সোভিয়েত যোদ্ধা শেখ আবদুল্লাহর গল্পটা এবার বলা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাকিমভের মৃত্যু হয়তো আফগানিস্তানে সোভিয়েত যুদ্ধের প্রকৃতই সমাপ্তি ঘটাল
ছবি: তোলো নিউজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে থাকা রাশিয়ার দূতাবাস গত ডিসেম্বরে যখন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অপর দেশের হস্তক্ষেপের বিরোধিতা করছিল, ঠিক তখন সুদূর হেরাতের শেখ আবদুল্লাহ মারা গেলেন। যদিও সেটি এক কাকতালীয় ঘটনামাত্র। আবদুল্লাহর জীবন ছিল রুশদের জন্য ইতিহাসের দীর্ঘতম এক বিব্রতকর অবস্থার প্রতীক। মৃত্যুর মধ্য দিয়ে তিনি সেটা আরও প্রলম্বিত করে গেলেন।

খাকিমভ বাখেরোদিন থেকে শেখ আবদুল্লাহ

এ গল্পের নায়ক শেখ আবদুল্লাহর মূল নাম খাকিমভ বাখেরোদিন। আফগানিস্তানে এসেছিলেন রুশ বাহিনীর অংশ হয়ে ১৯৮০ সালের দিকে। বয়স তখন ২১-২২। প্রচারমাধ্যমের তথ্যমতে, তিনি বাহিনীর গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। তবে সরাসরি যুদ্ধের পোশাক পরা ছবিও পাওয়া যায় তাঁর। রাশিয়া তখনকার সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রীয় ভূমি ছিল। খাকিমভের বাবা ছিলেন সোভিয়েত রেড আর্মির বড় কর্মকর্তা। জাতিতে উজবেক।

এভাবে মারা না গেলে আফগানিস্তানে রুশ আগ্রাসনের জীবন্ত এই সাক্ষীকে বিশ্ববাসী আরও অনেক দিন দেখতে পেতেন, যে আগ্রাসনে ২০ লাখ লোক মারা গিয়েছিল, ১৫ হাজার সোভিয়েত জওয়ানও মরেছেন তাতে। আফগানিস্তান অভিযানের ব্যর্থতা ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনেও ভূমিকা রেখেছিল। আবার সোভিয়েত আগ্রাসনের ভেতর দিয়েই তাদের প্রতিরোধের নামে দেশটিতে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও পাকিস্তানের নীরব পাল্টা আগ্রাসনের পথ তৈরি হয়। পরে একপর্যায়ে তালেবান আমলে ন্যাটো সরাসরি এখানে হস্তক্ষেপ করে।

মা ছিলেন ইউক্রেনের। খাকিমভের এক ভাইও রেড আর্মির গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। বোন ছিলেন এই বাহিনীর একজন উপদেষ্টা। ১৯৮৩-৮৪ সালের কোনো একসময় হেরাতের সিন্দাদে স্থানীয় মুজাহিদিন গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে খাকিমভ মাথায় আঘাত পান। মুজাহিদিনের স্থানীয় একটা উপদল হাজি সৈয়দ আবদুলবাহাব কাতালির অধীনে কাজ করত। তাদের হাতেই খাকিমভ আহত অবস্থায় কবজা হন। ইতিমধ্যে ১০ বছর যুদ্ধ শেষে ১৯৮৯ সালে রুশরা আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়। কিন্তু খাকিমভকে বিজয়ী মুজাহিদিন গোষ্ঠী মারেনি—যদিও সে রকম কিছু ঘটা অস্বাভাবিক ছিল না।

কয়েক বছর আগে নিজের তরুণ বয়সের ছবি হাতে শেখ আব্দুল্লাহ। সেসময় তিনি ছিলেন সোভিয়েত সেনা।
ছবি: এএএফপি

‘পক্ষত্যাগী’ কিংবা ‘নিখোঁজ’ রুশ যোদ্ধারা

রুশদের বিদায়ের পর পুরো বিশ্ব যখন আফগান মুজাহিদিন গোষ্ঠীর দিকে মনোযোগ নিবদ্ধ করে রেখেছিল, তার মধ্যে খাকিমভ ইসলামে দীক্ষা নেন, নাম পাল্টান এবং হেরাতেই থেকে যান। আফগানিস্তানজুড়ে এ রকম ‘পক্ষত্যাগী’ রুশ যোদ্ধা কম ছিলেন না। রুশ হিসেবে এ সংখ্যা প্রায় আড়াই শ। সেখানে প্রতিরক্ষা বিভাগ এঁদের বলে ‘নিখোঁজ সৈনিক’।

খাকিমভ ছিলেন এই তালিকার জীবিত শেষজন। অন্তত সে রকমই দাবি করা হয় আফগানিস্তানে। রাশিয়ার গোয়েন্দারা অবশ্য মনে করেন, এ রকম আরও কিছু সাবেক সৈনিক এখনো আফগানিস্তান ও পাকিস্তানে আছেন, যাঁদের অর্ধেক খাকিমভের মতো অ-রুশি বিভিন্ন জাতিসত্তার মানুষ। তাঁরা দেশে ফিরলে বিচার-আচার করা হবে না বলেও নিশ্চয়তা দেওয়া আছে। তবে সে রকম ঘোষণার পরও কথিত ‘নিখোঁজ সৈনিকেরা’ ফিরতে আগ্রহী হননি। কেউ ভয়ে, কেউ অনিচ্ছায়।

ইতিহাসের কাকতালীয় ডিসেম্বর

নিখোঁজ সৈনিকদেরই একজন খাকিমভ গত ২৭ ডিসেম্বর মারা গেলেন। তাঁর মৃত্যুর খবর বাংলাদেশের দৈনিকগুলোর বিশেষ মনোযোগ পায়নি। তবে তার আগের সপ্তাহে ঢাকার রুশ দূতাবাস বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অপর দেশের মতামত ও আগ্রহের বিরুদ্ধে নাটকীয় এক বিবৃতি দিয়ে মিডিয়ার বেশ মনোযোগ পেয়েছিল। মূলত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের মতামতের বিরোধিতা করে এ রকম বিবৃতি দেওয়া হয় বলে মনে করা হচ্ছিল।

ঢাকার রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘তৃতীয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে রাশিয়া নীতিগত অবস্থানে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।’ ৪৮ ঘণ্টা পর মস্কো থেকেও বাংলাদেশ বিষয়ে অনুরূপ একটা বক্তব্য দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

এসব জ্বালাময়ী বক্তব্যের চার-পাঁচ দিনের ভেতর খাকিমভের মৃত্যু আফগানিস্তানে রাশিয়ার এক দশক স্থায়ী ভয়াবহ আগ্রাসনের স্মৃতি মনে করিয়ে দেয়। সংগত কারণেই এই মৃত্যুসংবাদ রাশিয়ার জন্য বাংলাদেশে বিব্রতকর হতো, যদি ঢাকায় সেটা ফলাও করে প্রচারিত হতো। অজ্ঞাত কারণে সে রকম ঘটেনি। কৌতূহলোদ্দীপক দিক হলো, আফগানিস্তানে রুশ হস্তক্ষেপ, খাকিমভের মৃত্যু এবং ঢাকায় রুশ দূতাবাসের বিবৃতি—সবই ঘটল ইতিহাসের ডিসেম্বরে।

শেষজীবনে হেরাতে তিনি সোভিয়েতবিরোধী প্রতিরোধযুদ্ধের সরঞ্জাম দিয়ে একটা জাদুঘর গড়া ও পরিচালনার সঙ্গেও যুক্ত হন।
ছবি: এএএফপি

এক দেশ কর্তৃক অপর দেশে হস্তক্ষেপের জীবন্ত সাক্ষী

খাকিমভ ইসলামে দীক্ষা নিয়েছিলেন তাঁর আফগান আটককারীদের কাছেই। তাঁরা তাঁকে আয়রোজগারেও সহায়তা করেন। বিয়েও করিয়ে দেন। আফগান মাটিতে এক কন্যাসন্তানেরও পিতা হন তিনি।

এমনকি দ্বিতীয় বিয়েও করেন। তিনি নিত্যদিনের পোশাক-আশাক হিসেবে স্থানীয় স্টাইলও রপ্ত করে নিয়েছিলেন। স্থানীয় ভাষাও শেখেন। শেষজীবনে হেরাতে তিনি সোভিয়েতবিরোধী প্রতিরোধযুদ্ধের সরঞ্জাম দিয়ে একটা জাদুঘর গড়া ও পরিচালনার সঙ্গেও যুক্ত হন। এমনও তথ্য আছে, আহত অবস্থা থেকে সুস্থ হওয়ার পর ১৯৮৯ সালের আগে যুদ্ধের বাকি সময়ে তিনি মুজাহিদিন গোষ্ঠীর সহায়তা করেছিলেন।

আরও পড়ুন

হয়তো এসব নানামুখী খবর পেয়ে রুশরা যুদ্ধের পর তাঁকে আর ফিরিয়ে নেয়নি। তিনিও যেতে আগ্রহী ছিলেন না। প্রথমে তিনি আয়রোজগারের জন্য কৃষিনির্ভর কাজ নিয়েছিলেন। ১৯৯৬ থেকে তালেবানদের নেতা মৌলভি বারাদারের নিরাপত্তার বিষয় দেখতেন বলেও জানা যায়। মাঝেমধ্যে উজবেকিস্তানে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তাও বলেছেন ফোনে। খাকিমভের এক ভাই ও এক বোন রয়েছেন সাবেক সোভিয়েত এই রাজ্যে।

খাকিমভ বা শেখ আবদুল্লাহ আফগানদের গড় আয়ুর চেয়ে বেশি দিনই বাঁচলেন। এরপরও তাঁর মৃত্যুসংবাদ হেরাতে নিকটজন অনেককে বিস্মিত করেছে। কারণ, ষাটোর্ধ্ব বয়সেও শারীরিকভাবে অনেক সবল ছিলেন তিনি। মারা গেলেন হিটার থেকে নির্গত বিষাক্ত এক গ্যাস দুর্ঘটনায়।

সোভিয়েতবিরোধী প্রতিরোধযুদ্ধের সরঞ্জাম দিয়ে গড়ে তোলা জাদুঘরে শেখ আব্দুল্লাহ
ফাইল ছবি: এএফপি

এভাবে মারা না গেলে আফগানিস্তানে রুশ আগ্রাসনের জীবন্ত এই সাক্ষীকে বিশ্ববাসী আরও অনেক দিন দেখতে পেতেন, যে আগ্রাসনে ২০ লাখ লোক মারা গিয়েছিল, ১৫ হাজার সোভিয়েত জওয়ানও মরেছেন তাতে। আফগানিস্তান অভিযানের ব্যর্থতা ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনেও ভূমিকা রেখেছিল। আবার সোভিয়েত আগ্রাসনের ভেতর দিয়েই তাদের প্রতিরোধের নামে দেশটিতে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও পাকিস্তানের নীরব পাল্টা আগ্রাসনের পথ তৈরি হয়। পরে একপর্যায়ে তালেবান আমলে ন্যাটো সরাসরি এখানে হস্তক্ষেপ করে।

যুদ্ধবিদ্যায় এ রকম উক্তি পাওয়া যায়, শেষ সৈনিক ঘরে না আসা বা মারা না যাওয়া পর্যন্ত যুদ্ধ চলছে বলে ধরে নিতে হবে। খাকিমভের মৃত্যু হয়তো সেই অর্থে আফগানিস্তানে সোভিয়েত যুদ্ধের প্রকৃতই সমাপ্তি ঘটাল এবার এবং এ-ও সত্য যে আফগানিস্তানকে ঘিরে বিভিন্ন পরাশক্তির কয়েক দশকের ছদ্ম ও প্রকাশ্য যুদ্ধ ২০২১ সালে আরেক দফা আনুষ্ঠানিকভাবে থেমেছেও।

তবে এসব যুদ্ধ এবং আগ্রাসনের পুরো রেশ এখনো বন্ধ হয়েছে বলা যায় না। ১৯৭৯ সালের ডিসেম্বরে সোভিয়েত আগ্রাসন থেকে ২০২১ সালের আগস্টে ন্যাটোর ফিরে যাওয়া পর্যন্ত প্রায় ৪০ বছরের আফগান ট্র্যাজেডির প্রাথমিক জন্মদাতা যে মস্কোর নীতিনির্ধারকেরা, শেখ আবদুল্লাহর জীবনের গল্প তার নিখুঁত এক সাক্ষ্য। ঢাকার রুশ দূতাবাসের বিবৃতি খাকিমভের জীবনকাহিনির সঙ্গে বেশ বেমানানই বটে।

  • আলতাফ পারভেজ দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে গবেষক