হলোকস্টকে অন্য গণহত্যার সঙ্গে তুলনা করা যাবে না?

মাশা জেসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা কেন তুলনা করি? তুলনা করি কারণ, আমরা শিখতে চাই। পৃথিবীটাকে বুঝতে শিখি তুলনা দিয়ে। পৃথিবীতে অনেক রং আছে, এর ভেতরে প্রতিটিই স্বতন্ত্র। প্রতিটি বস্তু, এমনকি প্রতিটি অনুভূতিও স্বতন্ত্র হতে পরে। সে জন্য আমাদের স্মৃতিতে-অভিজ্ঞতায় থাকা একটি অনুভূতির সঙ্গে অন্যটিকে তুলনা করতে হয়।

তুলনার মধ্য দিয়ে আমরা পৃথিবীকে বুঝতে শিখি। তারপরও এই আমরাই নিয়ম করে দিই, সব জিনিস নিয়ে তুলনা চলে না। পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে জার্মানি ‘হলোকস্ট’ বুঝতে প্রচুর সময়, উদ্যোগ, অর্থ, সৃজনশীল ও রাজনৈতিক শক্তি বিনিয়োগ করেছে। ফলে আমরা ভাষা, কল্পনা ও পরিসংখ্যান পেয়েছি, যা দিয়ে হলোকস্টকে বোঝা যায়। আমরা একে অন্যের জন্য হলোকস্টের সঙ্গে যায়, এমন রূপক, উপমা, ছবি ও স্মৃতি বিনিময় করেছি।

কিন্তু তারপরও একটা নিয়ম আছে, এই নিয়ম শুধু জার্মানিতে জারি আছে তা নয়, এই নিয়ম সর্বজনীন। নিয়মটা হলো হলোকস্টকে কখনো অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না।

আরও পড়ুন

এখানে একটা কূটাভাস আছে: আমরা হলোকস্টকে বিস্তৃতভাবে কল্পনা করতে পারি; কিন্তু শর্ত হলো, আমাদের ধরে নিতে হবে যে হলোকস্টের অভিজ্ঞতা অকল্পনীয়। এই অভিজ্ঞতা এমন, যা অব্যাখ্যাত। কিন্তু এখন যা ঘটছে বা ঘটবে, তা হতেই পারে, কল্পনাতীত নয়। আমরা এসব দেখতে পাই বা পাব।

হলোকস্টের সঙ্গে দূরতম সম্পর্কও আছে, এ রকম উক্তি, প্রবাদ, প্রবচনও উচ্চারণ করা নিষেধ। কেননা, তাতে মনে করা হয়, হলোকস্টকে ‘নাকচ’ করা হলো। এই শব্দগুলো এমন ধারণা প্রতিষ্ঠিত করে যে হলোকস্টের কোনো তুলনা চলে না, এর সঙ্গে কেবল একটি উক্তিই যায়, তা হলো ‘নেভার অ্যাগেইন’ (আর কখনো নয়)।

আমি এই উক্তি নিয়ে অনেক ভেবেছি। কারণ, এর বিপরীতে আছে ‘নেভার অ্যাগেইন ইজ নাউ’ (আর কখনো নয় মানে, এখন)। এই বাক্যের ব্যাপক কোনো অর্থ জার্মান বা ইংরেজিতে নেই। তবে আমার কাছে এই উক্তি জাদুমন্ত্রের মতো লাগে। ‘নেভার অ্যাগেইন’ একটা রাজনৈতিক প্রকল্প। ভবিষ্যতে ঘটতে পারে, এমন কিছুর ইঙ্গিত দেয় বাক্যটি আর এখন যা ঘটছে, তাকে প্রত্যাখ্যান করে। সে কারণেই বিপরীতে চলা বাক্যটি আমাকে এতটা স্পর্শ করে।

আরও পড়ুন

রাজনৈতিক প্রকল্পের কেন্দ্রে থাকে এই দুনিয়ায় মানবজাতির মধ্যে যা কিছু ঘটছে, সেই সব। হান্নাহ আরেন্ত তাঁর সমগ্র জীবন কাটিয়ে দিয়েছেন রাজনীতি আসলে কী, তা অনুধাবন করতে। তাঁর কাছে রাজনীতি এমন একটি পরিসর, যেখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করি কীভাবে এই পৃথিবীতে একসঙ্গে বসবাস করা যায়। যেখানে আলোচনা-সমালোচনার, চিন্তাভাবনার, নিত্যনতুন সম্ভাবনার সুযোগ আছে। হলোকস্টের পর এই পরিসরের অর্থ দাঁড়িয়েছে এমন একটা পৃথিবীতে একসঙ্গে বসবাস করার উপায় খোঁজা, যেখানে হলোকস্টের পুনরাবৃত্তি ঘটবে না।

হলোকস্টের পুনরাবৃত্তি যেন না হয়, এই উদ্দেশ্য সামনে রেখে আমরা একটা কাঠামো গড়ে তুলেছি। আমরা একটা আন্তর্জাতিক মানবিক আইন পেয়েছি, যে আইনের উদ্দেশ্য বেসামরিক মানুষকে সুরক্ষা দেওয়া। আমি বিগত দুই বছর ইউক্রেনে যুদ্ধ এবং বিশেষত ইউক্রেনে রাশিয়া যে গণহত্যা করেছে, তার ওপর লেখালেখি করেছি। আমি দেখেছি, আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ কীভাবে হলোকস্টের প্রসঙ্গকে টেনে এনেছেন। আমরা তাঁদের ক্রমাগত শব্দের অর্থ খুঁজতে দেখেছি।

আরও পড়ুন

‘গণহত্যা’ কাকে বলে? বাস্তুচ্যুত মানুষকে বলপূর্বক রাশিয়ায় পাঠানো কি গণহত্যা? গণহত্যার পর্যায়ভুক্ত হতে হলে ভুক্তভোগীকে কি অনুধাবন করতে হবে, এই গণখুনই গণহত্যা? গণহত্যার পেছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য থাকে? সেই উদ্দেশ্য কি কাউকে প্রকাশ করতে হয়? আমরা এই বিষয়গুলো চিন্তাও করতে পারব না, যদি না আমরা অন্যান্য গণহত্যাকে যে গণহত্যার প্রেক্ষাপটে এই আইনগুলো প্রণীত হয়েছিল, সেই হলোকস্টের সঙ্গে তুলনা করে দেখি।

● মাশা জেসেন শিক্ষক ও সাংবাদিক

জার্মান সংবাদপত্র জাইটের অনলাইন সংস্করণ থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিতভাবে অনূদিত