কবে কাটবে আমাদের অর্থনীতির সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহের অধিককাল যুক্তরাষ্ট্রে কাটালাম। যেখানেই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা হয়েছে, এমনকি বিদেশিদের মধ্যে যাঁরাই এককালে বাংলাদেশে ছিলেন, তাঁদের প্রায় সবার প্রশ্ন—

১. অর্থনীতি সংকট কাটিয়ে উঠতে পারবে তো? ২. নির্বাচন কি হবে? ৩. নির্বাচন হলে কি অনেক সহিংসতা হবে? ৪. ডলারের বিপরীতে টাকার মূল্য কোথায় যাবে? ৫. অর্থনীতি কি আগামী এপ্রিলের মধ্যে স্বাভাবিক গতিতে ফিরতে পারবে?

আমি শুধু মুচকি হেসে বলেছি, এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে এটাও নিশ্চিত যে আমাদের কর্তাব্যক্তিরাও জানেন না, কবে আবার তাঁরা আকাশে পরিষ্কার চাঁদ দেখতে পারবেন। কবে কাটবে আমাদের অর্থনীতির অমানিশা। রপ্তানি আর প্রবাসী আয় বাড়লেই যে অর্থনীতি সংকটমুক্ত হবে না, এটাও অনেকে বলছেন। আলাপে জানলাম, সবাই জানেন ডলার-সংকটের কারণে আমদানিতে নিয়ন্ত্রণমূলক বিভিন্ন শর্ত দিয়েছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি সামান্য কমলেও বহির্বিশ্বের সঙ্গে দেশের সামগ্রিক লেনদেন বড় ঘাটতিতে পড়েছে। আর্থিক হিসাবে বড় ঘাটতির জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অনেকের ধারণা। এ ছাড়া আশানুরূপ হারে বাড়েনি রেমিট্যান্স ও রপ্তানি আয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগও কমে গেছে। অন্যদিকে বিনিয়োগ প্রত্যাহারও বেড়েছে। এসব কারণে বিদেশি বাণিজ্যিক ঋণে ঘাটতি তৈরি হয়েছে। সদ্য বিদায়ী অর্থবছরে সামগ্রিক লেনদেনে ৮২২ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। আগের অর্থবছরে এ ঘাটতি ছিল ৬৬৫ কোটি ডলার।

আরও পড়ুন

এদিকে বেড়েছে বিদেশি ঋণ পরিশোধ। ফলে রিজার্ভ কমছে। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (ব্যালেন্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

প্রায় সবাই বলছেন, রপ্তানির তুলনায় আমদানি বেশি, বিশ্ববাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী ও আশানুরূপ রেমিট্যান্স না আসা, রপ্তানি এবং বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যঘাটতিতে পড়ছে বাংলাদেশ। তাই ডলার-সংকট কাটাতে হলে বৈদেশিক মুদ্রার আয় বাড়াতেই হবে। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি খাত—রপ্তানি ও প্রবাসী আয়ের প্রবৃদ্ধি একেবারেই নগণ্য। কিন্তু ব্যয়ের হিসাব চাপাচাপি সত্ত্বেও অনেক বড় হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রায় ঘাটতি হচ্ছে। এ ঘাটতির কারণে ডলারের দাম বাড়ছে। অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও টান পড়ছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি কর্তৃক সার্বভৌম ঋণ মান হ্রাস করাতে বিদেশি সূত্র থেকে ঋণ পাওয়াও কঠিন হয়ে উঠছে।

সাম্প্রতিক সময়ে আমদানি কমলেও বকেয়া আমদানির দেনা ও বৈদেশিক ঋণ পরিশোধ মিলে প্রতি মাসে যে ডলারের সংস্থান হওয়া দরকার, তা হচ্ছে না। বর্তমানে প্রতি মাসে গড়ে ৭০০ কোটি ডলার আয় হচ্ছে। বিপরীতে তাৎক্ষণিক আমদানির দেনা মেটাতে যাচ্ছে ৬৫০ কোটি ডলার। বকেয়া ঋণ পরিশোধে ব্যয় হচ্ছে আরও কমপক্ষে ১০০ কোটি ডলার। এ হিসাবে মাসে ঘাটতি ৫০ কোটি ডলার। এ ছাড়া বিদেশে বিভিন্ন সেবা, রয়্যালটি, মুনাফা প্রত্যাবাসনসহ সব মিলিয়ে আরও বাড়তি খরচ হচ্ছে।

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিঃসন্দেহে কমেছে। গত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ যেখানে ৪৬৩ কোটি ৬০ লাখ ডলারের এফডিআই পেয়েছিল, গত অর্থবছরে তা কমে ৪৫০ কোটি ডলারে নেমেছে। বাংলাদেশের বিভিন্ন খাতে সরাসরি মোট যে বিদেশি বিনিয়োগ আসে, তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ নিয়ে যাওয়ার পর যেটা অবশিষ্ট থাকে, সেটাকে নিট এফডিআই বলা হয়। আলোচিত অর্থবছর নিট বিদেশি বিনিয়োগও কমেছে। সূচকটি আগের বছরের চেয়ে ১১ দশমিক ৮২ শতাংশ কমে ১৬১ কোটি ডলার হয়েছে। আগের অর্থবছরে নিট বিদেশি বিনিয়োগ ছিল ১৮২ কোটি ৭০ লাখ ডলার। একই সঙ্গে আলোচিত সময়ে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগে (পোর্টফোলিও ইনভেস্টমেন্ট) নেতিবাচক অবস্থা অব্যাহত রয়েছে। গত অর্থবছরে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ (নিট) যা এসেছিল, তার চেয়ে ১ কোটি ৮০ লাখ ডলার চলে গেছে। তার আগের অর্থবছরের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ছিল (ঋণাত্মক), ১৫ কোটি ৮০ লাখ ডলার।

আরও পড়ুন

চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। অন্যদিকে ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সে হিসেবে বিকাশমান দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো। কিন্তু আমাদের দেশে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এখন ঋণাত্মক অবস্থায় দাঁড়িয়েছে। সর্বশেষ তথ্য বলছে, বিদায়ী অর্থবছরে চলতি হিসাবে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৩ কোটি ৪০ ডলার। আগের অর্থবছরে একই সময়ে এ ঘাটতি ছিল ১ হাজার ৮৬৩ কোটি ডলার।

সামগ্রিক লেনদেনেও ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। আগেই বলেছি, গত অর্থবছরের সামগ্রিক লেনদেনের (ঋণাত্মক) পরিমাণ দাঁড়িয়েছে ৮২২ কোটি ২০ লাখ ডলার। আগের বছর একই সময় ঘাটতি ছিল ৬৬৫ কোটি ৬০ লাখ ডলার। তথ্যানুযায়ী, গত অর্থবছর ২ হাজার ১৬১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের বছর পাঠিয়েছিলেন ২ হাজার ১০৩ কোটি ডলার। প্রবৃদ্ধি মাত্র ২ দশমিক ৭৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে গত ২০২২-২৩ অর্থবছরের সাড়ে ১৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে। তার আগের অর্থবছরে বিক্রি করেছিল ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এভাবে ডলার বিক্রির কারণে ধারাবাহিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে এবং কমছে।

তাহলে সমাধান কোথায়? বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, এআইআইবি কিংবা গণচীনের প্রকল্প ঋণে? ভারত কি টাকার পাহাড় নিয়ে পাশে এসে দাঁড়াবে? হঠাৎ করে কি রাজস্ব আদায় বেড়ে যাবে? নাকি হঠাৎ প্রবাসীরা অনেক অনেক ডলার পাঠিয়ে দেবেন, হুন্ডি কমে যাবে বা ইউরোপ-আমেরিকা বেশি বেশি করে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য কেনা শুরু করবে? আগেই বলেছি, আমি জানি না। তবে এটা জানি, দিন দিন আমাদের ময়লা কাপড়ের স্তূপ বাড়ছে। তাড়াতাড়ি এগুলো লন্ড্রিতে পাঠাতে না পারলে কপালে খারাপি আছে।

  • মামুন রশীদ অর্থনীতি বিশ্লেষক