দুটি দিন বা দুটি তারিখ সোনিয়া গান্ধী ভুলতে পারেন না। একটি দিনে তিনি বায়না ধরেছিলেন ‘হিরো’কে দেখবেন বলে। তাঁর সঙ্গে পরিচিত হবেন বলে। মনে অনেক দ্বিধা ছিল। অনেক দ্বন্দ্বও ছিল। কিন্তু সব কাটিয়ে তিনি হাজির হয়েছিলেন নায়ক–দর্শনে। অন্য দিনটিতে তাঁর কোল আলো করে এসেছিল কন্যা প্রিয়াঙ্কা। সেই দুই দিনের ব্যবধানও ছিল মাত্র দুটি দিন।
আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এর বর্ণিত সেই ‘হিরো’, তাঁর দেশের মুক্তিযুদ্ধ, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধীর সাহস ও শৌর্য এবং সেই সময়কার ঘটনাবলি সোনিয়া লিপিবদ্ধ করেছেন তাঁর নিজের মতো করে। লিখেছেন, ‘স্বস্তি ও আনন্দ যখন দেশজুড়ে বয়ে যাচ্ছে, শাশুড়িমা তখন জানালেন শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়েছেন। লন্ডন চলে গেছেন। কিন্তু তার চেয়েও আরও উত্তেজক ছিল যখন শুনলাম, তাঁর নতুন দেশে ফেরার আগে তিনি কিছু সময়ের জন্য দিল্লি আসবেন।’
সেই দিনটা ছিল ১৯৭২ সালের ১০ জানুয়ারি। তার ঠিক দুদিন পরেই সোনিয়ার কোল আলো করে এসেছিল তাঁর কন্যা, প্রিয়াঙ্কা। ১২ জানুয়ারি ১৯৭২।
অথচ বছরটা শুরু হয়েছিল দুশ্চিন্তা ও উদ্বেগকে সঙ্গী করে। সেই বর্ণনায় সোনিয়া লিখেছেন, ‘ভারত ও তার প্রতিবেশী দেশে ঘন কালো মেঘ ছাইছিল। ১৯৭১ সালের জানুয়ারি মাসে দুই কাশ্মীরি জঙ্গি ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি ফকার এফ২৭ প্যাসেঞ্জার বিমান হাইজ্যাক করে লাহোরে নিয়ে যায়। যাত্রী ও ক্রুদের মুক্তি দিলেও জঙ্গিরা বিমানবন্দরেই উড়োজাহাজটি ধ্বংস করে দেয়। সেই জঙ্গিরা পাকিস্তানে সংবর্ধিত হয়েছিল। পাল্টা ব্যবস্থায় পাকিস্তানি উড়োজাহাজের জন্য ভারত তার আকাশপথ বন্ধ করে দেয়।’
বিমান ছিনতাইয়ের সেই ঘটনা গান্ধী পরিবারের জন্য একধরনের ঝুঁকি বয়ে এনেছিল। দুশ্চিন্তা বাড়িয়েছিল। কারণটি ছিলেন ইন্দিরার বড় পুত্র ও সোনিয়ার স্বামী রাজীব। গোয়েন্দারা ইন্দিরাকে সাবধান করে বলেছিলেন, রাজীব ইন্ডিয়ান এয়ারলাইনসের পাইলট। তাঁর ফ্লাইটও হাইজ্যাক করা হতে পারে। তাঁকে পণবন্দী করা হতে পারে। রাজীবের মুক্তির জন্য অস্বাভাবিক সব দাবি করতে পারে। উত্তেজনা ছড়াচ্ছিলই, ওই খবর গান্ধী পরিবারের আবহ আরও টান টান করে তুলল।
সোনিয়া সেই বর্ণনায় লিখেছেন, ‘শাশুড়িমা যখন পরিস্থিতির ব্যাখ্যা করছিলেন, গোয়েন্দারা তাঁকে যা বলেছে তা শোনাচ্ছিলেন, তেমন কিছু হলে তার ফলাফল কী হতে পারে জানাচ্ছিলেন, আমার শরীর তখন শুনতে শুনতে হিম হয়ে যাচ্ছিল। বমি পাচ্ছিল। রাজীব অভয় দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আমার মন মানছিল না। মন শান্ত হয়েছিল যখন কর্তৃপক্ষ সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে রাজীবকে ফ্লাইংয়ের দায়িত্ব থেকে সাময়িকভাবে দূরে রাখার সিদ্ধান্ত নেয়।’
