মিশেল ব্যাশেলেতের সফর কী বার্তা দিয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত
ছবি : প্রথম আলো

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৪ থেকে ১৭ আগস্ট বাংলাদেশ সফর করেন। চার দিনের সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া পররাষ্ট্র, স্বরাষ্ট্র, শিক্ষা ও আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি মানবাধিকারকর্মী, নাগরিক সমাজ ও গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সঙ্গেও মতবিনিময় করেন এবং কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সফরের শেষ দিন বিকেলে তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে মিশেল ব্যাশেলেত কয়েকটি বিষয়ে গুরুত্বারোপ করেন। সেগুলো হচ্ছে বলপূর্বক অন্তর্ধান থেকে সুরক্ষাদানের আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ সই করেনি। বাংলাদেশকে এর শরিক হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থা বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে বলপূর্বক অন্তর্ধান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করছে এবং এর অনেক অভিযোগই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিরুদ্ধে।

এ–সংক্রান্ত আইন লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহির অভাবের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এসব ক্ষেত্রে তদন্তের অগ্রগতির অভাব এবং ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে। এর নিরসনকল্পে সরকারকে একটি স্বাধীন ও বিশেষায়িত ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানান মিশেল ব্যাশেলেত। ডিজিটাল নিরাপত্তা আইনের ইচ্ছেমতো প্রয়োগ অথবা অপব্যবহার রোধ করার লক্ষ্যে এর কয়েকটি বিধি রদ বা পুনর্বিবেচনার জন্যও তিনি সুপারিশ করেন।

মানবাধিকার ইস্যুতে দুই পক্ষ—একদিকে বাংলাদেশ সরকার, অন্যদিকে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো—উভয়েরই মনে হয় খানিকটা আশাভঙ্গ হয়েছে মিশেল ব্যাশেলেতের সফর ঘিরে। আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিক্রিয়ায় এ হতাশা অনেকটাই স্পট হয়েছে।

তিনি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগের বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে তাঁকে অবহিত করেছি। আমার এসব বক্তব্যের পর তিনি আমাদের প্রশংসা করেছেন। আমি বুঝতে পারছি না তিনি এখন কী বলতে চাইছেন।’ (প্রথম আলো, ১৯ আগস্ট ২০২২) আইনমন্ত্রী মনে হয় কূটনৈতিক সৌজন্যের আড়ালে ব্যাশেলেতের বক্তব্যের প্রকৃত বার্তাটি ধরতে পারেননি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তো তাঁর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাতে গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেই দাবি করেছেন (প্রথম আলো, ১৮ আগস্ট ২০২২)। তাঁর এ বক্তব্য সঠিক হওয়ার সম্ভাবনা খুব বেশি নয়। অভিযোগগুলো প্রধানত তাঁর নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলোর বিরুদ্ধেই। এ অবস্থায় তাঁর সঙ্গে সাক্ষাতে হাইকমিশনার এই প্রসঙ্গগুলো তুলবেন, এটাই স্বাভাবিক। ব্যাশেলেতও বলেছেন, সরকারের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতে তিনি এই বিষয়গুলো নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন।

সরকারের ওপর অলঙ্ঘনীয় চাপ সৃষ্টির জন্য মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বা মানবাধিকার পরিষদের হাতে তেমন কোনো অস্ত্র নেই। হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘিত হলে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়; কিন্তু ভাবমূর্তি তো একটি বিমূর্ত বিষয়। ক্ষমতা সে তুলনায় অনেক বেশি পার্থিব, অনেক বেশি বাস্তব।

মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়ায় মনে হয়, তারা আশা করেছিল, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যে ঘটছে, মিশেল ব্যাশেলেত তার নিন্দা জ্ঞাপন করবেন এবং অবিলম্বে তা নিরসনের জন্য চাপ সৃষ্টি করবেন। কিন্তু সংগত কারণেই তিনি তা করেননি। উদ্বেগ ব্যক্ত করার পাশাপাশি তিনি এর সমাধানে গঠনমূলক প্রস্তাব রেখেছেন। জাতিসংঘের একজন উচ্চ কূটনীতিক হিসেবে তিনি সরকারের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানোর চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক।

মিশেল ব্যাশেলেতের বক্তব্যের একটি বাক্য যথাযথ গুরুত্ব দিয়ে দেখার দাবি রাখে। তিনি বলেছেন, শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা পাঠানো দেশ হিসেবে ‘বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যে এ দেশে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মানবাধিকার রক্ষার যোগ্যতাবিষয়ক একটি সুষ্ঠু যাচাইকরণ প্রক্রিয়া বিদ্যমান’। এই আপাতনির্দোষ বাক্যের আড়ালে কোনো প্রচ্ছন্ন হুমকি কাজ করছে কি না, তা বিবেচনায় রাখা দরকার। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে একটি বিষয়ে বাংলাদেশ নির্ভেজাল সুনামের অধিকারী, তা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে চলমান ভূমিকা। এটি যাতে কোনো অবস্থাতেই প্রশ্নের সম্মুখীন না হয়, সেদিকে নজর রাখতে হবে বাংলাদেশকে।

আরও পড়ুন

রোহিঙ্গা প্রসঙ্গে মিশেল ব্যাশেলেতের বক্তব্য অনেকটাই গতানুগতিক। রোহিঙ্গারা ফেরত যেতে চায়, পরিবেশ সৃষ্টি হয়নি, সময় লাগবে—এসব বাক্য রোহিঙ্গাদের শত্রু–মিত্র সবাই উচ্চারণ করছেন। অপকর্মের হোতা মিয়ানমার জান্তার ওপর প্রয়োজনীয় চাপ সৃষ্টিতে এগিয়ে আসতে দেখা যায়নি কাউকেই। ব্যাশেলেতও রোহিঙ্গা শিবিরে লেখাপড়া, কাজের সুযোগ ইত্যাদি নিয়ে কথা বলেছেন।

শুনতে ভালো শোনায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি স্বচ্ছন্দ জীবনের ব্যবস্থা করা যায় বাংলাদেশে, মিয়ানমারের অনিশ্চিত জীবনে ফেরার আগ্রহ কেন থাকবে রোহিঙ্গাদের? শিবিরের জীবনকে সহনীয় পর্যায়ে রাখতে হবে অবশ্যই, কিন্তু চূড়ান্ত লক্ষ্য থাকবে নিরাপত্তা, অধিকারসহ তাদের স্বদেশে প্রত্যাবর্তন। শিবির ঘিরে যে অপরাধী চক্র গড়ে উঠেছে, তার নিয়ন্ত্রণও অন্যতম প্রাধিকার হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের জন্য।

এ সফরের পরিপ্রেক্ষিতে কি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হবে? আমার মনে হয়, এতটা আশাবাদী না হওয়াই ভালো। সামনে নির্বাচন, আর তাই সরকারের সব কর্মকাণ্ড আবর্তিত হবে নির্বাচনকে কেন্দ্র করেই। নির্বাচনে বিজয়ের জন্য যা যা করা প্রয়োজন, সরকার তা–ই করবে; তেমন কাজ যদি মানবাধিকারের প্রচলিত ধারণার সঙ্গে সাংঘর্ষিক হয়, তারপরও।

সরকারের ওপর অলঙ্ঘনীয় চাপ সৃষ্টির জন্য মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বা মানবাধিকার পরিষদের হাতে তেমন কোনো অস্ত্র নেই। হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘিত হলে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়; কিন্তু ভাবমূর্তি তো একটি বিমূর্ত বিষয়। ক্ষমতা সে তুলনায় অনেক বেশি পার্থিব, অনেক বেশি বাস্তব।

মো. তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্রসচিব