সম্পাদনায় লেখকের ভাষা ও শব্দ কতটা পাল্টানো যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোয়াল্ড ডালের বই হাতে কুইন কনসর্ট ক্যামিলা পার্কার
ছবি: এএফপি

‘রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান’—কিন্তু এবার মান রক্ষা করলেন রানি। কীভাবে? সেই গল্পটা বলতে একটু পেছনে যেতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ তথ্য। ব্রিটিশ লেখক রোয়াল্ড ডালের বইয়ের প্রতিটি নতুন সংস্করণেই বদলে গেছে ভাষা। অনেক ক্ষেত্রে লেখক যা বোঝাতে চেয়েছেন তা হারিয়ে গেছে কিংবা বাক্যের অর্থই পাল্টে গেছে। দেখা গেছে, ডালের মূল লেখার সঙ্গে পরিমার্জিত কিংবা সংশোধিত লেখার অর্থের গুরুতর পার্থক্য রয়েছে।

রোয়াল্ড ডালের বই পৃথিবীজুড়ে বিক্রি হয়েছে প্রায় ৩০ কোটি কপি। চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, ফ্যান্টাস্টিক মি. ফক্স থেকে শুরু করে মাটিল্ডা, দ্য উইচেস, দ্য বিএফজিসহ অসংখ্য ছোটদের বই ও গল্প লিখেছেন তিনি। শিশুসাহিত্য বলেই হয়তো এর শব্দ ও ভাষা নিয়ে একটু বেশিই সংবেদনশীল হয়ে ওঠে ডালের প্রকাশনী পাফিন বুকস। সময়ের সঙ্গে সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রাখতে বদলে গেছে ডালের বইয়ের শব্দগুলোও। প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ‘স্পর্শকাতর’ বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে চেয়েছে। এমনকি শেষ দিকে এসে ডাল নিজেও তার বইয়ের অনেক শব্দ বা বাক্যের অর্থ বদলেছেন। বর্ণবাদী বা নারীবিদ্বেষী মনে হয়, এমন বক্তব্য কাটছাঁট করা হয়েছে।

আরও পড়ুন

তবে কতটা সম্পাদনা ও পরিমার্জনা করলে বইয়ের অর্থই বদলে যায়? পাফিন বুকস থেকে ডালের বইগুলোর অসংখ্য সংস্করণ বেরিয়েছে এবং টেলিগ্রাফের অনুসন্ধানে দেখা গেছে, বইগুলোর একেক সংস্করণে শব্দের ব্যবহার ভিন্ন। কিছু কিছু জায়গায় একেবারেই পালটে গেছে শব্দ বা বাক্যের অর্থ।

দ্য উইচেস বইটার কথাই ধরা যাক। চেম্বারমেইড বা গৃহপরিচারিকা বদলে করা হয়েছে ক্লিনার বা পরিচ্ছন্নতাকারী, ‘মেয়ে তুমি পাগল হয়ে গেছ’ হয়ে গেছে ‘তোমার কী মাথা খারাপ হয়ে গেছে’। প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ‘সেনসিবিলিটি ফিল্টার’ বা ‘সংবেদনশীলতা মাপকাঠি’র চালুনি দিয়ে চালতে গিয়ে অনেক সময় আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে হটিয়ে ফেলছে। সেই সঙ্গে যে কোনো লেখায় সে সময়ের ইতিহাসের যে ছাপ থাকে সেটাও মুছে ফেলছে।

এবার আসি মূল ঘটনায়। অগণিত তথ্যচিত্র, নাটক, সিনেমা আর টেলিভিশন শো থেকে এটুকু আমাদের জানা হয়ে গেছে যে, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা কোনো বিষয়ে একটু রেখেঢেকেই কথা বলেন। তবে কুইন কনসর্ট ক্যামিলা তো গোড়া থেকেই প্রথাবিরোধী। রাজা চার্লসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রণয় আর পরিণয়ের পর গোটা ব্রিটেনের ঘৃণা জমা হয়েছিল তাঁর ঝুলিতে। পিপলস প্রিন্সেস হতে না পারলেও ক্যামিলা এবার বুঝিয়ে দিলেন তিনি দেখেন এবং জানেন উচিত কথাটা কখন বলতে হয়।

রোয়াল্ড ডালের বইয়ের অর্থ বদলে দেওয়ার টেলিগ্রাফের অনুসন্ধান নিয়ে বেশ কড়া মন্তব্য করেছেন তিনি। তাঁর নিজস্ব একটি অনলাইন বুক ক্লাবও রয়েছে, যেটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি ডালের বইয়ে অতি সম্পাদনার ব্যাপারে কড়া সমালোচনা করেন। লেখকের নাম উল্লেখ না করলেও সেখানে উপস্থিত লেখকেরা বিষয়টি ধরতে পারেন এবং রানির সমর্থনে ‘হিয়ার হিয়ার’ বলে ওঠেন।

ক্যামিলা লেখকদের উদ্দেশে বলেন, যারা মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করে কিংবা চিন্তার মনোজগতে সীমাবদ্ধতা আনতে চায়, তাদের প্রচেষ্টায় নিজের লক্ষ্য থেকে পিছপা হবেন না। ১৯৬২ সালে নোবেল পুরস্কার গ্রহণের সময় লেখক জন স্টেইনবাকের বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘আমরা আর অনুগত ইঁদুরের মতো চিঁ চিঁ করতে বাধ্য নই, বরং নিজের পেশা ও সাফল্যের গর্বে সিংহের মতো গর্জন করব।’

ক্যামিলা লেখকদের উদ্দেশে বলেন, যারা মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করে কিংবা চিন্তার মনোজগতে সীমাবদ্ধতা আনতে চায়, তাদের প্রচেষ্টায় নিজের লক্ষ্য থেকে পিছপা হবেন না। ১৯৬২ সালে নোবেল পুরস্কার গ্রহণের সময় লেখক জন স্টেইনবাকের বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘আমরা আর অনুগত ইঁদুরের মতো চিঁ চিঁ করতে বাধ্য নই, বরং নিজের পেশা ও সাফল্যের গর্বে সিংহের মতো গর্জন করব।’

রানির এমন মন্তব্যের পর পাফিন বুকস জানিয়েছে, একদমই সম্পাদনা ছাড়া রোয়াল্ড ডালের লেখা কিছু বই আলাদা করে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

  • নাজিয়া আফরিন প্রথম আলোর ভিডিও বিভাগের হেড অব নিউজ।