এর পরেই সোনিয়া শুনিয়েছেন পাকিস্তান–পর্বের কাহিনি। সেই কাহিনিতে রয়েছে ১৯৭০ সালের ডিসেম্বরে পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সাধারণ নির্বাচনের ঘোষণা, দেশভাগের পর যা প্রথমবার হতে চলেছে। দুই প্রান্তের দুই দেশের ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতির ভিন্নতা ও অর্থনৈতিক বৈষম্য—সব ক্ষেত্রে পাকিস্তানের প্রাধান্য দুই প্রান্তের মধ্যে বিপুল দূরত্ব সৃষ্টি করেছিল। তার উল্লেখ করে সোনিয়া লিখেছেন, ‘পূর্ব পাকিস্তানের ক্যারিশম্যাটিক নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ভোটের ফলে প্লাবন ঘটিয়ে দেয়। স্বাভাবিকভাবেই মুজিব প্রধানমন্ত্রিত্বের দাবিদার হয়ে ওঠেন। পশ্চিম পাকিস্তানিরা প্রতিরোধে নামে। আহত ও অপমানিত পূর্ব পাকিস্তান স্বাধীনতার দাবি জানায়; অবহেলিত, অপমানিত, শোষিত হতে হতে যে বাসনা তাদের মনে বাসা বেঁধেছিল।’
পাকিস্তানের দুই প্রান্তের নেতাদের মধ্যে আলোচনা চলাকালীন কাউকে কিছু জানতে না দিয়ে কোনো আলোচনা ছাড়াই পশ্চিম পাকিস্তান থেকে ৪০ হাজার সৈন্যকে পূর্ব পাকিস্তানে উড়িয়ে আনা হয়। মুজিবুর রহমানকে ঢাকা থেকে উড়িয়ে নিয়ে গিয়ে পশ্চিম পাকিস্তানে বন্দী করা হয়। শুরু হয় বাঙালি নিধনযজ্ঞ। অবিরাম অগ্নিসংযোগ, ধর্ষণ, অত্যাচার। ঘরবাড়ি ও চাষের খেত জ্বালিয়ে–পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। পাটের খেতে জ্বলতে থাকে আগুন, অথচ সেই পাট চাষই তখন সে দেশের অর্থনীতির মূল।
এই বর্ণনা দিয়ে সোনিয়া লিখেছেন, ‘চার মাস ধরে চলে ওই অত্যাচার। পুরুষ, নারী ও শিশুদের তাড়া করে করে মারা হয়। প্রাণে বাঁচতে লাখে লাখে অসহায় মানুষ ভারতে পালিয়ে আসেন। উদ্বাস্তুদের অবিরাম স্রোত। দেখতে দেখতে এক কোটি নর–নারী পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে আশ্রয় নেন। সেই পাশবিক ঘটনাবলির খবর দিল্লিতে নিত্যদিন আসতে থাকে। ঢাকায় ছাত্র–ছাত্রী বুদ্ধিজীবীদের কী বীভৎসভাবে বেছে বেছে অত্যাচার করা হচ্ছিল, আমার উপস্থিতিতে রাজীব সেই ভয়ংকর হৃদয়বিদারক কাহিনি কাউকে শোনাত না।’
‘পশ্চিম পাকিস্তানিদের অত্যাচারের সেই মর্মান্তিক কাহিনির এক তথ্যচিত্র রাষ্ট্রপতি ভবনের ছোট্ট এক প্রেক্ষাগৃহে দেখানোর ব্যবস্থা করা হয়। রাষ্ট্রপতির আমন্ত্রণে মাঝে মাঝে আমরা সেখানে গিয়ে সিনেমা দেখতাম। কিন্তু এবার যে তথ্যচিত্রটি দেখানো হবে সেটি এতটাই নৃশংসতায় ভরা ছিল যে রাজীব আমাকে তা দেখতে নিষেধ করে। বলে আমার শারীরিক অবস্থায় ওটা না দেখাই ভালো। সেটা শুনে আমার খারাপ লেগেছিল। আমি অসম্মানিত হয়েছিলাম। আমি তো আর কচি খুকি নই। যথেষ্ট বয়স হয়েছে আমার। তা ছাড়া আমি তো প্রতিদিন খবরের কাগজে সেসব পড়ছি। জানছি। কিন্তু রাজীব তা শুনল না। তার দৃঢ় যুক্তি, অত্যাচারের কাহিনি পড়া ও সিনেমায় তা দেখা দুটি অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। অনিচ্ছা সত্ত্বেও আমাকে তা মেনে নিতে হয়।’
সেই সময় ইন্দিরা গান্ধীর মানসিকতার বর্ণনায় সোনিয়া লিখেছেন, ‘শাশুড়িমায়ের মনে হচ্ছিল যেন তাঁর নিজের মানুষের ওপর অত্যাচার চলছে। তিনি নিজে যন্ত্রণাবিদ্ধ হচ্ছিলেন। পশ্চিমবঙ্গের উদ্বাস্তু শিবিরগুলো দেখে ফেরার পর তাঁকে বিচলিত ও বিপর্যস্ত লাগছিল। সেটা ছিল ভরা বর্ষার সময়। সাধারণ তাঁবুতে গাদাগাদি করে রয়েছেন মানুষজন। খাদ্য পানীয় যৎসামান্য। ওষুধ পথ্য নেই বললেই চলে। অসহায় সেই সব মানুষের দিনযাপনের বর্ণনা শোনানোর সময় তিনি কান্না ধরে রাখতে পারছিলেন না। সেটা ক্রমেই হয়ে ওঠে প্রবল চাপ। দায়িত্বের বোঝা। অথচ সাহায্য তাঁকে করতেই হবে। সক্রিয় তাঁকে হতেই হবে। যাঁরা আশ্রয়প্রার্থী, ভারত তাঁদের ফেরায় না। এটাই ভারতীয় ঐতিহ্য। পার্সি, ইহুদি বা তিব্বতি—শরণার্থীরা যে–ই হোন।
সোনিয়া লিখেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে সেই সম্মানে যখন তাঁকে ভূষিত করা হচ্ছিল, জনাকীর্ণ অশোক হল তখন ফেটে পড়েছিল অবিরাম হাততালিতে। বাড়ি ফিরতেই রাজীব ক্যামেরা বের করে গলায় পরানো মেডেলসহ মায়ের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ইস্পাতকঠিন স্নায়ু, নির্ভীক চিত্ত এবং লক্ষ্যের স্পষ্টতা ছিল তাঁর। নইলে যে পরিস্থিতির মোকাবিলা তাঁকে করতে হয়েছে, তাতে অন্য যে কেউ ভেঙে পড়ত। ওঁর জন্য আমরা গর্বিত। ভারতও।’
১৯৭১ সালের আগস্ট মাসে তৎকালীন মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি শরণার্থী শিবিরগুলো পরিদর্শনে গিয়েছিলেন। ভারতকে সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন। পশ্চিমা বিশ্বের জনপ্রতিনিধিদের মধ্যে তিনিই ছিলেন অন্যতম। দেশে ফিরে যা তিনি দেখেছেন তা বর্ণনাও করেছিলেন। তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। তা ইন্দিরা গান্ধীর মন ছুঁয়ে গিয়েছিল।’
আগস্ট মাসে খবর আসে ইয়াহিয়া খান গোপনে মুজিবুর রহমানের বিচার করতে চলেছেন। তাঁর অপরাধ, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সেই বিচারের রায় যে মৃত্যুদণ্ড তা ইন্দিরা গান্ধীর জানা ছিল। সোনিয়া সে কথা জানিয়ে লিখেছেন, ‘বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে উনি সরাসরি কথা বললেন। কাউকে কাউকে চিঠি লিখলেন। তারপর ঠিক করলেন বিভিন্ন দেশে যাবেন। তাঁদের বোঝাবেন কী ভীষণ সমস্যায় ভারতকে পড়তে হয়েছে। কীভাবে লাখ লাখ মানুষ এই সংঘর্ষে পিষ্ট হচ্ছে।’
সেই সময় ইন্দিরার বিদেশ সফরের ওপর তীক্ষ্ণ নজর রাখতেন গান্ধী পরিবারের সবাই। কার সঙ্গে মিটিং করছেন, কী কথা হচ্ছে, কাগজে কী লিখছে, সব খবর রাখতেন তাঁরা। বিদেশ সফর শেষ করে ফিরে এসে পরিবারের সবাইকে ইন্দিরা গান্ধী জানিয়েছিলেন কীভাবে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার খোলাখুলিভাবে ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন। কীভাবে নস্যাৎ করেছিলেন ইন্দিরা গান্ধীর দেওয়া পরিস্থিতির বর্ণনা এবং অবিলম্বে মানবিক ব্যবস্থা গ্রহণের দাবি উড়িয়ে দিয়েছিলেন।
একদিকে ইন্দিরা গান্ধী বৈশ্বিক নেতাদের বোঝাচ্ছিলেন, পাকিস্তান কোন বিপর্যয়কর সর্বনাশের পথে এগোচ্ছে; অন্যদিকে তিনি সেনাবাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়ে রাখলেন, পাকিস্তান যুদ্ধে যেতে বাধ্য করতে পারে। তার পূর্ণ প্রস্তুতি রাখতে হবে। সৈন্য ও খাদ্য দুই সরবরাহ নিশ্চিত করতে চূড়ান্ত প্রস্তুত থাকতে হবে।
গোটা পরিবারই তখন টালমাটাল। সোনিয়া লিখেছেন, ‘তৎপরতা বেড়ে গেছে। গভীর রাত পর্যন্ত মিটিং হতো। অবিশ্রান্ত ফোনালাপ হতো। যুদ্ধের প্রস্তুতিতে দিন–রাত এক হয়ে গেছে। শাশুড়িমা ঘুম বা বিশ্রামের সময়টুকু পর্যন্ত পাচ্ছেন না। যেকোনো মুহূর্তে পাকিস্তান আক্রমণ করতে পারে। সবাই সে জন্য প্রস্তুত। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ির দরজা–জানালার কাচ ঢেকে দিতে হবে কালো কাগজে। বাড়ির বাইরের আলোগুলো নিভিয়ে দিতে হবে।
একদিন কোনো একটা কাজে তেজী আন্টির (তেজী বচ্চন) সঙ্গে কনট প্লেসে গেছি। দেখলাম রাস্তায় গাড়িঘোড়া চলছে খুবই কম। শহরটা যেন অস্বাভাবিক শান্ত। লোকজন যেন শঙ্কিত। এই সময় একদিন শাশুড়িমা আমাকে ডেকে বললেন, পাকিস্তান যেকোনো সময় বোমা ফেলতে পারে। রাহুলকে নিয়ে আমি যেন রাষ্ট্রপতি ভবনে চলে যাই। ওটা অনেক নিরাপদ স্থান। শুনে আমি চিন্তিত হলাম। কিন্তু ঠিক করলাম, যতই বিপদ আসুক, পরিস্থিতি যা–ই হোক না কেন, পরিবারকে ছেড়ে আমি কোথাও যাব না। যা হবে সবাই মিলে তার মোকাবিলা করব।’
‘একদিন বাড়ির পেছনের বারান্দায় বসে রাজীবের জন্য অপেক্ষা করছি, এমন সময় সাইরেনের আওয়াজ। কোলে রাহুলকে নিয়ে লাফ দিয়ে উঠেছি। রাহুল কান্না জুড়ে দিয়েছে। আমি তাকে নিয়ে অ্যামি আন্টির ঘরের দিকে ছুটে গেলাম। দেখি তাঁরাও আমার মতোই বিচলিত। ত্রস্ত। সেটা ছিল সাইরেনের পরীক্ষামূলক ব্যবহার। বোমারু বিমানের হামলা হলে যাতে আমরা সতর্ক হই তার মহড়া। অ্যামি আন্টি রাহুলের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়লেন। একসময় সাইরেনের ঘণ্টি থেমে গেল। সেদিন বুঝলাম, শাশুড়িমা কেন সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু আমার ভয় পাওয়ার কিছু ছিল না। রাজীব আমার সঙ্গে আছে। রাহুলও। আর এক শিশু আসার পথে।’
আক্রমণের শঙ্কা সত্য হয় ৩ ডিসেম্বর। পাকিস্তানি বিমানবাহিনী ভারতের বেশ কয়েকটি বিমানঘাঁটিতে হামলা চালাল। সেদিনকার বর্ণনা দিয়ে সোনিয়া লিখেছেন, ‘শাশুড়িমা কলকাতায় ছিলেন। দিল্লি ফিরেই বিরোধী নেতাদের মিটিংয়ে ডাকলেন। পাকিস্তানি আক্রমণের কথা জানিয়ে তাঁদের বললেন, যুদ্ধ ঘোষণা ছাড়া গতি নেই। সেই রাতেই তিনি রেডিওতে জাতির প্রতি ভাষণ দিলেন। বিমান হানাই ছিল ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা। তিনি ভারতীয় ফৌজকে পূর্ব পাকিস্তানে ঢোকার হুকুম দিলেন। সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব সীমান্তে অপেক্ষারত ভারতীয় বাহিনী গ্রামাঞ্চল দিয়ে পূর্ব পাকিস্তানে দ্রুত ঢুকে গেল। ঘিরে ফেলল সেই শহরগুলো যেখানে পাকিস্তানি সেনারা মজুত ছিল। চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলা হলো।’
