‘পরীক্ষার্থীদের খুদে বার্তা পাঠাতে কত টাকা খরচ হতো বাংলাদেশ ব্যাংকের?’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যিই কি ব্যাপার প্রার্থীদের মুঠোফোনের নম্বরে একটি খুদে বার্তা পাঠানো এতটা ঝক্কির?

রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইটহুড’ প্রত্যাখ্যান করলে প্রিয়জনেরা তাঁকে চিঠি লিখে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে ছোট বার্তাটি ছিল জগদীশচন্দ্র বসুর লেখা। ১৯১৯ সালের ২ জুন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখে পাঠালেন ‘বন্ধু তুমি ধন্য’। এ হলো প্রীতির সংক্ষিপ্ত রূপ। কিন্তু টরে টক্কা টেলিগ্রাফে ‘ফাদার সিরিয়াস, কাম শার্প’ চিরকুটের গল্প এ প্রজন্মেরও অজানা নয়। ওই চার শব্দেই হন্তদন্ত হয়ে স্টেশনমুখো হতেন বহু দূরে থাকা সন্তানটি। প্রিয়জনের অন্তিম মুহূর্তের খবর পাওয়ার একমাত্র ভরসা ছিল টেলিগ্রাফের খুদে বার্তাটুকু। কয়েকটি শব্দে জরুরি খবর পৌঁছে দেওয়ার ধরন বদলেছে ঠিকই, কিন্তু মানবিক তাগাদার পরিবর্তন কখনো হয় না।

আরও পড়ুন

এখন মুঠোফোনে দিনভর আসতে থাকে অমুক কোম্পানির বিজ্ঞাপন থেকে তমুক ব্যাংকের তথ্য। দিনে পাঁচবার মুছে ফেলতে হয় অপ্রয়োজনীয় বার্তা। এর মধ্যে টুং করে ওঠে চিকিৎসকের সিরিয়াল বা ব্যাংক থেকে আসা বেতনের খবরটি। সেই ছোট্ট একটি বার্তা না পাওয়ায় এবার হতাশ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে চাওয়া কয়েক শ প্রার্থী। যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি বলে যোগ্য হয়েও ২৮ অক্টোবর অনুষ্ঠেয় পরীক্ষায় অংশ নিতে পারছেন না ।

পরীক্ষার তিন মাস আগেই শেষ হয়েছে প্রবেশপত্র সংগ্রহের সময়। গত ১০ মে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আবেদনের সময় ১৫ জুন পর্যন্ত। এরপর যাচাই-বাছাই করে ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশপত্র দেওয়া হয়।

সংগ্রহের সময় ছিল ৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত মাত্র ২১ দিন। খবরটি তিনটি সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয়। তবে পরীক্ষার্থীদের মুঠোফোন বা ই-মেইলের ঠিকানায় এ-সংক্রান্ত কোনো বার্তা দেয় না বাংলাদেশ ব্যাংক। কিন্তু মুঠোফোন ব্যবহারে অভ্যস্ত কয়েক শ প্রার্থী ধরেই নিয়েছিলেন, তাঁরা খবর পাবেন খুদে বার্তায়। এই প্রার্থীরা ব্যস্ত ছিলেন প্রস্তুতি নিয়ে। পরীক্ষার দুই সপ্তাহ আগে প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে দেখলেন সাড়ে সর্বনাশ। প্রবেশপত্র সংগ্রহের সুযোগ আরও তিন মাস আগেই শেষ।

খবরটি প্রথম জানা গেল রাজধানীর মিরপুরের বাসিন্দা ইংরেজি সাহিত্য নিয়ে মাস্টার্সপড়ুয়া সাবেরা তাবাসসুম (ছদ্মনাম) যখন সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করলেন। তাবাসসুমের অভিযোগ, ‘হাতে গোনা তিনটা পত্রিকার গ্রাহক সব পরীক্ষার্থী না। প্রস্তুতি নেব না প্রতিদিন একবার করে ব্যাংকের ওয়েবসাইট দেখব? পরীক্ষার তিন মাস আগে প্রবেশপত্র সংগ্রহের সময় শেষ হতে পারে, এটা কি আপনারা ভাবতে পারেন? আমাদের ই-মেইল, ফোন নম্বর—সবই দেওয়া ছিল। পরীক্ষার্থীদের এসএমএস পাঠাতে কত টাকা খরচ হতো বাংলাদেশ ব্যাংকের?’

