এমন দিন খুব বেশি একটা আসে না, যেদিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পত্রিকায় বাংলাদেশের চলচ্চিত্র ও সামগ্রিকভাবে শিল্পকলা নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ পায়। ৪ অক্টোবর সেটাই হয়েছে। বিশ্বজুড়ে অনলাইনে পত্রিকাটি পড়েন প্রায় ৭ কোটি ৮০ লাখ পাঠক।
সেই নিউইয়র্ক টাইমস-এ প্রতিবেদন ছাপা হয়েছে, যাতে বাংলাদেশের সিনেমার সাম্প্রতিক কিছু ভালো ও আলোচিত চলচ্চিত্রের কথা উঠে এসেছে। তবে দুর্ভাগ্য ও উদ্বেগের বিষয় হচ্ছে, প্রতিবেদনটির বিচার্য আলোচনা মূলত সেন্সরশিপ, ডিজিটাল নিরাপত্তা আইন এবং পুলিশ ও কর্তৃপক্ষীয় হয়রানি।
প্রতিবেদনের শুরুতে বাংলাদেশের তারকা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর শনিবার বিকেল ছবিটির ছাড়পত্র না পাওয়ার কথা বলা হয়েছে। নিউইয়র্ক টাইমস-এর দিল্লি প্রতিনিধি মুজিব মেশাল ও ঢাকার সাংবাদিক সাইফ হাসনাত তাঁদের যৌথ প্রতিবেদনে বলেছেন, ফারুকী তাঁর চলচ্চিত্রটির চিত্রায়ণের আগেই তার কাহিনির নাট্যরূপের পাণ্ডুলিপি তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়ে অনুমোদন নিয়েছিলেন।
বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় ও ফিলিস্তিনি শিল্পীদের কাজে নেওয়ার বিষয়েও অনুমতি নিয়েছেন। ২০১৬ সালে ঢাকার একটি বেকারিতে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনার সূত্র ধরে নির্মিত কাহিনিচিত্রটি বিদেশে বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে, পুরস্কার পেয়েছে; কিন্তু সরকার দেশের ভেতরে তা প্রদর্শনের অনুমতি দিচ্ছে না।
তিন বছর ধরে ফিল্ম সেন্সর বোর্ড ফারুকীর আপিল প্রত্যাখ্যান করে চলেছে, কিন্তু তাঁর কথায়, কোনো নির্দিষ্ট কারণ জানানো হচ্ছে না। তিনি আরও জানিয়েছেন, ছবিটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে কিংবা ধর্মীয় অস্থিরতা তৈরি করতে পারে। প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষক ও অধিকারকর্মীরা ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার বিষয়টিকে অবাধে মতপ্রকাশের সুযোগ সংকুচিত করার আলামত হিসেবে বর্ণনা করেছেন। সরকারি কর্মকর্তারা তাঁদের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে বলেছেন, বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদের বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে, যা দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ও জনগণকে দারিদ্র্যমুক্ত করার কার্যক্রমকে কক্ষচ্যুত করে দিতে পারে।
শুধু ফারুকীর শনিবারের বিকেল নয়, সৈকত নাসিরের বর্ডার ছবিটির ছাড়পত্র আটকে দেওয়ার কথাও প্রতিবেদনে উঠে এসেছে। সাম্প্রতিক এ ছবির কাহিনি বাংলাদেশের সীমান্ত অঞ্চলের, যাতে ভারতীয় একজন নেতার খুন ও বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে। সেন্সর বোর্ড ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে ছাড়পত্র দেয়নি। ছবিতে সাতক্ষীরা অঞ্চলের একজন গডফাদারের কাছে এলাকার মন্ত্রী-এমপিরা জিম্মি, এমন দৃশ্যায়ন থাকায় বোর্ডের পরিচালক জানিয়েছেন, ওই অঞ্চলে বাস্তবে এ রকম কোনো পরিস্থিতি নেই। চলচ্চিত্র যে কল্পনানির্ভর সৃজনশীলতা, তা ওই প্রতিষ্ঠানের কর্তারা বুঝতে চান না বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
মতপ্রকাশের স্বাধীনতা কীভাবে ক্রমেই খর্ব হচ্ছে, তার বিবরণে লেখক-সাংবাদিকদের কথাও বাদ যায়নি। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হওয়ার পর কারাগারে লেখক মোশতাকের মৃত্যুর প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনার কারণে তাঁকে আটক করা হয়। অন্তত অর্ধডজন বার তাঁর জামিনের আবেদন নাকচ হয়েছে।
সাম্প্রতিক কালের আলোচিত ছবি হাওয়ার পরিচালক মেজবাউর রহমানের বিরুদ্ধে ছবিতে পাখি খাঁচায় আটকে রাখার দৃশ্য দেখানোয় যে মামলা হয়েছে, সে প্রসঙ্গও বাদ যায়নি। মেজবাউর পত্রিকাটিকে বলেছেন, পাখিটিকে অল্প সময়ের জন্য খাঁচায় রেখে চিত্রায়ণের কাজ শেষে ছেড়ে দেওয়ার পরও অভিযোগ উঠেছে।
‘যেকোনো কিছুতেই যে কারও অনুভূতিতে আঘাত লাগতে পারে’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘পাখিটিকে মুক্ত করে দেওয়ায় মনে হয় আমিই খাঁচায় আটকে গেছি। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় খিস্তিখেউড় করার জন্য নবাব এলএলবি ছবিটির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্মরণ করা যেতে পারে, নবাব এলএলবি ওয়েব সিনেমার পরিচালক ও প্রযোজককে কারাগারে যেতে হয়েছিল এবং সরকারঘনিষ্ঠ চলচ্চিত্র শিল্পী সমিতি তখন তাঁদের পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিল। আর তখন পুলিশের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়, যেকোনো নাটক-সিনেমায় পুলিশের চরিত্র চিত্রায়ণ করতে হলে তা যেন তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে এবং সে জন্য পুলিশকে আগাম কাহিনি ও সংলাপ দেখিয়ে নিতে হবে।
কয়েক সপ্তাহ আগে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা যে প্রতীকী সেট তৈরি করে কাঁটাতারের ওপারে বসে সংবাদ সম্মেলন করেছিলেন, তার ছবিটিকে প্রধান ছবি হিসেবে ব্যবহার করে পত্রিকাটি সেখানে সিনেমাজগতের শিল্পীদের দেওয়া বক্তব্য তুলে ধরেছে। বিধিনিষেধ চলতে থাকলে তাঁরা যে তাঁদের কথা বলতে পারবেন না, সে কথাই ছিল সেই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য।
তাঁদের পেছনে টাঙানো ব্যানারে লেখা ছিল, ‘গল্প বলার স্বাধীনতা চাই’। নিউইয়র্ক টাইমস অভিনেত্রী জয়া আহসানের কথাও লিখেছে। জয়া বলেছেন, ‘শিল্পের ওপর চাপ সৃষ্টির সব পদক্ষেপ বন্ধ করতে হবে। শুধু চলচ্চিত্র নয়, সব ধরনের শিল্পে স্বাধীনতা থাকতে হবে, অন্যথায় আমরা কীভাবে লিখব, অভিনয় করব কিংবা আমাদের নিজের ভাষায় কথা বলব?’
গত জুলাই মাসে হিরো আলম নামে খ্যাত সামাজিক মাধ্যমের তারকা আশরাফুল আলমকে পুলিশ আটক করে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়ার ঘটনাটিও পত্রিকাটি মনে করিয়ে দিতে ভোলেনি। বেসুরো গান গাওয়ার জন্যই তাঁকে পুলিশ আটক করেছিল। পুলিশের উপকমিশনার হাফিজ আল আসাদকে উদ্ধৃত করে রিপোর্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশি সংস্কৃতিকে বিকৃত করে এমন কোনো ব্যঙ্গাত্মক ও অবমাননাকর আধেয় সে তৈরি ও প্রকাশ করবে না, এমন লিখিত মুচলেকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’ পুলিশের এ বক্তব্যে দেশের সাংস্কৃতিক স্বাধীনতার কী অভাবনীয় চিত্র ফুটে উঠেছে, তা নিশ্চয়ই নতুন করে বলার প্রয়োজন পড়ে না।
মতপ্রকাশের স্বাধীনতা কীভাবে ক্রমেই খর্ব হচ্ছে, তার বিবরণে লেখক-সাংবাদিকদের কথাও বাদ যায়নি। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হওয়ার পর কারাগারে লেখক মোশতাকের মৃত্যুর প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনার কারণে তাঁকে আটক করা হয়। অন্তত অর্ধডজন বার তাঁর জামিনের আবেদন নাকচ হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন কীভাবে ভিন্নমত ও সমালোচনা বন্ধের হাতিয়ার হয়ে উঠেছে, তার বিবরণও দিয়েছে পত্রিকাটি। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের গবেষণা উদ্ধৃত করে বলা হয়েছে, এ আইনে ২ হাজার ২০০ জন গ্রেপ্তার হয়েছেন। আর আর্টিকেল নাইনটিনকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস লিখেছে, গত ৯ মাসে প্রধানমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ রাজনীতিকদের সমালোচনার জন্য মামলা হয়েছে ২৫টি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার হোসেন পত্রিকাটিকে বলেছেন, বাংলাদেশের প্রতিটি বার্তাকক্ষ সরকার বা ক্ষমতাসীন দলের সমালোচনামূলক কোনো খবর প্রকাশের আগে দুবার ভাবে।
নিউইয়র্ক টাইমস লিখেছে, বিশ্লেষক ও অধিকারকর্মীরা বলছেন, সন্ত্রাসবিরোধী কার্যক্রম আর রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের মধ্যকার পার্থক্য বিলীন হয়ে গেছে। আগামী নির্বাচনে মেয়াদ নবায়নের লক্ষ্যে শাসনক্ষেত্রে যে প্রবণতা দেখা যাচ্ছে, তা কর্তৃত্ববাদী। আগের নির্বাচনগুলো ভোট জালিয়াতি ও বিরোধীদের ভীতি প্রদর্শনের জন্য বিতর্কিত বলেও এতে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া নিউইয়র্ক টাইমসকে বলেছেন, অবাধে মতপ্রকাশে বাধা দেওয়া হচ্ছে বলে যারা দাবি করছে, তারা আসলে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালাচ্ছে। তিনি বলেছেন, ‘আমরা সংবিধানে নিশ্চিত করা সব অধিকার সমুন্নত রাখতে চাই।’ ক্ষমতাসীন দলের এ ব্যাখ্যা যে সবাই গ্রহণ করছে না, তা-ই উঠে এসেছে ‘আর্ট উইদারস ইন আ কান্ট্রি হয়্যার অ্যানিথিং ক্যান বি ডিমড আ থ্রেট’ শিরোনামের এ প্রতিবেদনে।
গণতন্ত্রের দৈন্যদশায় কর্তৃত্ববাদের প্রবণতা যে রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সংস্কৃতির অঙ্গনেও প্রসারিত হবে, তা অপ্রত্যাশিত নয়। যা অপ্রত্যাশিত, তা হলো বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের যে চিত্রটি বিশ্বের সামনে প্রকাশ পেল, তা সুখকর নয়। আমরা অবশ্য আরও জানি নিয়ন্ত্রণের খড়গে দেশে যাত্রা অনুষ্ঠানের চর্চা বন্ধ হয়ে গেছে, বাউলশিল্পী রীতা দেওয়ান, কার্টুনিস্ট কিশোরকে জেল খাটতে হয়েছে। হতাশার কথা হলো, সংস্কৃতি অঙ্গনে অধিকারের লড়াইটা সেভাবে গড়ে উঠছে না, রাষ্ট্র ও করপোরেট পৃষ্ঠপোষকতার জালে তা আটকা পড়ছে।
কামাল আহমেদ সাংবাদিক