রাজনৈতিক সমস্যার সমাধান সাংবিধানিক কাঠামোয় খুঁজতে হবে

নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে দলীয় অফিসের সামনে সংঘর্ষে একজন নিহত হন। বিএনপির অফিসে পুলিশের অভিযান, পাইকারি গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। ঢাকায় বিএনপির সমাবেশ থেকে দলীয় সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা এসেছে। এ প্রেক্ষাপটে রাজনীতি ও নির্বাচন নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মান্নান

প্রশ্ন :

অনেক অনিশ্চয়তা ও সংশয়ের পর ঢাকায় বিএনপির গণসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আপনার মন্তব্য কী?

আবদুল মান্নান: এটি নিঃসন্দেহে তাদের সুচিন্তিত সিদ্ধান্ত। বিএনপি একটি বড় দল। এর আগে অন্যান্য বিভাগেও তারা সমাবেশ করেছে। প্রচুর লোকও হয়েছে সেসব সমাবেশে। কিন্তু সমস্যা হলো যখন তারা ঢাকায় দলীয় অফিসের সামনে খোলা সড়কে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছিল। তাদের এ সিদ্ধান্ত সঠিক ছিল না। ব্যস্ত সড়কে সমাবেশ করলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ ছাড়া ওই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, আছে আবাসিক ভবনও। সেখানকার বাসিন্দাদের কষ্ট দিয়ে কারোরই সড়কে সমাবেশ করা উচিত নয়। সরকার যে প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছিল, সেটি তাদের গ্রহণ করা উচিত ছিল বলে মনে করি।

প্রশ্ন :

সমাবেশের স্থানকে কেন্দ্র করে বিএনপির অফিসের সামনে যে সংঘর্ষের ঘটনা ঘটল, পুলিশ অভিযান চালাল, এসব কি এড়ানো যেত না?

আবদুল মান্নান: এড়ানো যেত। ৭ ডিসেম্বর পুলিশ কিন্তু প্রথমে অ্যাকশনে যায়নি। নেতা-কর্মীদের অবস্থানের কারণে সড়কের দুই পাশই বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাঁদের এক পাশে সরে যেতে বলে। কিন্তু বিএনপির সমর্থকেরা পুলিশের কথা না শুনে তাদের ওপর ইটপাটকেল ছোড়েন। বিএনপির অফিস থেকে পুলিশের ওপর ককটেল মারার অভিযোগ আছে। পুলিশের কয়েক সদস্য পুরো দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বিএনপির সমর্থকেরা তাঁদের ওপর চড়াও হন। এরপরই সংঘর্ষ বাধে। দলীয় নেতা-কর্মী ও পুলিশ সদস্যরা আহত হন। পরে পুলিশ দলীয় অফিসে অভিযান চালায় এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার করে।

প্রশ্ন :

পরবর্তীকালে ঢাকার বিভিন্ন স্থানে পুলিশ বিএনপির বহু নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। রাত তিনটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি ধরে নিয়ে যায়। দলের সমাবেশে যাতে তাঁরা না যেতে পারেন, সে জন্যই এটি করা হয়েছে। এমনকি তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আটক করার ১১ ঘণ্টা পর।

আবদুল মান্নান: এটা হওয়া বাঞ্ছনীয় নয়। তবে সব সরকারের আমলেই বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল যখন ট্রাম্পকার্ড ঘোষণা করলেন, তখন ঢাকায় সাত হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছিল। আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রশ্ন :

বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এতে কি রাজনৈতিক সংকট আরও বাড়বে বলে মনে করেন?

আবদুল মান্নান: এটা তাঁদের দলীয় সিদ্ধান্ত। দলের মনোনীত প্রার্থী হিসেবে তাঁরা নির্বাচিত হয়েছেন। দলের সিদ্ধান্তেই পদত্যাগ করেছেন। এর সঙ্গে নির্বাচনী রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না।

প্রশ্ন :

বাংলাদেশে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হওয়ার নজির নেই। স্বাধীনতার পর থেকেই আমরা এটি দেখে আসছি। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কী?

আবদুল মান্নান: এটি অবশ্যই রাজনীতিকদের ব্যর্থতা। এর শুরু হয়েছে পঁচাত্তরের পর যখন সেনাশাসক জিয়াউর রহমান দেশ পরিচালনা করলেন। তিনি নিজেদের স্বার্থে সংবিধান ও আইন পরিবর্তন করেন। এমনকি বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন। পরবর্তীকালে এরশাদও সেই ধারা বজায় রাখেন।

প্রশ্ন :

নির্বাচন নিয়ে যে সংকট দেখা দিয়েছে, তার সমাধান কি আলোচনায়, না সংঘাতে?

