পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় খাদ্য ও পানাহার থেকে বিরত থেকে কাজ করার ফলে শ্রমিকদের শারীরিক সক্ষমতা ও মানসিক স্থিতিতে প্রভাব পড়ে। এটি সরাসরি তাঁদের কর্মক্ষমতা, উৎপাদনশীলতা এবং মনোবলের ওপর প্রভাব ফেলে।
এ বাস্তবতায় রমজান মাসে একটি শান্ত, মানবিক ও কার্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে নিয়োগকর্তা, ব্যবস্থাপনা ও সরকারের মধ্যে সমন্বিত ও সহযোগিতামূলক উদ্যোগ নেওয়া জরুরি।
রমজানে শ্রমিকেরা দীর্ঘ সময় খাদ্য ও পানীয় গ্রহণ ছাড়াই রোজা পালন করেন, যা স্বাভাবিকভাবেই তাঁদের শারীরিক শক্তি ও কর্মদক্ষতাকে হ্রাস করে। কিন্তু বাস্তবে অনেক শিল্পপ্রতিষ্ঠানে এ সময়েও কর্মঘণ্টা বা কাজের চাপ অপরিবর্তিত থাকে।
ফলে শ্রমিকদের মধ্যে ক্লান্তি ও অসন্তোষ বাড়তে থাকে। ঈদ ঘনিয়ে এলে শ্রমিকদের প্রত্যাশা থাকে মজুরি, ওভারটাইম ও ঈদ বোনাস সময়মতো পরিশোধ করা হবে।
এসব পরিশোধে বিলম্ব হলে হতাশা ও ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। এর জেরে পরবর্তী সময়ে শ্রমিক অসন্তোষও দেখা দেয়।
দীর্ঘ সময় রোজা রেখে কাজ করার ফলে পানিশূন্যতা, অতিরিক্ত ক্লান্তি ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। অথচ অনেক কারখানায় পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল কিংবা প্রাথমিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয় না। এর ফলে শ্রমিকদের শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক অস্থিরতাও বাড়ে।
একই সঙ্গে বহু শিল্পপ্রতিষ্ঠানে ইফতার ও সাহ্রির জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বা উপযুক্ত পরিবেশের অভাব থাকে। এটি শ্রমিকদের ওপর অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করে।
রমজান মাসে ব্যবস্থাপনার আচরণ ও দৃষ্টিভঙ্গিও শ্রমিকদের মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় প্রয়োজনীয় নমনীয়তা ও সহানুভূতির পরিবর্তে যদি কঠোর ও অনমনীয় নীতিমালা প্রয়োগ করা হয়, তবে তা শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও তীব্র করে তোলে।
অনেক কারখানায় নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত স্থান বা সময়ের ব্যবস্থা না থাকায় ধর্মপ্রাণ শ্রমিকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। এর পাশাপাশি রমজান মাসে ছাঁটাই, বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো সিদ্ধান্ত শ্রমিকদের জন্য চরম অনিশ্চয়তা ও অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়।
রমজান মাসে শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে।
রমজান মাসে শ্রমিকদের শারীরিক সক্ষমতা, রোজার সময়সূচি এবং ইফতার ও সাহ্রির সময়কে বিবেচনায় রেখে কাজের সময় পুনর্নির্ধারণ করা অত্যন্ত জরুরি।
তবে এ ক্ষেত্রে একতরফা সিদ্ধান্তের পরিবর্তে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের মতামত ও বাস্তব চাহিদা বোঝা প্রয়োজন। অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ শ্রমিকদের মধ্যে আস্থা তৈরি করে এবং অসন্তোষের ঝুঁকি কমায়।
ঈদের আগে সময়মতো মজুরি, ওভারটাইম ও ভাতা পরিশোধ রমজান মাসে শ্রমিকদের সন্তোষজনক অবস্থা নিশ্চিত করার অন্যতম প্রধান শর্ত।
নিয়োগকর্তারা যদি আগেভাগেই বেতন ও ঈদ বোনাস পরিশোধের সময়সূচি নির্ধারণ ও ঘোষণা করেন, তাহলে শ্রমিকদের মধ্যে মানসিক স্বস্তি তৈরি হয় এবং অস্থিরতার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। একই সঙ্গে ওভারটাইম ন্যায্য মজুরি পরিশোধ নিশ্চিত করা অপরিহার্য।
প্রত্যেক শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য নামাজের নির্ধারিত স্থান নিশ্চিত করতে হবে। রমজান মাসে শ্রমিকদের শারীরিক সুস্থতা রক্ষায় পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কারখানার ভেতরে স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, বিশুদ্ধ পানীয় জলের সহজলভ্যতা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা–সুবিধা নিশ্চিত করা এ সময় আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রয়োজনে চিকিৎসা সহায়তা ও বিশ্রামের সুযোগ প্রদান শ্রমিকদের কর্মক্ষমতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে।
শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কর্মস্থলে ইফতার ও সাহ্রির জন্য পর্যাপ্ত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা থাকা প্রয়োজন। পুষ্টিকর ও নিরাপদ খাবার সরবরাহ শ্রমিকদের শারীরিক শক্তি ধরে রাখতে এবং কাজে মনোযোগ বজায় রাখতে সহায়তা করে।
এতে একদিকে শ্রমিকদের সুস্থতা নিশ্চিত হয়, অন্যদিকে উৎপাদন ধারাবাহিকতাও বজায় থাকে।
শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে নিয়মিত আলোচনাই সবচেয়ে কার্যকর একটি উপায়।
শিল্পকারখানায় শ্রম আইন যথাযথভাবে অনুসরণ করা রমজান মাসে স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করার একটি মৌলিক ভিত্তি। নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে শ্রমিকেরা যেন তাঁদের আইনি অধিকার থেকে বঞ্চিত না হন এবং কোনো ধরনের বৈষম্য বা অবিচারের শিকার না হন। রমজান মাসে কোনো শ্রমিক অসুস্থ হলে তাঁকে তাৎক্ষণিক ছুটি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান মানবিক ব্যবস্থাপনার অংশ হওয়া উচিত।
শ্রমিকদের উদ্বেগ, অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনা এবং সমস্যার দ্রুত ও ন্যায়সংগত সমাধান শ্রমিক অসন্তোষ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। বিশেষ করে রমজান মাসে সহানুভূতিশীল, মানবিক ও সম্মানজনক আচরণ শ্রম অস্থিরতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিল্পকারখানায় শ্রম আইন যথাযথভাবে অনুসরণ করা রমজান মাসে স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করার একটি মৌলিক ভিত্তি।
নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে শ্রমিকেরা যেন তাঁদের আইনি অধিকার থেকে বঞ্চিত না হন এবং কোনো ধরনের বৈষম্য বা অবিচারের শিকার না হন।
রমজান মাসে কোনো শ্রমিক অসুস্থ হলে তাঁকে তাৎক্ষণিক ছুটি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান মানবিক ব্যবস্থাপনার অংশ হওয়া উচিত।
পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী ঈদুল ফিতরের ছুটি নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ছুটির সময়সূচি আগেভাগেই নির্ধারণ করা উচিত।
রমজান মাসে ছাঁটাই, বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো সিদ্ধান্ত এড়িয়ে চলাই শিল্পক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য উত্তম। একটি সুস্থ ও স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর উচিত মজুরি, ভাতা ও ছুটির সময়সূচি আগেভাগে ঘোষণা করা, যাতে শ্রমিকদের মধ্যে কোনো ধরনের অনিশ্চয়তা না থাকে।
এ ক্ষেত্রে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উচিত ঝুঁকিপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে শ্রমিকদের মজুরি ও ভাতা সময়মতো পরিশোধে উৎসাহিত করা।
পাশাপাশি যেসব প্রতিষ্ঠান আগেই শ্রমিক ছাঁটাই করেছে বা বন্ধ হয়ে গেছে, তাদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রয়োজনে নীতিগত ও প্রশাসনিক চাপ প্রয়োগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখা এবং মজুরি-ভাতা বিতরণের জন্য নিরবচ্ছিন্ন ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করার মাধ্যমে রমজান ও ঈদকেন্দ্রিক শ্রম অস্থিরতা প্রতিরোধ করা সম্ভব।
রমজান মাসে একটি শান্তিপূর্ণ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি উৎপাদনশীলতা ও টেকসই শিল্প উন্নয়নের জন্যও অপরিহার্য। নিয়োগকর্তা, শ্রমিক এবং সরকারের সমন্বিত প্রচেষ্টা রমজান মাসে মানবিক ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ গড়ে তুলতে পারে।
শ্রমিকের সন্তুষ্টি মানেই স্থিতিশীল শিল্প, ধারাবাহিক উৎপাদন ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি।
রমজান আমাদের মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়, যা শিল্প ব্যবস্থাপনায় প্রয়োগ করলে একটি ন্যায্য, শান্তিপূর্ণ ও কার্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব।
ড. সোহেল মিয়া শ্রম সম্পর্ক বিষয়ক গবেষক।
*মতামত লেখকের নিজস্ব