‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়ন সেলের পঞ্চম সভার অগ্রগতি প্রতিবেদন বলছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রায় ৩ কোটি ৫৭ লাখ চারা রোপণ করা হয়েছে। চলতি বছরের রোপণ লক্ষ্য ৫ কোটি ১৫ লাখ, অগ্রগতি প্রায় ৬৯ শতাংশ। সংখ্যাটি আশা জাগায়। তবে এই হিসাব বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিবেদন থেকে আসা; স্বাধীনভাবে যাচাইয়ের ব্যবস্থা এখনো তৈরি হচ্ছে না। আর সাফল্যের আসল মাপকাঠি হবে তিন বছর পর কতটি চারা বেঁচে থাকল।
চারা বাঁচানোর পথনির্দেশ সরকারের হাতেই আছে। বন অধিদপ্তর জুন ২০২৫ সালে ১৬১ পৃষ্ঠার ‘নার্সারি ও প্ল্যান্টেশন ম্যানুয়াল’ হালনাগাদ করেছে। এই ম্যানুয়ালে কোন মাটিতে কোন গাছ, গর্ত কত বড়, সার কতটুকু, আগাছা কখন সাফ করতে হবে, সবই লেখা আছে। সমস্যা হলো, এটি লেখা হয়েছে বন বিভাগের মাঠকর্মীদের জন্য। যে মানুষটি বাড়ির উঠানে, স্কুলের মাঠে বা পুকুরপাড়ে চারা লাগাবেন, তাঁর কাছে এটি পৌঁছায়নি।
অথচ কর্মসূচির বড় অংশই সাধারণ মানুষের হাতে। শুধু ‘ওয়ান ট্রি ওয়ান চাইল্ড’ উদ্যোগে তিনটি শিক্ষা বিভাগের পাঁচ বছরের লক্ষ্য মিলিয়ে ১৩ কোটি ৩৪ লাখ চারা, যা মোট লক্ষ্যের অর্ধেকের বেশি। তাই কর্মসূচির পরামর্শক পুলের একজন সদস্য হিসেবে ম্যানুয়ালের যে অংশগুলো প্রত্যেক নাগরিকের জানা দরকার, যা দেশের বেশির ভাগ মানুষের হাতেই পৌঁছায় নাই। সেগুলো এখানে সহজ করে তুলে ধরছি, যাতে সবাই মিলে এই কাজে শরিক হতে পারি।
সঠিক জায়গায় সঠিক গাছ
গাছ লাগানোর আগে ঠিক করুন, কেন লাগাচ্ছেন। সবুজায়ন আর বনায়ন এক নয়। শহরে গাছ ছায়া দেয় ও তাপ কমায়, গ্রামে দেয় ফল, কাঠ আর আয়। আর বেঁচে থাকা গাছই কার্বন ধরে; মরা চারা কিছুই দেয় না।
ম্যানুয়ালের মূল কথা এক লাইনে: ভুল জায়গায় লাগানো চারা যত্ন করলেও বাঁচে না। যে মাটিতে বর্ষায় পানি জমে, সেখানে কাঁঠাল কোনোভাবেই নয়। যেখানে সম্ভব, এলাকার উপযোগী দেশি গাছকে অগ্রাধিকার দিন।
মনে রাখুন, ২০২৫ সালের ১৫ মে পরিবেশ মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে ইউক্যালিপটাস ও আকাশমণির চারা তৈরি, রোপণ ও বিক্রি নিষিদ্ধ করেছে। হাটে বা নার্সারিতে এই দুই গাছের চারা দেখলেও কিনবেন না।
চারা লাগানোর ছয় নিয়ম
১. সময়: গাছ লাগানোর সেরা সময় বর্ষা, আষাঢ় থেকে আশ্বিন (মধ্য জুন থেকে মধ্য অক্টোবর)। সেচ দিতে পারলে যেকোনো সময় লাগানো যায়, তবে তখন নিয়মিত পানির দায়িত্বও নিতে হবে।
২. চারা বাছাই: সুস্থ, সবল ও সতেজ চারা নিন। বড় চারা বেশি বাঁচে। বসতবাড়িতে অন্তত ২ মিটার (প্রায় সাড়ে ছয় ফুট) লম্বা চারা লাগাতে বলছে ম্যানুয়াল, যাতে গরু-ছাগল নাগাল না পায়।
৩. গর্ত: সাধারণভাবে ৩০ সেন্টিমিটার (এক ফুট) লম্বা, চওড়া ও গভীর গর্ত। বসতবাড়িতে ৪৫ সেন্টিমিটার (দেড় ফুট)। রোপণের ১৪ থেকে ২১ দিন আগে গর্ত খুঁড়ে মাটি রোদে রাখুন। ওপরের উর্বর মাটি আর নিচের মাটি আলাদা রাখুন। যেখানে পানি জমে, সেখানে ২০ থেকে ৩০ সেন্টিমিটার উঁচু ঢিবি বানিয়ে তার ওপর চারা লাগান।
৪. সার: প্রতি গর্তে ১ কেজি পচা গোবর, ২৫ গ্রাম টিএসপি ও ২৫ গ্রাম এমওপি মাটির সঙ্গে মিশিয়ে রোপণের অন্তত ১৫ দিন আগে গর্ত ভরে রাখুন। কাঁচা গোবর কখনো নয়, এতে চারা মরে যেতে পারে। রোপণের ২১ দিন পর গোড়া থেকে ২০ সেন্টিমিটার দূরে বৃত্ত করে ২৫ গ্রাম ইউরিয়া দিন।
৫. রোপণ: ব্যাগের মাটি ভিজিয়ে নিন, পলিব্যাগ খুলে চারা লাগান এবং ব্যাগটি নষ্ট করুন, কারণ এটি পরিবেশ দূষণ করে। নার্সারিতে চারা যতটুকু মাটির নিচে ছিল, ততটুকুই রাখুন, বেশি গভীরে নয়। গর্ত ভরাটের সময় আগে ওপরের উর্বর মাটি, পরে নিচের মাটি দিন এবং চারপাশ চেপে শক্ত করুন।
৬.খুঁটি ও পানি: চারার পাশে খুঁটি পুঁতে পাটের সুতলি দিয়ে বেঁধে দিন। বৃষ্টি না হলে গোড়ায় পানি দিন।
এগুলো সাধারণ নির্দেশনা; প্রজাতি, মাটি আর জায়গাভেদে মাপ বদলায়। রোগ বা পোকা দেখা দিলে নিজে কীটনাশক না দিয়ে কৃষি বা বন কর্মকর্তার পরামর্শ নিন।
গাছ লাগানো এক দিনের কাজ, বাঁচানো তিন বছরের দায়িত্ব
ম্যানুয়ালের হিসাবে বন বাগানে প্রথম বছরেই ২০ শতাংশ পর্যন্ত চারা মারা যেতে পারে। মরা চারার জায়গায় নতুন চারা লাগানোকে বলা হয় শূন্যস্থান পূরণ। প্রথম বছরে এর সময় জুলাই-আগস্ট এবং অক্টোবর-নভেম্বর, দ্বিতীয় বছরে মে-জুনের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ এ বছর বর্ষায় যাঁরা চারা লাগিয়েছেন, মরে যাওয়া চারা বদলানোর সময় এখনই। শুকনো মৌসুম শুরু হচ্ছে, তাই গোড়ায় জাবড়া দেওয়ারও এখনই সময়।
বেড়া: গরু-ছাগল থেকে বাঁচাতে প্রায় দেড় মিটার উঁচু বাঁশের খাঁচা দিন, বাতাস চলাচলের ফাঁক রেখে।
আগাছা: চারার গোড়ার চারপাশে ৩০ সেন্টিমিটার জায়গা আগাছামুক্ত রাখুন। প্রথম বছর তিনবার, দ্বিতীয় বছর দুবার, তৃতীয় বছর একবার আগাছা সাফ করতে হবে।
জাবড়া: কচুরিপানা, লতাপাতা বা ঘাস দিয়ে গোড়া ঢেকে দিন। শুকনো মৌসুমে এতে মাটির আর্দ্রতা থাকে, চারা খরায় বাঁচে।
পানি: শুকনো মৌসুমে সকালে বা বিকেলে পানি দিন, তবে গোড়ায় পানি জমতে দেবেন না, তাতেও চারা মরে।
আগুন: ফাল্গুন থেকে বৈশাখে ছোট চারা আগুনে সহজেই মরে। প্রথম তিন বছর চারার আশপাশে আবর্জনা পোড়াবেন না।
কত চারা মরে, কে গোনে
অগ্রগতির ৩ কোটি ৫৭ লাখের মধ্যে প্রায় ৩ কোটি ৪ লাখের তথ্য এসেছে ১১টি দপ্তরের নির্ধারিত ছকের প্রতিবেদন থেকে, বাকি প্রায় ৫৩ লাখ অন্য সংস্থার কাছ থেকে। প্রতিটি গাছের অবস্থান ও অবস্থা দেখার জন্য ট্রি মনিটরিং অ্যাপ, কেন্দ্রীয় তথ্যভান্ডার ও ড্যাশবোর্ড তৈরির কাজ চলছে।
চারা মরবে, এটাই স্বাভাবিক। এশিয়ার ক্রান্তীয় অঞ্চলের ১৭৬টি বনায়ন এলাকা নিয়ে এক আন্তর্জাতিক গবেষণা বলছে, গড়ে প্রথম বছরে ১৮ শতাংশ আর পাঁচ বছরে ৪৪ শতাংশ চারা মারা যায়। তবে কোথাও কোথাও পাঁচ বছর পরও ৮০ শতাংশের বেশি গাছ বেঁচে ছিল, আর আশপাশে বড় গাছ থাকলে বাঁচার সম্ভাবনা প্রায় ২০ শতাংশ বেশি। এশিয়ার গড় ধরলে এ বছরের ৫ কোটি ১৫ লাখ চারার প্রায় ৯৩ লাখ প্রথম বছরেই মরবে, আর পাঁচ বছরে মরবে প্রায় ২ কোটি ৩০ লাখ। যত্ন দিয়ে এই ব্যবধানই কমাতে হবে।
ভারতের হিমাচল প্রদেশে ৪৩০টি বাগানের কয়েক দশকের স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে, বিপুল চারা লাগানোর পরও গড়ে বনের আচ্ছাদন বাড়েনি, উল্টো স্থানীয় মানুষের পছন্দের গাছ কমেছে। পাকিস্তান তাদের ১ হাজার কোটি গাছের কর্মসূচিতে আইইউসিএন, এফএও ও ডব্লিউডব্লিউএফ-পাকিস্তানকে দিয়ে স্বাধীন তৃতীয় পক্ষের পর্যবেক্ষণ করিয়েছে। আর নেপালে বন স্থানীয় জনগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পর ১৯৯২ থেকে ২০১৬ সালের মধ্যে বনভূমি ২৬ থেকে ৪৫ শতাংশে উঠেছে। মানুষ যখন গাছটিকে নিজের মনে করে, তখনই গাছ বাঁচে।
ম্যানুয়ালের বাইরে আমাদের আরও যা করার আছে:
চারা নিন সরকারি নার্সারি থেকে। বন অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ে চার শতাধিক নার্সারি সরকার নির্ধারিত দামে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিক্রি করে।
লাগানোর নয়, বাঁচানোর হিসাব রাখুন। প্রতিটি চারার দায়িত্ব নির্দিষ্ট একজনের, অন্তত তিন বছর। রোপণের তারিখ, জায়গা আর ছবি রাখুন, প্রতিবছর নতুন ছবি তুলুন। স্কুল, অফিস বা মসজিদ কমিটি বছর শেষে কতটি গাছ বেঁচে আছে গুনে নোটিশবোর্ডে টাঙাতে পারে। মনিটরিং অ্যাপ চালু হলে সেখানে নিজের গাছের তথ্য দিন।
শিশুর গাছ, পরিবারের দায়িত্ব। ‘ওয়ান ট্রি ওয়ান চাইল্ড’-এ শিশু চারা লাগাবে, কিন্তু খাঁচা, পানি আর আগাছা সাফের দায়িত্ব মা-বাবা ও শিক্ষকের। গাছে শিক্ষার্থীর নামফলক থাকলে শিশুটি গাছের সঙ্গেই বড় হবে।
প্রতিষ্ঠানের খালি জায়গা কাজে লাগান। অফিস, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান ও খেলার মাঠের খালি জায়গাও বনায়নের আওতায় আনতে বলছে ম্যানুয়াল।
শহরে জায়গা কম হলে মিয়াওয়াকি। ম্যানুয়ালে অন্তর্ভুক্ত এই পদ্ধতিতে পুরো জায়গার মাটি এক মিটার গভীর পর্যন্ত খুঁড়ে জৈব উপাদান মেশাতে হয়, তারপর প্রতি বর্গমিটারে তিন থেকে চারটি দেশি প্রজাতির চারা ঘন করে লাগানো হয়। মাত্র এক মিটার চওড়া জায়গাতেও এটি করা যায়।
উপহারে চারা, দত্তক নিন সড়ক। বিয়ে, জন্মদিন বা সংবর্ধনায় চারা উপহার দিন। শিল্পপ্রতিষ্ঠান কারখানার আশপাশ ও কাছের সড়ক দত্তক নিতে পারেন, তবে সিএসআর বাজেটে শুধু চারা বিতরণ নয়, তিন বছরের পরিচর্যার খরচও রাখতে হবে।
ক্ষতি করবেন না, করতে দেবেন না। গাছে পেরেক মেরে সাইনবোর্ড লাগানো, রাস্তা খোঁড়ার সময় শিকড় কেটে ফেলা, চারার কাছে ছাগল ছেড়ে দেওয়া বন্ধ করতে হবে। পুরোনো বড় গাছ বাঁচানোও এই কর্মসূচির অংশ: একটি বড় গাছ কেটে দুটি চারা লাগালে ক্ষতি পূরণ হয় না। কাগজে চারা লাগিয়ে হিসাব মেলানো বা কোনো অনিয়ম চোখে পড়লে স্থানীয় বন কার্যালয় বা উপজেলা প্রশাসনকে জানান।
সবার হাত না লাগলে হবে না
২৫ কোটি গাছ দেশের ২০ কোটির বেশি মানুষের মধ্যে ভাগ করলে পাঁচ বছরে মাথাপিছু দেড়টিরও কম গাছ। একটি গাছ তিন বছর আগলে রাখা কোনো মানুষের পক্ষেই কঠিন নয়। সরকার চারা দিতে পারে, নিয়ম লিখতে পারে, অ্যাপ বানাতে পারে। কিন্তু ছাগলের মুখ, খরার রোদ আর অবহেলা থেকে চারাটিকে বাঁচাতে পারেন কেবল তিনিই, যাঁর উঠানে বা স্কুলের মাঠে গাছটি দাঁড়িয়ে আছে।
নির্দেশিকা যতক্ষণ আলমারিতে, ততক্ষণ চারা মরবে মাঠে। তাই পাঠকের কাছে একটি অনুরোধ: এই লেখার ছকটি কেটে বা ছবি তুলে রাখুন, স্কুল, মসজিদ, মন্দির বা ইউনিয়ন পরিষদের নোটিশবোর্ডে টাঙিয়ে দিন, আর অন্তত একজন প্রতিবেশীকে জানান। আপনার লাগানো চারাটি তিন বছর পর যখন নিজের ছায়া দেবে, তখনই ২৫ কোটির হিসাবে সত্যিকারের একটি গাছ যোগ হবে।
সুবাইল বিন আলম প্রকৌশলী-অর্থনীতিবিদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির পরামর্শক পুলের সদস্য। ই-মেইল: [email protected]