শান্তিপ্রিয় জাপানও কেন অস্ত্রে সাজতে মরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: রয়টার্স

২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমা নেতৃত্ব ও সংবাদমাধ্যম ব্যতিব্যস্ত আছে। সেই ফাঁকে উত্তর এশিয়ায় আরেকটি সামরিক আয়োজন ক্রমশ স্ফীত হয়ে উঠছে।

মাস কয়েক আগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জাপান এবং জাপানের জনগণ ‘ইতিহাসের মোড় পরিবর্তনের ক্ষণে’ অবস্থান করছেন বলে মন্তব্য করে ২০২৭ সাল নাগাদ ৩২ হাজার কোটি ডলার সামরিক ব্যয়ের ঘোষণা দেন। এই ব্যয় হবে জাপানের বর্তমান সামরিক ব্যয়ের দ্বিগুণ ও দেশটির জিডিপির ২ শতাংশের সমান। এটি জাপানকে যুক্তরাষ্ট্র ও চীনের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশে পরিণত করবে। 

নতুন প্রতিরক্ষা কর্মসূচির আওতায় জাপানের এই বিপুল সামরিক ব্যয় থেকে বোঝা যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে এযাবৎকালের মধ্যে জাপান তার প্রতিরক্ষা কৌশলে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে। জাপানের এই কর্মসূচি দেশটির ১৯৪৬ সালে গৃহীত সংবিধানের ৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত শান্তিকামী প্রতিরক্ষানীতির সম্পূর্ণ বিপরীতে যাচ্ছে। ওই অনুচ্ছেদে বলা আছে, জাপানের সামরিক বাহিনী শুধু দেশ ও দেশের মানুষ সামরিকভাবে আক্রান্ত হলেই কাউকে আক্রমণ করবে। দেশের বাইরে গিয়ে কারও ওপর আঘাত হানতে যাবে না।

তবে ২০১৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের সরকার একটি আইন পাস করে। ওই আইনের আওতায় জাপানের সেনাবাহিনী সেলফ ডিফেন্স ফোর্স (এসডিএফ) বিদেশের মাটিতেও কোনো লড়াইয়ে অংশ নিতে পারবে।

তাহলে জাপান কেন সামরিক শক্তি বাড়াচ্ছে? এতে কি জাপান সামরিক দিক থেকে আগের চেয়ে বেশি সুরক্ষিত থাকবে? এর জবাব হলো, জাপানের এসব করার অর্থ দেশটি চীনকে হুমকি মনে করছে। জাপান ইস্যুতে বেইজিংয়ের অভিপ্রায়কে দৃশ্যমানভাবে শান্ত–সৌম্য বলা গেলেও জাপান চীনকে হুমকি মনে করেই অস্ত্রসজ্জিত হচ্ছে। জাপানের এই সামরিক শক্তিবৃদ্ধি অন্তত স্বল্প মেয়াদে হলেও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক আয়োজনকে বলবান করবে।

জাপান মনে করছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিরক্ষার পরিবেশ সামনের দিনগুলোতে খারাপ দিকে যাবে। এ ছাড়া জাপানের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র তার কাছে ‘অধিকতর সামরিক শক্তিমত্তা আশা করছে’। এসব বিবেচনায় জাপান তার সামরিক শক্তিকে হালনাগাদ করতে উদ্যোগী হয়েছে। ‘দুই দেশের মধ্যকার জোটের প্রতিরোধ কার্যক্রমে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখা জাপানের হালনাগাদ প্রতিরক্ষা নীতিতে’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুততার সঙ্গে সমর্থন জানিয়েছেন। এতে আশ্চর্য হওয়ারও কিছু নেই।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং দেশটির ক্রমবর্ধমান হুমকিমূলক তৎপরতার কারণে জাপান মনে করছে, তার নিজের হাতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সর্বাধুনিক সরঞ্জাম থাকা দরকার। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধও জাপানকে আন্দোলিত করেছে, কেননা রাশিয়া ও চীনের সঙ্গে জাপানের অমীমাংসিত সীমান্ত রয়েছে।

১৯৫১ সাল থেকেই জাপানের প্রতিরক্ষা কৌশলের ভিত্তি হিসেবে জাপান-মার্কিন সামরিক জোট ভূমিকা রেখে আসছে। তবে এটিও সত্য, চীন ও জাপানের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক (২০২২ সালে দুই দেশের মধ্যে ৩৩ হাজার ৩৪০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে) রয়েছে এবং চীন ইতিমধ্যেই জাপানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। অন্যদিকে জাপান-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক সে তুলনায় অনেক কম গতিতে এগোচ্ছে। এই দুই দেশের মধ্যে ২০২২ সালে ২৩ হাজার ৪৬০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। 

চীনের সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক থাকার পরও জাপান সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে যুক্ত হয়ে চীনবিরোধী জোট চতুর্পক্ষীয় প্রতিরক্ষা সংলাপে (কোয়াড) যুক্ত হয়েছে। কোয়াডে যুক্ত হয়ে জাপান নিয়মিত যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে, গোয়েন্দা তথ্য আদান-প্রদান করছে। কোয়াড সদস্যদেশগুলোর শীর্ষনেতাদের মধ্যে সংলাপ হচ্ছে। 

আরও পড়ুন

নতুন একধরনের যুদ্ধবিমান তৈরি করতে জাপান ২০২২ সালের ডিসেম্বরে ইতালি ও যুক্তরাজ্যের সঙ্গে একটি যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পরস্পর সামরিক সহযোগিতা আদান-প্রদান বিষয়ে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সঙ্গে জাপান আলাদা একটি চুক্তি করেছে, যেটির কঠোর সমালোচনা করেছে বেইজিং। 

এটি ঠিক, জাপানের সঙ্গে চীনের খুব বড় ধরনের দ্বন্দ্ব নেই। দেশ দুটি ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও নয়। তবে গুয়াম, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি এ অঞ্চলে জাপানেও আমেরিকান সেনাবাহিনীর উপস্থিতি আছে।

তাহলে জাপান কেন সামরিক শক্তি বাড়াচ্ছে? এতে কি জাপান সামরিক দিক থেকে আগের চেয়ে বেশি সুরক্ষিত থাকবে? এর জবাব হলো, জাপানের এসব করার অর্থ দেশটি চীনকে হুমকি মনে করছে। জাপান ইস্যুতে বেইজিংয়ের অভিপ্রায়কে দৃশ্যমানভাবে শান্ত–সৌম্য বলা গেলেও জাপান চীনকে হুমকি মনে করেই অস্ত্রসজ্জিত হচ্ছে। জাপানের এই সামরিক শক্তিবৃদ্ধি অন্তত স্বল্প মেয়াদে হলেও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক আয়োজনকে বলবান করবে।

গালফ নিউজ থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত

● সাজ্জাদ আশরাফ পাকিস্তানের সাবেক কূটনীতিক, যিনি বেশ কয়েকটি দেশে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন