২০০১ সালের শেষ তিন মাসে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। এর ২০ বছর পর, ২০২১ সালের আগস্টে মার্কিন বাহিনী ও তাদের ন্যাটো মিত্ররা আফগানিস্তান ছেড়ে চলে যায়। এই দুই দশক তারা আফগানিস্তানে অবস্থান করেছে। দেশটির প্রতিবেশী ছিল মধ্য এশিয়ার পাঁচটি প্রজাতন্ত্র, রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তান।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করেছিল, ২০০১ সালে আফগানিস্তানে তাদের হামলার উদ্দেশ্য ছিল ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার নেপথ্যের পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া। কিন্তু প্রকৃতপক্ষে তাদের আফগানিস্তান দখলের লক্ষ্য ছিল ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে যে রাজনৈতিক ও সামরিক শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে রাশিয়া, চীন কিংবা এশিয়ার অন্য কোনো শক্তির প্রভাব বিস্তার ঠেকানো।
এ সময় পশ্চিমা কৌশলবিদদের মধ্যে ‘বৃহত্তর মধ্যপ্রাচ্য’ (গ্রেটার মিডল ইস্ট) ধারণাটি গুরুত্ব পেতে শুরু করে। পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার কিছু অংশকে এক কাঠামোর মধ্যে এনে এশিয়ার বিশাল ভূখণ্ডকে পশ্চিমা প্রভাববলয়ের অন্তর্ভুক্ত করার যুক্তি দাঁড় করানো হয়েছিল।
বিষয়টি বুঝতে হলে বৃহত্তর প্রেক্ষাপট বিবেচনায় নিতে হবে। মনে রাখতে হবে, পূর্ব ইউরোপের পাশাপাশি মধ্য এশিয়াও ইউরেশীয় ভূখণ্ডের প্রাণকেন্দ্র বা ‘হার্টল্যান্ড’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শেষ পর্যন্ত গোটা বিশ্বকে নিয়ন্ত্রণের জন্য এই অঞ্চল অপরিহার্য।
১৯০৪ সালে ব্রিটিশ ভূগোলবিদ হ্যালফোর্ড জন ম্যাকিন্ডার তাঁর যুগান্তকারী গবেষণাপত্র ‘দ্য জিওগ্রাফিক্যাল পিভট অব হিস্ট্রি’ প্রকাশের পর থেকেই বৃহৎ শক্তিগুলোর কৌশলগত চিন্তায় এই ধারণা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
পূর্ব ইউরোপে দীর্ঘদিনের সংঘাত ও ইউক্রেন যুদ্ধের পেছনে যেমন এই কৌশলগত চিন্তার প্রভাব রয়েছে, তেমনি আফগানিস্তান ও এর আশপাশে চলমান অন্তহীন যুদ্ধের পেছনেও রয়েছে একই ধরনের ভূরাজনৈতিক হিসাব-নিকাশ। বিংশ শতাব্দীতে পশ্চিমা পুঁজিবাদী শক্তিগুলোর প্রধান লক্ষ্য ছিল সোভিয়েত রাশিয়া। কিন্তু একবিংশ শতাব্দীতে উত্থানশীল বিশ্বশক্তি চীনও তাদের ‘প্রধান হুমকির’ তালিকায় যুক্ত হয়েছে।
এর অন্যতম কারণ, মধ্য এশিয়ার দেশগুলোর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে চীন দ্রুত রাশিয়ার জায়গা দখল করছে। তবে ইউরেশীয় নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ নিরাপত্তাসম্পর্ক এখনো বজায় রয়েছে।
কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) রাশিয়ার নেতৃত্বাধীন একটি প্রতিরক্ষা জোট। ইউরেশিয়ার বেশ কয়েকটি দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা করে।
পাকিস্তান এই বৈঠকে অংশগ্রহণকারীদের দিয়ে তালেবানের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গ্রহণের সর্বাত্মক চেষ্টা চালায়। তাদের অভিযোগ ছিল, তালেবান খাইবার পাখতুনখাওয়ায় টিটিপির বিদ্রোহে সমর্থন দিচ্ছে। অন্যদিকে তালেবান প্রতিনিধিরা আফগানিস্তানে হামলা চালানোর জন্য পাকিস্তানে আইএস-কের উপস্থিতির বিষয়টি তুলে ধরতে জোর চেষ্টা চালান।
সন্ত্রাসবাদে বিপর্যস্ত আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিবেশী হওয়ায় মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলোর (সিএআর) প্রধান নিরাপত্তা হুমকি সন্ত্রাসবাদ। অথচ পশ্চিমা দেশগুলোর দুই দশকব্যাপী ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ এই হুমকি নির্মূলে চরমভাবে ব্যর্থ হয়েছে। ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহা চুক্তির মাধ্যমে তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তন এ অঞ্চলে সন্ত্রাসবাদের হুমকি অব্যাহত থাকারই প্রতিফলন।
এ অঞ্চলে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী তৎপরতার বিস্তার রাশিয়ার জন্য পূর্বাঞ্চলে, অর্থাৎ মধ্য এশিয়ায়, দ্বিতীয় একটি রণাঙ্গন খুলে দিতে পারে। একই সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বাস্তবায়নেও গুরুতর বাধা সৃষ্টি করতে পারে। তবে বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা থেকে সৃষ্ট আধিপত্য বিস্তারের লড়াই–ই মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলোর একমাত্র সংকট নয়।
সদ্য স্বাধীনতা পাওয়া এই দেশগুলোর অভ্যন্তরীণ সমস্যাও গুরুতর। পাঁচটি দেশ নিজেদের প্রজাতন্ত্র বলে পরিচয় দিলেও কোনোটিই এখন পর্যন্ত কার্যকর প্রজাতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। ১৯৯১ সালে স্বাধীনতার পর সমাজতান্ত্রিক ব্যবস্থা পরিত্যাগ করে দেশগুলো প্রায় সবাই এমন সব শক্তিশালী শাসকের অধীন পরিচালিত হয়েছে, যাঁদের প্রবণতা ছিল নিজ নিজ দেশে বংশানুক্রমিক শাসন প্রতিষ্ঠা করা।
গত সাড়ে তিন দশকে এসব দেশে ক্ষমতার পালাবদল কখনোই মসৃণ ছিল না। কয়েকটি দেশে সংকট কাটিয়ে উঠতে রাশিয়ার হস্তক্ষেপও কামনা করতে হয়েছে। স্থলবেষ্টিত এসব দেশের অর্থনৈতিক নির্ভরশীলতা যেমন রয়েছে, তেমনি কোনো একটি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এড়াতে বৃহৎ শক্তিগুলোর সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের ভারসাম্যও বজায় রাখতে হয় তাঁদের।
মধ্য এশিয়ার কয়েকটি দেশে তেল, গ্যাস, মূল্যবান খনিজ এবং বিরল মৃত্তিকা মৌলের (রেয়ার আর্থ) বিপুল সম্পদ রয়েছে। এসব সম্পদের ওপর বৃহৎ শক্তিগুলোর নজর রয়েছে। ফলে অঞ্চলটিতে তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে।
আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর অঞ্চলটি আবারও নানা ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তালেবানের সঙ্গে আল-কায়েদা, ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম), আনসারুল্লাহ এবং ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তানের মতো আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কও আবার সক্রিয় হয়ে উঠেছে।
মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করার পাশাপাশি তালেবানের ইসলামিক আমিরাত আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আধিপত্যও নিশ্চিত করেছে। দেশটিতে এ পর্যন্ত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে প্রতিবছর হাজার হাজার তালেবান সদস্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে দীর্ঘমেয়াদি এই আশঙ্কার বাইরে বর্তমানে সবচেয়ে গুরুতর সন্ত্রাসী হুমকি তৈরি করছে দুটি সংগঠন—ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। আইএস-কে আফগান তালেবান ও ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বিরোধী। সংগঠনটি পাকিস্তান ও আফগানিস্তানে চীনা ও রুশ নাগরিক এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকেও লক্ষ্যবস্তু করে।
অন্যদিকে ২০০৭ সাল থেকে টিটিপি আফগান তালেবানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে আসছে। ওই সময় সংগঠনটির সদস্যরা পাকিস্তানের বিভিন্ন নিরাপদ আশ্রয়স্থল থেকে তৎপরতা চালাতেন। বর্তমানে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তারা তীব্র সশস্ত্র বিদ্রোহে জড়িত। নিজেদের ভাষায় ‘ইসলামি শরিয়াহ’ প্রতিষ্ঠার অভিযানের অংশ হিসেবেই তারা এই বিদ্রোহ চালাচ্ছে।
আফগান তালেবানের অভিযোগ, আফগানিস্তানে হামলা চালানোর জন্য পাকিস্তান আইএস-কে-কে আশ্রয় দিচ্ছে। অন্যদিকে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর অভিযোগ, আফগান তালেবান পাকিস্তানের অভ্যন্তরে টিটিপির বিদ্রোহে মদদ দিচ্ছে। এই পাল্টাপাল্টি অভিযোগের জেরে গত দুই বছরে দুই দেশের মধ্যে প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে মধ্য এশিয়াকে ঘিরে আঞ্চলিক মেরুকরণের চিত্র দ্রুত স্পষ্ট হয়ে উঠছে। মধ্য এশিয়ায় আইএস-কের অনুপ্রবেশ নিয়ে রাশিয়ার উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই হুমকি মোকাবিলার উদ্দেশ্যে আফগানিস্তানের তালেবানশাসিত ইসলামিক আমিরাতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ছে। রাশিয়ার নিরাপত্তা সূত্রগুলো সিরিয়ায় অবস্থানরত মধ্য এশীয় বংশোদ্ভূত সন্ত্রাসীদেরও এ অঞ্চলের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করছে।
এ বিষয়ে অক্টোবর মাসে মস্কোয় অনুষ্ঠিত দুটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্মেলনে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটে। গত ৫ অক্টোবর আফগানিস্তানবিষয়ক মস্কো ফরম্যাটের পরামর্শ সভার অষ্টম বৈঠকে ১২টি দেশের কর্মকর্তারা আঞ্চলিক নিরাপত্তার হুমকি নিয়ে আলোচনা করেন।
পাকিস্তান এই বৈঠকে অংশগ্রহণকারীদের দিয়ে তালেবানের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গ্রহণের সর্বাত্মক চেষ্টা চালায়। তাদের অভিযোগ ছিল, তালেবান খাইবার পাখতুনখাওয়ায় টিটিপির বিদ্রোহে সমর্থন দিচ্ছে। অন্যদিকে তালেবান প্রতিনিধিরা আফগানিস্তানে হামলা চালানোর জন্য পাকিস্তানে আইএস-কের উপস্থিতির বিষয়টি তুলে ধরতে জোর চেষ্টা চালান।
রাশিয়া স্পষ্টভাবে আইএস-কে-কে আঞ্চলিক নিরাপত্তার প্রধান সন্ত্রাসী হুমকি হিসেবে চিহ্নিত করে। তবে আঞ্চলিক পর্যায়ে হুমকির ধরন ও তা মোকাবিলার বিষয়ে গভীর মতপার্থক্য থাকায় মস্কো ফরম্যাটের বৈঠকটি কোনো যৌথ প্রস্তাব গ্রহণ ছাড়াই শেষ হয়।
একইভাবে, ১৫ ও ১৬ অক্টোবর মস্কোয় মধ্য এশিয়া ও আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে সিএসটিও, কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) একটি যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সেখানে আইএস-কে-কে প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করেন। এই হুমকি মোকাবিলায় অংশগ্রহণকারী দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি।
মোটের ওপর, রাশিয়া, ইরান ও চীন মধ্য এশিয়ার প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে আইএস-কের ওপর গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পাকিস্তান আফগান তালেবানকে টিটিপির পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত করছে।
পাকিস্তানে বিদ্রোহ চালিয়ে টিটিপি গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে বলে তাদের অভিযোগ। এ পরিস্থিতিতে নিজেদের দুই ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা পাকিস্তানের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।
আফ্রাসিয়াব খটক পাকিস্তানের সাবেক সিনেটর ও আঞ্চলিক রাজনীতিবিষয়ক বিশ্লেষক।
ইংরেজি থেকে অনূদিত
*মতামত লেখকের নিজস্ব