না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুই দিনের দুটি খবর। বিশ্বে প্রতিদিন ক্ষুধায় মারা যাচ্ছে ১৯ হাজার ৭০০ মানুষ; অর্থাৎ প্রতি ৪ সেকেন্ডে ১ জনের ভবলীলা সাঙ্গ হচ্ছে স্রেফ খেতে না পেয়ে। দ্বিতীয়টি হলো, ভারতের আদানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির সম্পদ গত এক বছরে প্রতিদিন বেড়েছে ১ হাজার ৬১২ কোটি রুপি করে। অর্থাৎ তাঁর কাছে—রবি ঠাকুরের ভাষায়—‘আনন্দ-আলয় এ মধুর ভব’।

গৌতম আদানি এখানে উদাহরণমাত্র। তাঁর মতো ‘সম্পদের বিস্ফোরণ’ হওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয় এ ভবে। যেখানে কোভিডের ধাক্কায় কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেল, অথচ সেই সময়ও আদানিদের অর্থকড়ি এতটাই ‘অনুকূল জলহাওয়া’ পেল যে বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুসি বিষয়টি বোঝাতে ‘সম্পদের বিস্ফোরণ’ শব্দযুগলের বাইরে কিছু ভাবতে পারেনি! ব্যাংকটির প্রতিবেদন বলছে, গত বছর বিশ্বে অতিধনীর সংখ্যা বেড়েছে ৪৬ হাজার। মানে যাঁদের সম্পদের অর্থমূল্য ন্যূনতম ৫০ মিলিয়ন বা ৫ কোটি মার্কিন ডলার, তাঁরাই এ শ্রেণিভুক্ত। আর ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলার পকেটে থাকা মানুষের সংখ্যা তো ভূরি ভূরি। ওয়েলথ এক্সের আ ডিকেড অব ওয়েলথ (২০১০ থেকে ২০১৯ সাল) গবেষণায় অনুযায়ী, এই ভূরি ভূরি ধনবানের ‘স্বর্গরাজ্য’ বাংলাদেশ।

আরও পড়ুন

অর্থাৎ গরিবগুর্বার যত সর্বনাশই হোক, তাঁহাদের পৌষ মাস! একশ্রেণির মানুষের জন্য এই ‘বারোমেসে’ পৌষের ব্যবস্থা পাকা করেছে পুঁজিবাদ। সুতরাং অন্য পক্ষের ‘প্রাণ পর্যন্ত নাশ’ জারি আছে; তারই হিসাব দিয়েছে ৭৫টি দেশের ২৩৮টি বেসরকারি উন্নয়ন সংস্থা। বিশ্বের প্রায় ৩৪ কোটি ৫০ লাখ মানুষকে এখন চরম ক্ষুধার সঙ্গে যুঝতে হচ্ছে। ২০১৯ সালের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। আর বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলছে, এর বাইরে ৪৫টি দেশের প্রায় ৫ কোটি মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র ‘এক কদম’ দূরে আছে।

জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে মহাসচিব আন্তোনিও গুতেরেস বললেন, ‘আমাদের বিশ্ব এখন পঙ্গু ও বিপন্ন।’ তাঁর এ মন্তব্যে পরিস্থিতির উল্লেখ আছে, পরিত্রাণের ‘দিশা’ নেই। যদিও সমবেত বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আসুন, আমরা সবাই এক হয়ে, বৈশ্বিক একটি জোট হয়ে, সব জাতিরাষ্ট্র এক হয়ে কাজ করি। দিনের পর দিন উন্নত ও উন্নয়নশীল, উত্তর ও দক্ষিণ, সুযোগ-সুবিধা পাওয়া ও সুযোগ-সুবিধাবঞ্চিত দেশের মধ্যে বিভাজন প্রকট হচ্ছে। ভূরাজনৈতিক উত্তেজনা ও আস্থাহীনতার মূলে থাকা এ বিভাজন টিকা থেকে নিষেধাজ্ঞা, বাণিজ্য থেকে বৈশ্বিক সহযোগিতা—প্রতিটি ক্ষেত্রকে বিষিয়ে তুলেছে।’

রোজ রাতে খালি পেটে ঘুমাতে যাবেন ৮২ কোটি মানুষ, আর কারও কারও দেরাজে এত এত অর্থ গচ্ছিত থাকবে যে তার একাংশের বিনিময়ে ‘ক্ষুধা’ শব্দটিই দুনিয়া থেকে নাই হয়ে যেতে পারে—এটাও স্রেফ তথ্য। যেভাবে ইউক্রেনে সামরিক অভিযানের পেছনে রোজ রাশিয়াকে ট্যাঁক থেকে বের করতে হচ্ছে দুই থেকে আড়াই হাজার কোটি ডলার, এটাও তথ্যের বেশি কিছু নয়। এক বেলা দুমুঠো খাবার খেতে কত টাকা লাগে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যে জাতিসংঘের আত্মপ্রকাশ, তার স্থায়ী এক সদস্যদেশ রাশিয়া যুদ্ধ বাধিয়ে বসে আছে, কিন্তু কারও যেন কিচ্ছুটি করার নেই। একইভাবে আরেক স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে রেজিম চেঞ্জের পাশাপাশি একাধিক দেশকে রীতিমতো ঝাঁজরা বানিয়ে ছেড়েছে। সেই ‘কোল্যাটারাল ড্যামেজ’ জাতিসংঘ চেয়ে দেখা ছাড়া আর কিছু করেছে কি? বিশ্ব সংস্থাটির ভূমিকা ‘যাত্রার বিবেক’-এর সঙ্গে তুলনা করলে কি বেশি অন্যায় হবে?

সুতরাং, রোজ রাতে খালি পেটে ঘুমাতে যাবেন ৮২ কোটি মানুষ, আর কারও কারও দেরাজে এত এত অর্থ গচ্ছিত থাকবে যে তার একাংশের বিনিময়ে ‘ক্ষুধা’ শব্দটিই দুনিয়া থেকে নাই হয়ে যেতে পারে—এটাও স্রেফ তথ্য। যেভাবে ইউক্রেনে সামরিক অভিযানের পেছনে রোজ রাশিয়াকে ট্যাঁক থেকে বের করতে হচ্ছে দুই থেকে আড়াই হাজার কোটি ডলার, এটাও তথ্যের বেশি কিছু নয়। এক বেলা দুমুঠো খাবার খেতে কত টাকা লাগে? জাতিসংঘের কাছে এর ‘নিখুঁত’ হিসাব থাকার কথা।

আরও পড়ুন

জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের দ্বিতীয়টি হলো খাদ্যনিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ে তোলা। এই অভীষ্ট ২০৩০ সালের মধ্যে পূরণের কথা। অথচ বিদ্যমান হালহকিকত দেখে ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বেসলি গত জুলাইয়ের গোড়ার দিকে তাঁর আশঙ্কার কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী দুই বছরে বিশ্বজুড়ে ক্ষুধা পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করতে পারে। সভ্য দুনিয়ার ভাঁড়ারে যত অভিজ্ঞতা সঞ্চিত, তার আলোকে হলফ করেই বলা যায়, সে সময়ও আদানিদের আনন্দ-আলয় আরও অনাবিল আনন্দে ভরে উঠবে। আর অন্যদিকে? ভূপেন হাজারিকা গানে যেমনটা বলেছেন, ‘আমি দেখেছি অনেক গোলাপ-বকুল ফুটে আছে থরে থরে/ আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে’। আরও ঝরে যাবে অনাদরে...

‘পয়সা’ আর ‘পেশি’র (ক্ষমতা) বাইরে দুনিয়ায় আর কোনো কিছুর কদর নেই এখন। ইংরেজ সাহিত্যিক সমারসেট মম অর্থকড়িকে ষষ্ঠ ইন্দ্রিয়ের মর্যাদা আগেই দিয়ে গেছেন। কিন্তু তিনি সম্ভবত এটা ঠাওর করে যেতে পারেননি যে ষষ্ঠ ইন্দ্রিয়টি বাকি পাঁচটিকে স্রেফ মেরে ফেলে! আর তাই বুঝি অনাহারে প্রতি সেকেন্ডে চারজনের মৃত্যুর খবরেও পয়সাওয়ালারা নির্বিকার থাকতে পারেন!

  • হাসান ইমাম প্রথম আলোর জেষ্ঠ্য সহসম্পাদক
    [email protected]