক পরিবর্তন ও নাগরিক সুবিধা বেড়েছে, এ কথা তো অস্বীকার করার সুযোগ নেই।
যা হোক, ট্রেনের টিকিট কাটার দীর্ঘদিনের জ্বালার ফিরিস্তিটা বলি। ঢাকা থেকে কুড়িগ্রাম কিংবা রংপুর গন্তব্যের টিকিট কাটতে প্রায়ই সকাল আটটা বাজার আগে আমাকে মোবাইল নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়। প্রস্তুত থাকতে হয় আটটা বাজার সঙ্গে সঙ্গে রেলসেবা অ্যাপে কিংবা রেলওয়ের ওয়েবসাইটে লগইন করার। আটটা বাজতেই দেখা গেল অ্যাপ আর কাজ করছে না। ওয়েবসাইটেও ঢোকা যাচ্ছে না, শুধু লোডিং...আর লোডিং...।
সাধারণত সকাল ৮টা থেকে ৮টা ১৫-২০ মিনিটের মধ্যে অ্যাপে কিংবা ওয়েবসাইটে ঢুকতে পারলে কপালে টিকিট মেলে। না হলে হতাশা ছাড়া কিছু জোটে না। পরে যখন অ্যাপ কিংবা ওয়েবসাইটে লোডিং বিড়ম্বনা শেষ হয়, তখন ঢুকে দেখবেন, অনলাইনে টিকিট নেই। কাউন্টারে অল্প কিছু টিকিট আছে। তড়িঘড়ি করে সড়কের যানজট ঠেলে ঢাকা কমলাপুর স্টেশনে গিয়ে দেখলেন সেই টিকিটও শেষ। এবার বলেন, সেই অনুভূতিটা কেমন হবে? আমার সেই অনুভূতি ও অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। কারণ, কুড়িগ্রামে গ্রামের বাড়ি থেকে আমার বাবা-মা, ভাই-বোন ও আত্মীয়স্বজন প্রায়ই আমার ঢাকার ভাড়া বাসায় আসেন নানা কাজে। আর প্রত্যেকের ফেরার সময় ট্রেনের ভ্রমণের টিকিট চার দিন আগে আমাকেই কাটতে হয় কিংবা কাটার চেষ্টা করে যেতে হয়। ট্রেনের টিকিট পাওয়া অনেকটা লটারির ভাগ্যের মতো। ভাগ্য ভালো থাকলে টিকিট মেলে, না হলে নয়। তখন বাধ্য হয়ে বাসের শরণাপন্ন হতে হয়। অবশ্য হঠাৎ কোনো কোনো দিন বিড়ম্বনা ছাড়াই ট্রেনের টিকিট কপালে জুটেছে।
তবে গত বুধবার (১ মার্চ) থেকে ‘টিকিট যার ভ্রমণ তার’ পদ্ধতিতে একজনের টিকিট অন্যজনে কেটে দেওয়ার সুযোগ নেই। যাঁর যাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদ যাচাইয়ের মাধ্যমে আন্তনগর ট্রেনের টিকিট কাটতে হচ্ছে। ট্রেনের টিকিটে কালোবাজারি ঠেকাতে এমন ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কেউ অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে আইনগত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
যেহেতু বয়স্ক বাবা-মা কিংবা অন্য স্বজনের যাত্রার জন্য আমার আর টিকিট কাটার সুযোগ থাকছে না। ফলে যাঁর ভ্রমণ তাঁর এনআইডির তথ্য দিয়ে অ্যাপে কিংবা রেলওয়ের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। সেখান থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এনআইডি যাচাইপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আছে জিমেইলে আইডি খোলার ঝামেলাও।
এত দিন আমার আইডি থেকেই নানা ঝামেলা মোকাবিলা করে টিকিট সংগ্রহ করতে হয়েছে। এখন অন্যের আইডি ব্যবহার করে টিকিট কাটা সহজ ব্যাপার নয়। সব মিলিয়ে প্রক্রিয়াটা কতটা জটিল ও কঠিন হয়ে গেল, তা বোঝা যাচ্ছে কি? টিকিটের কালোবাজারি বন্ধ সবার চাওয়া, কিন্তু সেই কালোবাজারি ঠেকাতে ট্রেনযাত্রীদের ঠেকানো হচ্ছে না তো?
তা ছাড়া একজন সাধারণ দরিদ্র মানুষ যাঁর স্মার্টফোন নেই, ইন্টারনেট সুবিধা নেই, তাঁর পক্ষে এসব প্রক্রিয়া সম্পন্ন করতে কম্পিউটার দোকানের দ্বারস্থ হতে হবে। সেখানে টাকা দিয়ে নিবন্ধন করতে হবে, এনআইডি যাচাই করতে হবে। সেই সঙ্গে টিকিট কাটা ও টিকিট প্রিন্টের জন্য বাড়তি টাকা দিতে হবে।
গত বুধবার প্রথম আলোর একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, টিকিট কাটতে নিবন্ধনের জন্য কমলাপুর স্টেশনে হেল্প ডেস্কে মানুষের দীর্ঘ লাইন। হেল্প ডেস্কের সহায়তায় কেউ কেউ সব প্রক্রিয়া সম্পন্ন করে সহজে টিকিট সংগ্রহ করতে পেয়েছেন। অনেককে পোহাতে হয়েছে ভোগান্তি
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এসব কাজ সম্পন্ন করতে স্টেশনে হেল্প ডেস্ক বসানো হয়েছে। গত বুধবার প্রথম আলোর একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, টিকিট কাটতে নিবন্ধনের জন্য কমলাপুর স্টেশনে হেল্প ডেস্কে মানুষের দীর্ঘ লাইন। হেল্প ডেস্কের সহায়তায় কেউ কেউ সব প্রক্রিয়া সম্পন্ন করে সহজে টিকিট সংগ্রহ করতে পেয়েছেন। অনেককে পোহাতে হয়েছে ভোগান্তি।
নতুন পদ্ধতি চালু হওয়ায় এখন না হয় কাউন্টারে হেল্প ডেস্ক আছে। কিছুদিন পর যখন হেল্প ডেস্ক থাকবে না, তখন তো ‘যে লাউ সেই কদু’। তবে এটা সত্য স্মার্টফোনধারী তরুণ-যুবক যাত্রীদের জন্য নতুন এ পদ্ধতি অত্যন্ত সুবিধার হয়েছে। যেহেতু ট্রেন গরিব ও নিম্নবিত্তদের জন্য জনপ্রিয় গণপরিবহন। সেহেতু তাঁদের সুবিধার বিষয়ে প্রাধান্য দেওয়া উচিত।
অবস্থা ও ব্যবস্থা দেখে মনে হচ্ছে, তাঁদের সুবিধা হয়নি, বরং জটিলতা ও ভোগান্তি বেড়েছে। এত ভোগান্তি ও জটিলতা সহ্য করে তাঁরা ট্রেনে ভ্রমণে আগ্রহী হবেন কি না, সেটাও একটি প্রশ্ন। যাত্রীদের ভালো করতে গিয়ে, কালোবাজারি ঠেকাতে গিয়ে, শেষে ট্রেনযাত্রীদের ঠেকিয়ে দেওয়া হচ্ছে কি না রেলওয়ে কর্তৃপক্ষকে সে বিষয় গুরুত্বের সঙ্গে দ্রুত খতিয়ে দেখা দরকার।
তৌহিদুল ইসলাম প্রথম আলোর সহসম্পাদক
[email protected]