কঠিন হয়ে পড়ছে ক্যাম্পাস সাংবাদিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজশাহী কলেজে দুই সাংবাদিককে ছাত্রলীগের মারধরের ঘটনায় সুষ্ঠু তদন্ত চায় সিপিজে’ কিংবা ‘ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ’ দেশের শীর্ষ গণমাধ্যমের শিরোনাম। শুধু দু-তিনটি নয়, সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সার্চ ইঞ্জিন গুগলে লিখলেই ‘নেতিবাচক ও বিব্রতকর’ সংবাদ চলে আসে প্রথম পাতায়।

এ ছাড়া শিক্ষকের চৌর্যবৃত্তি, শিক্ষার্থীদের মারধর, ভাঙচুর, হামলা, ধর্ষণ ইত্যাদি শব্দও সেখানে চলে আসে। এর ফলে তথ্যপ্রযুক্তির গ্লোবাল ভিলেজে নিজেদের ভালো ও খারাপ বৈশিষ্ট্য তুলে ধরার সুযোগ যেমন আছে, তেমনি শোধরানোর জন্য যথেষ্ট কৌশলও আছে। সব মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের চেয়ে ক্যাম্পাস সাংবাদিকেরা প্রতিষ্ঠানের খুঁটিনাটি গুগলের হাতে তুলে দিচ্ছেন। আর সেটি করছে নির্দিষ্ট এক ধারা ও কাঠামোর মধ্যে। প্রতিষ্ঠানের ভালো-মন্দ প্রচারের একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন ক্যাম্পাসের গণমাধ্যমকর্মীরা।

ক্যাম্পাস সাংবাদিকতা কী

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ অথবা জাতির বিবেক, সমাজের দর্পণ—নানা বিশেষণে বিশেষায়িত পেশা সাংবাদিকতা। যাঁর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খুঁটিনাটি উঠে আসে, তিনিই ক্যাম্পাস সাংবাদিক। ক্যাম্পাস সংবাদিকেরা ক্যাম্পাসের দর্পণ। যাঁদের হাত ধরেই সংবাদমাধ্যমে উঠে আসে ক্যাম্পাসের হালচাল। ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাস পুরোনো। দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই ক্যাম্পাসে সাংবাদিকতার প্রমাণ পাওয়া যায়। একজন শিক্ষার্থী, তিনিই আবার সাংবাদিক। একজন শিক্ষার্থী তাঁর ভালোবাসা থেকেই ক্যাম্পাস সাংবাদিকতায় যুক্ত হয়ে থাকেন। অনেকেরই থাকে না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। এত কষ্ট করে সাংবাদিকতার পাঠ নিয়ে ক্যাম্পাসজীবন শেষে অনেকেরই ভাগ্যে জোটে না মূলধারার গণমাধ্যমে কাজের সুযোগ।

দিন দিন কঠিন হয়ে পড়ছে ক্যাম্পাস সাংবাদিকতা

ক্যাম্পাস সাংবাদিকতায় যেমন আনন্দ আছে, তেমনি আছে কষ্ট, হতাশা আর শঙ্কা। নানা অসংগতি তুলে ধরে যেমন ক্যাম্পাসের নানা সংকট সমাধানে সেতুবন্ধ হিসেবে কাজ করেন, তেমনি ইতিবাচকভাবেও প্রতিষ্ঠানকে উপস্থাপন করেন দেশ ও জাতির দরবারে। এসব সাংবাদিক যেমন ক্যাম্পাসের উন্নতি-অগ্রগতি তুলে ধরেন, তেমনি ক্যাম্পাসের বিভিন্ন অনিয়ম-দুর্নীতিকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। এতেই আপত্তি-বিপত্তি বাধে প্রশাসনের।

এসব খবর প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর হলেও নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য অমঙ্গলজনক। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পরও তাঁরা একদিকে দুর্নীতিবাজ ব্যক্তিদের নজরে চক্ষুশূল হয়ে উঠছেন। ক্যাম্পাস সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদের ওপর আঘাত হানা হচ্ছে। আবার সংবাদ প্রকাশের জেরে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের হাতে লাঞ্ছিত হচ্ছেন অনেক সাংবাদিক। শুধু তা–ই নয়, পড়তে হয় প্রতিষ্ঠান প্রশাসনের রোষানলে। এভাবে ব্যক্তিস্বার্থে বলি হন অনেক ক্যাম্পাস সাংবাদিক। শিক্ষাজীবনে নেমে আসে নানা জটিলতা। এসব মাড়িয়ে কলমযুদ্ধে সম্মুখপানে এগিয়ে যাচ্ছে ক্যাম্পাস সাংবাদিকতা।

ক্যাম্পাস সাংবাদিকতায় ক্ষমতাসীনদের প্রভাব

গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন হলের ছাত্রলীগ নেতা রাউফুর রহমান ওরফে সোহেলের নেতৃত্বে ওবায়দুর সাঈদ নামের এক ক্যাম্পাস সাংবাদিককে মারধর করা হয়। বুকে লাথি, এলোপাতাড়ি চড়থাপ্পড়ের পর শক্তি প্রয়োগ করে তাঁর মুঠোফোনের লক খুলতে বাধ্য করা হয়। পরে ফোন থেকে ‘ডিসিয়ান সংবাদকর্মী’ ও সাংবাদিক সমিতির গ্রুপের সব বার্তা স্ক্রিন রেকর্ড করে নেন রাউফুর।

ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও অনলাইন পোর্টাল বাংলাট্রিবিউনের ঢাকা কলেজ প্রতিনিধি তিনি। কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদকের দায়িত্বেও আছেন তিনি। তার আগে বুধবার রাতে ‘গেস্টরুমে’ না যাওয়ায় তাদের আরেক ক্যাম্পাস প্রতিবেদক ফয়সাল আহমেদকে ঢাকা কলেজের হলে মারধর করেন কলেজ শাখা ছাত্রলীগের একদল কর্মী। এ নিয়ে প্রতিবেদন করায় ছাত্রলীগ নেতা রাউফুর রহমানের নেতৃত্বে ওবায়দুর সাঈদকেও মারধর করা হয়।

২১ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাংবাদিককে পেটানোর অভিযোগ উঠেছে শাহীনুর রেজা (সুমন) নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আহত সাংবাদিকের নাম আশিকুর রহমান। তিনি বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি।

৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাজশাহী কলেজের শিক্ষককে হুমকি দিয়ে গালিগালাজ করার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ। ঘটনাটি ঘটে অকৃতকার্য পরীক্ষার্থীদের কেনো পরীক্ষা দিতে দেওয়া হবে না—এ নিয়ে। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি আবু সাইদ রনি এবং রিপোর্টার্স ইউনিটির সদস্য ও রাজশাহী পোস্টের স্টাফ রিপোর্টার আবদুল আলীমকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।

সমাধান কোন পথে

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত কতজন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, তার কোনো হিসাব নেই। বিভিন্ন মেয়াদের বিচ্ছিন্ন কিছু হিসাব পাওয়া যায়। ২০০১ থেকে ২০১৬—এই ১৬ বছরে দেশে ২৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। বিএনপির ২০০১-০৬ শাসনামলে নিহত হন ১৪ সাংবাদিক, আহত হন ৫৬১ জন। আর ২০০৭ থেকে ২০১৬ সালের মধ্যে ৯ বছরে খুন হন ৯ সাংবাদিক। আরেক পরিসংখ্যান বলছে, ১৯৯৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ২৪ বছরে বাংলাদেশে ৩৮ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। (ডয়চে ভেলে)

নির্যাতন বা হত্যাকাণ্ডের এই খতিয়ান পূর্ণাঙ্গ নয়। অনেক ঘটনাই রয়ে গেছে আড়ালে। অনেক হামলার ঘটনা প্রশাসনের নথিতেই ওঠে না। শুধু হামলা নয়, প্রচুর মামলারও শিকার হন সাংবাদিকেরা। ২০২১ সালে শুধু ডিজিটাল নিরাপত্তা আইনে কমপক্ষে ১ হাজার ১৩৪টি মামলা হয়েছে। এই মামলাগুলোর বড় একটা অংশ হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে, করোনাকালে এবং এর আগে-পরে পেশাগত দায়িত্ব পালনকালে সরকারি কর্মকর্তা, ক্ষমতাসীন দল ও প্রভাবশালী ব্যক্তিদের রোষানলে পড়ে হামলা, মামলাসহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন মোট ২১০ সাংবাদিক। আসকের পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে ১ জন, ২০১৮ সালে ২ জন, ২০১৯ সালে ১ জন, ২০২০ সালে ১ জন, ২০২১ সালে ১ জন, ২০২২ সালে ১ জন নিহত হন।

ব্লাস্টের (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট) ট্রাস্টি ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, ‘অনেকটা নীতিবিহীন রাজনীতি চলছে। যেকেনো উপায়ে অর্থবিত্ত, পদ-পদবি পেতে একটা শ্রেণি উদ্‌গ্রীব এবং এ জন্য তারা যেকোনো দুষ্কর্ম করতেও তৎপর। আর এটি যখন গণমাধ্যমের কল্যাণে প্রকাশ পায়, তখনই তারা সাংবাদিকদের ওপর নিপীড়ন ও অত্যাচার শুরু করে। হত্যা করতেও দ্বিধা করে না।’

দীর্ঘদিন ধরেই রাজনীতিতে অস্থিরতা চলছে। সংকুচিত গণতন্ত্র আর প্রশ্নবিদ্ধ জনপ্রতিনিধিত্বের কারণে রাজনীতিতে এখন দুর্বৃত্তায়ন হচ্ছে। আর তাদের নেতিবাচক এই দিকের প্রতিবেদন প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে।

একদিকে সাংবাদিকদের ওপর একের পর এক হত্যা ও নির্যাতন; অন্যদিকে হত্যা–নির্যাতন হলেও সহজে বিচার মেলে না। সব মিলিয়ে পরিসংখ্যান যা বলছে, এটি তারই প্রতিফলন এবং দীর্ঘদিন ধরে এটি চলে আসছে। কঠিন হয়ে পড়ছে ক্যাম্পাস সাংবাদিকতা।

সবচেয়ে উদ্বেগের বিষয়, দেশে ভয়ের সংস্কৃতি তৈরি ও বিচারহীনতার রাজনীতির চর্চা হওয়ায় ক্যাম্পাস ও মাঠের সাংবাদিক কেউই নিরাপদ নন। মহল্লায় আগুন লাগলে যে দেবালয়ও যে রক্ষা পায় না, সেই উপলব্ধি করানোই এখন বড় চ্যালেঞ্জ।

  • মো. আবদুল হাকিম
    সাধারণ সম্পাদক, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি