বাংলাদেশের বিদেশগামী রোগীদের ৫৩ শতাংশ যান রোগ নির্ণয়ের জন্য। প্রথম আলোয় এই সংবাদ ছাপা হয়েছে গত ২২ ডিসেম্বর। ঢাকায় অনুষ্ঠিত ‘চিকিৎসাসেবায় বিদেশমুখিতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী অধিকাংশের মতে, দেশের চিকিৎসাব্যবস্থায় আস্থা না থাকায় মানুষ বিদেশে যান। প্রশ্নটি বাংলাদেশের স্বাস্থ্য খাতে বহুল আলোচিত এক বিষয়। ল্যাবরেটরিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার আলোকে একজন ল্যাবরেটরি পরিচালক হিসেবে আমার মতামত তুলে ধরছি।
বিদেশমুখিতার কারণ
রোগীদের বিদেশমুখিতার মূল কারণ আস্থাহীনতা। এই আস্থাহীনতা তৈরি হয়েছে ভুল ও অনির্ভরযোগ্য রিপোর্ট প্রদানের কারণে। এই খাতে দক্ষ ও অভিজ্ঞ জনবলের অভাব রয়েছে। যত্রতত্র গড়ে উঠেছে অনুমোদনহীন ও নিম্নমানের ল্যাবরেটরি। আগে থেকে স্বাক্ষর করে রাখা রিপোর্ট প্যাডে ভিত্তিহীন একটা রেজাল্ট বসিয়ে তা রোগীদের সরবরাহ করার নজির আছে। ছোট ল্যাবগুলোর এসব অনিয়মের পাশাপাশি অনেক বড় ল্যাবরেটরির অ্যাক্রেডিটেশন নেই। অনেক জায়গায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে টেস্ট করা হতো।
কিন্তু সুখের কথা হলো সাম্প্রতিককালে এই খাতে অনেক শিক্ষিত ও দক্ষ জনবল যুক্ত হয়েছে। বিশেষ করে ডায়াগনস্টিক সেক্টরে বেসরকারি খাত উন্মুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে পাস করা মেধাবী ছাত্ররা এই পেশায় যুক্ত হয়েছে। এর ফলে ল্যাবরেটরি রিপোর্টের গ্রহণযোগ্যতা বেড়েছে।
এর আগে ল্যাবরেটরিগুলো মূলত টেকনিশিয়ান অথবা টেকনোলজিস্টনির্ভর ছিল। তাদের দেখাশোনা বা তদারকি করার মতো কেউ ছিল না। ল্যাবরেটরির মান নির্ণয়ের মূল কাজটি করে থাকেন বায়োকেমিস্টরা। বিষয়টি বুঝতে পেরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকগুলো ল্যাবরেটরি টেস্টের মান উন্নয়ন ও সুপারভিশনের জন্য ব্যাপক হারে বায়োকেমিস্ট নিয়োগ দেওয়ার পর থেকে পরিস্থিতির উন্নতি হতে থাকে। কারণ, আগে ল্যাবরেটরিগুলোয় অটো অ্যানালাইজার অপারেশন, মান নিয়ন্ত্রণ, টেস্ট ভেলিডিটেশন, ল্যাব অটোমেশন ও টোটাল সুপারভিশন করার কোনো লোক ছিল না। টেকনিশিয়ান অথবা টেকনোলজিস্টরা যা টেস্ট রেজাল্ট দিত তাই প্যাথলজিস্টরা স্বাক্ষর করে রিপোর্ট দিতেন।
ল্যাবরেটরি খাতের বর্তমান অবস্থা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী উপজেলা, জেলা ও কেন্দ্রীয়ভাবে সরকারি হাসপাতালের সংখ্যা ৬৩৯। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরে নিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের সংখ্যা ৫ হাজার ৫৭৭। এর বাইরে সারা দেশে নিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বা রোগনির্ণয়কেন্দ্র আছে ১০ হাজার ৭২৭টি ও ব্লাড ব্যাংক আছে ১৪০টি। এসব ল্যাবরেটরিতে মেডিকেল বায়োকেমিস্ট তথা চিকিৎসকের সংখ্যা নিতান্তই অপ্রতুল।
উপজেলা পর্যায়ে টেকনোলজিস্টরাই রিপোর্ট স্বাক্ষর করেন। অথচ জেলা ও উপজেলা পর্যায়ে কোনো সরকারি হাসপাতাল ল্যাবরেটরিতে কোনো বায়োকেমিস্ট নেই। অজানা কারণে নিয়োগ বন্ধ আছে। যেখানে ঢাকা এবং বিভাগীয় শহরগুলোতেই ডায়াগনস্টিক সেবা দেওয়ার মতো পর্যাপ্ত মেডিকেল বায়োকেমিস্ট নেই সেখানে জেলা, উপজেলা, পর্যায়ের কথা বলা বাহুল্য। অন্যদিকে রাজধানী থেকে জেলা পর্যায় পর্যন্ত সব বড় বেসরকারি ডায়াগনস্টিকগুলোয় বায়োকেমিস্টরা সুনামের সঙ্গে পূর্ণকালীন সেবা দিয়ে আসছেন। বাস্তবতা হলো এতগুলো ল্যাবরেটরিতে অল্পসংখ্যক মেডিকেল বায়োকেমিস্ট বা শুধু চিকিৎসকদের পক্ষে সেবা দেওয়া সম্ভব নয়।
বাংলাদেশে বায়োকেমিস্টদের ভূমিকা
আইসিডিডিআরবি, বারডেম, বিএসএমএমইউএর প্রতিষ্ঠালগ্ন থেকে বায়োকেমিস্টরা সেবা দিয়ে আসছে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও মেডিকেল ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে সহস্রাধিক বায়োকেমিস্ট কর্মরত আছেন এবং তাঁরা সুনামের সঙ্গে দেশে আধুনিক ও মানসম্পন্ন সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় ল্যাবরেটরিগুলোয় স্বাস্থ্যসেবার মান আজ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে।
বর্তমানে বাংলাদেশের ভালো ডায়াগনস্টিক সেন্টারগুলোর রিপোর্ট সারা পৃথিবীতে গ্রহণযোগ্য। এ ছাড়া মেডিকেল ডায়াগনস্টিক ল্যাবরেটরির আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আইএসও ১৫১৮৯-এর ওপর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত মোট নিরীক্ষকের এর তিন-চতুর্থাংশই বায়োকেমিস্ট। যাঁরা ল্যাবরেটরির আন্তর্জাতিক মান সনদ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কোভিড মহামারির সেই কঠিন দিনগুলোয় সবার আগে কোভিড রোগ নির্ণয়ের জন্য পিসিআর মেশিন নিয়ে এগিয়ে এসেছিল বায়োকেমিস্টরা। তাঁরা জীবনের তোয়াক্কা না করে সারা দেশে সিসিআর মেশিন স্থাপন করে, প্রশিক্ষণ দিয়ে দেশের আনাচকানাচে কোভিড রোগ নির্ণয়ের উদ্যোগ নিয়েছিলেন।
স্বাস্থ্য খাতে অশনিসংকেত
চিকিৎসক, বায়োকেমিস্ট ও টেকনোলজিস্টদের হাত ধরে দেশের ডায়াগনস্টিক সেবা এগিয়ে যাচ্ছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তৈরি করা স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের খসড়া, যা সম্প্রতি স্বাস্থ্যসেবা ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ হিসেবে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেখানে ৯ নম্বর ধারার ৪ নম্বর উপধারায় বলা হয়েছে, ‘সকল ল্যাবরেটরি ও রেডিওলজি রিপোর্টে বিএমডিসি রেজিস্টার্ড বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষর থাকতে হবে।’ এর মানে হলো ল্যাবরেটরির সব বিভাগে বিশেষজ্ঞ হিসেবে শুধু চিকিৎসকেরা স্বাক্ষর করতে পারবেন আর কেউ নয়। এটা সম্পূর্ণ বৈষম্যমূলক, অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। এটা স্বাস্থ্য খাতে অশনিসংকেত ছাড়া আর কিছু নয়। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ল্যাবরেটরি টেস্টের মানের অবনতি হবে।
বিশ্বে বায়োকেমিস্টদের অবস্থান
সারা বিশ্বে ল্যাবরেটরি সেক্টরে নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে চিকিৎসক ও বায়োকেমিস্টরা পাশাপাশি কাজ করে আসছেন। বিশ্বের স্বীকৃত উন্নত স্বাস্থ্যব্যবস্থার সব দেশে বায়োকেমিস্টরা রোগনির্ণয়ের জন্য স্বীকৃত এবং তাঁদের টেস্ট রিসোর্টে সিগনেটরি অথরিটি আছে। শুধু তা-ই নয়, দেশের অভ্যন্তরে গামকা (মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে পাঠানো জনশক্তির মেডিকেল টেস্টের প্রতিষ্ঠান) নামে একটি প্রতিষ্ঠান আছে, যেখানে বায়োকেমিস্ট নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।
২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর দেশে সব ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন সাধিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য সেক্টরের মতো স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য একটি স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করেছেন। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী দেশে রোগীদের যাওয়া কমে এসেছে। দেশে রোগনির্ণয়ের ওপর রোগীদের আস্থা যখন ফিরে আসছে তখন বায়োকেমিস্টদের বাদ দিয়ে আইন করে বিতর্কিত ধারা স্বাস্থ্য সুরক্ষা আইনে সংযোজন করলে তা কক্ষনো সুফল বয়ে আনবে না। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের স্বাস্থ্য খাত। এত দিন ধরে এই সেক্টরে যে অগ্রগতি হয়েছিল, তা আবার পিছিয়ে পড়বে। বায়োকেমিস্টরা এই পেশা থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং তাঁরা তাঁদের মেধা দেশের বাইরে কাজে লাগাবেন।
যা করা উচিত
ল্যাবরেটরি টেস্টের মান উন্নয়নে নিচের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন:
১. সব ল্যাবরেটরির বৈধ অনুমোদন, উপযুক্ত যন্ত্রপাতি ও প্রয়োজনীয় দক্ষ জনবল থাকতে হবে।
২. স্বাস্থ্য সুরক্ষা আইন থেকে বিতর্কিত ও বৈষম্যমূলক ৯ নম্বর ধারার ৪ নম্বর উপধারা বাদ দিতে হবে এবং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি সব সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে বায়োকেমিস্টদের নিয়োগ বাধ্যতামূলক করতে হবে।
৩. দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের স্বার্থে যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়নের মাধ্যমে বায়োকেমিস্টদের কর্মপরিধি ও পেশাগত সুরক্ষার জন্য উপযুক্ত নীতিমালা প্রণয়ন করতে হবে।
৪. পর্যায়ক্রমে সব ল্যাবরেটরিকে অ্যাক্রিডিটেশনের আওতায় আনতে হবে।
৫. মান যাচাইয়ের জন্য নিয়মিত ইন্টারনাল ও এক্সটারনাল কোয়ালিটি কন্ট্রোল করতে হবে।
৬. শুধু নিত্যনতুন যন্ত্রপাতি সংযোজন করলেই হবে না নিয়মিত জনবলের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
৭. শুধু লাইসেন্স নবায়ন নয়, সম্পূর্ণ মান নিয়ন্ত্রণ পরীক্ষায় পাস করার পর নতুন করে ল্যাবরেটরি নবায়নের অনুমতি দিতে হবে।
পরিপূর্ণ ল্যাবরেটরি গড়ে তুলতে হলে চিকিৎসকদের ও বায়োকেমিস্টদের পাশাপাশি কাজ করতে দিতে হবে। আমাদের মুখ্য উদ্দেশ্য স্বাস্থ্য খাতের উন্নয়ন ও রোগীদের সঠিক রোগনির্ণয়।
মুহাম্মদ শফিকুর রহমান পরিচালক (ল্যাবরেটরি), ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি
(এই লেখায় লেখকের নিজস্ব মত প্রতিফলিত হয়েছে)