আনন্দময় সুন্নত ইবাদত ইফতারের ফজিলত
ইফতার অর্থ উপবাস ভঞ্জন। ভোর থেকে সারা দিন ‘সাওম’ পালন শেষে রোজাদার সূর্যাস্তের পর প্রথম যে পানাহারের মাধ্যমে উপবাস ভঞ্জন করেন, তাকে
‘ইফতার’ বলা হয়। আল্লাহ–তাআলার নির্দেশ, ‘তোমরা সন্ধ্যা (সূর্যাস্ত) পর্যন্ত সিয়াম পূর্ণ কর।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৭)
যে খাদ্য ও পানীয় দ্বারা ইফতার করা হয়, তা হলো ‘ইফতারি’। ইফতারের পূর্বেই ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথাসময়ে ইফতার করা সুন্নত। নবীজি (সা.) বলেন, রোজাদারের দোয়া আল্লাহর নিকট এতই প্রিয় যে আল্লাহ–তাআলা রমজানের সময় ফেরেশতাদের উদ্দেশে ঘোষণা করেন, ‘রমজানে তোমাদের পূর্বের দায়িত্ব মওকুফ করা হলো এবং নতুন দায়িত্বের আদেশ করা হলো, তা হলো আমার রোজাদার বান্দারা যখন কোনো দোয়া করবে, তখন তোমরা আমিন! আমিন!! বলতে থাকবে।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি—একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়।’ (মুসলিম)
আল্লাহ–তাআলা ইরশাদ করেন, ‘আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয়, যারা দ্রুত ইফতার করে।’ (তিরমিজি, আলফিয়্যাতুল হাদিস: ৫৬০) নবী করিম (সা.) বলেন, ‘যখন রাত্র সেদিক থেকে ঘনিয়ে আসে ও দিন এদিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতার করবে।’ (বুখারি: ১৮৩০)
রাসুলুল্লাহ (সা.) বলেন: ‘সে পর্যন্ত দ্বীন ইসলাম বিজয়ী থাকবে, যে পর্যন্ত মানুষ শিগগির ইফতার করবে। কেননা ইহুদি ও খ্রিষ্টানরা বিলম্বে ইফতার করত।’ (মুসনাদে আহমাদ) ‘যত দিন লোকেরা সময় হওয়া মাত্র ইফতার করবে, তত দিন তারা কল্যাণের ওপর থাকবে।’ (বুখারি: ১৮৩৩)
হালাল খাদ্য ও হালাল উপার্জন রোজা, নামাজ ও যাবতীয় ইবাদত কবুলের পূর্বশর্ত। স্বাস্থ্যসম্মত হালাল খাবার দ্বারা সাহ্রি ও ইফতার করা অপরিহার্য।
ইফতারের সুন্নত হলো খেজুর বা যেকোনো ফল দ্বারা ইফতার করা। মিষ্টান্ন দ্বারা ইফতার করলেও সুন্নত পালন হবে। তা সম্ভবপর না হলে যেকোনো হালাল খাদ্যবস্তু দ্বারা এমনকি শুধু পানি দিয়েও ইফতারের সুন্নত আদায় হয়ে যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দ্বারা; নিশ্চয় পানি পবিত্র।’ (তিরমিজি ও আবু দাউদ; আলফিয়্যাতুল হাদিস: ৫৬২) পানিমিশ্রিত দুধ দ্বারা ইফতার করার কথাও হাদিসে বর্ণিত আছে। মাগরিবের নামাজের পূর্বেই ইফতার করা মুস্তাহাব বা উত্তম।
ইফতারের সময় এই দোয়া পড়া সুন্নত, ‘আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনার জন্যই আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারাই ইফতার করছি।’ (আবু দাউদ) বিভিন্ন কিতাবে আরও বিভিন্ন দোয়াও রয়েছে, সেসব দোয়াও পড়া যাবে। ইফতারের পূর্বে বিশেষ এই দোয়া হাদিস শরিফে রয়েছে, ‘ইয়া ওয়াছিআল ফাদলি, ইগফির লি।’ অর্থ: ‘হে ক্ষমা প্রসারকারী! আমাকে মার্জনা করুন।’ (ইবনে মাজাহ)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সওয়াব কম করা হবে না।’
সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসুল (সা.)! আমাদের অনেকেরই রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নেই। রাসুলুল্লাহ (সা.) বললেন, পানিমিশ্রিত
এক পেয়ালা দুধ বা একটি খেজুর অথবা এক ঢোঁক পানি দ্বারাও যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, তাতেও সেই পরিমাণ সওয়াব পাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তিসহকারে আহার করাবে, আল্লাহ–তাআলা তাকে (কিয়ামতের দিনে) হাউজে কাউসার থেকে এমন পানীয় পান করাবেন, যার ফলে সে জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত তৃষ্ণার্ত হবে না।’ (মুসনাদে আহমাদ)
পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, নিকটজন, গরিব মিসকিন, দরিদ্র অসহায় মানুষদের ইফতারের বিষয়ে যত্নবান ও সচেতন হওয়া বাঞ্ছনীয়। পথশিশু, ছিন্নমূল ও পথিকদের ইফতারের ব্যবস্থা করাও কর্তব্য। রাসুলে করিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি তৃপ্তিসহ পেট পুরে পানাহার করল আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করল, সে মুমিন নয়।’ (মুসলিম)
হালাল খাদ্য ও হালাল উপার্জন রোজা, নামাজ ও যাবতীয় ইবাদত কবুলের পূর্বশর্ত। স্বাস্থ্যসম্মত হালাল খাবার দ্বারা সাহ্রি ও ইফতার করা অপরিহার্য।
অধ্যক্ষ মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম