শিরোনামটি বাংলায় এভাবে পড়লে মনে হতে পারে যে খুব চমৎকার কোনো একটি বিষয়ের অবতারণা হতে যাচ্ছে। কিন্তু এটি যদি অনুবাদ করে ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ লেখা হয়, তাহলে বোদ্ধা পাঠকমাত্রই একটা বিদ্রূপের গন্ধ পেয়ে যাবেন। তিনি নিশ্চিত হবেন যে এখানে ঝলমলে আলোর চেয়ে তার নিচের গভীর অন্ধকারটাই আসলে বেশি প্রাধান্য পাবে।
মূলত দুজন লেখকের কারণে এই ইংরেজি শব্দবন্ধের মূল শাব্দিক অর্থটি এখন সবার কাছে অপ্রাসঙ্গিক। তাঁদের একজন হচ্ছেন জগদ্বিখ্যাত শেক্সপিয়ার, অন্যজন অ্যালডাস হাক্সলি। শেক্সপিয়ারের টেমপেস্ট নাটকের দ্বীপান্তরিত নায়িকা মিরান্ডা, যে আশৈশব তার বৃদ্ধ বাবা ও ‘বদখত’ ক্যালিবান ছাড়া অন্য কোনো মানুষকে দেখেনি। হঠাৎ সুন্দর পোশাক পরা সুপুরুষ রাজন্যদের দেখতে পেয়ে ভেবে বসল যে সে আলোঝলমলে নতুন কোনো পৃথিবী দেখতে পাচ্ছে।
‘কী আশ্চর্য!/ কত চমৎকার জীব এরা!/ কী সুন্দর এই মানবজাতি! কী ঝলমলে নয়া দুনিয়া/ যেখানে এদের বসবাস।’ অথচ মিরান্ডা জানে না, এই কুচক্রীরাই ষড়যন্ত্রের মাধ্যমে তার বাবাকে সিংহাসনচ্যুত করে নির্বাসনে পাঠিয়েছিল; সে বুঝতেই পারে না, যে নয়া দুনিয়ার ঝলমলে আলোয় তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, সেটা আদতে এক অন্ধকার পঙ্কিল জগৎ।
গুগল, ফেসবুক বা ইউটিউবের মতো বড় করপোরেশনগুলো যে আমাদের ক্ষতি করতে চায়, তা নয়। তারা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করার জন্য কেবল আমাদের মনোযোগটা চায়। এ জন্য তারা আমাদের দুর্বলতাগুলো কাজে লাগায়
মিরান্ডার কণ্ঠে উচ্চারিত হওয়ার পর ব্রেভ নিউ ওয়ার্ল্ড শব্দবন্ধটির সঙ্গে একটা বিদ্রূপাত্মক কটাক্ষ যুক্ত হয়ে যায়। এ কারণেই বিংশ শতাব্দীতে এসে হাক্সলি যখন তাঁর উপন্যাসে ভবিষ্যতের এক ভয়ংকর সুন্দর চিত্র আঁকলেন, তখন সেটার নাম হিসেবে তাঁর কাছে এই শব্দবন্ধটিকেই যথার্থ মনে হলো। শুধু তিনি নন, তাঁর বেশির ভাগ পাঠকও এখন মনে করেন, নিকট ভবিষ্যতে যে পৃথিবীতে আমরা প্রবেশ করতে যাচ্ছি, তা মিরান্ডার সেই ব্রেভ নিউ ওয়ার্ল্ড ছাড়া আর কিছু নয়।
এখন দেখা যাক, হাক্সলির এই ‘ঝলমলে নয়া দুনিয়া’টা কেমন? প্রথম ঝলকে অনেকের কাছেই খুব আকর্ষণীয় মনে হবে জায়গাটাকে। সেখানে সবাই নিয়মাবদ্ধ, সবাই সুখী, সেখানে কোথাও কোনো অসন্তোষ নেই, অপ্রাপ্তি নেই, অভাব নেই, দুঃখ নেই, সংঘাত নেই, বিদ্রোহ নেই, হানাহানি নেই, যেকোনো নারীর সঙ্গে যেকোনো পুরুষের মিলনে কোনো বাধা নেই—যেন মর্ত্যে নেমে আসা এক স্বর্গরাজ্য। তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা হলো, এই সুখ-শান্তি আপনা–আপনি আসবে না।
আপনি যদি ‘সোমা’ নামের কোনো ড্রাগ নেন, কেবল তাহলেই আপনি কৃত্রিমভাবে তা উপভোগ করতে পারবেন। আপনার স্বাধীন সত্তা ও স্বাধীন চিন্তাকে কেড়ে নেওয়া হবে। তাতে আপনি অবশ্য ক্রুদ্ধ বা অপমানিত হবেন না। কারণ, ওই ড্রাগ নিয়ে নিলে আপনি অতি আনন্দের সঙ্গে আপনার পরাধীনতাকে উপভোগ করতে থাকবেন। কিছু ক্ষমতাবান মানুষ পরিচালিত একটি বিশাল সংগঠনের একটি ছোট্ট যান্ত্রিক অংশ হয়ে আপনি যে খেলার পুতুলে পরিণত হয়েছেন, সেই বিষয়টা আপনি খুব খুশিমনে মেনে নেবেন।
এই পরিবর্তন হবে কবে? বইটা লেখার বহুদিন পর হাক্সলি নিজে যা বলেছেন, তা হলো, ‘১৯৩১ সালে যখন “ঝলমলে নয়া দুনিয়া” লেখা হচ্ছিল, আমি ভেবেছিলাম এখনো হাতে প্রচুর সময় আছে। পুরোপুরি সংঘবদ্ধ সমাজ, বৈজ্ঞানিক জাতপ্রথা, সুশৃঙ্খল পদ্ধতিতে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে তার স্বাধীন ইচ্ছার অবলোপন করা, ড্রাগাসক্ত সুখী মানুষকে পরাধীনতা উপভোগ করতে প্ররোচিত করা, ইত্যাদি সবকিছুই হবে, তবে এত দ্রুত নয়।’
কারণ, হাক্সলির নয়া দুনিয়ার ঝলমলে আলো এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ইতিহাসবিদ হারারি বা প্রযুক্তিবিদ ট্রিস্টান হ্যারিসের মতো মানুষেরা এখন তা দিব্যচোখে দেখতে পাচ্ছেন। যেমন যে দুই শ কোটি মানুষ এখন ইউটিউব ব্যবহার করে তাদের রুচি, মানসিকতা, খাদ্যাভ্যাস, সামাজিকতা, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, ইত্যাদি মাত্র কয়েক শ নেট ইঞ্জিনিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তার (কৃবু) সাহায্যে তাঁদের অফিস থেকেই নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন।
অর্থাৎ ঝলমলে নয়া দুনিয়ার অধিবাসীদের মতো এই দুই শ কোটি মানুষের স্বাধীন ইচ্ছাও ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে। তাঁরা যে শুধু পরাধীন হচ্ছেন তা নয়, অত্যন্ত আনন্দের সঙ্গে সেই পরাধীনতাকে আলিঙ্গন করছেন। ফলে এই পরাধীনতার শৃঙ্খল ভাঙার কোনো প্রতিবাদ তো কোথাও নেই-ই, কেউ কোনো প্রশ্নও করেন না। হাক্সলির ‘দুনিয়া’য় যেমন ‘সোমা’ খেয়ে মানুষ সব দুঃখ ভুলে কৃত্রিম আনন্দে গা ভাসায়, এখনকার লোকেরা তেমন তথ্যসাগরে অবগাহন করে এমন নেশাতুর হয়ে উঠেছে যে মিথ্যা থেকে সত্য বা মন্দ থেকে ভালো তথ্য-উপাত্তকে আর আলাদা করে চিনতে পারে না।
গুগল, ফেসবুক বা ইউটিউবের মতো বড় করপোরেশনগুলো যে আমাদের ক্ষতি করতে চায়, তা নয়। তারা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করার জন্য কেবল আমাদের মনোযোগটা চায়। এ জন্য তারা আমাদের দুর্বলতাগুলো কাজে লাগায়। কৃবু জানে, মানুষকে প্ররোচিত করা খুব সহজ। যেমন তাকে বিনে পয়সায় কিছু দিলে সে আলকাতরাও খাবে। এ জন্য তারা বিনে পয়সায় রাশি রাশি খাদ্যাখাদ্য তথ্য-উপাত্ত পরিবেশন করে।
আমাদের আরেকটা দুর্বলতা হচ্ছে, আমরা কেবলই একটু পরপর আমাদের মনোযোগ হারাতে চাই। কৃবু এই ইচ্ছাকেও কাজে লাগায়। মনোযোগ দেওয়ার মতো অসংখ্য বিষয় পেয়ে যদি আপনি বারবার মনোযোগ হারানোর সুযোগ পান, তো আপনি মহানন্দে আপনার মুঠোফোনে চোখ আটকে বসে থাকবেন। তবে নিজে মনোযোগ হারাতে পছন্দ করলেও আপনি আবার অন্যের মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকেন। এতে ফেসবুকের ব্যবসা বাড়ে। অন্যের লাইক–কমেন্ট দেখার সময় সে আপনার মনোযোগ তো পায়ই, আবার আপনি যাঁদের ফেসবুকে টেনে আনেন, তাঁদের মনোযোগও সে ফাউ পেয়ে যায়।
আমাদের আরেকটা দুর্বলতা হচ্ছে, আমরা সুখে থাকতে চাই। এ কারণে ঝলমলে নয়া দুনিয়া আমাকে তার দাস বানালেও সে আমাকে একধরনের কৃত্রিম সুখের প্রলোভন দেখায় এবং এখানেই আমার সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যায়।
একসময় দাস ছিলেন এমন একজন ফ্রেডরিখ ডগলাস বলেছেন, দাসত্বকেও মেনে নেওয়া যায়, তবে সুখী দাসত্ব, নৈবচ নৈবচ। একজন দাস যদি দাসত্বে সুখ অনুভব করা শুরু করেন, তো বুঝতে হবে তিনি তাঁর মানবিক গুণাবলি হারাচ্ছেন।
সৈয়দ মো. গোলাম ফারুক মাউশি ও নায়েমের সাবেক মহাপরিচালক