সফল মুমিনের উত্তম গুণাবলি
দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তির একমাত্র সহজ-সরল, সঠিক ও নিশ্চিত পথ ইসলাম। সফল ও সার্থক মানবজীবনের জন্য অপরিহার্য কিছু গুণ বা শর্ত ইসলাম নির্ধারণ করে দিয়েছে। কোরআন হাকিমে যতগুলো সুসংবাদ রয়েছে তা এমন লোকদের জন্য, যাঁদের মধ্যে প্রাথমিকভাবে দুটি গুণ রয়েছে। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের ভাষায়, ‘আমানু ওয়া আমিলুস সলিহাত’, অর্থাৎ ‘যারা ইমান এনেছে ও সৎকাজ করেছে।’
বিশ্বাস হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন, নবী কারিম (সা.)–এর ভালোবাসা ও পরকালের প্রতি আকর্ষণ। এর ভিত্তিতেই অনুষ্ঠিত হয় আমালে সলিহ, তথা নেক আমল বা সৎকর্ম।
ইমান ও আমালে সলিহ তথা মুমিনের গুণাবলির বিস্তারিত বিবরণ রয়েছে কোরআন–সুন্নাহে। যাঁরা এসব গুণ ও বৈশিষ্ট্য অর্জন করবেন, তাঁরা হবেন সফল মুমিন। সফল মুমিনের কিছু পরিচয় দিয়ে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ‘অবশ্যই সফলকাম হয়েছে সেসব বিশ্বাসী, যারা তাদের নামাজে বিনয়ী ও নম্র হয়; যারা অনর্থক কর্মকাল থেকে বিরত থাকে; যারা জাকাত প্রদানে সক্রিয় এবং যারা তাদের ব্যক্তিত্ব, সম্ভ্রম ও সতীত্ব রক্ষা করে। নিজেদের সঙ্গী-সঙ্গিনী ও মালিকানাধীন পরিচারিকা ব্যতীত, এতে তারা নিন্দিত হবে না এতদভিন্ন অন্য কাউকে কামনা করবে, তবে তারা সীমা লঙ্ঘনকারী।
আর যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা তাদের নামাজসমূহের প্রতি যত্নবান থাকে, তারাই হবে (জান্নাতের) উত্তরাধিকারী। যারা (জান্নাতুল) ফিরদাউসের উত্তরাধিকারী হবে, তারা সেথায় অনন্তকাল স্থায়ী হবে।’ (সুরা-২৩ ফাৎহ্, আয়াত: ১-১১)
সফল মুমিনের বিস্তৃত পরিচয় দিয়ে কোরআন কারিমে আল্লাহ তাআলা আরও বলেন, ‘রহমান (দয়াময়) আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহিল লোকেরা তাদের অশোভন সম্বোধন করে, তখন তারা “সালাম” বলে (শান্তি কামনা করে); আর তারা রাত্রিযাপন করে তাদের রবের উদ্দেশে সিজদাবনত অবস্থায় ও নামাজে দাঁড়িয়ে।
আর যারা বলে—“হে আমাদের রব! আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করুন”, নিশ্চয় উহার শাস্তি নিশ্চিত ধ্বংস, অবশ্যই তা অস্থায়ী বা স্থায়ী নিবাস হিসেবে নিকৃষ্ট এবং তারা যখন ব্যয় করে, তখন অপব্যয়ও করে না আর কার্পণ্যও করে না, বরং তারা আছে এতদুভয়ের মাঝে মধ্যপন্থায়। আর তারা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ বা মাবুদকে ডাকে না এবং তারা জিনা-ব্যভিচার করে না। যারা এসব করে, তারা গুনাহগার হবে।
কিয়ামতের দিবসে তাদের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে এবং তথায় তারা হীন অবস্থায় স্থায়ী হবে। তবে তারা ব্যতীত যারা তওবা করে ইমান আনবে ও নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের পাপসমূহ পুণ্যে পরিবর্তন করে দেবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মমতাময়, পরম দয়ালু। আর যারা তওবা করে এবং সৎকর্ম করে, তারা সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হলে স্বীয় মর্যাদা রক্ষা করে উহা এড়িয়ে যায়। আর যারা তাদের পালকের আয়াত স্মরণ করিয়ে দিলে তার প্রতি অন্ধ ও বধিরের মতো আচরণ করে না।
আর যারা প্রার্থনায় বলে, “হে আমাদের প্রভু! আমাদের নয়নপ্রীতিকর সঙ্গী-সঙ্গিনী ও সন্তান–সন্ততি দান করুন এবং আমাদের মুত্তাকিনদের নেতা বানিয়ে দিন।” এই লোকদের প্রতিদান দেওয়া হবে জান্নাতে সুউচ্চ কক্ষ। কারণ, তারা ছিল ধৈর্যশীল এবং তাদের অভ্যর্থনা জানানো হবে অভিবাদন ও সালামসহকারে।
সেখানে তারা স্থায়ী হবে। আশ্রয়স্থল ও আবাসন হিসেবে কতই না উত্তম। বলো—“আমার প্রতিপালককে না ডাকলে (তাঁর ইবাদত না করলে) তাঁর কিছুই আসে যায় না। তোমরা (যারা) মিথ্যা বলেছ, ফলে অচিরেই (তাদের প্রতি) অপরিহার্য শাস্তি নেমে আসবে। (হে আল্লাহ! জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন)।”’ (সুরা-২৫ মুমিনুন, আয়াত: ৬৩-৭৭)
ধর্ম-কর্মের মূল হলো বিশ্বাস, আশা ও ভালোবাসা। যত দিন এ বিশ্বাস ও সৎকর্ম অব্যাহত থাকবে, তত দিন এ সমাজে কল্যাণ ও সৃজনশীলতার প্রাণশক্তি সতত বিরাজমান থাকবে। আসুন, পবিত্র কোরআনে বর্ণিত বৈশিষ্ট্যগুলোর সঙ্গে আমাদের স্বভাব-চরিত্র মিলিয়ে নিই।
যদি মিল পাই, আল্লাহর শুকরিয়া আদায় করি; আর যদি অমিল পাই, তওবা করে তা সংশোধনে সচেষ্ট হই। দাওয়াত, তাবলিগ ও তালিমে মনোনিবেশ করি। নিজে বাঁচি, স্বীয় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, আপনজন ও প্রিয়জনকে বাঁচাই। তবেই সমাজ অপরাধমুক্ত হবে, দুনিয়ায় জান্নাতি সমাজ কায়েম হবে।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম