আলাদিনের চেরাগ, ভিসির উন্নয়ন তত্ত্ব এবং চটপটি বিক্রেতা ছেলেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পূর্ব নাখালপাড়ার হুজুরবাড়ির গলিতে একটা চটপটির দোকান আছে। বিদেশে থাকি বলে চটপটির প্রতি তৃষ্ণা সারা বছর লেগেই থাকে। তাই দেশে গেলেই প্রথম কাজ হচ্ছে চটপটি খাওয়া। বাসা নাখালপাড়া হওয়ায় বাড়ির পাশের চটপটির দোকানে গেলাম খেতে। গিয়ে দেখি ১২-১৩ বছরের একটা ছেলে চটপটি বানাচ্ছে। দোকানে আর কেউ নেই। সে একাই সবকিছু সামলাচ্ছে।

একবারে তিন প্লেট চটপটি খেয়ে জিজ্ঞেস করলাম কত হয়েছে। দেখি ছেলেটার হিসাব করতে কষ্ট হচ্ছে! এক প্লেট চটপটির দাম ৪০ টাকা। সে হিসাবে ১২০ টাকা হওয়ার কথা। সেই সঙ্গে আমি ১০ টাকার এক্সট্রা ফুচকা নিয়েছিলাম। তাহলে সব মিলিয়ে আসার কথা ১৩০ টাকা।

ছেলেটি অনেকক্ষণ হিসাব করে বলল, ‘১১০ টাকা হয়েছে।’ একটু অবাক হলাম। এরপর বললাম, ‘কম মনে হচ্ছে তো। আরও বেশি হওয়ার কথা।’ নিজেই এরপর হিসাব করে দিলাম। তখন সে বলছে, ‘ও আচ্ছা ১৩০ টাকাই তো হওয়ার কথা।’

আরও পড়ুন

আমার কেন যেন মনে হলো ছেলেটার হিসাব করতে সমস্যা হয়। পরদিন গিয়ে প্রথমে কিছুক্ষণ খেয়াল করলাম অন্যদের বেলায়ও কি তার হিসাবে সমস্যা হয় কি না। পরিষ্কার মনে হলো সমস্যা আছে। মানুষ একটু কমে গেলে ছেলেটাকে জিজ্ঞেস করলাম, ‘আপনি কি স্কুলে যান?’ উত্তরে সে বলেছে, ‘না, যাই না।’

এরপর আরও বেশ কিছু প্রশ্ন করেছি। যা জানতে পেরেছি, সেটা হচ্ছে ছেলেটা হওয়ার সময় তার মা মারা গিয়েছে। বাবা এরপর গ্রামে গিয়ে আরেকটা বিয়ে করেছে। ওই বউয়ের সঙ্গেই থাকে। তারা তিন ভাই। সে সবার ছোট। বাবা কারও দেখভাল করে না। সে তার মামাদের কাছে থাকে। ওই দোকানটাও মামাদেরই। কাজ করলে শ কয়েক টাকা পায় দৈনিক হিসাবে। ক্লাস থ্রি পর্যন্ত পড়েছিল। এরপর আর স্কুলে যাওয়া হয়নি। কারণ দোকানে কাজ করতে হয়।

প্রশ্ন হচ্ছে, এই যে এস আলম গ্রুপ কিংবা এমন আরও অনেক প্রতিষ্ঠান ও তাদের মালিকেরা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন; এতে দেশের উন্নয়নটা হচ্ছে কী করে? এই টাকা কি দেশের কাজে লাগছে? দেশে কি এই টাকার কোনো বিনিয়োগ হচ্ছে? নাকি ইউরোপ-আমেরিকা-কানাডা-সিঙ্গাপুরে বেগমপাড়া বানাতে কাজে লাগছে? অর্থনীতির চাকা আসলে কাদের সচল হচ্ছে? ওদের না আমাদের?

এস আলম গ্রুপ নামের বেশ নামকরা একটা ব্যবসাপ্রতিষ্ঠান আছে দেশে। খবরে শিরোনাম হয়েছে, এই প্রতিষ্ঠানের মালিক ও তাঁর স্ত্রীর সিঙ্গাপুরে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেখানে নাকি তাঁর দুই দুইটি বিলাসবহুল হোটেল আছে। এ ছাড়া বাড়ি, বাণিজ্যিক স্পেস আরও অনেক কিছু আছে। শুধু সিঙ্গাপুরেই নয়, তাঁদের এই ব্যবসায়িক সাম্রাজ্য দেখা যাচ্ছে সাইপ্রাস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসেও।

এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা কোথা থেকে এসেছে এবং সিঙ্গাপুরে কী করে এই টাকা পাঠানো হলো? যেহেতু এস আলম গ্রুপের দেশের বাইরে বিনিয়োগের কোনো অনুমতি নেই, সে ক্ষেত্রে তারা টাকা দেশ থেকে পাঠাল কী করে? বাংলাদেশ ব্যাংক বলছে, কোনো অনুমতি ব্যাংকের কাছ থেকে নেওয়া হয়নি। তাহলে এস আলম গ্রুপের মালিক এই আলাদিনের চেরাগটা পেল কোথা থেকে? নাকি সিন্দাবাদের ভূত এসে এই কাজ করে গিয়েছে?

আরও পড়ুন

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি এক অনুষ্ঠানে বলেছেন, ‘দুর্নীতি উন্নয়নের জন্য কখনো কোনো বাধা হয়ে দাঁড়ায় না।’ অর্থনীতির ভাষায় দুর্নীতি নাকি উন্নয়নের জন্য খারাপ কিছু নয়। কারণ, যাঁরা দুর্নীতি করে, তাঁরা নাকি পদ্মাপাড়ে গিয়ে ইলিশ ভাজা খান। এতে করে সেখানকার অর্থনৈতিক উন্নয়ন নাকি হচ্ছে।

এখন প্রশ্ন হচ্ছে, এই যে এস আলম গ্রুপ কিংবা এমন আরও অনেক প্রতিষ্ঠান ও তাদের মালিকেরা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন; এতে দেশের উন্নয়নটা হচ্ছে কী করে? এই টাকা কি দেশের কাজে লাগছে? দেশে কি এই টাকার কোনো বিনিয়োগ হচ্ছে? নাকি ইউরোপ-আমেরিকা-কানাডা-সিঙ্গাপুরে বেগমপাড়া বানাতে কাজে লাগছে? অর্থনীতির চাকা আসলে কাদের সচল হচ্ছে? ওদের না আমাদের? ভিসি মশাইয়ের কি এই উত্তর জানা আছে?

আরও পড়ুন

দেশের উন্নয়ন যদি এত হয়েই থাকে, তাহলে চটপটি বিক্রেতা ওই ছেলেটিকে কেন স্কুলে না গিয়ে কাজ করতে হচ্ছে? ছেলেটা ভালো করে গুনতে পারছে না, কারণ, তার তো স্কুলেই যাওয়া হয়নি। সেই ছেলেটার ভবিষ্যৎ কী? রাষ্ট্রের কি দায়িত্ব ছিল না এমন ছেলেমেয়েদের দেখভাল করা?

চটপটি বিক্রেতা তো কেবল একটা উদাহরণ। এমন তো আরও হাজারো মানুষ পুরো দেশে আছে। এদের ভাগ্য কি বদলেছে আপনাদের উন্নয়নে? নাকি আপনাদের উন্নয়ন কেবল কিছু মানুষ ও গোষ্ঠীর জন্যই বরাদ্দ?

  • ড. আমিনুল ইসলাম জ্যেষ্ঠ প্রভাষক, এস্তোনিয়ান এন্ট্রাপ্রেনিউরশিপ ইউনিভার্সিটি। ই-মেইল: [email protected]