সোনিয়া লিখেছেন, ‘ভারতীয় বাহিনী যখন ঢাকার কাছাকাছি, খবর এল সপ্তম নৌবহরের বঙ্গোপসাগরে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩৬ ঘণ্টা। সেটা করা হয়েছিল ভারতকে মনস্তাত্ত্বিক চাপে ফেলতে, যাতে আমরা আলোচনার টেবিলে বসতে রাজি হই। প্রেসিডেন্ট নিক্সন ভেবেছিলেন, ইন্দিরা গান্ধীর স্নায়ু দুর্বল। তিনি ভুল বুঝেছিলেন। রামলীলা গ্রাউন্ডের জনসভায় শ্রোতাদের বিপুল উপস্থিতিতে ইন্দিরা গান্ধী জানিয়েছিলেন, আমরা পিছু হটব না। এক পাও আমরা পেছাব না। আমাদের সেনাদের লক্ষ্য, সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পৌঁছানোর আগেই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ নিশ্চিত করা।’
সেই দিনটা আসতে দেরি হয়নি। সোনিয়া লিখেছেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি জেনারেল নিয়াজি ঢাকায় আত্মসমর্পণ করলেন। সপ্তম নৌবহর ধারেকাছে পৌঁছানোর আগেই যুদ্ধ শেষ। জয়লাভ নিশ্চিত। নতুন দেশের সরকার গঠনের পরপরই শ্রীমতী গান্ধী সেনা প্রত্যাহার করে নেন। প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি (যদিও প্রথম স্বীকৃতি দেয় ভুটান, একই দিনে তার পরেই ভারত) দেয়। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, চরম শত্রু পাকিস্তানকে পুরোপুরি কেন জয় করে নিলেন না? ইন্দিরা উত্তরে বলেছিলেন, মানুষকে জয় করায় আমরা বিশ্বাসী নই...আমাদের নীতি সব সময় একই, বন্ধুত্বের। যেখানে তা নেই সেখানে তা সৃষ্টি করা, যদি শত্রুতা হয় তা ভোঁতা করা। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আমরা কখনো আমাদের সীমান্তের বাইরে অন্য কোনো দেশের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলিনি।’
এর পরেই সোনিয়া দেশের স্বস্তি ও আনন্দঘন পরিবেশের উল্লেখ করে শেখ মুজিবুর রহমানের লন্ডন থেকে ভারত হয়ে নিজের নতুন দেশে প্রত্যাবর্তনের কথা লেখেন। ইন্দিরা গান্ধীর সেই ঘোষণার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘বাঙালি মানুষজনের সেই সংকট যেন ছিল আমাদের নিজেদের সংকট। প্রতিটি মুহূর্ত তা আমাদের বিদ্ধ করেছে। বাঙালিদের ওপর পশ্চিম পাকিস্তানিদের পৈশাচিক আক্রমণ, ভারতের আবেদনে পশ্চিমা শক্তিদের হেলদোল না দেখানো, পাকিস্তানি আক্রমণের টেনশন, সোভিয়েত ইউনিয়নের সমর্থন, ভারতের সঙ্গে তাদের মৈত্রী চুক্তি, সপ্তম নৌবহরের বঙ্গোপসাগরে আসা—গোট সময়টা ছিল টেনশন, নাটক ও সাসপেন্সে ভরপুর।’
এরপর সোনিয়া নিজের অনুভূতির কথা লিখেছেন। সেটা ছিল ১৯৭২ সালে ১০ জানুয়ারি। ডাক্তারের মতে দুদিন পরেই তাঁর প্রসবের দিন। ওই অবস্থায় জনসমক্ষে বেরোতে সোনিয়া দ্বিধান্বিত ছিলেন। তিনি লিখেছেন, ‘আমার লজ্জা লজ্জা লাগত। কিন্তু হিরো মুজিবুর রহমানকে দেখতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ কিছুতেই আমি হারাতে চাইছিলাম না। রাজীবও আপত্তি করেনি। সম্ভবত তখন ও বুঝে গিয়েছিল, এবার আর আমি ওঁর কথা শুনব না। শাশুড়িও সেটা বুঝেছিলেন। উনি আমাকে ওঁর ঘরের আলমারির সামনে নিয়ে গেলেন। একটা ওভারসাইজ নেভি ব্লু রঙের রেইনকোট বের করলেন। সেটা পরে সেই ঐতিহাসিক দিনে আমি ওঁর সঙ্গে এয়ারপোর্টে গেলাম। সঙ্গে রাজীব ও পদ্মজা নাইডু। উত্তেজনা এত তীব্র ছিল যে বাতাসেও তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। মুজিবুর রহমানের মর্যাদা ও উষ্ণতা আমাকে মুগ্ধ করেছিল। সমর্থনের জন্য মিসেস গান্ধী ও তাঁর সরকারকে তিনি ধন্যবাদ জানান। নতুন দেশে নিজের মানুষের কাছে যাওয়া, তাঁদের আনন্দের অংশীদার হওয়ার জন্য তাঁর ত্বর সইছিল না।’
‘শাশুড়িমাও যে ভারমুক্ত, তা তাঁর আচরণে বোঝা যাচ্ছিল। কয়েক সপ্তাহ ধরে যে টেনশনের মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন তা কেটে গেছে। রাজীব ও আমিও অনেক স্বস্তি ও প্রশান্তি বোধ করছিলাম। একটা ঘটনার সঙ্গে এত দিন এমন ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলাম। তা আমাদেরও প্রভাবিত করেছিল। এক দিন পরেই আমাদের সেই আনন্দঘন মুহূর্ত তুঙ্গে উঠেছিল। ১২ জানুয়ারিও অবিস্মরণীয় দিন। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। রাজীব ও অ্যামি আন্টি সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে ছিলেন। যখন বলা হলো মেয়ে হয়েছে, আমি আবেগ ধরে রাখতে পারিনি। মনে হলো আমি বিরাট কৃতিত্ব অর্জন করেছি। এখন আমি পুত্র ও কন্যার জননী। সদ্যোজাতের নামও ঠিক হয় শিগগিরই। প্রিয়াঙ্কা। রাহুল ও প্রিয়াঙ্কা দুটি নামই বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত।’
এর দুই সপ্তাহ পরেই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্যারেডে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে গাড়ি থেকে নামতে দেখে জনতা যেভাবে তাঁকে অভিনন্দিত করে, তা দেখে ও শুনে সোনিয়ার গায়ে কাঁটা দিয়েছিল। সেদিনেই রাষ্ট্রপতি ভবনের অশোক হলে দেশের সেরা সম্মান ‘ভারতরত্ন’ দেওয়া হয় তাঁকে। সে কথা স্মরণ করে সোনিয়া লিখেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে সেই সম্মানে যখন তাঁকে ভূষিত করা হচ্ছিল, জনাকীর্ণ অশোক হল তখন ফেটে পড়েছিল অবিরাম হাততালিতে। বাড়ি ফিরতেই রাজীব ক্যামেরা বের করে গলায় পরানো মেডেলসহ মায়ের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ইস্পাতকঠিন স্নায়ু, নির্ভীক চিত্ত এবং লক্ষ্যের স্পষ্টতা ছিল তাঁর। নইলে যে পরিস্থিতির মোকাবিলা তাঁকে করতে হয়েছে, তাতে অন্য যে কেউ ভেঙে পড়ত। ওঁর জন্য আমরা গর্বিত। ভারতও।’
সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি
*মতামত লেখকের নিজস্ব
