কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এক ইনস্টিটিউট থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) শেষ করে যুক্তরাষ্ট্রের নামকরা ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) পাঁচ বছর পোস্টডক (পিএইচডির পরবর্তী চাকরি) শেষে কল্লোল নামের আমার এক ল্যাবমেট কয়েক দিন আগে আমাদের ল্যাবে যোগদান করেছেন। ভারতের বাইরে তার পিএইচডি করার সুযোগ না পেলেও দেশের ভেতর থেকে পিএইচডি শেষ করে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সুযোগ পেয়েছেন। শুধু আমার এই ল্যাবমেট নয়, জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে এমন কয়েকজন ভারতীয় সঙ্গে পরিচয় হয়েছিল যাঁরা ভারতেই পিএইচডি শেষ করে জাপানে সহকারী অধ্যাপক হওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের প্রতিবেশী ভারতের উচ্চশিক্ষার এই সর্বোচ্চ ডিগ্রির আন্তর্জাতিক মূল্যায়নের এই কয়েকটি উদাহরণমাত্র। নানা অসংগতির কারণে ভারতের বাইরে পিএইচডি করার সুযোগ যাঁদের মেলেনি, তাঁরা অনায়াসে সেই দেশেই গবেষণা করে নিজেদের সেরাটা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছেন এই সব ভারতীয় প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রিধারীরা।
বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক/স্নাতকোত্তর শেষ করে পিএইচডিতে আগ্রহীদের মূলত তিন ধরনের লক্ষ্য থাকে। প্রথমত এই পিএইচডিতে ভর্তি হওয়ার পর গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান আহরণ করা, দ্বিতীয়ত লব্ধ জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে নতুন জ্ঞান সৃষ্টি করা এবং বিশেষজ্ঞ হওয়ার মতো দক্ষতা তৈরি করা। এই তিনের সমন্বয়ে একটি নির্ধারিত সময় ফ্রেমের আওতায় গবেষকেরা পিএইচডির শিক্ষার্থীরা তত্ত্বাবধায়কের বাইরে এসে পরবর্তীতে স্বাধীনভাবে গবেষণার ক্ষেত্র তৈরি করার উদ্দেশ্যে একাডেমিক সর্বোচ্চ এই ডিগ্রি অর্জনমুখী হোন। স্বীয় ক্ষেত্রে বিশেষত্ব থাকার সুবাদে একজন পিএইচডিধারীদের একাডেমিক কিংবা ইন্ডাস্ট্রিয়াল কাজে দক্ষতা প্রয়োগের সুযোগ মিলে। একাডেমিক পর্যায়ে থাকতে হলে পিএইচডির পর আরও প্রশিক্ষণের প্রয়োজন পড়ে, ফলে এই সব ডিগ্রিধারীদের একাডেমিশিয়ান হওয়ার মধ্যবর্তী সময়ে পোস্টডক্টরাল গবেষণার সুযোগ থাকা বাঞ্ছনীয় হয়ে পড়ে।
বাংলাদেশেও উচ্চশিক্ষায় আমরা এগিয়ে যাচ্ছি। এই দেশেও সাম্প্রতিক সময়ে জ্যামিতিক হারে পিএইচডি সনদধারীদের সংখ্যা বাড়ছে। প্রতি বছর দেশের বাইরে কয়েক হাজার ছেলে-মেয়ে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। আমাদের অভ্যন্তরীণ বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমেই পিএইচডির শিক্ষার্থী ও সনদধারী বাড়ছে। সরকারও বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডির শিক্ষার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করছে। এটি সত্যি একটি ভালো দিক।
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সর্বশেষ (২০২০) সালের পরিসংখ্যান মতে, দেশের ৪৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৬৪৬ জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২ জন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৫ জন শিক্ষার্থী পিএইচডিতে অধ্যয়নরত যাদের পাশের হার গড় ৮০ শতাংশের ওপর।
গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত দশ বছরে (২০১০-২০) মোট ৭৫৩ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। তিন দশক আগে যে বিশ্ববিদ্যালয়ে থেকে ২২ শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি পেত, সেখানে প্রায় ত্রিশ বছরে ত্রিশগুণ পিএইচডি ক্রমবর্ধমান জনসংখ্যার প্রতিফলন বলে প্রতীয়মান হলেও এই সব পিএইচডি ডিগ্রির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে।
আমাদের প্রতিবেশী ভারত কিংবা নেপালে পিএইচডি শেষ করার পর দেশের বাইরে পোস্টডক্টরাল কিংবা ইন্ডাস্ট্রিয়াল চাকরি পেতে বেগ পেতে হয় না। এমনকি বাংলাদেশ থেকেও প্রতিবছর পিএইচডি করার জন্য ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভিড়ছেন।
কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বেড়ে চলা পিএইচডি ডিগ্রিধারীদের সংখ্যায় আধিক্য থাকলেও আমাদের ছেলে-মেয়েরা এই ডিগ্রি নিয়ে দেশের বাইরে পোস্টডক করার সুযোগ পাচ্ছে না। আমার জানার হয়তো অজ্ঞতা থাকতে পারে, তবে পাঁচ বছরে অন্তত এমন কোনো ব্যক্তিকে খুঁজি পাইনি যে কিনা দেশে পিএইচডির মূল্যায়ন স্বরূপ ভিনদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে একাডেমিশিয়ান হওয়ার সুযোগ পেয়েছে।
প্রশ্ন হলো, কেন আমাদের দেশের পিএইচডির মূল্যায়ন বাইরের দেশগুলোতে সংকীর্ণ? কেন আমরা আন্তর্জাতিক বাজারে আমাদের উচ্চশিক্ষার সর্বোচ্চ ডিগ্রিধারীদের স্কিল বিক্রি করতে পারছি না কিংবা তাদের গবেষণায় শাণিত করতে পারছি না?
এর ব্যাখ্যা বিশ্ববিদ্যালয়গুলোর চালকেরা বলতে পারবেন। তবে যে কারণে, আমরা বিশ্ববাজারে নিজেদের এক্সাপার্টিজ সেল করতে ব্যর্থ হচ্ছি, তার জন্য আমাদের প্রচলিত শিক্ষা কাঠামোকে কাঠগড়ায় দ্বার করানো মন্দের কিছু হবে না।
দেশে এখন একটি বড় ট্রেন্ড চলছে, তা হলো নামের আগে ‘ড.’ বিশেষণ জুড়িয়ে দেওয়া। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেয়, ষাটোর্ধ্ব ব্যাংকের পরিচালক, কোম্পানির নির্বাহী, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সাহিত্যিক-সাংবাদিক, এনজিওকর্মী থেকে শুরু করে শিল্পীরা। বিষয়টি এমন দাঁড়িয়েছে, সারা বছর পূর্ণকালীন চাকরি করে পিএইচডি ডিগ্রি অর্জন করা দুধ-ভাতের মতো। উচ্চশিক্ষায় এদের আগ্রহ থাকুক বা না থাকুক অর্থ কিংবা ক্ষমতার বলয়ে গোধূলি লগ্নের পিএইচডি ডিগ্রি নামের আগে পূর্বপদ হিসেবে ‘ড.’ সংযুক্তকরণ এক ধরনের সামাজিক দায়বদ্ধতায় মনে করেন তাঁরা। সারা দিন অফিস করে, রাতে টকশো করে ঠিক কোনো সময়টা এই গোষ্ঠী গবেষণা করে তার কোনো হিসাব না মিললে বন্ধু কিংবা সহকর্মীর অধীনে অভিসন্দর্ভ জমা দেওয়ার মধ্যে দিয়ে সনদ প্রাপ্তিতে তাঁরা কখনো পিছপা হয় না। যাঁরা গবেষণাপত্রের মৌলিক কাঠামো নিয়ে অবগত থাকে নয়, যাঁরা গবেষণার ইথিক্স প্রয়োগে বিনয়ী নয়, তাদের কাঁধে পিএইচডির সনদ এক ধরনের বালখিল্য ছাড়া কিছু নয়।
এর বাইরে রয়েছে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, যারা সময় কিংবা সুযোগের ফোড়নে দেশের বাইরে উচ্চশিক্ষার সনদটি না বাগিয়ে আনতে পেরে পিএইচডিটা নিজ সহকর্মীর অধীনে সারেন মূলত ‘পদোন্নতির’ নেশায়। এই সংখ্যায় কিছু ব্যতিক্রম থাকলেও অধিকাংশদের দেশে পিএইচডি নেওয়ার অন্যতম কারণ ‘ডিগ্রি সহজলভ্যতা।’ এমনও ঘটনা ঘটছে, নির্ধারিত পিএইচডির সময়সীমার আগেই সিন্ডিকেটে পিএইচডি ডিগ্রি পাস হয়ে যায়।
আপনি যখন একাডেমিক যোগ্যতার সর্বোচ্চ ডিগ্রিকে শৌখিন ডিগ্রি হিসেবে মনে করবেন, গবেষণার মানের দিকে নজর না দিয়ে ডিগ্রি প্রদান করাকে মুখিয়ে রাখবেন, তখন সেই পিএইচডির মূল্যায়ন দেশের বাইরে মুখ থুবড়ে পড়বে এটাই স্বাভাবিক।
প্রশ্ন হলো, পিএইচডি কাদের করতে হবে? কারা পিএইচডিতে গবেষণার মাধ্যমে শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেবে? এই যে পেশাজীবীরা নামের আগে ‘ড.’ লাগানোর প্রতিযোগিতায় নামছে, তাদের রুখবে কে?
প্রথমত, পিএইচডি তাদেরই করার সুযোগ দেওয়া উচিত, যাঁরা মূলত জ্ঞান সৃষ্টির পেশায় নিজেদের দেখতে চায়, পিএইচডি তাদেরই হওয়া উচিত যাঁরা একাডেমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করছে, গবেষণার ক্ষেত্রে নিয়োজিত রয়েছে। দ্বিতীয় পিএইচডি কোনো ছেলে-খেলার ডিগ্রি নয়, যে ডিগ্রি আপনার কর্মক্ষেত্রের পরিবর্তন আসে না, সেটি কেন করতে যাবেন? কেন রাষ্ট্র আপনার অসাড় গবেষণার জন্য বাজেট দেবে?
এই যে দেখুন ইউজিসির তথ্য বলছে, ২০২০ সাল পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৫ হাজার ৪২৬ জন শিক্ষককের মধ্যে পিএইচডি ডিগ্রি আছে ৫ হাজার ৬৫১ জনের যা শতকরা হিসেবে ৩৭ ভাগ। অর্থাৎ যাঁরা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান তৈরি করবে, ঠিক তাঁদের ঘরে ৬৩ শতাংশ পিএইচডি নেই, যাঁরা শুধু মাস্টার্স পাস করে বিশ্ববিদ্যালয়ে অনার্স–মাস্টার্সের শিক্ষার্থীদের পড়াচ্ছেন, এই পিএইচডি ডিগ্রিটা তাঁদের প্রয়োজন।
যে ছেলেটি সদ্য স্নাতকোত্তর শেষ করে বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করেছে, গবেষণার প্রতি যাঁর অগাধ ভালোবাসা, যে পরবর্তীতে একাডেমিক ও কোম্পানি নতুন নতুন সৃষ্টির নেশায় মগ্ন থাকবে পিএইচডি ডিগ্রি পাওয়ার সুযোগটা তাদেরই হওয়া উচিত। মধ্য বয়সে কিংবা শেষ বয়সে পিএইচডি নেওয়ার চেয়ে তরুণদের সেখানে সুযোগ দেওয়ার মধ্যে দিয়ে আমাদের গবেষণার মানদণ্ড তৈরি করা সময়ের দাবি বলে আমি মনে করি।
এ কথা সত্য যে, মানসম্মত গবেষণা করিয়ে আন্তর্জাতিক মানের প্রকাশনার সুযোগ মিলে না, ফলে দায় সাড়া ভাবে পিএইচডির কাঠামো তৈরি করে সনদ প্রদান রাষ্ট্রের দায়বদ্ধতার মধ্যে পড়ে। যে পরিমাণ গবেষণার বাজেট হওয়ার কথা, তার অপ্রতুলতাকে দায়ী করা একাডেমিক সংস্কৃতি বললে ভুল বলা যাবে না। স্নাতকোত্তর শেষ করে চাকরির জন্য একজন শিক্ষার্থী যতটা প্রস্তুতি নেন, তাঁর চেয়ে মানসম্মত গবেষণার সুযোগ তৈরি করে দেওয়া আমাদের দক্ষ মানবসম্পদ তৈরির শামিল।
সরকার প্রতি বছর ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’ মাধ্যমে কোটি টাকার স্কলারশিপ চালু করে ‘সরকারি আমলা-কর্মকর্তাদের’ যে মানবসম্পদ তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে, তাঁর চেয়ে দেশেই মানসম্মত গবেষণাগার তৈরি করা আমাদের উচ্চশিক্ষাকে এগিয়ে নেবে। আমাদের মনে রাখতে হবে, যে ডিগ্রি যুগের পর যুগ ধরে চলে আসা কর্মপরিকল্পনার চির ধরায় না, সেই সনদধারীদের রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা বেমানান বটে।
আমাদের ছেলে-মেয়েরা দেশের বাইরে সুনামের সঙ্গে উচ্চশিক্ষা অর্জন করেছে, সেখানে দেশে সুযোগের অভাবে আমরা পিছিয়ে থাকছি। মনে রাখতে হবে, সারা বিশ্বই পিএইচডিতে অধ্যয়নরতদের একটি নির্দিষ্ট হারে বেতন দিয়ে, গবেষণায় আগ্রহী করে তুলছে। ভারতও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদের ছেলে-মেয়েদের একাডেমিক ডিগ্রির এই প্রশিক্ষণ দিয়ে বিশ্ববাজারে পাঠিয়ে দিচ্ছে। সেখানে আমাদের সরকারের উচিত শতভাগ বৃত্তির মাধ্যমে অপেক্ষাকৃত তরুণ ও মেধাবীদের দেশের ভেতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গবেষণার সুযোগ তৈরি করে দেওয়া। সনদ দেওয়ার মধ্য দিয়ে উচ্চশিক্ষার দায় শেষ নয়, বরং দক্ষ মানবসম্পদ তৈরি করার মধ্যে রাষ্ট্রের সার্থকতা রয়েছে। আপনি যখন, পর্যাপ্ত সুযোগ-সুবিধার মধ্যে দিয়ে পিএইচডি গবেষণার সুযোগ করে দেবেন, তখন আমাদের ছেলে-মেয়েদের দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার প্রশিক্ষণ বা চাকরি পেতে বেগ পেতে হবে না। তাহলে, আমরা এক সময় বলতে পারব, আমাদের দেশের পিএইচডি কেবল লোক দেখানোর জন্য নয়, আমাদের পিএইচডির শক্তি রয়েছে, যাতে করে বিশ্ব বাজারে আমাদের দেশের পিএইচডির মূল্যায়ন পেতে সমস্যায় পড়তে না হয়।
ড. নাদিম মাহমুদ গবেষক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। ইমেইল: [email protected]