আরও পড়ুন

প্রবেশপত্র পাওয়ার তথ্যটি মুঠোফোনে আসবে, এমন বিশ্বাস শুধু তাবাসসুম আর তাঁর বন্ধুদের নয়, কয়েক শ প্রার্থীর। বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেল তাঁরা দুজন অন্তত ৮০ জন প্রার্থীর ফোন ধরেছেন একই অভিযোগে। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন বললেন, পরীক্ষা দিতে যোগ্য বিবেচিত হওয়া কয়েক শ প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করেননি ওয়েবসাইট থেকে। হাজার না হলেও সংখ্যাটি কাছাকাছি হতে পারে। এ থেকে বোঝা যাচ্ছে কয়েক শ প্রার্থী অংশ নিতে পারবেন না এবারের পরীক্ষায়।

সত্যিই কি এতটা ঝক্কির ব্যাপার প্রার্থীদের মুঠোফোনের নম্বরে একটি খুদে বার্তা পাঠানো? এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এবারের পরীক্ষার জন্য ১ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন তাঁদের প্রবেশপত্র ডাউনলোড করেছেন। তাঁরা এসএমএস ছাড়াই সংগ্রহ করেছেন। এসএমএস দেওয়া হবে, এমন কথা তো কোনো বিজ্ঞপ্তিতেই উল্লেখ ছিল না।’ অকাট্য এই বক্তব্যে পাল্টা যুক্তি নেই। তবে পরীক্ষার্থীদের পক্ষ থেকে দু-একটা প্রশ্ন থেকে যায়।

বাংলাদেশ ব্যাংক তাদের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের এসএমএস পাঠায় না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে এই ব্যবস্থা নেওয়া যাবে না। বরং একটি খুদে বার্তা না পাঠানোয় যেমন অনেক প্রার্থী বঞ্চিত হচ্ছেন, তেমনি এই পরীক্ষার ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠছে। তারা কি সংখ্যা কমাতে চাইছে?

জীবনের এত সংগ্রামের মধ্যে সেই মে মাসে আবেদন করা পরীক্ষার নিয়োগপত্র সংগ্রহের খবর কি প্রতিদিন মনে রাখা সম্ভব? যে প্রক্রিয়ায় দু-তিনটি সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এটাও কি জানানোর জন্য যথেষ্ট? বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্রের গ্রাহকদের এসএমএস পাঠাতে পারলে নিয়োগ প্রার্থীদের দিতে পারবে না কেন?

বাংলাদেশ ব্যাংক তাদের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের এসএমএস পাঠায় না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে এই ব্যবস্থা নেওয়া যাবে না। বরং একটি খুদে বার্তা না পাঠানোয় যেমন অনেক প্রার্থী বঞ্চিত হচ্ছেন, তেমনি এই পরীক্ষার ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠছে। তারা কি সংখ্যা কমাতে চাইছে? পাবলিক পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে আলাপ হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সঙ্গে। তিনি বলেন, ‘বিজ্ঞপ্তি চোখে পড়ার মতো করেই প্রকাশ করা উচিত। আর খুদে বার্তা পাঠানোর ব্যবস্থা না থাকলে দীর্ঘদিনের প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের চোখ এড়িয়ে যেতে পারে। সে ক্ষেত্রে এমন জটিলতা তৈরির সুযোগ হয়। ব্যবস্থাপকদের প্রথমেই মাথায় রাখা উচিত কত রকমভাবে পরীক্ষার্থীর কাছে তথ্যটি পৌঁছানো যায়।’

২৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের সহকারী নিয়োগ পরীক্ষার সময় কয়েক শ প্রার্থী প্রস্তুতি নিয়েও পরীক্ষা দেবেন না। কেননা তাঁরা সময়মতো প্রবেশপত্র সংগ্রহ করেননি। কে জানে হয়তো তাঁদের মধ্যেই ছিল সবচেয়ে যোগ্য কর্মকর্তাটি। একটি বছর তাঁরা পিছিয়ে গেলেন। এর জন্য তাঁদের সতর্ক না থাকাকে দায়ী করা যায়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংককে আরেকবার মনে করিয়ে দিতে হয় ‘ফাদার সিরিয়াস কাম শার্প’ টেলিগ্রাফের কথা। আকারে ছোট হলেও একটি খুদে বার্তা আসলে অনেক বড়।

  • সাদিয়া মাহ্জাবীন ইমাম প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক