পয়লা বৈশাখ ছাড়া ডিসি হিলে আর কোনো উৎসব কেন হয় না

ঈদের আমেজের সঙ্গে মিলিয়ে নববর্ষের উৎসব যেন এবার আগের যেকোনো বারের চেয়ে বেশি রঙিন হয়ে উঠবে চট্টগ্রামফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের ব্যবধানে দুটি উৎসব। দুটিই প্রধান—এমন কাকতলীয় সম্মিলন সাধারণত ঘটে না। ঈদের আমেজ শেষ না হতেই বাংলা নববর্ষ এল আমাদের জাতীয় জীবনে। সে কারণে দীর্ঘ ছুটির আমেজের ভেতর অন্যরকম এক আনন্দের হিল্লোল যেন বয়ে যাচ্ছে চারপাশে।

চট্টগ্রামের নগরজীবনে পয়লা বৈশাখ কয়েক বছর ধরে পরিপূর্ণরূপে আসতে পারেনি। ২০২০ ও ২০২১ সালের করোনা মহামারিকালে নববর্ষ এসেছিল নির্জনে অচেনা অতিথির মতো। মানুষ তখন ছিলেন গৃহবন্দী। ঘরে ঘরে বিলাপ, শোক ও আতঙ্ক।

হাসপাতালে হাসপাতালে মৃত্যুর হাহাকার। এ রকম একটা ভয়াবহ সময়ে যেখানে মানুষের কাছাকাছি মানুষ আসতে পারত না, সেখানে পয়লা বৈশাখের মেলা হবে, সেটি কল্পনাও করা যেত না। ২০২০ সালের পর দু–একবার পয়লা বৈশাখ এসেছে পবিত্র রমজান মাসে। সে কারণে পয়লা বৈশাখ উদ্‌যাপিত হয়েছে সংক্ষিপ্ত ও স্বল্প পরিসরে।

চার বছর পর পয়লা বৈশাখ আসছে পরিপূর্ণ চেহারায়। ফিরে পাচ্ছে তার আগের জৌলুশ। ঈদের আমেজের সঙ্গে মিলিয়ে নববর্ষের উৎসব যেন এবার আগের যেকোনো বারের চেয়ে বেশি রঙিন হয়ে উঠবে চট্টগ্রাম। চট্টগ্রামের মানুষের প্রত্যাশা, চট্টগ্রামের ডিসি হিল, সিআরবি, শিল্পকলা একাডেমি, পতেঙ্গা ও চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে মানুষের প্রাণের উচ্ছ্বাসে জমে উঠবে বৈশাখী মেলা।

শুধু চট্টগ্রাম নয়, পয়লা বৈশাখ ও চৈত্রসংক্রান্তির সময়ে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে বিভিন্ন জাতিগোষ্ঠীর মনমাতানো উৎসব বৈসাবি—বৈসু, বিজু ও সাংগ্রাইকে ঘিরে।
 
পয়লা বৈশাখে চট্টগ্রাম নগরে প্রধান উৎসব হয় ডিসি পাহাড়ের পাদদেশে। নন্দনকাননে অবস্থিত ডিসি পাহাড়টি চট্টগ্রাম নগরবাসীর একটি মিলনকেন্দ্র। উদ্ভিদবৈচিত্র্যে ভরা এ জায়গাটিতে ১৯৭৮ সাল থেকে সম্মিলিতভাবে পয়লা বৈশাখ উদ্‌যাপিত হয়ে আসছে। সত্তরের দশকে চট্টগ্রামে পহেলা বৈশাখের অনুষ্ঠান হতো ইস্পাহানি পাহাড়ের পাদদেশে।

১৯৭৮ সালে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে ডিসি হিলে প্রথম পয়লা বৈশাখ উদ্‌যাপনের ব্যবস্থা করা হয়। প্রথম দিকে প্রতিটি সংগঠন থেকে দুজন করে নিয়ে একটি স্কোয়াড গঠন করা হতো। সেই স্কোয়াডই সম্মিলিত সংগীত পরিবেশন করত।

ডিসি পাহাড় চট্টগ্রামের সম্পদ। এই সম্পদের সুরক্ষা প্রয়োজন। প্রতি বসন্তে এখানে শিমুল ও পলাশ ফুটুক। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কোটি কোটি টাকার দরকার নেই। শুধু দরকার সদিচ্ছার। অনেকে বলেন, নগরের মাঝখানে জেলা প্রশাসক চাইলেই ডিসি পাহাড়কে একটি মিনি বোটানিক্যাল পার্কে পরিণত করতে পারেন।

১৯৮০ সাল থেকে সংগঠনগুলো আলাদাভাবে গান পরিবেশন শুরু করে। পরে গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদ যুক্ত হওয়ার পর অনুষ্ঠানে নাটকও যুক্ত হয়েছ। ডিসি পাহাড়ের বর্ষবরণ অনুষ্ঠানের স্লোগান ‘পহেলা বৈশাখ বাঙালির, সবার যোগে জয়যুক্ত হোক’। স্লোগানের এসব কথা বাস্তবে পরিণত হতে দেখেছি আমরা। এই উৎসব চট্টগ্রামের ঐতিহ্যে পরিণত হয়েছে। নাচে–গানে জমজমাট থাকে পুরো এলাকা। বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে হাজার হাজার মানুষ সমবেত হয় ডিসি পাহাড়ে। ডিসি পাহাড় ঘিরে আশপাশের পুরো এলাকায় বসে মেলা।

শুধু পয়লা বৈশাখ নয়, ডিসি পাহাড়ে একসময় বছরের প্রতিটি মাসে নানা রকম অনুষ্ঠান হতো। ফেব্রুয়ারিতে বইমেলাসহ নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর থাকত এই প্রাঙ্গণ। এমন একটি প্রাণবন্ত প্রাঙ্গণ এখন নীরব–নির্জন থাকে সব সময়। পয়লা বৈশাখ ছাড়া আর কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড হতে দেখা যায় না।

জেলা প্রশাসন কয়েক বছর ধরে ডিসি পাহাড়ের কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের অনুমতি দিচ্ছে না। এই পাহাড়ের শীর্ষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বাসভবন। এই দুই শীর্ষ সরকারি কর্মকর্তার নিরাপত্তার কারণে ডিসি পাহাড়ের ব্যবহারও সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। এখানে সন্ধ্যার পর মানুষের হাঁটাচলা সীমিত করা হয়েছে। ডিসি পাহাড় চট্টগ্রামের মানুষের প্রিয় একটি জায়গা।

আরও পড়ুন

প্রতিদিন ভোরে ও বিকেলে হাজার হাজার মানুষ প্রাতর্ভ্রমণ ও বৈকালিক ভ্রমণে আসেন। শুধু সুস্বাস্থ্যপ্রত্যাশী মানুষেরা এখানে হাঁটতে আসেন, তা নয়। ডিসি পাহাড়ে প্রতিদিন শত শত মানুষ আসে বেড়াতে। এমন প্রাণের মেলা চট্টগ্রাম শহরের আর কোথাও তেমন হয় না। চট্টগ্রাম শহর থেকে দিন দিন সবুজ, খোলা মাঠ, পাহাড়, জলাশয় কমতে কমতে শূন্যের কোটায় নেমে আসছে। সত্যিকার অর্থে ডিসি পাহাড় ও সিআরবি ছাড়া মানুষের যাওয়ার তেমন কোনো জায়গা নগরের মাঝখানে নেই।

ডিসি পাহাড় জীব ও উদ্ভিদবৈচিত্রে ভরা ছিল একসময়। ছোটবেলায় এখানে শজারু দেখেছি, দেখেছি সাপ। দু–তিন বছর আগেও সারা রাত শিয়ালের ডাক শুনেছি। এখানে থাকত টিয়া পাখির ঝাঁক। বসন্তকাল এলে পলাশে শিমুলে রঙিন হয়ে উঠত পাহাড়টি। এপ্রিলের শেষের দিকে ফুটত কৃষ্ণচূড়া। নগরের কেন্দ্রে এমন প্রাকৃতিক শোভা দেখে মানুষের মন জুড়াত।

কিন্তু দুঃখের বিষয় সেই বৈচিত্র্য এখন দিন দিন কমছে। এবার বসন্তে পলাশ ফোটেনি। কয়েক দিন আগে ডিসি পাহাড়ে হাঁটতে গিয়ে একটি পলাশগাছ দেখেছি মাটিতে ধরাশায়ী হয়ে আছে। ঝড়ে গাছটি উপড়ে গেছে। প্রাণীদের মতো গাছও বুড়ো হয়; কিন্তু মানুষের উচিত নতুন গাছ লাগানো। ডিসি পাহাড়ের সৌন্দর্য মৌসুমি ফুলের গাছগুলো। এ সৌন্দর্য রক্ষা করা জরুরি।

আগে বলা হতো, সারা বছর অনুষ্ঠান হলে এখানকার উদ্ভিদশ্রেণি ও জীবদের রক্ষা করা কঠিন হবে। ডিসি পাহাড়ে পয়লা বৈশাখ ছাড়া কোনো অনুষ্ঠান হয় না। তারপরও কেন ডিসি পাহাড়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা যাচ্ছে না? এ প্রশ্ন সাধারণ মানুষের মনে প্রতিদিন উদিত হয়। এই পাহাড়ের ওপরে থাকেন দুই শীর্ষ সরকারি কর্মকর্তা। নিচটা দখল করে আছেন কয়েকজন নার্সারি ব্যবসায়ী। দিন দিন তাদের দখলদারত্ব এখানে বাড়ছে। ডিসি পাহাড়ের পুরো এলাকাতেই তাদের সবুজ পণ্যের পসরা।

এগুলোর মাঝখানে সংকীর্ণ ওয়াকওয়েগুলোতে (হাঁটার পথ) শুধু মানুষের অধিকার। ওয়াকওয়ের মাঝে মাঝে বসানো হয়েছে সিমেন্টের টুল। সেখানে তরুণ তরুণীরা এসে বসে। মাঝখানে নিচু জায়গায় যেখানে শতাব্দীপ্রাচীন শিরীষগাছের তলায় একটা মঞ্চ আর পাহাড়ের ঢালুতে সিঁড়ির মতো গ্যালারি আছে, সেখানে মানুষ আসে, বসে। বসতে বাধ্য হয়। কারণ, চট্টগ্রাম শহরে কোটি মানুষের জন্য অন্য কোনো পার্ক নেই। (সম্প্রতি অবশ্য জেলা প্রশাসন ডিসি পার্ক নামে একটি পার্ক করেছে নগরের প্রান্তে।)  

ডিসি পাহাড় চট্টগ্রামের সম্পদ। এই সম্পদের সুরক্ষা প্রয়োজন। প্রতি বসন্তে এখানে শিমুল ও পলাশ ফুটুক। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কোটি কোটি টাকার দরকার নেই। শুধু দরকার সদিচ্ছার। অনেকে বলেন, নগরের মাঝখানে জেলা প্রশাসক চাইলেই ডিসি পাহাড়কে একটি মিনি বোটানিক্যাল পার্কে পরিণত করতে পারেন।

যদি করেন, তবে এটা আমাদের পরিবেশের জন্য সত্যিই অনেক বড় সুসংবাদ হবে। একটি সম্পদ মহাসম্পদে পরিণত হবে। প্রতিবছর বৈশাখের মেলায় তখন প্রকৃতি নিজেই সাজিয়ে রাখবে আমাদের এই প্রিয় প্রাঙ্গণকে।

ওমর কায়সার প্রথম আলোর চট্টগ্রাম অফিসের বার্তা সম্পাদক ও কবি