আবদুল মান্নান: নির্বাচন সরকার করে না। নির্বাচন করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের হাতে যথেষ্ট ক্ষমতা আছে। তারা যদি সেটি প্রয়োগ করে এবং প্রশাসন যদি সহায়তা করে, তাহলে নির্বাচন নিয়ে সংকট কেটে যাবে। সংবিধানের অধীনেই সমস্যার সমাধান খুঁজতে হবে। ভারতে টিএন সেশন পারলে আমাদের নির্বাচন কমিশন পারবে না কেন? বিচারপতি আবদুর রউফ মাগুরা উপনির্বাচনে চেষ্টা করেছিলেন। পারেননি। মাগুরা থেকে চলে আসতে হয়েছিল। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন তো গাইবান্ধা উপনির্বাচনে ক্ষমতা দেখিয়েছে। পুরো আসনের নির্বাচন বাতিল করে দিয়েছে। অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে কিছু করা যাবে না। আর আলোচনার কথা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ২০১৩ সালে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁর প্রস্তাবকে সেদিন অসৌজন্যমূলকভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল।

প্রশ্ন :

বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি যে মুখোমুখি অবস্থানে, তাতে নির্বাচন কী করে হবে? আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন? এতে কি রাজনৈতিক সংকট কাটবে বলে মনে করেন?

আবদুল মান্নান: নির্বাচন ছাড়া তো দেশ চলতে পারে না। সংবিধানে আছে, জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। আর জনগণের প্রতিনিধি বাছাই করতে নির্বাচনের বিকল্প নেই। তবে নির্বাচনের সময় স্বরাষ্ট্র, জনপ্রশাসন মন্ত্রণালয় ইত্যাদির কর্তৃত্ব নির্বাচন কমিশনকে দেওয়া যেতে পারে। নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা প্রয়োজন, তারা করবে। নির্বাচন কমিশনের যে সাংবিধানিক ক্ষমতা আছে, সেটি পদাধিকারীদের উপলব্ধি করতে হবে।

প্রশ্ন :

সরকারি দল তো নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। এ ক্ষেত্রে তো তারা প্রশাসনিক সুবিধাও নিচ্ছে। অন্যদিকে, বিরোধী দল সভা–সমাবেশ করতেও বাধার সম্মুখীন হচ্ছে। এই বিপরীত ধারা চলতে থাকলে নির্বাচনী পরিবেশ নিশ্চিত হবে কীভাবে?

আবদুল মান্নান: নির্বাচনী প্রচার সব দলই করছে। বিএনপি কিংবা গণতন্ত্র মঞ্চের নেতারা যখন সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন, সেটাও একধরনের নির্বাচনী প্রচারণা।

প্রশ্ন :

বাংলাদেশের রাজনৈতিক সমস্যা, মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনী ব্যবস্থা ইত্যাদি নিয়ে বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরাও কথা বলছেন। বিরোধী দলে থাকতে তাঁরা কূটনীতিকের কাছে ধরনা দেন এবং ক্ষমতায় থাকলে এর বিরোধিতা করেন? আপনি কীভাবে দেখছেন বিষয়টি?

আবদুল মান্নান: আমি মনে করি, আমাদের রাজনৈতিক সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। এখানে বিদেশিদের নাক গলানোর সুযোগ নেই। ভিয়েনা কনভেনশন সবাইকে মেনে চলতে হবে। যেসব দেশের কূটনীতিকেরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলছেন, তাঁরা কিন্তু ভারতের রাজনীতি নিয়ে কথা বলতে পারেন না। এটা তাঁরা মেনে নেন না। কেবল রাজনীতিক নন, নাগরিক সমাজের অনেক প্রতিনিধিকেও দেখি বিদেশি কূটনীতিকদের সঙ্গে দহরম-মহরম করতে। যে আমলেই হোক না কেন, এটা দেশের জন্য গৌরবজনক নয়। যেকোনো সমস্যা নিয়ে সরকার ও বিরোধী দল কথা বলতে পারে। সে ক্ষেত্রে বিদেশিদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোও বন্ধ হবে।

প্রশ্ন :

আপনাকে ধন্যবাদ।

আবদুল মান্নান: আপনাদেরও ধন্যবাদ।