যৌন কেলেঙ্কারির পরও কেন জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প এবং জেনসেন হুয়াংরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারির জেরে পদচ্যুত হওয়ার পর গত সোমবার নাটকীয়ভাবে এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে পুনর্বহাল হওয়া জেনসেন হুয়াং যেন ‘টু বিগ টু ফেইল’ প্রবাদটির এক নতুন সংজ্ঞা তৈরি করলেন।

সাম্প্রতিক দিনগুলোতে অ্যালিস হুয়াং নামক এক ব্যবসায়ীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে জাতীয় নিরাপত্তায় যে বিশাল ফাটল তৈরি হয়েছে, তা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, অ্যালিস একজন চীনা গুপ্তচর।

উন্নত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ উৎপাদনে এনভিডিয়ার একচ্ছত্র আধিপত্য রয়েছে, আর নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রধান গোয়েন্দা সংস্থা এ ধরনের চিপ সংগ্রহ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। টাইমস আরও জানতে পেরেছে যে অ্যালিস হুয়াং এমন একটি নেটওয়ার্কের অংশ ছিলেন, যা চীনের সামরিক বাহিনীর কাছে চিপ পাচার করত। জেনসেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সময়টিতে তিনি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ রাখতেন।

আরও পড়ুন

এসব তথ্য ইঙ্গিত দেয় যে এআই বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে পরিচিত অত্যাধুনিক চিপগুলোর ওপর মার্কিন বিধিনিষেধ এড়ানোর চীনা চক্রান্তে জেনসেন হুয়াং জেনেশুনে বা অজান্তেই কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। চীন এখনো নিজেরা এ ধরনের চিপ তৈরি করতে সক্ষম হয়নি। এই কেলেঙ্কারির স্বরূপ যখন স্পষ্ট হচ্ছিল, ঠিক তখনই আমেরিকানরা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন যে উন্নত এআই ব্যবস্থা ভুল হাতে পড়লে তাদের জীবনযাত্রা কীভাবে বিপর্যস্ত হতে পারে।

গত দুই সপ্তাহে উড়োজাহাজের চলাচল বন্ধ হয়েছে, ব্যাংকিং খাতে অচলাবস্থা দেখা দিয়েছে, বহু মানুষ ই–মেইল ব্যবহার করতে পারেননি এবং জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কও অচল হয়ে পড়েছিল।

ট্রাম্প এখন তাঁর প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়টুকু এবং ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎকে জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক সুতোয় বেঁধে ফেলেছেন। আগামী দুই বছর হয়তো আমাদের এটা জানতেই কেটে যাবে যে পাচার হওয়া এনভিডিয়া চিপ থেকে চীন কতটা লাভবান হয়েছে এবং জেনসেন হুয়াং সেই পাচারে সহায়তা করেছিলেন কি না।

ধারণা করা হচ্ছে, এআই এজেন্টগুলোর মাধ্যমে নিরাপত্তার দুর্বলতাগুলো সামনে চলে আসায় জরুরি ভিত্তিতে সেগুলো মেরামত করতে গিয়েই মূলত এই বিভ্রাট ঘটেছে। আমাদের জানামতে এগুলো সাইবার আক্রমণের ফল না হলেও, এটি স্পষ্ট করে দিয়েছে যে কোনো অশুভ শক্তি এআই ব্যবহার করে কত সহজেই আমাদের সমাজকে অস্থিতিশীল করে তুলতে পারে। জেনসেন হুয়াংয়ের চীনা সম্পৃক্ততা আমেরিকার জাতীয় নিরাপত্তায় কতটা প্রভাব ফেলেছে তা আমরা এখনো পুরোপুরি জানি না, তবে তিনি হয়তো দীর্ঘস্থায়ী ক্ষতি করে ফেলেছেন। কিন্তু এনভিডিয়া থেকে তাঁর অপসারণ এমন এক জায়গায় আঘাত করেছিল, যাকে ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার চেয়েও বেশি মূল্য দেন—আর তা হলো শেয়ারবাজার।

শুক্রবার এনভিডিয়ার শেয়ারের দরপতন ঘটে, যার সঙ্গে এআই শিল্পের সঙ্গে যুক্ত আরও অনেক কোম্পানির শেয়ারের দাম পড়ে যায়। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, একজন মধ্যবয়সী মানুষের ব্যক্তিগত স্খলন হয়তো আমেরিকার অর্থনীতিকে টিকিয়ে রাখা পুরো এআই বুদ্‌বুদটিকেই ফাটিয়ে দেবে।

আরও পড়ুন

হুয়াং যে কেবল তাঁর কয়েক ট্রিলিয়ন ডলারের কোম্পানির ভেতরে নিজেকে অপরিহার্য করে তুলেছেন তা নয়; বরং তিনি এনভিডিয়াকে এমন এক চক্রাকার অর্থায়ন চুক্তির কেন্দ্রে বসিয়েছেন, যা পুরো এআই শিল্পকে টিকিয়ে রেখেছে। ডেটা সেন্টার নির্মাতা কোম্পানিগুলোর জন্য এনভিডিয়া শত শত বিলিয়ন ডলারের ঋণের গ্যারান্টি দেয়, আর বিনিময়ে সেই কোম্পানিগুলো এনভিডিয়ার চিপ ব্যবহার করে।

টাইমসের প্রতিবেদন অনুসারে, এনভিডিয়ার ঋণের প্রতিশ্রুতি এবং অর্থায়নের পরিধি এতটাই বিশাল যে এটি কোনো ব্যাংক হলে তা হতো দেশের দশম বৃহত্তম ব্যাংক। ফলে হুয়াংকে জবাবদিহির আওতায় আনা যে কারও জন্যই অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছিল।

তাই ধনীদের কোনো কাজের পরিণতি ভোগ করার ঘোর বিরোধী ট্রাম্প এবার এক উদ্ধার অভিযানে নামলেন। টাইমসের মতে, হুয়াংয়ের পুনর্বহালে মধ্যস্থতা করতে তিনি জেডি ভ্যান্সকে পাঠান, যার মধ্যে এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে এই নিশ্চয়তা দেওয়াও অন্তর্ভুক্ত ছিল যে হুয়াং জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন। কোন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে তা জানার কোনো উপায় নেই। বরং সিএনবিসিতে দেওয়া ট্রাম্পের একটি মন্তব্যের সঙ্গে এটি কিছুটা সাংঘর্ষিক মনে হয়, যেখানে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে হুয়াং তাঁর চাকরি ফিরে না পেলে তিনি ‘আমাদের দেশের ওপর রাগ করে’ চীনে চলে যেতে পারেন।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং। তাইওয়ানের রাজধানী তাইপেতে, ৭ জুন ২০২৪
ফাইল ছবি: রয়টার্স

ট্রাম্প এখন তাঁর প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়টুকু এবং ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎকে জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক সুতোয় বেঁধে ফেলেছেন। আগামী দুই বছর হয়তো আমাদের এটা জানতেই কেটে যাবে যে পাচার হওয়া এনভিডিয়া চিপ থেকে চীন কতটা লাভবান হয়েছে এবং জেনসেন হুয়াং সেই পাচারে সহায়তা করেছিলেন কি না।

এই কেলেঙ্কারি যেদিকেই মোড় নিক না কেন, মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের প্রত্যাখ্যান সত্ত্বেও ট্রাম্প প্রমাণ করলেন যে তাঁর প্রশাসনের দায়মুক্তির সংস্কৃতি এবং প্রযুক্তিজগতের ধনকুবেরদের সঙ্গে তাঁর মৈত্রী এখনো অটুট। (হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার এবং তাঁর বলরুম নির্মাণে অন্তত দুই কোটি ডলার অনুদান দিয়েছিল; প্রধান নির্বাহী নিশ্চিতভাবেই তাঁর অর্থের পুরো উশুল পেয়েছেন।) তবে ৩ নভেম্বরের পর একটি বিষয়ে পরিবর্তন এসেছে, আর তা হলো রিপাবলিকানদের সবকিছু দেখেও না দেখার ভান করার প্রবণতা।

আরও পড়ুন

সবশেষে, রিপাবলিকান দলের মূল সমর্থকদের বড় একটি অংশ চীনের ব্যাপারে কঠোর অবস্থানে বিশ্বাসী এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলোর (বিগ টেক) প্রতি সন্দিহান। অথচ ট্রাম্প এখন প্রকারান্তরে ঘোষণা দিয়েছেন যে চীনা গুপ্তচরবৃত্তির চেয়ে প্রযুক্তি খাতের শেয়ারের দাম বেশি গুরুত্বপূর্ণ। ফলে যেসব রিপাবলিকান নেতা তাঁদের অজনপ্রিয় ও ক্ষমতার শেষ প্রান্তে থাকা প্রেসিডেন্টের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চাইছেন, এনভিডিয়া কেলেঙ্কারি তাঁদের জন্য একটি সুযোগ এনে দিয়েছে।

ফ্লোরিডার সিনেটর রিক স্কট সাংবাদিকদের বলেছেন, ‘আপাতদৃষ্টিতে এটি ভয়াবহ দেখাচ্ছে।’ নর্থ ডাকোটার রিপাবলিকান সিনেটর কেভিন ক্রেমার এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, এনভিডিয়ার বোর্ড এমন একজনকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়ার ঝুঁকি নিয়েছে ‘যিনি গুপ্তচরবৃত্তি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশে দোষী সাব্যস্ত হতে পারেন,’ আর এর ফলে ‘জাতীয় নিরাপত্তার ঝুঁকিটি মার্কিন সামরিক বাহিনী এবং দেশের নাগরিকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো।’

তবে নির্দিষ্ট এক শ্রেণির নাগরিকের কাছে এই ঝুঁকি নেওয়াটা লাভের চেয়ে কম কিছু নয়। হুয়াং ফিরে আসার পর এনভিডিয়ার শেয়ারের দাম ৩৩ শতাংশ বেড়ে গেছে। ট্রাম্প নিজেও সম্ভবত ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন; গত বছরের শেষ নাগাদ তাঁর কাছে ১ কোটি ২০ লাখ ডলার মূল্যের এনভিডিয়ার শেয়ার ছিল।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক একসময় যে বিনিয়োগ ব্যাংকিং কোম্পানিটি চালাতেন এবং বর্তমানে তাঁর ছেলেরা পরিচালনা করছেন, সেই ‘ক্যান্টর ফিটজেরাল্ড’ সোমবার এনভিডিয়া নিয়ে একটি গবেষণা নোট প্রকাশ করেছে। যার শিরোনাম ছিল, ‘পৃথিবীতে আবার সবকিছু ঠিক হয়ে গেছে (এবং এটি একটি অত্যন্ত আনন্দের দিন)।’ যাদের সঠিক জায়গায় বিনিয়োগ ছিল, তাদের জন্য দিনটি নিঃসন্দেহে আনন্দেরই ছিল।

  • মিশেল গোল্ডবার্গ নিউইয়র্ক টাইমসের কলামিস্ট। নিউইউর্ক টাইমস থেকে সংক্ষেপে অনূদিত।