‘সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে।
এক সাথে বেরাল ও বেরালের-মুখে-ধরা-ইঁদুর হাসাতে
এমন আশ্চর্য শক্তি ছিলো ভূয়োদর্শী যুবার।’
–জীবনানন্দ দাশ
রাজনীতিতেও কি বিড়াল ও বিড়ালের মুখে-ধরা-ইঁদুর একসঙ্গে হেসে ওঠে? তীব্রভাবে বিপরীত অবস্থানে থেকে প্রাণী দুটি হাসির মতো অভিন্ন আবেগ প্রকাশ করছে। নিশ্চয়ই অন্তর্গতভাবে নয়। কিন্তু কৃতিত্ব সেই ভূয়োদর্শিতায় দক্ষ যুবা সুবিনয় মুস্তফীর। রাজনীতিবিদেরাও কি সুবিনয় মুস্তফীর মতো? জীবনানন্দ দাশের শেষ জীবনের এই কবিতা পাঠ কি এমন চিন্তা উদ্রেক করে না?
রাজনীতিই রাষ্ট্র নির্মাণের চালিকা। রাজনৈতিকভাবে রাষ্ট্র নির্মাণের অর্থ রাষ্ট্রের অভ্যন্তরে ব্যক্তিনিরপেক্ষতার (ইমপারসোনালিজম) নির্মাণ, যেটি শুরু থেকেই নিদারুণভাবে অনুপস্থিত এই উপমহাদেশে। এর বিপরীতে আমাদের এই উপমহাদেশে ব্যক্তিকে কেন্দ্র করেই যেন রাষ্ট্র ও রাজনীতি।
আধুনিক রাষ্ট্র, যেগুলো কল্যাণরাষ্ট্রের কাতারভুক্ত, সেসব রাষ্ট্র এখন তার জনগণকে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সব মৌলিক অধিকারের যেমন শর্ত পূরণ করে, সঙ্গে উন্নত জীবন প্রদানেরও নিশ্চয়তা বিধান করে।
মূলগতভাবে রাজনীতিকে অবলম্বন না করে কোনো সমাজ আধুনিক রাষ্ট্রে পরিণত হতে পারে না। ফলে, এ কথা বলা যায়, আধুনিক রাষ্ট্রব্যবস্থা, জনগণের জীবনব্যবস্থা এবং মানুষের সামগ্রিক কল্যাণ ও বিকাশের স্বীকৃত পথ হচ্ছে রাজনৈতিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করা। রাজনীতির কোনো বিকল্প ব্যবস্থা আধুনিক রাষ্ট্রে প্রচল নয়। ফলে, ভাত–কাপড়ের রাজনীতি এখনো প্রাসঙ্গিক এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনপূর্ব মেনিফেস্টোর বড় অংশজুড়ে থাকে এ বিষয়ে নানা রূপকল্প। অনেক দেশ এই ন্যূনতম চাহিদাও মেটাতে পারে না।
শহীদুল জহিরের ‘ইন্দুর-বিলাই খেলা’ শিরোনামে একটি গল্প আছে। তাতে লেখা, ‘...এই খেলার শেষ নাই, খেলোয়াড়ের শেষ আছে; খেলোয়াড় খেলা ছেড়ে যায়, কিন্তু খেইল জারি থাকে।’ আমরা ঠিক বুঝে যাই, এই খেইল বা রাজনীতি শেষ হওয়ার নয়, যেন এক স্থিতাবস্থা। রাজনীতি কি স্থিতাবস্থার নিয়ত পুনরাবৃত্তি?
গণমানুষের প্রকৃত নেতা যিনি, তাঁর নেতৃত্বের প্রতি জনগণের আস্থা একটি বড় বিষয় রাজনীতিচর্চায়। পদে বা সম্পদে নিরাসক্ত, ত্যাগ ও অল্পে তুষ্টির জীবন ছিল রাজনীতিকের, যে জীবন প্রাচীনকালের অটল সংকল্পধারী সন্ন্যাসীর মতো। আর একালের ছাত্রনেতারাও বহুমূল্যের গাড়ি ছাড়া পথের ধুলা মাড়ান না।
বঙ্গবন্ধুর জীবন ও কর্ম যদি দেখি, দেখা যায়, সাতচল্লিশের পর পাকিস্তান রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করলে তিনি জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালিয়েছেন। তিনি আওয়ামী লীগকে জনগণের সংগঠন হিসেবে সেই পাঁচের দশকের শুরু থেকেই যেমন গড়ে তোলায় নিবেদিত, তেমনই নিজেকে গণতন্ত্রের প্রশ্নে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন।
বঙ্গবন্ধু শুধু ক্ষমতার জন্য রাজনীতি করেননি; মন্ত্রিত্বকে তিনি দল গড়ে তোলার চেয়ে বড় মনে করেননি, মন্ত্রীর পদ ছেড়ে সাংগঠনিক কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। বিপরীতে এই সময়ের রাজনৈতিক দল ও নেতৃত্বের কাছে রাষ্ট্রক্ষমতা দখলই একমাত্র লক্ষ্যে পরিণত হয়েছে।
আবেগ না আদর্শ, কৌশল না কূটনীতি, অবিচলতা না স্থিতিস্থাপকতা—এমন নানা দ্বান্দ্বিক অবস্থা মোকাবিলা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচাত্তরপূর্ব রাজনীতিতে নেতৃত্বের যে তুলনাতীত মানদণ্ড রেখে গেছেন, তা কেবল বাংলাদেশেই নয়, এই অঞ্চলের রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা। যাবতীয়র বিরুদ্ধে একক লড়াইয়ের যে বীরত্বব্যঞ্জক ফুটপ্রিন্ট রেখে গেছেন, দূর ভবিষ্যতেও কেউ তা অতিক্রম করার যোগ্যতা রাখেন কি? সেটা তাঁর রাজনীতি।
পঁচাত্তরের পর রাজনীতির নামে রাষ্ট্র দখলে রেখে যেভাবে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা রাজনীতি নয়।
বাংলাদেশ স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক যাত্রায় বিভিন্ন রাজনৈতিক দলের আন্তসম্পর্ক অস্বাস্থ্যকর ছিল বলা যাবে না। কিন্তু নব্বইয়ের দশকের পর থেকে তার অবনতি ঘটেছে। এর আগে অভিন্ন প্রতিপক্ষ (সেনাশাসন) ছিল বলেই কি দলগুলোর আন্তসম্পর্ক ভালো ছিল?
নব্বইয়ের দশকের গণতান্ত্রিক অভিযাত্রায় সবাই আশা করেছিল এক নতুন শুরুর। কিন্তু তখন থেকে মৈত্রীর বদলে একধরনের মেরুকরণ শুরু হয়েছে। বড় দুই রাজনৈতিক দলই ক্ষমতায় গিয়ে অপরকে নিশ্চিহ্নকরণের মনোভাব পোষণ করতে থাকে।
আমাদের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের নিদারুণ অবনতি ঘটে ২০০৪ সালের আগস্টে বিরোধী দলের সমাবেশে গ্রেনেড হামলার পর, এটি ছিল ‘অ্যাক্ট অব অ্যানিহিলেশন’। ওই হামলায় তৎকালীন বিরোধী দলের বহু নেতা-কর্মী হতাহত হয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন।
নৃশংসতা হামলার মাধ্যমেই শেষ হয়নি; ওই হামলার যথাযথ তদন্তও করেনি সে সময়কার সরকার। উল্টো ‘জজ মিয়া’ আবিষ্কার করে তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে ভিন্ন খাতে নেওয়ার অপপ্রয়াস চালিয়েছে। আর এই সময়ে বিএনপির প্রধান অভিযোগ, অহেতুক মামলা দিয়ে বিরোধী রাজনীতি দমন করছে ক্ষমতাসীন দল।
আমাদের সমাজ রাজনীতিময়। একটি ঔপনিবেশিক বা উপনিবেশ-উত্তর সমাজের হয়তো এটাই বৈশিষ্ট্য। রাজনীতিবিদেরা এ দেশে পালাবদলের প্রক্রিয়ায় চালকের আসনে থাকেন। অনেকে তারকাখ্যাতি পেয়ে যান। কেউ কেউ হয়ে যান মহাতারকা বা মেগাস্টার। রাজনীতির বাইরে অন্যান্য স্রোতোধারা থেকে যায় অলক্ষ্যে। লেখক মহিউদ্দিন আহমদ ওপরের পর্যবেক্ষণ লিখেছেন রেহমান সোবহানের ‘আনট্রাঙ্কুইল রিকালেকশনস: দ্য ইয়ারস অব ফুলফিলমেন্ট’ বইয়ের রিভিউয়ে।
এই সময়ে রাজনীতি নিয়ে আলাপে কেউ বর্তমানে থাকেন না, টাইমমেশিন নিয়ে যান তিন বা চার দশক আগে। অথচ রাজনীতি চলে বর্তমান নিয়ে। আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’র চরিত্র তমিজের বাপের মতো অতীতের ঘোরগ্রস্ততায় যেন তাদের মুক্তি। কিন্তু রাজনীতির কি মুক্তি মেলে?
ভ্লাদিমির লেনিনকে বিবেচনা করা হয় আধুনিক বিপ্লবের প্রধান তাত্ত্বিক। তিনি বলেন, পুরোনো রাষ্ট্রব্যবস্থা ক্ষমতাহীন জনগণের নিষ্পেষণের অস্ত্র। এই রাষ্ট্রব্যবস্থার ধারক প্রধানত পুঁজিবাদী শ্রেণি ও সরকারি আমলা এবং এই শ্রেণি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাষ্ট্র নামক ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। শক্তি প্রয়োগ ও প্রদর্শনের জন্য রাষ্ট্রের রয়েছে নানা উপাদান। আইন প্রয়োগের নানা বাহিনী আর প্রচারমাধ্যম তাদের বশংবদ। লেনিনের ব্যবস্থাপত্র বলে এসবের পরিবর্তন চাইলে দরকার এসবের আমূল পরিবর্তন। এসব মূলগত পরিবর্তনের স্বপ্নাবিষ্ট মানুষের একমাত্র কর্মপন্থা রাজনীতি।
শহীদুল জহিরের ‘ইন্দুর-বিলাই খেলা’ শিরোনামে একটি গল্প আছে। তাতে লেখা, ‘...এই খেলার শেষ নাই, খেলোয়াড়ের শেষ আছে; খেলোয়াড় খেলা ছেড়ে যায়, কিন্তু খেইল জারি থাকে।’ আমরা ঠিক বুঝে যাই, এই খেইল বা রাজনীতি শেষ হওয়ার নয়, যেন এক স্থিতাবস্থা। রাজনীতি কি স্থিতাবস্থার নিয়ত পুনরাবৃত্তি?
এম এম খালেকুজ্জামান আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
[email protected]