দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সামরিক ঘাঁটি পার্ল হারবারে বীভৎস আক্রমণ করার মাধ্যমে জাপান সরাসরি আমেরিকাকে যুদ্ধে উসকানি দিয়েছে বললে কম বলা হয়, সেটা আসলে ছিল যুদ্ধ ঘোষণাই। তাই জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা করা আমেরিকার জন্য ‘জায়েজ’ ছিল।
১৯৪৫ সালের ৬ আর ৯ আগস্ট হিরোশিমা আর নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা হামলা করার পর জাপান দ্রুত (১২ আগস্ট) আত্মসমর্পণে রাজি হয়ে যায়। জাপানে করা পারমাণবিক বোমা হামলা কতটা জাপানকে দ্রুত আত্মসমর্পণে বাধ্য করার জন্য আর কতটা বিশ্বযুদ্ধ শেষে নতুন বিশ্বব্যবস্থায় আমেরিকার নানা হিসাব-নিকাশের পথে মাথা তুলে দাঁড়িয়ে হিস্যা চাওয়া, সোভিয়েত ইউনিয়নকে দেখানোর জন্য সেই আলাপ থাকুক আপাতত। কিন্তু জাপানের বিরুদ্ধে পারমাণবিক বোমা হামলাকে কি ওপরে বলা যুদ্ধে উসকানি দেওয়া কিংবা যুদ্ধ ঘোষণার যুক্তি দিয়ে জায়েজ করা যায়? পারমাণবিক হামলার আশঙ্কা আবার আলোচিত হচ্ছে, তাই এই অতীত স্মরণ করলাম। এ-সংক্রান্ত বাকি আলাপ করছি কলামের পরের দিকে।
দায়িত্বশীলতার পরিচয় দিতে পারতেন কি পুতিন?
এ দেশের খুব সাধারণ শিক্ষিত মানুষ তো বটেই, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে রিয়েলিজম ধারার এ মুহূর্তের সবচেয়ে বড় পণ্ডিত (তর্কযোগ্যভাবে) জন মার্শেইমার ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের ঘাড়ে সব দোষ দিয়েছেন ‘উসকানি দেওয়া’ তত্ত্ব দিয়ে। ন্যাটো ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে উসকানি দিয়েছে, তাই রাশিয়ার এই আগ্রাসন করা ছাড়া আর কোনো উপায় ছিল না—মোটাদাগে কথা এটাই।
এ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অনেকেই বলছেন, আমেরিকার যুদ্ধ অর্থনীতির জন্য পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধ, নিদেনপক্ষে অস্থিতিশীল, অনিরাপদ অবস্থা জারি থাকা জরুরি। এটা ঠিক, ইউরোপে চলমান এ সংকট থেকে সত্যিকার অর্থেই মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের অনেক বড় ব্যবসা হবে।
বাস্তবতা হচ্ছে, ইউক্রেন আগ্রাসন করা থেকে শুরু করে পারমাণবিক হামলা পর্যন্ত পুতিনের অন্ধ সমর্থকেরাও পুতিনের কাছে দায়িত্বশীলতা আশা করেন না। সত্যিকার অর্থে দায়িত্বশীলতা যদি দেখাতে হয়, সেটা পশ্চিমকেই দেখাতে হবে। পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে বহু যৌক্তিক সমালোচনা আছে, অন্ধ না হলে সেটা যে কারও চোখে পড়বেই। কিন্তু এখনো ন্যূনতম দায়িত্বশীলতা আমরা সেই ব্যবস্থা থেকেই আশা করতে পারি।
ন্যাটো চুক্তিতে শর্ত ছিল, প্রতিটি ন্যাটো সদস্যদেশ তার জিডিপির কমপক্ষে ২ শতাংশ সামরিক ক্ষেত্রে বরাদ্দ করবে। ইউরোপের প্রায় সব কটি দেশ এ বরাদ্দের আশপাশেও ছিল না এত দিন। কোনো কোনো দেশে এটা ছিল চার-পাঁচ ভাগের এক ভাগ। ইউরোপ তার নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি আমেরিকার ওপর ছেড়ে দিয়ে বসেছিল। কিন্তু এ যুদ্ধের কারণে এর মধ্যেই ন্যাটোভুক্ত দেশগুলো সামরিক ব্যয় ন্যাটো স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলা বাহুল্য, এটাকে ভিত্তি করে ভবিষ্যতের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসায় লাভবান হবে আমেরিকান অস্ত্র কোম্পানিগুলোই। ফুলেফেঁপে উঠবে আমেরিকার যুদ্ধ অর্থনীতি।
আলোচনার খাতিরে আমরা ধরে নিই, এ সবকিছু নিশ্চিত করার জন্যই আমেরিকা ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে উসকানি দিয়েছে। তাহলে কি পুতিনের সমর্থকেরা চাইতে পারতেন না যে পুতিন দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই উসকানিতে পা দেবেন না এবং ব্যর্থ করে দেবেন আমেরিকার চক্রান্ত? কিন্তু না, সবাই চাইল দায়িত্বশীল আচরণ করবে পশ্চিমা বিশ্ব।
পুতিনের সাম্প্রতিক ভাষণ আর যুদ্ধের খারাপ মোড়
ইউক্রেন আগ্রাসনে এবার তৈরি হয়েছে একটা নতুন পরিস্থিতি—ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একটা পারমাণবিক হামলা করবেন, এ আশঙ্কা এখন যেকোনো সময়ের চাইতে বেশি। ইউক্রেন আগ্রাসন শুরুর পর দীর্ঘ সময়ের ব্যবধানে ২১ সেপ্টেম্বর পুতিন জাতির উদ্দেশে ভাষণে জানান, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো সেনা সমাবেশ করতে যাচ্ছেন (পারশিয়াল মোবিলাইজেশন)।
জেনারেল মোবিলাইজেশনের ক্ষেত্রে কোনো একটি রাষ্ট্রের যুদ্ধ করার উপযোগী বয়সের (সাধারণত ১৮ থেকে ৬০) সব পুরুষকে সরকারের নির্দেশ পেলে যুদ্ধে যোগ দিতেই হয়। পারশিয়াল মোবিলাইজেশনের আওতায় পুতিন সিদ্ধান্ত নিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনীতে কখনো কর্মরত ছিলেন অথবা সেনাবাহিনীর ট্রেনিং পেয়েছেন, এ রকম ব্যক্তিকে (রিজার্ভিস্ট) যুদ্ধে যোগ দিতে হবে। একটা সংখ্যাও জানানো হয়েছে, আপাতত তিন লাখ।
আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাশিয়া অধিকৃত ইউক্রেনের চারটি এলাকায় (লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া) গণভোটের আয়োজন করা হবে। সেই গণভোট ‘যদি রাশিয়ার সঙ্গে একত্রীকরণের পক্ষে আসে’ তাহলে এলাকাগুলোকে রাশিয়ার সঙ্গে একীভূত করা হবে। একই কাণ্ড করা হয়েছিল ক্রিমিয়া দখলের সময়। তাই এ তথাকথিত গণভোট আসলে কী এবং এর ফলাফল কী হতে যাচ্ছে, সেটা পুতিনের অন্ধ সমর্থকও বোধ করি স্পষ্টভাবেই জানেন।
এরপর পুতিন সবচেয়ে ভয়ংকর কথাটি বলেছেন সেটা হচ্ছে, ‘তাদের আক্রমণাত্মক রুশবিরোধী নীতিতে পশ্চিমা বিশ্ব সীমা অতিক্রম করেছে। এটা কোনো ফাঁকা বুলি নয়। যারা পারমাণবিক অস্ত্র দিয়ে আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছে তাদের জানা উচিত, পরিস্থিতি তাদের দিকে ঘুরতে পারে এবং তাদের লক্ষ্যবস্তু বানাতে পারে।’ প্রশ্ন হচ্ছে, আদৌ কি পশ্চিমারা পুতিনকে পারমাণবিক ব্ল্যাকমেল করছে? কারও কি চোখে পড়েছে রাশিয়াকে পারমাণবিক হামলার হুমকি-সংক্রান্ত কোনো খবর? চর্মচক্ষুতে দেখা যাচ্ছে, কাজটা করছেন পুতিন নিজেই।
পুতিনের আতঙ্কের কারণ
পুতিনের আতঙ্কটা খুব স্পষ্ট। খারকিভে প্রচণ্ড মার খেয়ে অধিকৃত এলাকার (৮-৯ হাজার বর্গকিলোমিটার) দখল হারিয়ে পিছিয়ে আসা পুতিন এখন একের পর এক দখল করা এলাকা হারানোর ঝুঁকিতে আছেন। তাই অধিকৃত বেশ কিছু এলাকা নিজের সঙ্গে একীভূত করে সেগুলোকে ‘রাশিয়া বানিয়ে ফেলা’ তাঁকে কৌশলগত দিক থেকে সুবিধা দেবে। তখন সেই এলাকাগুলোতে ইউক্রেনের আক্রমণ রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণ হিসেবে বিবেচনা করবেন তিনি। তাতে তিনি পশ্চিমাদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করতে পারবেন, যেন তারা ইউক্রেনকে অস্ত্র না দেয়। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে ব্যবহার্য একটি স্বল্প ক্ষমতার (ট্যাকটিক্যাল) পারমাণবিক বোমা হামলা করার অজুহাত তিনি পাবেন।
পুতিনের সেই ভাষণের পর ইউক্রেনে নিজেদের দখলে থাকা এলাকাগুলো রক্ষায় মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট, বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভও।
পুতিনের আগ্রাসী আচরণ করা একরকম অনুমিতই ছিল। যুদ্ধক্ষেত্রে পুতিন দখল করা এলাকা হারাচ্ছেন। অর্থনৈতিক ‘রণাঙ্গন’-এও তিনি খুব সুবিধা করে উঠতে পারছেন না। আপাতদৃষ্টিতে বেশ কিছু পদক্ষেপের মাধ্যমে কৃত্রিমভাবে রুবলের মূল্য ধরে রাখা, এমনকি সেটা বৃদ্ধি করতে পারা গেছে। সংকটের কারণে জ্বালানির মূল্য অনেক বেড়ে যাওয়ায় রাশিয়ার উপার্জন অনেক বেড়ে গেছে। কিন্তু পশ্চিমাদের নানা রকম নিষেধাজ্ঞার বড় চাপ রাশিয়ার ওপর পড়ছে, এটা নিশ্চিত হলো কয়েক দিন আগেই।
নর্ড স্ট্রিম ওয়ান গ্যাস পাইপলাইনে গ্যাসপ্রবাহ কমানো নিয়ে আগে নানা রকম কারিগরি সমস্যা এবং রক্ষণাবেক্ষণের কথা বললেও সম্প্রতি পাইপলাইন পুরো বন্ধ করে দেওয়ার পর পুতিন স্পষ্টভাবে বলেছেন, নিষেধাজ্ঞা তুলে না নিলে তিনি এ পাইপলাইনে আর গ্যাস দেবেন না। সরাসরি এ শর্ত দেওয়াই রাশিয়ার অর্থনীতির নাজুক অবস্থা প্রমাণ করে।
পুতিনের জন্য সর্বশেষ চরম আঘাতটি এসেছে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে। ইউক্রেন আগ্রাসনের আগে শীতকালীন অলিম্পিকে যোগদানের বাহানায় চীনের প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধ নিয়ে পরামর্শের বৈঠকে ‘সীমাহীন বন্ধুত্ব’-এর গ্যারান্টি পাওয়া পুতিন এবার এসসিও সম্মেলনে সেই বন্ধুত্ব যে আর ‘সীমাহীন’ নেই, সেটাও প্রকারান্তরে স্বীকার করে এলেন।
সমরকন্দে সি চিং পিংয়ের সঙ্গে আলোচনার শুরুতে টেলিভিশনে দেওয়া মন্তব্যে পুতিন সি চিন পিংকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা ইউক্রেন নিয়ে আপনার প্রশ্ন ও উদ্বেগগুলো বুঝতে পেরেছি এবং আজকের বৈঠকের সময় আমরা অবশ্যই এসব বিস্তারিতভাবে ব্যাখ্যা করব।’
এদিকে এবারের এ সম্মেলনে আগ্রাসনের শুরু থেকেই রাশিয়ার বিরুদ্ধে টুঁ শব্দটি না করা, এমনকি পশ্চিমা চাপ উপেক্ষা করে রাশিয়ার জ্বালানি কেনা ভারত প্রথমবারের মতো প্রকাশ্যে যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে। নরেন্দ্র মোদি পুতিনকে নসিহত করেছেন, ‘আমি জানি, আজকের যুগ যুদ্ধের যুগ নয়’ বলে। জবাবে পুতিন সেই উদ্বেগ স্বীকার করে জানিয়েছিলেন, তিনি দ্রুতই এ যুদ্ধ শেষ করার চেষ্টা করবেন।
এটাই আসলে হওয়ার কথা। ইউক্রেন আগ্রাসন শুরুর আগে পুতিন যে অতি স্বল্প সময়ের সহজ জয়ের স্বপ্ন দেখেছিলেন, সেটি তো হয়ইনি; বরং ইউক্রেন দাঁতে দাঁতে চেপে, মাটি কামড়ে থেকে যুদ্ধ করে যাচ্ছে। ইউক্রেনীয়রা টিকে তো আছেনই, বরং রাশিয়ানদের তিক্ত পরাজয়ের স্বাদ চেনাচ্ছেন। এ আগ্রাসনের মুখে ন্যাটো জোট বিভক্ত হয়ে তছনছ হয়ে যাবে অনুমান করা পুতিন দেখছেন, ন্যাটো আরও শক্তিশালী হয়েছে এবং তারা ইউক্রেনের পেছনে আছে খুব শক্ত প্রতিজ্ঞা নিয়ে। ইউক্রেনে আমেরিকার সঙ্গে আরও কিছু ন্যাটো দেশের সরবরাহ করা অস্ত্রের পরিমাণ ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
‘পারমাণবিক হামলা’ জায়েজ হবে কি ‘উসকানি তত্ত্ব’ দিয়ে?
পুতিন প্রায় প্রতিটা অঙ্কে ভুল প্রমাণিত হয়েছেন, এখনো হচ্ছেন। তাই সত্যিই এটা সম্ভব যে তিনি ইউক্রেনে একটি যুদ্ধক্ষেত্রে ব্যবহার্য তুলনামূলক কম সক্ষমতার (ট্যাকটিক্যাল) পারমাণবিক বোমা ব্যবহার করবেন। এটুকু যুক্ত করে রাখি, ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ব্যবহার করার মতো কোনো লক্ষ্যবস্তু (যেমন বিরাট সামরিক ঘাঁটি, বিরাট বিমানবাহী জাহাজ ইত্যাদি) আসলে নেই ইউক্রেনে; ইউক্রেন তো একধরনের গেরিলাযুদ্ধই করছে। তাই ইউক্রেনে এমন হামলা করার উদ্দেশ্য আসলে ভীতি তৈরি করা। আলোচনার খাতিরে আমরা ধরে নিই, পুতিন এটা করলেন।
যাঁরা পুতিনকে সমর্থন করছেন, তাঁরা কি তখনো এ পারমাণবিক হামলার জন্য সেই উসকানি তত্ত্ব সামনে এনে আবার পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকাকে তুলাধোনা করবেন? প্রশ্ন হচ্ছে, ইউক্রেন বা ইউক্রেনের মাধ্যমে আমেরিকা রাশিয়ার সঙ্গে যা করেছে, সেটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আমেরিকার সঙ্গে যা করেছে, তার সঙ্গে তুলনীয়? পুতিনের প্রতি অন্ধপ্রেম কিংবা পশ্চিমাদের প্রতি অন্ধ বিদ্বেষ না থাকলে ন্যূনতম কাণ্ডজ্ঞানসম্পন্ন একজন মানুষ খুব সহজেই বুঝে যাবেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাওয়া জাপানের পার্ল হারবার আক্রমণের ভয়াবহতার সঙ্গে তুলনীয় হওয়ার প্রশ্নই আসে না।
পুতিন ইউক্রেনে পারমাণবিক হামলা করার বয়ান তৈরি করার চেষ্টা করছেন। এ হামলা করতে চাওয়াটাও একরকম উদ্ভট শোনাবে। পুতিন নিজেই বলছেন, তিনি আসলে যুদ্ধ করছেন ন্যাটোর সঙ্গে। সেটাই যদি হবে, তাহলে তিনি এমন কারও বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চাইছেন, যার হাতেও প্রচুর পরিমাণে একই অস্ত্র আছে। প্রথম আলোতেই আমার আগের একটা কলামে আমি বলেছিলাম, একজন ভয়ংকর স্বৈরশাসকের পক্ষে যত সহজে ও দায়িত্বজ্ঞানহীনভাবে একটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ফেলা সম্ভব, সেটা সব সমালোচনার পরও পশ্চিমা দেশগুলোর গণতান্ত্রিক ব্যবস্থায় অতটা সহজ নয়। পশ্চিমাদের পারমাণবিক হামলার কথা দিয়ে ঠিক এই ব্ল্যাকমেলই করছেন পুতিন নিজেই।
পারমাণবিক হামলা ‘জায়েজ’ হওয়ার মতো কি কোনো পরিস্থিতি আছে?
কলামটির শিরোনামে যে প্রশ্ন করা হয়েছে, সেটা পুতিনকে করা গেলে কী জবাব দিতেন তিনি? আমাদের জবাব, আমরা জানি, পার্ল হারবারে ন্যক্কারজনক আক্রমণ ইউক্রেন সংকটের চাইতে শত গুণ বেশি ভয়াবহ পরিস্থিতি হলেও জাপানের ওপরে মার্কিন পারমাণবিক বোমা হামলাকে কোনো কিছু দিয়েই জায়েজ করা যাবে না।। এটা প্রশ্নাতীতভাবেই বিশ্বের ইতিহাসের এক চরম বর্বরতা। তাহলে ইউক্রেনের ওপরে পারমাণবিক হামলার যৌক্তিকতা নিয়ে আলোচনার তো প্রশ্নই আসে না। সত্যি বলতে, পৃথিবীতে কেউ আগে পারমাণবিক হামলা করবে, এমন কোনো পরিস্থিতি থাকতে পারে না।
বাস্তবতা হচ্ছে, ইউক্রেন আগ্রাসন করা থেকে শুরু করে পারমাণবিক হামলা পর্যন্ত পুতিনের অন্ধ সমর্থকেরাও পুতিনের কাছে দায়িত্বশীলতা আশা করেন না। সত্যিকার অর্থে দায়িত্বশীলতা যদি দেখাতে হয়, সেটা পশ্চিমকেই দেখাতে হবে। পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে বহু যৌক্তিক সমালোচনা আছে, অন্ধ না হলে সেটা যে কারও চোখে পড়বেই। কিন্তু এখনো ন্যূনতম দায়িত্বশীলতা আমরা সেই ব্যবস্থা থেকেই আশা করতে পারি। এমনকি পুতিনের অন্ধ সমর্থক এবং পশ্চিমাবিদ্বেষীরাও পশ্চিমার কাছ থেকেই সেটা আশা করেন।
জাহেদ উর রহমান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক