আশিতেও যিনি অপ্রতিরোধ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন

দুটি শব্দেরই আদ্যক্ষর ‘ব’, এটুকু ছাড়া ‘বেকারত্ব’ও ‘বচ্চন’-এ বিলকুল কোনো মিল নেই। তাহলে এই পরিসরে এই শব্দদ্বয়ের উপস্থাপনা কেন? দুইয়ের মধ্যে সংস্রবই–বা কী?

কোভিড আতঙ্ক শুরু হওয়া ইস্তক ফি অক্টোবরে এই চিন্তাটা ঘুরেফিরে আসে। এবার আরও বেশি ঘুরপাক খাচ্ছে দুটি কারণে। কদিন আগে বিশ্বব্যাংক জানিয়েছে, ভারতীয় অর্থনীতি যেভাবে চলছে, তাতে চলতি আর্থিক বছরে প্রবৃদ্ধির হার সাড়ে ৬ শতাংশে দাঁড়াবে।

অথচ গত জানুয়ারিতে বিশ্বব্যাংকের অনুমান পুরো ১ শতাংশ বেশি ছিল। এর মানে কোভিডের পর ভারতীয় অর্থনীতি এখনো বেশ কুঁজো। বিষয়টি চিন্তার।

চিন্তার দ্বিতীয় কারণ, ১১ অক্টোবর অমিতাভ বচ্চন ৮০ বছর পূর্ণ করলেন। তিনি এখনো কর্মঠ ও বেকারত্বের জ্বালামুক্ত। ‘অবসর’ নামক শব্দটিকে বিন্দুমাত্র আমল দিতে রাজি নন। জন্মদিনের চার দিন আগে তাঁর গুডবাই সিনেমা রিলিজ হয়েছে! অশীতিপর ক্লাবের সদস্য হয়েও যেভাবে এই প্রজন্মের কাঁধে কাঁধ মিলিয়ে পাল্লা দিচ্ছেন, নিজেকে নতুনভাবে গড়ছেন-ভাঙছেন, তাতে প্রবীণপ্রধান দেশ জাপানও বিস্মিত হবে! অবশ্য তার চেয়েও বেশি উদ্বিগ্ন হবেন এ দেশের অর্থনীতির টালমাটাল তরি তীরে ভেড়ানোর প্রাণান্তকর চেষ্টা যাঁরা করে চলেছেন। বচ্চনসাবের কাজ করে যাওয়ার মানসিক তাগিদ ও শক্তি সিনিয়র সিটিজেন মহলে সংক্রমিত হলে দেশের যুব বেকারের হার ২৮ শতাংশ ছাপিয়ে কোথায় পৌঁছাবে, কেউ জানে না। বচ্চনসাবের সঙ্গে বেকারত্বের সংস্রব এটুকুই।

কোন মানসিকতা ৮০ বছর বয়সী কোনো বৃদ্ধকে নিত্যদিন এমন পরিশ্রমে বাধ্য করে? পেটের দায়। ঘুম ভাঙামাত্র গ্রাসাচ্ছাদনের চিন্তা, ঘর ছেড়ে পথে বের না হলে চুলা না জ্বলার আতঙ্ক মানুষকে পাগল করে তোলে। বচ্চনসাহেব সেই দুশ্চিন্তামুক্ত। শিল্পপতি না হয়েও কমবেশি সাড়ে তিন হাজার কোটি টাকার মালিক (একাকী) তিনি। এই ৮০–তেও শুধু সিনেমা, টেলিভিশন ও এনডোর্সমেন্ট থেকে বার্ষিক আয় নয় নয় করেও ৬০ থেকে ৬৫ কোটি রুপি সম্মতি দিলে এখনো তাঁকে ভেবে ছবি করতে প্রযোজকেরা এক পায়ে খাড়া। ‘রোটি কাপড়া মাকান’–এর চিন্তা তাঁর নেই। তবু বিরামহীন পরিশ্রম তাঁর নিত্যসঙ্গী!

এই বয়সেও তিনি যা করে চলেছেন, আজকের প্রজন্মের কাছে তা শিক্ষণীয়। কিন্তু তার চেয়েও বেশি শিক্ষণীয় ক্ষমতার শীর্ষারোহণের পর তা ধরে রাখার নিবিড় অনুশীলন। মনুষ্যোচিত ত্রুটিবিচ্যুতি তাঁর কি ছিল না? অবশ্যই ছিল। হয়তো এখনো আছে। কিন্তু সেসব আড়াল করে মূল্যবোধ আঁকড়ে সমাজের চোখে ‘আদর্শ’ হয়ে ওঠার পাথেয় তাঁর মতো করে আর কেউ এই উপমহাদেশের বিনোদনের দুনিয়ায় সংগ্রহ করতে পারেননি। ৮০ বসন্ত পেরিয়েও তাই ‘চরৈবেতি, চরৈবেতি।’

কেন, সেই প্রশ্নের উত্তর পরে। আগে বলি, অর্ধশতাব্দী আগে ওয়াহিদা রহমানের সঙ্গে যিনি জুড়ি বেঁধেছিলেন, আজকের আলিয়া ভাট-রাশমিকা মান্দানাদের সঙ্গে তিনি শুধু মানানসই নন, সমান স্বচ্ছন্দও। টেলিভিশনে তাঁর ‘কৌন বনেগা ক্রোড়পতি’র চতুর্দশ সংস্করণ চলছে। এরই মধ্যে ভাবনা শুরু হয়েছে পঞ্চদশ সংস্করণ কবে থেকে কোন আঙ্গিকে কোন ‘থিম’ নিয়ে আনা যায়। ‘আলপিন টু এলিফ্যান্ট’–এর বিজ্ঞাপনদাতারা এখনো তাঁকে পেলে বর্তে যান। সামাজিক বাণী প্রচারে সরকারের প্রথম পছন্দের মানুষও তিনি। বিজ্ঞাপনজগৎ সমীক্ষা করে দেখেছে, বচ্চনসাহেব যা করতে বলেন, জনতা তা বেদবাক্য মনে করে।

এমনই এক অবিশ্বাস্য বিশ্বাসযোগ্যতা তিনি অর্জন করেছেন। হয়ে উঠেছেন সর্বজনগ্রাহ্য, সর্বজনপ্রিয়, অবিসংবাদিত নমস্য মুরব্বি। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, পোলিও দূরীকরণের চেষ্টায় সরকারি দল যেসব অঞ্চলে সহজে যেতে পারত না, সাহস পেত না, অমিতাভ বচ্চন টিকা নেওয়ার প্রচার শুরুর পর সেই সংস্কার ও আড়ষ্টতা কেটে গেছে। দেশ পোলিওমুক্ত হয়েছে। ‘ব্যাংকিং ফ্রড’ ঠেকাতে ভারতের রিজার্ভ ব্যাংকও তাই অমিতাভ বচ্চনকে বেছে নিয়েছে। নাগরিক সমাজ ও বাজার একসঙ্গে কোনো মানুষকে এভাবে কোল পেতে দিয়েছে, এমন নমুনা এ দেশে বিরল।

আরও পড়ুন

এই ৮০–তেও তাই তাঁর আকর্ষণ অপ্রতিরোধ্য। সত্তরের দশকে ভারতীয় সিনেমায় তাঁর সাফল্য আশির দশকে ফিল্ম ইন্ডাস্ট্রির অর্থনীতির প্রবাহ বদলে দিয়েছিল। তিনিই প্রথম, যিনি অভিনয়ের পারিশ্রমিক হিসেবে অঞ্চলভিত্তিক (টেরিটরি) লভ্যাংশ দাবি করেছিলেন। পেয়েওছিলেন। এমন একজন সফল মানুষ জীবনের উপান্তে পৌঁছেও কেন তাহলে নিরবচ্ছিন্ন কাজ পেতে এভাবে ছটফট করেন? এটা কি তবে একধরনের অসুখ? নিছক পাগলামি? নাকি এতগুলো বছর ধরে নাগাড়ে কাজ করে যাওয়ার অভ্যাস?

বোফর্স বিতর্ক যখন তুঙ্গে, বিরোধী আক্রমণে যখন নিত্যদিন ছিন্নভিন্ন হচ্ছেন, সেই সময় দ্য ইলাস্ট্রেটেড উইকলিতে ব্যক্তিগত যন্ত্রণার এক চালচিত্র রচনা করেছিলেন অমিতাভ বচ্চন। ছাপার অক্ষরে সেই তাঁর প্রথম আত্মকথন, যা পড়ে খুশবন্ত সিং বলেছিলেন, ‘ইটস আ পিস অব লিটারেচার।’ সেই লেখার শুরুতে একটা বাক্য ছিল, ‘মাই স্পিরিট রিফিউজেস টু ডাই।’ যে অপমান ও অভিসম্পাতের মুখোমুখি হয়েছিলেন সেই সময়, তার মোকাবিলা তিনি করেছিলেন নিজের মতো করে। কিন্তু ওই যে কথাটা লিখেছিলেন ‘মাই স্পিরিট রিফিউজেস টু ডাই’, সেটাই ছিল তাঁর জীবনের দর্শন। হাল কখনো ছাড়েননি। ছাড়তে শেখেনওনি।

কাজ হারিয়ে জবুথবু হয়ে যাওয়ার ভয় তাঁকে গ্রাস করে। ছুটি নয়। বিশ্রাম নয়। অর্থও নয়। কাজ ও তার স্বীকৃতি একমাত্র কাম্য। সেই কাজ, যা জনতার কাছে তাঁকে জীবন্ত রাখবে। যা হবে তাঁর ‘বেঁচে আছি’ স্টেটমেন্ট। সেই কাজ বড় পর্দায় হতে পারে। ছোট পর্দাতেও। নিদেনপক্ষে সামাজিক মাধ্যম। ভোর চারটায় উঠে রাত একটা-দুটোয় শুতে যাওয়ার আগে এই বয়সেও তাই প্রতিদিন ব্লগ লেখেন প্রাসঙ্গিক থাকার তীব্র তাগিদে। কেননা তিনি মনে করেন, পাদপ্রদীপের আলো থেকে হারিয়ে যাওয়া মৃত্যুরই সমান। কর্মহীন জীবন ও বিস্মৃতির অন্তরাল সমার্থক। কাজ ছেড়ে বিলাসে–বৈভবে গা ভাসিয়ে শেষ জীবনে স্বেচ্ছাবন্দী হওয়া তাঁর কাছে অর্থহীন। সেই জীবনও মৃত্যুসমান।

এ এক অদ্ভুত মানসিকতা! ‘নার্সিসিজম’। আত্মমুগ্ধতা বা আত্মমগ্নতার এ এক অদ্ভুত রূপ! এই মানসিকতায় ঘুরপাক খায় অপাঙ্‌ক্তেয় হয়ে যাওয়ার ভয়। হারিয়ে যাওয়ার ভয়। এলেবেলে হয়ে যাওয়ার ভয়। বাতিল হয়ে যাওয়ার ভয়। সত্যজিৎ রায়ের নায়ক–এর সেই প্রবীণ রাশভারী অভিনেতা মুকুন্দ লাহিড়িকে মনে পড়ছে? যিনি উঠতি অভিনেতা অরিন্দম মুখোপাধ্যায়কে তাচ্ছিল্য করেছিলেন, কিন্তু সেই অরিন্দম ‘নায়ক’ হয়ে যাওয়ার পর এক রাতে তাঁর কাছে কাজ চাইতে এসে চুরচুর করে ভেঙে পড়েছিলেন?

আরও পড়ুন

অমিতাভ সেই মুকুন্দ লাহিড়ি হতে চান না। করুণার পাত্র হতে চান না। সুপারস্টারডম কী ও কেমন, রাজেশ খান্নাকে দেখে তিনি শিখেছেন। অভ্রংলিহ উচ্চতা থেকে নেমে এসে লোকান্তরে নির্জন মৃত্যুর প্রতীক্ষা কতখানি দুঃসহ, তা–ও তাঁকে দেখে বুঝেছেন। ওই জীবন তাঁর কাম্য নয়। তিনি মনে করেন, ‘লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন’ শুনতে শুনতে বিদায় নেওয়ার চেয়ে প্রশান্তির আর কিছু হতে পারে না। তিনি চান, ইতিহাসে লেখা থাকুক, ‘হি ডায়েড ইন হার্নেস।’

এই বয়সেও তিনি যা করে চলেছেন, আজকের প্রজন্মের কাছে তা শিক্ষণীয়। কিন্তু তার চেয়েও বেশি শিক্ষণীয় ক্ষমতার শীর্ষারোহণের পর তা ধরে রাখার নিবিড় অনুশীলন। মনুষ্যোচিত ত্রুটিবিচ্যুতি তাঁর কি ছিল না? অবশ্যই ছিল। হয়তো এখনো আছে। কিন্তু সেসব আড়াল করে মূল্যবোধ আঁকড়ে সমাজের চোখে ‘আদর্শ’ হয়ে ওঠার পাথেয় তাঁর মতো করে আর কেউ এই উপমহাদেশের বিনোদনের দুনিয়ায় সংগ্রহ করতে পারেননি। ৮০ বসন্ত পেরিয়েও তাই ‘চরৈবেতি, চরৈবেতি।’

  • সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি