নতুন ঠান্ডা যুদ্ধে কোরিয়া যেখানে ঠিক পথটাই বেছে নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক-ইওল ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
ছবি : রয়টার্স

উত্তর-পূর্ব এশিয়ায় নতুন ঠান্ডা যুদ্ধের কাঠামো তৈরি হয়েছে, যা ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে নতুন মেরুকরণ ঘটাচ্ছে। উত্তর কোরিয়ার নজিরবিহীন আগ্রাসন, চীনের উগ্রতা এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনা থেকে এটা স্পষ্ট যে উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য পক্ষ বেছে নেওয়ার সময় এসেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক-ইওল এ বিষয়ে তাঁর সিদ্ধান্ত স্পষ্ট করেছেন। যুক্তরাষ্ট্র ও এর আঞ্চলিক মিত্রদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে দক্ষিণ কোরিয়া। জাপান ও কোরিয়ার (বর্তমানে দক্ষিণ কোরিয়া) মধ্যকার শতাব্দীপ্রাচীন শত্রুতার বিষয়টিকে দ্বিতীয় পর্যায়ের গুরুত্বের স্তরে নামিয়ে উত্তর কোরিয়াকে কঠোর বার্তা দিতে চেয়েছেন উন সুক-ইওল।

দক্ষিণ কোরিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে জোরালো সামরিক সম্পর্ক স্থাপন করছে এবং জাপানের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলছে। আরও আনুষ্ঠানিক পদক্ষেপ যেমন কোয়াডের সমস্য হওয়াটাও এখন দক্ষিণ কোরিয়ার জন্য সম্ভবপর বলে মনে হচ্ছে। চীনের সঙ্গে সহযোগিতা সম্পর্ক ছিন্ন না করে দক্ষিণ কোরিয়া তাদের যে নতুন ইন্দো-প্যাসিফিক কৌশলনীতি প্রকাশ করেছে সেখানে চীন যে ওই অঞ্চলের স্থিতিশীলতার ওপর হুমকি সৃষ্টি করেছে সে বিষয়টি আলোচনা করা হয়েছে।

প্রেসিডেন্ট উন তাইওয়ান ও ইউক্রেন ইস্যুতে যেভাবে মন্তব্য করেছেন, তাতে স্পষ্ট যে এ বিষয়ে খোলাখুলি কথা বলতে তিনি সাবলীল। যদিও তাঁর মন্তব্যে চীনের ক্রুদ্ধ হওয়ার সুযোগ ছিল। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইনের অভিজ্ঞতা বিবেচনায় নিলে এটা স্পষ্ট যে বর্তমান প্রেসিডেন্ট উন উন সুক-ইওল বোধগম্য একটি পথ বেছে নিয়েছেন।

বিরোধপূর্ণ বিষয়ে সরাসরি সংঘাতে না জড়িয়ে সংলাপের ওপর জোর দেওয়া আসিয়ানের জোটের কৌশলনীতির গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ক্ষেত্রে সেটা ইতিবাচক একটি শিক্ষা। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ করা খুব সহজ কোনো কাজ নয়। দক্ষিণ কোরিয়া যদি একটি গোপন, সমঝোতামূলক আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নেয়, তাহলে সেটা সম্ভব।

মুন একদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে জাঁকালো সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটেও ছিল। এ ছাড়া উত্তর কোরিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার কারণে বাস্তবে সেসব প্রতিশ্রুতি পূরণের সুযোগ ছিল একেবারেই সীমিত।

সাবেক প্রেসিডেন্ট রো মু-ইয়ানের আমলে উত্তর-পূর্ব এশিয়া বিষয়ে ভারসাম্যমূলক নীতি গ্রহণ করেছিল দক্ষিণ কোরিয়া। তাঁর সেই কৌশলনীতি কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। আর মুন দুই কোরিয়ার মধ্য সম্পর্ক উন্নয়নের যে নীতি নিয়েছিলেন, সেটা ২০১৯ সালে হ্যানয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া বৈঠকের পর পুরোপুরি ভেস্তে যায়।
একটা বিষয় হলো, একটা পক্ষ বেছে নেওয়া মানেই আর সব বিকল্প পথ বন্ধ করে দেওয়া নয়। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং দক্ষিণ কোরিয়ার প্রধান বাণিজ্য সহযোগী ও প্রতিবেশী দেশ চীন—এই দুই বাস্তবতাকে সিউলের গ্রহণ করা উচিত।

বিদ্যমান সংস্থাগুলোকে পুনরুজ্জীবিত করে এবং নতুন সংস্থা তৈরি করে আঞ্চলিক জোটগুলোর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে পারে দক্ষিণ কোরিয়া। অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে যত বেশি মাত্রায় কূটনৈতিক কথাবার্তা বলা যাবে, ততই নতুন নতুন পথ খুলবে।

পূর্ব এশিয়ার দেশগুলো সংলাপের জন্য উদ্যোগ নেওয়া ও তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এখন আবশ্যক হয়ে পড়েছে। চীন, জাপান ও কোরিয়ার মধ্যকার ত্রিপক্ষীয় সহযোগিতা সম্পর্ক শক্তিশালী করা প্রয়োজন। ইনসানে অবস্থিত এশিয়ার জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এবং প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পূর্ব এশিয়া কার্যালয়কে যোগাযোগ তৈরির জন্য ব্যবহার করতে পারে দক্ষিণ কোরিয়া।
উত্তর-পূর্ব এশিয়ার সহযোগিতা বিষয়ে উপ-আঞ্চলিক কর্মসূচি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া ও রাশিয়াকে কাছাকাছি আসার সুযোগ তৈরি করেছে। দেশগুলোর সঙ্গে ন্যূনতম পর্যায়ে তথ্য বিনিময়ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে মূল্যবান বিষয় হয়ে উঠতে পারে।

গুরুত্বপূর্ণ বিষয়ে পূর্ব এশিয়ায় যাতে ঐকমত্য ও ভালো বোঝাপড়া প্রতিষ্ঠিত হয়, সে জন্য মনোযোগ দেওয়া উচিত দক্ষিণ কোরিয়ার। পুরোনো ঠান্ডা যুদ্ধের কালে ইউরোপে এ ধরনের স্বতন্ত্র্য বৈশিষ্ট্যপূর্ণ ফোরাম ছিল। পশ্চিমে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ও ইউরোপিয়ান কাউন্সিল এবং প্রাচ্যে ওয়ারশ প্যাক্ট ও অর্থনৈতিক সহযোগিতা কাউন্সিল ছিল।

কিন্তু নিখিল ইউরোপীয় সংলাপ ১৯৭০-এর দশকের আগে সম্ভব হয়ে ওঠেনি। নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ে সম্মেলন থেকেই ইউরোপে সেটা সম্ভব হয়ে ওঠে। সেটা অনুষ্ঠিত হয়েছিল হেলসিঙ্কির মতো নিরপেক্ষ জায়গায়।

উত্তর-পূর্ব এশিয়ার জন্য একই ধরনের বিকল্প হতে পারে মঙ্গোলিয়া। অঞ্চলের সব কটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে দেশটি। উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা বিষয়ে উলানবাটার সংলাপ এ পর্যন্ত সাতবার অনুষ্ঠিত হয়েছে। উত্তর কোরিয়াসহ আঞ্চলিক দেশগুলোর শত শত কর্মকর্তা ও অংশীজন এ সংলাপে অংশ নেন।
ঠান্ডা যুদ্ধ থেকে ইউরোপের সবচেয়ে বড় শিক্ষা হলো, ভালো আচরণের পুরস্কার সংলাপ নয়, বরং রাষ্ট্রগুলোর মধ্যকার আচরণ শোধরানোর জন্য সংলাপকে ব্যবহার করতে হয়।

ভূখণ্ডগত বিরোধে জাপানের বিতর্কিত বিবৃতির পর দক্ষিণ কোরিয়া পারত জাপানের সঙ্গে সংলাপ বন্ধ করতে এবং বিনিময় কর্মসূচি স্থগিত করতে। সে ধরনের সংকীর্ণ মানসিকতা বৈরিতা জয় করতে কোনো সহায্যই করত না।

বিরোধপূর্ণ বিষয়ে সরাসরি সংঘাতে না জড়িয়ে সংলাপের ওপর জোর দেওয়া আসিয়ানের জোটের কৌশলনীতির গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ক্ষেত্রে সেটা ইতিবাচক একটি শিক্ষা। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ করা খুব সহজ কোনো কাজ নয়। দক্ষিণ কোরিয়া যদি একটি গোপন, সমঝোতামূলক আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নেয়, তাহলে সেটা সম্ভব।

  • বার্নহার্ড সেলিজার রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ অফ হ্যানস সিডল ফাউন্ডেশন কোরিয়া
    এশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত