বাংলার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের জীবনকে শুধু রাজনীতির ভাষায় ব্যাখ্যা করা যায় না। তাঁরা দল, মতবাদ কিংবা ক্ষমতার গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর এক মানবিক উপস্থিতিতে পরিণত হন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন তেমনই এক বিরল মানুষ।
তিনি ছিলেন রাজনীতিক, আবার রাজনীতিরও অতীত; তিনি ছিলেন ধর্মীয় নেতা, কিন্তু কেবল ধর্মের গণ্ডিতে আবদ্ধ নন; তিনি ছিলেন জননেতা, অথচ ক্ষমতার মানুষ নন। তাঁর জীবন যেন বাংলার নদীর মতো; কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো ভাঙন তোলা, কখনো নতুন ভূখণ্ডের জন্ম দেওয়া।
এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই মানুষটি একসময় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলনের অন্যতম নির্মাতা হয়ে ওঠেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তাঁর গড়ে দেওয়া রাজনৈতিক শক্তি ক্ষমতার কেন্দ্রের দিকে এগিয়ে গেলেও তিনি নিজে কখনো ক্ষমতার মোহে আবদ্ধ হননি। তিনি যেন সব সময় প্রাসাদের বাইরে দাঁড়ানো এক মানুষ, যাঁর চোখ ছিল মানুষের দিকে; সিংহাসনের দিকে নয়।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনযাত্রা ছিল অসাধারণভাবে সাধারণ। রাজনীতির আকাশে তিনি ছিলেন এক বিশাল নক্ষত্র, কিন্তু ব্যক্তিগত জীবনে একেবারেই অনাড়ম্বর। লুঙ্গি-পাঞ্জাবিই ছিল তাঁর পরিচয়, গ্রামবাংলার সাধারণ মানুষের পোশাক। তিনি প্রাসাদে নয়, কুটিরে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। নিজের হাতে টিউবওয়েলের পানি তুলতেন, নিজের খাবার নিজেই রান্না করতেন। রাজনীতিকে তিনি কখনো সম্পদ অর্জনের পথ বানাননি। তাঁর সমসাময়িক অনেক নেতা ক্ষমতার কাছাকাছি গিয়ে ধনসম্পদ ও প্রভাবের জাল বুনেছেন, কিন্তু ভাসানী রয়ে গেছেন মাটির কাছাকাছি।
এই মাটির সঙ্গেই ছিল মওলানা ভাসানীর আত্মিক সম্পর্ক। তিনি কৃষকের কথা বলতেন। কারণ, কৃষকের জীবন তিনি জানতেন। তিনি মেহনতি মানুষের অধিকারের কথা বলতেন। কারণ, তাঁদের কষ্ট তিনি নিজের চোখে দেখেছেন। শহরের সভা-সমিতির চেয়ে গ্রামের হাট কিংবা নদীভাঙা মানুষের কান্না তাঁর কাছে ছিল বেশি বাস্তব।
ভাসানী বুঝতেন, শোষণের রূপ বদলালেও শোষণ অনেক সময় থেকে যায়। জমিদার চলে যায়, কিন্তু নতুন কোনো শক্তি এসে সেই জায়গা দখল করে। তাই তাঁর রাজনীতির কেন্দ্রে ছিল কৃষক, শ্রমিক ও বঞ্চিত মানুষ। স্বাধীনতা তাঁর কাছে শুধু পতাকা বা রাষ্ট্রের নাম বদলের প্রশ্ন ছিল না; স্বাধীনতা মানে ছিল শোষণমুক্ত মানুষের জীবন।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের আরেকটি বিস্ময়কর দিক ছিল ভাঙার সাহস। তিনি সংগঠন গড়েছেন, আবার প্রয়োজনে সংগঠন ছেড়েও বেরিয়ে এসেছেন। তিনি দল প্রতিষ্ঠা করেছেন, আবার সেই দলের সীমাবদ্ধতারও সমালোচনা করেছেন। কোনো প্রতিষ্ঠান বা রাজনৈতিক কাঠামোকে তিনি চূড়ান্ত সত্য হিসেবে মানতে রাজি ছিলেন না। মানুষের স্বার্থ তাঁর কাছে দলের স্বার্থের চেয়ে বড় ছিল।
এ কারণেই মওলানা ভাসানীকে নিয়ে বিতর্কও কম হয়নি। কেউ তাঁকে বলেছেন মজলুম জননেতা, কেউ লাল মওলানা, কেউ আবার কমিউনিস্ট। অসংখ্য মানুষ তাঁকে পীর বলে মানতেন। আবার শাসকেরা অনেক সময় তাঁকে ভয় পেয়েছেন বিদ্রোহের প্রতীক হিসেবে। একেকজন মানুষ একেক ভাসানীকে দেখেছেন। কিন্তু কোনো একক পরিচয় তাঁকে পুরোপুরি ধারণ করতে পারেনি।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন যেন একসঙ্গে দরবেশ ও বিদ্রোহী। ধর্মের ভাষায় কথা বলতেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কখনো ভয় পেতেন না। গরিব মানুষের কথা বলতেন, কিন্তু তাঁদের আবেগকে রাজনৈতিক সিঁড়ি হিসেবে ব্যবহার করতেন না। বিপ্লবের স্বপ্ন দেখতেন, কিন্তু অন্ধ হিংস্রতার পক্ষে ছিলেন না।
পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভাসানীর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তাঁর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। তিনি কেবল বাংলার নেতা ছিলেন না; বিশ্বের পরিবর্তনশীল রাজনীতির সঙ্গেও গভীরভাবে যুক্ত ছিলেন। মাও সে-তুং, ফিদেল কাস্ত্রো, গামাল আবদেল নাসের, জওহরলাল নেহরুসহ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে তাঁর পরিচয় ও যোগাযোগ ছিল। কিন্তু পৃথিবীর বড় বড় নেতার সঙ্গে ওঠাবসা করেও তিনি বাংলার সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে রয়ে গেছেন।
হয়তো এ কারণেই ভাসানীর মধ্যে রহস্যময়তা ছিল। তিনি ক্ষমতা চাইতেন না, অথচ ক্ষমতাবানেরা তাঁকে ভয় করতেন। তিনি নির্বাচনের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতেন, কিন্তু মানুষের শক্তির ওপর আস্থা হারাতেন না। তিনি বিপ্লবের প্রতি সহানুভূতিশীল ছিলেন, আবার সশস্ত্র রাজনীতির ব্যাপারেও সতর্ক ছিলেন। তাঁর ব্যক্তিত্বের এই জটিলতা তাঁকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
আসলে ভাসানীর মধ্যে এমন কিছু ছিল, যা রাজনীতির হিসাবের বাইরে। তিনি মানুষের কল্পনায় জায়গা করে নিয়েছিলেন। তাঁর পোশাক, তাঁর ভাষা, তাঁর জীবনযাপন এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান তাঁকে এক কিংবদন্তিতে পরিণত করেছিল।
যাঁরা স্থিতাবস্থায় বিশ্বাস করেন, নির্বিঘ্নে ও নির্ঝঞ্ঝাটে ক্ষমতার চর্চা করতে চান, তাঁদের না-পছন্দ। মওলানাকে তাঁরা মনে করেন একটা ঝামেলা, ‘গোলমালের কারিগর’। আসলে তিনি কী? তাঁকে নিয়ে শেষ কথা বলা সহজ নয়। তাঁকে জড়িয়ে আছে অদ্ভুত এক রহস্যময়তা। বাংলার কবি ও সাহিত্যিকেরা তাই তাঁকে শুধু রাজনৈতিক নেতা হিসেবে দেখেননি। তাঁরা তাঁর মধ্যে খুঁজে পেয়েছেন এক প্রতীক। কবি আল মাহমুদ তাঁর মাথাকে তুলনা করেছিলেন হারিয়ে যাওয়া এক পর্বতের স্মৃতির সঙ্গে। কবি লিখলেন:
মওলানার টুপিওয়ালা উঁচু মাথাটি যেন
এক হারিয়ে যাওয়া পর্বতের স্মৃতি।
আমি এই পর্বতের পাশে মাঝে মধ্যে যেতাম
স্নিগ্ধ, যেন নিজের মধ্যে সমাহিত এক বাতাসের ফুৎকার।/
বলতেন, কবিতা দিয়ে কী হবে? আগে চাই স্বাধীনতা,
তারপর ভাত-কাপড়।
আসলে ভাসানীর মধ্যে এমন কিছু ছিল, যা রাজনীতির হিসাবের বাইরে। তিনি মানুষের কল্পনায় জায়গা করে নিয়েছিলেন। তাঁর পোশাক, তাঁর ভাষা, তাঁর জীবনযাপন এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান তাঁকে এক কিংবদন্তিতে পরিণত করেছিল।
মওলানা ভাসানী ব্রিটিশ সাম্রাজ্যের উদ্ধত অহংকারের সামনে প্রশ্ন তুলেছিলেন। পাকিস্তানি আধিপত্যের অন্ধ প্রাচীরে আঘাত করেছিলেন। সামরিক শাসনের ইস্পাত-দরজায় নির্ভীক হাতে কড়া নেড়েছিলেন। মুক্তিযুদ্ধের অগ্নিদিনে তাঁর কণ্ঠস্বর হয়ে উঠেছিল নৈতিকতার এক দীপশিখা, যা অন্ধকারের ভেতরও মানুষকে পথ চিনিয়েছিল। অথচ স্বাধীনতার সূর্য ওঠার পরও তিনি থামেননি। নতুন রাষ্ট্রের পতাকা যখন বাতাসে উড়ছিল, তখনো তিনি দেখেছিলেন মানুষের খালি থালা, কৃষকের শুকনা মুখ, অভাবের কালো ছায়া। স্বাধীনতার আনন্দের ভেতরও তিনি শুনেছিলেন অপূর্ণ প্রতিশ্রুতির আর্তনাদ। তাই তিনি আবার প্রশ্ন করেছিলেন, আবার অস্বস্তি ছড়িয়ে দিয়েছিলেন ক্ষমতার নিশ্চিন্ত ঘুমে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবন ছিল নদীর মতো। কোথাও শান্ত, কোথাও ভাঙনকবলিত; কোথাও স্বচ্ছ, কোথাও ঘোলা। সেখানে ছিল ভুল, ছিল দ্বিধা, ছিল বিতর্ক, ছিল অনিশ্চয়তার কুয়াশা। কিন্তু ইতিহাস মানুষের বিচার করে না শুধু তার নির্ভুলতার মাপকাঠিতে। ইতিহাস শেষ পর্যন্ত খোঁজে, একজন মানুষ কার পাশে দাঁড়িয়েছিল।
মওলানা ভাসানী ক্ষমতার মালিক নন, ক্ষমতার সামনে দাঁড়ানো প্রশ্ন। ক্ষমতা কার জন্য? প্রাসাদের জন্য, নাকি কুঁড়েঘরের জন্য? শাসকের জন্য, নাকি মানুষের জন্য? যত দিন এই প্রশ্ন পৃথিবীর বুক থেকে মুছে না যাবে, যত দিন কোনো ক্ষুধার্ত শিশু আকাশের দিকে তাকিয়ে থাকবে, যত দিন কোনো কৃষক ফসলের মাঠে ঘাম ঝরাবে অথচ ন্যায্য অধিকার পাবে না, তত দিন মাওলানা ভাসানীর ছায়াও বাংলার ভেতর দিয়ে হেঁটে বেড়াবে।
আজও শীতের কুয়াশায় ঢাকা কোনো ভোরে, ব্রহ্মপুত্রের ভাঙনপাড়ে কিংবা ধানের খেতের মৃদু বাতাসে তাঁর উপস্থিতি অনুভব করা যায়। মনে হয়, সাদা পাঞ্জাবি পরা এক দীর্ঘকায় মানুষ ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন দিগন্তের দিকে। তিনি যেন আজও একই প্রশ্ন রেখে যাচ্ছেন বাংলার কাছে।
মহিউদ্দিন আহমদ লেখক ও গবেষক
মতামত লেখকের নিজস্ব
