মহাসমাবেশ–শান্তি সমাবেশ: একদিন আগে যা দেখা গেল ঢাকার রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার বেলা ১টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সংবাদকর্মীরা
ছবি : লেখক

কয়েক দিন ধরে সংবাদপত্রের পাতা, টেলিভিশনের সংবাদ ও টক শো এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের টাইমলাইন দেখলে একটা রাজনৈতিক যুদ্ধ যে আসন্ন, তার আলামত পাওয়া যাবেই। বিএনপির মহাসমাবেশের পাল্টায় আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ ডেকেছে। জাতীয় নির্বাচনের মাত্র দুই মাস আগে নয়াপল্টন ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট—মাত্র দেড় কিলোমিটার দূরত্বে নির্বাচনসহ আর সব রাজনৈতিক ইস্যুতে পুরোপুরি বিপরীত মেরুতে থাকা দেশের প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষের কর্মসূচি ঘিরে কোনো কোনো নেতা যে যুদ্ধংদেহী বক্তব্য দিয়েছেন, তাতে দল-মত-জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যেই ভয়, উৎকণ্ঠা, উদ্বেগ এবং অনেক ক্ষেত্রেই অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।

ঢাকায় প্রবেশমুখে পুলিশ ও র‌্যাবের তল্লাশি, দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার, সমাবেশস্থল নিয়ে সংকট, সমাবেশে লগি-বইঠা নিয়ে আসার জন্য ঢাকার মেয়রের দেওয়া বক্তব্য এবং শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর হঠাৎ সমাবেশের ঘোষণা—শঙ্কার মেঘ আরও বহুদূর বিস্তৃত হয়েছে। যে যেখানে থাকুন, আমজনতার সবার একই প্রশ্ন—২৮ অক্টোবর আসলে কী হতে চলেছে?

বিরোধী দল ও সরকারি দল—দুই পক্ষের অনেকেই মনে করেন, ২৮ অক্টোবর থেকে পরবর্তী কয়েক দিন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল সময়। তাঁদের কারও কারও বিবেচনায়, ২৮ অক্টোবর রাজনীতির জন্য এক অর্থে সন্ধিক্ষণ।রাজনীতিবিদদের বক্তব্যে, গণমাধ্যমের খবরে ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস যখন ১০ নম্বর বিপৎসংকেত প্রায় ছুঁয়ে ফেলেছে, তখন শক্তির মহড়ায় নামার এক দিন আগে ঢাকার জনজীবনে তার প্রভাবে কেমন, তার সুলুক সন্ধানে নেমেছিলাম।

শেষ গন্তব্য নয়াপল্টন। এবারে ঘটনাচক্রে রিকশাচালকের বাড়ি বগুড়া। বাড়ি, ছেলেমেয়ে, সংসার, জীবিকার গল্প বেশ উৎসাহ নিয়ে বললেও রাজনীতির প্রসঙ্গ উঠলে বেশ সতর্ক উত্তর। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁর জড়তা ভাঙা গেল না।

গ্রিন রোডের বাসা থেকে বের হয়ে পান্থপথ মোড় পর্যন্ত হেঁটে আসতে গিয়ে মনে হলো, আর সব ছুটির দিনের মতোই আজকের (শুক্রবার) সকালবেলাটা কর্মব্যস্ততাহীন। পান্থপথে ফুটপাতের পাশের চায়ের দোকানগুলোতে পথচলতি পথিক আর রিকশাচালকদের চা, বানরুটি খাওয়ার স্বাভাবিক দৃশ্যই চোখে পড়ল। একটা টংদোকানে চা নিয়ে বসে আলাপ জমাতে চেষ্টা করলাম। জিনিসপত্রের দামের প্রসঙ্গ থেকে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশের প্রসঙ্গ উঠলেই সবাই কেমন যেন চুপ করে গেলেন। বুঝলাম, কথা আর এগোবে না। অগত্যা উঠে পড়লাম। অন্য দিনের মতো রাস্তায় গাড়ি, মোটরসাইকেলের চাপ নেই।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশপথের পাশে উন্মুক্ত লাইব্রেরি চত্বরও ফাঁকা।
ছবি : লেখক

পান্থপথ থেকে রিকশায় করে শাহবাগের দিকে রওনা দিলাম। সদ্য ৪০ পেরোনো রিকশাচালকের নামটি বেশ ব্যতিক্রম। মো. বাউল হোসেন। নওগাঁয় বাড়ি। নিজের বিঘা দুই জমি আছে। একবার আমন আর একবার ইরি ধান চাষ করেন। আরও চার-পাঁচ বিঘা জমি লিজ নিয়ে ধান, আলুর আবাদ করেন। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসার। শুধু কৃষিকাজ করে সংসার চলে না। বছরে পাঁচ-ছয় মাস ঢাকায় এসে রিকশা চালান।

থাকেন মোহাম্মদপুরে। বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে জানতে চাইলে বলেন, ‘টেলিভিশনে দেখলাম, নেতারা জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন। ভয়ও লাগে। কিন্তু আমাদের কাছে পেটনীতিই তো বড় রাজনীতি। রাস্তায় রিকশা নিয়ে নামলেই মহাজনকে (রিকশার মালিক) দিতে হয় ১২০ টাকা।’ যেখানে থাকেন সেখানে থাকা-খাওয়ার জন্য রোজ দিতে হয় ১৪০ টাকা। সারা দিন চা, নাশতায় খরচ হয় ১০০ টাকা। ১০-১২ ঘণ্টা রিকশা চালানোর পর দিনে থাকে ৫৫০ থেকে ৬০০ টাকা।

নিজের থেকেই জানালেন বাউল হোসেন আওয়ামী লীগের সমর্থক। ভোটার হওয়ার পর জীবনে একবারই ভোট দিতে পেরেছেন। সামনের নির্বাচনে ভোট দিতে পারলে তাঁর খুশিই লাগত। কিন্তু রাজনীতি কোন দিকে যাবে, তিনি বলতে পারেন না।  

নানা বিষয়ে টুকটাক কথা বলতে বলতে সাপ্তাহিক ছুটির দিনের সকালের ফাঁকা ঢাকায় শাহবাগে পৌঁছে গেলাম। ভাড়া দেওয়ার পর জানালেন, কাল রিকশা নিয়ে মোহাম্মদপুরের আশপাশেই থাকবেন। তাঁর মহাজন স্থানীয় পর্যায়ের বিএনপির একজন নেতা। রাজনীতির জন্য জেলও খেটেছেন। ৬০টির মতো রিকশা আছে। তাঁর কাছ থেকে যাঁরা রিকশা নিয়ে চালান, তাঁদের তিনি আগামীকাল সাবধানে রিকশা চালানোর জন্য সতর্ক করে দিয়েছেন।

প্রেসক্লাবের সামনে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে সমাবেশ চলছে।
ছবি : লেখক

গণজাগরণ মঞ্চের পর থেকেই শাহবাগ ঢাকার সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্র। ছুটির দিনের সকাল হওয়ায় চায়ের টংদোকান ও চটপটি-ফুচকার দোকানগুলোতে পরিচিত ভিড় নেই। জাদুঘরের সামনে রাস্তাজুড়ে মঞ্চ তৈরি হচ্ছে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে বিকেলে ‘বাংলাদেশ সুরক্ষা সমাবেশ’-এর আয়োজন করা হয়েছে। মঞ্চের ব্যানারে লেখা, ‘সাম্রাজ্যবাদের কালো থাবা ও স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় সরকার প্রতিষ্ঠায় ১৯৭১-এর ন্যায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’। মঞ্চের কিছুটা দূরে একটি চায়ের দোকানে চেয়ার পেতে তিন পুলিশ সদস্য বেশ রিলাক্স ভঙ্গিতেই গল্প করছেন।

শাহবাগ থেকে হেঁটে হেঁটে মধুর ক্যানটিন, কলা ভবন, লাইব্রেরি চত্বর হয়ে হাকিম চত্বর। অন্যান্য ছুটির দিনের সকালের মতোই এতটাই নীরব যে দোয়েল কিংবা শালিকের ডাকও অনায়াসে শোনা যায়। টিএসসির সামনে কিছুটা ব্যস্ততা। রাজু ভাস্কর্যে সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে জনা ১৫ চাকরিপ্রার্থীর অনশন কর্মসূচি আর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশপথের পাশে উন্মুক্ত লাইব্রেরি চত্বরও ফাঁকা। ছাত্রলীগ কিংবা অন্য কোনো সংগঠনের নেতা-কর্মীদের আনাগোনা নেই। শুধু মিলন চত্বরে কয়েকজন পুলিশ বসে আছেন।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে রিকশায় প্রেসক্লাব। এবারের রিকশাচালক ময়মনসিংহের ফুলবাড়ীর। জানালেন, কাল বেলা দুইটা পর্যন্ত রিকশা চালাবেন। কী হয় না হয়, তা দেখে তারপর আবার সন্ধ্যায় রিকশা নিয়ে নামবেন। জিনিসপত্রের যেন দাম কমে, রাস্তায় যেন মারামারি-গন্ডগোল না হয়, সেটাই তাঁর চাওয়া। বললেন, নেতায় নেতায় তো ঠিকই মিল আছে, মাঝখান থেকে মার খায় গরিব মানুষ।

প্রেসক্লাবের সামনে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে সমাবেশ চলছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বক্তব্য দিচ্ছেন। কিছু দূরে বেঞ্চিতে হেলান দিয়ে কয়েকজন পুলিশ। বেশ আবেগপূর্ণ ও বলিষ্ঠ কণ্ঠ। দলীয় নেতা-কর্মীদের বাইরে বেশ কয়েকজন রিকশাচালক, পথচারী ও মেট্রোরেলের উন্নয়নকাজের কয়েকজন শ্রমিক তাঁর বক্তব্য শুনছেন। কেউ কেউ হাততালিও দিচ্ছেন। তাঁদের একজনকে হাততালি দেওয়ার কারণ জিজ্ঞেস করলে জানালেন, তাঁর স্ত্রী পোশাক কারখানায় চাকরি করেন। তিনি বলেন, ‘শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যাপারে প্রেসক্লাবের সামনে প্রোগ্রাম করা ছোট দলগুলোই ন্যায্য কথা বলে। বড় কোনো দল তো এ নিয়ে কথা বলে না। পেঁপের কেজিও যেখানে ৪০ টাকা, সেই বাজারে ৮-১০ হাজার টাকায় আমরা কীভাবে চলব?’

প্রেসক্লাব থেকে গুলিস্তান হয়ে বায়তুল মোকাররম। এখানেই আগামীকাল শনিবার আওয়ামী লীগের সমাবেশ। কিন্তু কোথাও কোনো প্রস্তুতি আয়োজন চোখে পড়েনি। ফুটপাতের হকার ও দোকানিরা তাঁদের পসরা নিয়ে বসে আছেন। কিন্তু ক্রেতাদেরও খুব একটা ভিড় নেই। বায়তুল মোকাররমের সামনে কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতা ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা বিক্রি করছেন।

শেষ গন্তব্য নয়াপল্টন। বিএনপির সমাবেশস্থল। এবারে ঘটনাচক্রে রিকশাচালকের বাড়ি বগুড়া। বাড়ি, ছেলেমেয়ে, সংসার, জীবিকার গল্প বেশ উৎসাহ নিয়ে বললেও রাজনীতির প্রসঙ্গ উঠলে বেশ সতর্ক উত্তর। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁর জড়তা ভাঙা গেল না। বিএনপির কার্যালয়ের কিছুটা দূরেই রিকশা থেকে নেমে পড়লাম। ঘড়িতে তখন প্রায় বেলা একটা। কিছু নেতা-কর্মী জড়ো হয়েছেন, আছেন বেশ কয়েকজন সংবাদকর্মী। কিছুটা দূরে বেশ সতর্ক অবস্থান নিয়ে দাঁড়িয়ে পুলিশ। আরও কিছুটা দূরে রিকশাচালক, ঠেলাগাড়িতে খাবার বিক্রি করতে আনা হকারসহ বেশ কয়েকজন শ্রমজীবীও ভিড় করে আছেন। কাকতালীয় হলেও বাংলাদেশের রাজনীতির প্রতীকী এক বাস্তবতা। সাধারণ মানুষই রাজনীতি থেকে বাদ পড়ে যাওয়া বর্গ।

প্রশ্ন হলো ২৮ অক্টোবর কি হতে যাচ্ছে, সেই প্রশ্নটা কেন আসবে? গত ৫০ বছরে দেশের রাজনীতিবিদেরা গণতান্ত্রিক রাজনীতির প্রশ্নে যে সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়ে এসেছেন তার মাসুল কেন সাধারণ মানুষ দেবে?

  • মনোজ দে প্রথম আলোর সম্পাদকীয় সহকারী