সদরঘাট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার জন্য রিকশার অপেক্ষা করছি। বছর পঁয়ত্রিশের এক যুবক চালক যেতে রাজি হলেন। মাথায় গাঢ় সবুজ টুপি, তাতে লাল রঙে লেখা ‘ছাত্রদল’। বাড়ি কোথায় জানতে চাইলে বলেন, খুলনার খালিশপুর। বন্ধ হয়ে যাওয়া পাটকলের কথা জিজ্ঞাসা করায় জানালেন, তাঁর বাবা পাটকলের শ্রমিক ছিলেন। তিনিও পাটকলে কাজ করতেন। একসময়ের কর্মব্যস্ত খালিশপুর এখন ফাঁকা। তাঁর মতো অনেকেই এখন ঢাকায় রিকশা চালান।
মাথার টুপির প্রসঙ্গে জানতে চাইলে বাঁ হাতে রিকশার হাতল রেখে ডান হাত দিয়ে টুপিটি সুন্দর করে মাথায় বসিয়ে বললেন, ‘যা ভাবছেন, তা কিন্তু না। আমি রাজনীতি করি না। খেটে খাই।...ওই যে কয় দিন আগে বড় সমাবেশ হলো। লোকজন রাস্তায় মিছিল নিয়ে যাচ্ছিল। হঠাৎ এক মামা মাথায় টুপিটা দিয়ে দিল। আমি দেখলাম ভালোই তো, রোদ থেকে মাথা তো বাঁচে।’
এই টুপি পরে রাস্তায় চলতে সমস্যা হয় না জানিয়ে বললেন, ‘আমরা খেটে খাই, আমাদের কে কী বলবে।’ খুব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন ঠিকই, কিন্তু চানখাঁরপুল পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে নিজের সেই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলেন না। মাথার টুপিটা খুলে ভাঁজ করে কোমরে গুঁজলেন।
টিএসসির সামনে যেখানটায় রিকশা থেকে নামিয়ে দিলেন, এর ঠিক বিপরীত দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দেয়ালে কয়েক বছর আগেও দেয়াললিখনে চোখে পড়ত ‘কায়দা করে বেঁচে থাকা’। বাস্তববাদী রিকশাচালককে দেখে মনে হলো, এ দেশের সিংহভাগ মানুষকে কত কায়দা করেই–না জীবন পার করতে হয়।
দুই.
অনেক দিন পর মধুর ক্যানটিনে। চারপাশে ঝকঝকে, তকতকে। নতুন রং, টাইলস করা মেঝে আর আলোর সজ্জায় একেবারে পরিপাটি। চিরচেনা মধু কেমন যেন অচেনা। খাবারের মেনুতেও পরিবর্তন এসেছে। ব্রেড, বাটারের বদলে এসেছে স্যান্ডউইচ। মিষ্টি, ছানার আকার আরও ছোট হয়েছে। শুধু গেলাসভর্তি চায়ের তিতকুটে স্বাদটা এখনো আগের মতো। ঢুকতেই বাঁ পাশের দেয়ালে মধুদার (মধুসূদন দে) যে বড় ছবিটা ছিল, সংস্কারের পর সেটি আর নেই। খালি দেয়ালটাতে কিসের যেন এক শূন্যতা, বারবার চোখ চলে যায়। দরজা, জানালা, দেয়াল আর গোল ঘরের চারপাশ পোস্টারে পোস্টারে যে বিচিত্র বর্ণ ধারণ করে থাকত, সেই চিরচেনা চিত্র আর দেখা যায় না। মধুতেও কি পোস্টার লাগানো ‘নিষিদ্ধ’ হলো?
প্রায় দুই ঘণ্টা পার হলো। কয়েক বছর আগেও টেবিলগুলো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পাঠচক্র কিংবা আড্ডাবাজদের আড্ডায় সরগরম থাকত। ঘণ্টার পর ঘণ্টা ধরে তর্কবিতর্ক, আড্ডা চলত; যদিও সেই চিত্র সাম্প্রতিক বছরগুলোয় দৃশ্যমানভাবে কমে আসছিল। এরপরও একটাও আড্ডা দেখতে না পাওয়াটা গভীর হতাশারই। মধুতে যাঁরা আসছিলেন, তাঁদের বেশির ভাগই ক্যাম্পাসে ঘুরতে আসা নাগরিক কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, চা-নাশতা খেয়েই যাঁরা বেরিয়ে যাচ্ছিলেন।
চিন্তার ভিন্নমত বিকাশের সুযোগ না থাকলে একটা বিশ্ববিদ্যালয় কতটা বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে?
বিশ শতকের দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সারা উপমহাদেশ ছেঁকে শিক্ষকদের জোগাড় করা হয়েছিল। উপমহাদেশ ভাগ হয়ে ভারত-পাকিস্তান দুই রাষ্ট্র প্রতিষ্ঠার আগপর্যন্ত আড়াই দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণযুগ। একটা সত্যিকারের বিশ্ববিদ্যালয় সমাজকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে, সেই দৃষ্টান্ত হয়ে উঠতে পেরেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের শাসক দলগুলো স্রেফ নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে উৎকটভাবে ব্যবহার করার পরিণতি কী হতে পারে, তার ফল আমরা প্রতিদিন, প্রতিটি ক্ষেত্রে টের পাচ্ছি।
মেধা ও সম্পদ পাচার সমাজে যে শূন্যতা তৈরি করছে, সেই চোরাস্রোত ধরে রাজনীতিতে বিদেশিদের প্রভাব হুড়মুড়িয়ে বাড়ছে। রাজনীতিবিদদের নির্ভরশীলতা যেন জনগণ নয়, বরং এদেশ, সেদেশ। অথচ ৩০০ বছর ধরে আমাদের ইতিহাসের প্রধান ধারাটাই উপনিবেশের বিরুদ্ধে জান বাজি রেখে লড়াইয়ের ইতিহাস। এখানে প্রশ্নটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার। ইতিহাস মুছে দেওয়া গেলে লজ্জাটাও ঝেড়ে ফেলা যায়।
তিন.
মধুর ক্যানটিন থেকে বেরোতে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা। জরুরি কাজে আদাবর যেতে হবে। সামনে পড়ল খ্যাপ বা চুক্তির মোটরসাইকেল। বছর চল্লিশের এক ব্যক্তি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। কাগজে-কলমে নয়টা-পাঁচটা অফিস। সব কাজ শেষে বের হতে সাড়ে ছয়টা–সাতটা বেজে যায়। এরপর মোটরসাইকেলে যাত্রী আনা-নেওয়া করেন। এভাবে খ্যাপে যাত্রী পরিবহনের কাজ করেন রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। প্রতিদিনই বাসায় ফিরতে রাত ১২টা বেজে যায়। রাতে ঘুমিয়েই পরদিন সকালে আবার অফিসে আসার প্রস্তুতি। জীবিকার জন্যই দিনে ১৫ থেকে ১৬ ঘণ্টা ব্যয় করতে হয়।
অফিস শেষ করে কেন মোটরসাইকেল চালান, জানতে চাইলে বলেন, ‘খালি ডাল-সবজি দিয়ে তিন বেলা ভাত খেতে কত টাকা এখন লেগে যায়! যা বেতন পাই, তা দিয়ে কি আর দিন চলে?’
গন্তব্যে নামিয়ে দিয়ে আরেক যাত্রীর জন্য শুরু হলো তাঁর অপেক্ষা। করোনা মহামারি আর গত দেড় বছরের উচ্চ মূল্যস্ফীতি কত মানুষকে এই অমানুষিক জীবন বেছে নিতে বাধ্য করেছে?
চার.
বাসার কাছের মুদিদোকান। রাতে বাসায় ঢোকার আগে প্রয়োজনীয় টুকিটাকি কেনা। দোকানি জানালেন, ডিমের দাম কমেছে। এখন ডজন ১৬০ টাকা। এ দামই এখন থেকে ফিক্সড থাকবে।
মাসখানেক আগে ১৩০ থেকে ১৩৫ টাকায় ডজন কিনেছি। এরপর দাম চড়তে থাকে। ১৪০, ১৪৫, ১৫০ হয়ে ১৮০ টাকায় গিয়ে পৌঁছায়। আবার কয়েক দিনের মধ্যে কমে ১৫০ টাকায় স্থির হয়। পত্রিকার খবর বলছে, ফিডের দাম কমার পরও ডিমের দাম এভাবে বাড়ার পেছনে এ খাতের শীর্ষ উৎপাদক ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজি দায়ী।
মাস কয়েক আগে ডিমের বাজার যখন অস্থিতিশীল হয়েছিল, সে সময়ও একই ধরনের প্রবণতা দেখা গিয়েছিল। ৯০–৯৫ টাকা ডজন থেকে ১৫০ টাকায় গিয়ে উঠে আবার ১৩০-১৩৫ টাকায় স্থির হয়েছিল। সে সময়ে বাজার অস্থিতিশীল করার পেছনে শীর্ষ উৎপাদক ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের নাম জোরেশোরে উচ্চারিত হয়েছিল। কিন্তু বাজার তদারকি আর সিন্ডিকেটের হোতাদের কারও বিরুদ্ধে কোনো ব৵বস্থা নেওয়া হয়েছে—এমন খবর জানা যায়নি। শুধু ডিম নয়, বাজারে আলু, পটোল, সুই, সুতা—সবখানেই সিন্ডিকেটের বিশাল শুঁড়। আমজনতাকে চারদিক থেকে ঘিরে গুঁতানোতেই সিদ্ধহস্ত। বাণিজ্যমন্ত্রী কিছুদিন আগেই বললেন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বাজার অস্থিরতা তৈরি হবে। এমন খোলা আশকারায় কে আর খালি খালি বসে থাকে।
পদ্ধতিটা এখন সবার জানা। কোনো কিছুর দাম বাড়াতে হলে হঠাৎ দামটা আকাশে উঠিয়ে দাও। তারপর একটু নামিয়ে উচ্চমূল্যেই স্থির রেখে দাও। এমন নিয়ন্ত্রণহীন আর সিন্ডিকেট–নিয়ন্ত্রিত বাজার বিশ্বে আর কোথাও আছে কি না, সেটা সত্যিই অর্থনীতিবিদদের গবেষণার বিষয় হতে পারে।
পাঁচ.
বাসায় ফিরে হাত–মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবে সোফায় গা এলিয়ে বসেছি। কলিং বেল বেজে উঠল। নিচতলার ভাড়াটে আর তাঁর ছেলে। হাতে মিষ্টির প্লেট। জানালেন, ছেলেটি পড়াশোনা করতে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। ভবনের সব বাসায় মিষ্টি পাঠাচ্ছেন। আরও জানালেন, এই ভবনের আরও চারটি ছেলেমেয়ে এ বছর কানাডা, অস্ট্রেলিয়া ও জার্মানি চলে গেছে।
ব্রিটিশ ও পাকিস্তানি ঔপনিবেশিক কালপর্বে ভিনদেশি শাসকেরা সম্পদ পাচার করে নিজের দেশে নিয়ে যেত। উদ্বৃত্ত সম্পদ তৈরি না হওয়ায় শত শত বছর ধরে আমরা গরিবিয়ানা বৃত্ত থেকে বেরোতে পারিনি। সম্পদ পাচার হলেও মেধা থেকে যাওয়ায় জনমানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল। এখন সম্পদ, মেধা—দুই-ই পাচার হয়ে যাচ্ছে। উচ্চ ও মধ্যবিত্তের ঘরে ঘরে প্রায় একই চিত্র। আর নিম্নবিত্ত তরুণেরা ভিটে-জমি বিক্রি করে ও ঋণ করে পাড়ি জমাচ্ছেন প্রবাসে, সস্তা শ্রম বিক্রি করতে।
মেধা ও সম্পদ পাচার সমাজে যে শূন্যতা তৈরি করছে, সেই চোরাস্রোত ধরে রাজনীতিতে বিদেশিদের প্রভাব হুড়মুড়িয়ে বাড়ছে। রাজনীতিবিদদের নির্ভরশীলতা যেন জনগণ নয়, বরং এদেশ, সেদেশ। অথচ ৩০০ বছর ধরে আমাদের ইতিহাসের প্রধান ধারাটাই উপনিবেশের বিরুদ্ধে জান বাজি রেখে লড়াইয়ের ইতিহাস। এখানে প্রশ্নটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার। ইতিহাস মুছে দেওয়া গেলে লজ্জাটাও ঝেড়ে ফেলা যায়।
মনোজ দে প্রথম আলোর সম্পাদকীয় সহকারী