ঈদে ঘরে ফেরা: স্মার্ট পদ্মা সেতু-আনস্মার্ট সদরঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদরঘাট, ঢাকা
ফাইল ছবি

স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর পশ্চিম ও দক্ষিণবঙ্গের যাত্রীরা বাসে করেই গ্রামের বাড়িতে যাতায়াত করেন। এ যাত্রার ঢল নামে দুই ঈদ ও পূজার ছুটিতে। সময় কম লাগায় যাত্রীরা পদ্মা সেতুকে এখন সদরঘাটের বিকল্প হিসেবে নিয়েছেন। পদ্মা সেতুর দৃষ্টিনন্দন নকশা এবং আধুনিক প্রযুক্তিসংবলিত টোলব্যবস্থা যাতায়াতকে আরও সহজ ও স্মার্ট করেছে। উদ্বোধনের প্রথম ৩০ দিনে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৬৫৩টি। এ সময় প্রতিদিন যানবাহন চলেছে গড়ে ২১ হাজার এবং এক মাসে আয় হয়েছে ৭৬ কোটি ৯ লাখ ৮২ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ দিনে আয় হয়েছে গড়ে ২ কোটি ৫৩ লাখ টাকার বেশি। সে হিসাবে পদ্মা সেতু থেকে প্রথম বছর আয় হবে ১ হাজার ৪৩০ কোটি টাকা। সেতু নির্মাণে সরকারের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের প্রথম দুই কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার চেক ৫ এপ্রিল হস্তান্তর করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

সেতুর এই সাফল্য ধরে রাখতে শুরু থেকেই রক্ষণাবেক্ষণসহ নানা স্মার্ট পরিকল্পনা নিয়েছে। স্বচ্ছতার সঙ্গে টোল আদায়ে দায়িত্ব দেওয়া হয়েছে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে। ১০ বছর পরপর সেতুর বড় ধরনের মেরামত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। চালুর প্রথম ১০ বছরে ৫০০ কোটি টাকা, ২০তম বছরে ১ হাজার কোটি টাকা এবং ৩০ ও ৪০তম বছরে দেড় হাজার কোটি টাকা রাখা হয়েছে পরিকল্পনায়। আবার ব্যয় মিটিয়ে মুনাফা ত্বরান্বিত করতে প্রতি ১৫ বছর পরপর টোল ১০ শতাংশ হারে বৃদ্ধি বিষয়টি রাখা হয়েছে। সব মিলিয়ে স্মার্ট পদ্মা সেতু নির্মাণের প্রধান দুটি লক্ষ্য—১. মানুষ ও মালামাল সহজে নদী পারাপার করে সময় বাঁচানো, ২. দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন স্মার্টলিই চলছে।

পদ্মা সেতু
ফাইল ছবি

এ রকম একটি স্মার্ট পদ্মা সেতু তৈরি হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বদরবারে যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক মজবুত হচ্ছে।

কিন্তু এই সাফল্যে চিড় ধরাচ্ছে অনবরত গাড়ি দুর্ঘটনা। এক যানের সঙ্গে অন্য যান পাল্লা দিতে গিয়ে সড়কে মানুষের প্রাণ ঝরছে প্রায়ই। সেতু চালু হওয়ার পর এক মাসে মহাসড়কের বরিশাল অংশে ১১টি সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু ঘটেছে। দ্রুতগতির যান, সরু মহাসড়ক এবং অসংখ্য বাঁক এর জন্য দায়ী। সেতু চালু হওয়ার পর বাস বেড়েছে, কিন্তু সড়ক প্রশস্ত করা হয়নি। সঙ্গে যোগ হয়েছে বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, ওভারটেকিংয়, ট্রাফিক আইন না মানা, পরিবহনে চাঁদাবাজি, মহাসড়কে স্বল্পগতির যানবাহন যেমন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিহ বাইক, মোটরসাইকেল ইত্যাদির অবাধ চলাচল।

উদ্বোধনের প্রথম দিনে রাতে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় প্রথম দুর্ঘটনাটি ঘটে। এতে দুজন গুরুতর আহত হন, যারা পরবর্তীতে হাসপাতালে মারা যান। পরবর্তী সময়ে মোটরসাইকেল চলাচলে কঠোরতা এবং সেতু ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়োগ করা হয়। অর্থাৎ স্মার্ট পদ্মা সেতুর সাফল্য ও সৌন্দর্য ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

তবে যুগ যুগ ধরে দক্ষিণাঞ্চলে যাত্রী পারাপারে সদরঘাটই ছিল একমাত্র অবলম্বন। পদ্মা সেতু হওয়ার পর সদরঘাটের অবস্থা এখন খুবই শোচনীয়। অত্যাধুনিক কেবিন, এয়ারকন্ডিশন প্রথম শ্রেণি, সারি সারি দৃষ্টিনন্দন চেয়ারের সাধারণ শ্রেণি ইত্যাদির সমন্বয়ে শত শত দৃষ্টিনন্দন লঞ্চ ও স্টিমার বর্তমানে সদরঘাট, চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন ঘাটে অলস সময় কাটাচ্ছে। কর্মহীন হয়ে পড়েছেন হাজারো কর্মচারী। কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে লঞ্চমালিকদের।

সময়ের হিসাবটুকু বাদ দিলে বাসের চেয়ে লঞ্চে যাতায়াত অনেক সাশ্রয়ী, নিরাপদ ও আনন্দময়। রুপালি নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য এবং নদীর দুই পাড়ের সবুজ শস্য ও গাছগাছালির দৃশ্য দেখে দেখে গন্তব্যস্থলে পৌঁছতে কীভাবে যে সময় কেটে যায় টেরই পাওয়া যায় না। টিভির পর্দায় চলতে থাকে নাটক ও সিনেমা। থাকে সুস্বাদু তাজা মাছের নানা তরকারি, যা ভক্ষণে জিহ্বায় স্বাদ লেগে থাকে বহুদিন।

এগুলো বাসযাত্রায় কখনোই সম্ভব হয় না। তবে এসব আনন্দের মধ্যেও এখানে মাঝেমধ্যে বিষাদ নেমে আসে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে লঞ্চডুবি এবং পরস্পরের সংঘর্ষে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

টার্মিনালে হকার ও কুলিদের উৎপাত, যাত্রীর ব্যাগ নিয়ে টানাটানি, লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনায় ভুক্তভোগী হননি এমন কে আছে। অপরিষ্কার প্ল্যাটফর্মে পা পিছলে পড়ে যাত্রীর মৃত্যুর ঘটনাও আছে।

একেবারে গুলিস্তান থেকে শুরু করে ইংলিশ রোড, বাহাদুরশাহ পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে মূল ঘাট পর্যন্ত সরু রাস্তা, অতিরিক্ত রিকশা ও ফুটপাতে অসংখ্য দোকান থাকায় যাত্রী চলাচলে ভোগান্তির যেন অন্ত নেই। অর্থাৎ স্মার্ট পদ্মা সেতুর বিপরীতে সদরঘাটমুখী এ রাস্তা একেবারেই বেমানান বা আনস্মার্ট।

যাত্রীরা দীর্ঘদিন যাবৎই এ অব্যবস্থাপনার বিকল্প খুঁজছিলেন, যা করে দিয়েছে স্মার্ট পদ্মা সেতু। তাই যাত্রীদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণের জন্য সদরঘাটকে যুগোপযোগী বা স্মার্ট করার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন

স্মার্ট করার লক্ষ্যে সড়ক, নৌ এবং বন্দর কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা হলো চলমান ফ্লাইওভারগুলোকে বিভিন্ন দিক থেকে সদরঘাট পর্যন্ত বর্ধিত করা; জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুরশাহ পার্ক এলাকার সরু রাস্তাগুলো প্রশস্ত করা; যেকোনো মূল্যে ফুটপাতে হকার বসা বন্ধ করা; বৃষ্টির পানি জমে যাতে কর্দমাক্ত না হয়, সেদিকে নজরদারিসহ ঘাটের প্ল্যাটফর্ম হকারমুক্ত ও পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা; প্ল্যাটফর্মের পাটাতনের বিভিন্ন স্থানে ভাঙা, উঁচু-নিচু স্পট সরিয়ে একই লেভেল করা; পানির দুর্গন্ধ দূর করতে অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া; ঈদ, পূজা ও লম্বা ছুটিগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করে রাস্তা যানজটমুক্ত রেখে দ্রুততম সময়ে গুলিস্তান থেকে সদরঘাটে পৌঁছার ব্যবস্থা করা; নির্ধারিত ভাড়ায় নির্দিষ্ট যাত্রী নিয়ে নির্দিষ্ট সময়ে লঞ্চ ছাড়ার নিশ্চয়তা বিধান করা; টার্মিনালের সর্বত্র, প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা; প্রশিক্ষিত সারেং, কর্মচারী ও নিরাপত্তাকর্মী রাখা এবং তাঁদের সম্মানজনক বেতনের নিশ্চয়তাসহ জীবনবিমার উদ্যোগ নেওয়া; স্টাফদের ব্যবহার ও আচরণে স্মার্টনেস এবং যাত্রীসেবামুখী হওয়া।

সর্বোপরি সব আয়োজনে সদরঘাটকে একটি স্মার্ট যাত্রীঘাটে পরিণত করা ইত্যাদি। অতীব গুরুত্বের সঙ্গে ভাবতে হবে, এই শিল্পে নিয়োজিত হাজার হাজার শ্রমিক, শত শত লঞ্চ ও জাহাজে কোটি কোটি টাকা বিনিয়োগের কথা। অন্যথায় শত বছরের পুরোনো এই টার্মিনাল, লঞ্চ ও জাহাজ জাদুঘরেও ঠাঁই পাবে না।

  • ড. এম মেসবাহউদ্দিন সরকার অধ্যাপক ও তথ্যপ্রযুক্তিবিদ, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়