পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০০ কোটি। স্বাভাবিকভাবেই বেড়ে গেছে ইন্টারনেটভিত্তিক ই-কমার্স লেনদেন। ২০২১ সালে সারা বিশ্বে শুধু খুচরা বিক্রিতে ই-কমার্স লেনদেন হয়েছে ৫ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে এই বিক্রি গিয়ে দাঁড়াবে ৮ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে (সূত্র: স্ট্যাটিস্টা)। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রির এক-পঞ্চমাংশ, অর্থাৎ প্রায় ২০ শতাংশ সম্পন্ন হয়েছে ই-কমার্সের মাধ্যমে।
ই-কমার্সকে নির্দিষ্ট করতে গিয়ে নানা জন নানা কথা বলেছেন। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) দেওয়া সংজ্ঞা অনুযায়ী, পণ্য বা পরিষেবার ক্রয়-বিক্রয়, কম্পিউটার নেটওয়ার্কের সহায়তায়, অর্ডার দেওয়া-নেওয়ার উদ্দেশ্যে ডিজাইন করা পদ্ধতির মাধ্যমে পরিচালিত হলে সেটিকে ই-কমার্স বলা যাবে। তবে মূল্য পরিশোধ ও পণ্য বিতরণ (ডেলিভারি) অনলাইনে পরিচালিত হতে হবে, সেই বাধ্যবাধকতা নেই।
ই-কমার্স লেনদেনের পরিমাণের ওপর ভিত্তি করে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৪৬তম। ২০২৩ সালের মধ্যে বাংলাদেশে ই-কমার্স লেনদেন তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে (স্ট্যাটিস্টা)। বর্তমানে দেশে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্য হিসেবে আছে প্রায় ১ হাজার ৮০০টি প্রতিষ্ঠান। শুধু ফেসবুকভিত্তিক উদ্যোগ আছে ৫০ হাজারের ওপর। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, সেপ্টেম্বর ২০২২ সালে কার্ডের মাধ্যমে করা ই-কমার্স লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮৬ কোটি টাকা; যেটি ২০২০ ও ২০২১ সালের সেপ্টেম্বরে ছিল যথাক্রমে ৪০৬ কোটি ও ৭৭৮ কোটি টাকা। অর্থাৎ দেশে ই-কমার্স বৃদ্ধি অব্যাহত।
তবে এর মধ্যেই বহির্বিশ্ব আরও এক ধাপ এগিয়ে চলে গেছে ক্রস-বর্ডার ই-কমার্সের দিকে। ক্রেতা বা বিক্রেতা যদি ভিন্ন ভিন্ন দেশের হয়ে থাকেন, সেটি ক্রস-বর্ডার ই-কমার্স হিসেবে বিবেচিত হতে পারে। বিশ্বের ই-কমার্স খুচরা বিক্রির অর্ধেকের মতো দখল করে আছে চীন। ক্রস-বর্ডার ই-কমার্সেও রয়েছে চীনের আধিপত্য। ২০২১ সালে যেটির মূল্যমান ছিল প্রায় দুই ট্রিলিয়ন ইউএস ডলার। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ই-কমার্সের শতকরা ৪০ ভাগ ক্রস-বর্ডার ই-কমার্স। ২০২২ সালের মধ্যে শুধু থাইল্যান্ডের ক্রস-বর্ডার ই-কমার্সের আকার হবে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।
ক্রস-বর্ডার ই-কমার্সের বিশেষ কিছু সুবিধা আছে। বিশ্বব্যাপী বিদ্যমান বাজার ছাড়াও সরাসরি গ্রাহকের কাছে পণ্য বিক্রি, নিজের ব্র্যান্ড বিশ্বদরবারে তুলে ধরার সুযোগ, বিদেশে চাহিদাসম্পন্ন পণ্য উৎপাদনের সুযোগ, বিশেষ ঋতুর ওপর নির্ভরশীল না থেকে সারা বছর পণ্য বিক্রির সুযোগ, ইত্যাদি। আবার ক্রস-বর্ডার ই-কমার্সের বিক্রির তালিকায় আছে ভোক্তা ইলেকট্রনিক, গয়না, জুতা, ব্যাগ, প্রসাধনী, শিশুর পণ্য ও পোষা প্রাণী সরবরাহ; যেগুলো উৎপাদনকারী মূলত এসএমই উদ্যোক্তারা। উল্লেখ্য, ২০২১ সালের হিসাব অনুযায়ী, চীনে প্রায় পাঁচ হাজার ক্রস-বর্ডার ই-কমার্স কোম্পানি রয়েছে, যার সিংহভাগই এসএমই (স্ট্যাটিস্টা)।
বর্তমানে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হলো ক্রস-বর্ডার ই-কমার্স নীতিমালা তৈরি করা, যেটি এখন আমাদের নেই। আমাদের ঘাটতি রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও ব্যাপকভাবে গ্রহণযোগ্য লেনদেনের ব্যবস্থা বা পেমেন্ট সিস্টেমের (যেমন পেপ্যাল) পর্যাপ্ত উপস্থিতির; নেই কোনো কার্যকর লজিস্টিক সাপোর্ট বা ডেলিভারি ইকোসিস্টেম। আমাদের অভাব রয়েছে বিশ্বব্যাপী বিপণন বা শিপিংয়ের জ্ঞানসম্পন্ন প্রয়োজনীয় লোকবলের। তার সঙ্গে আছে অনলাইনে প্রতারণা ও উপাত্ত সুরক্ষা আইনের অনুপস্থিতি।
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ ভাগ এবং শিল্প খাতে হওয়া কর্মসংস্থানের শতকরা ৮০ ভাগ আসে এসএমই খাত হতে। এই প্রতিষ্ঠান ও জনবলকে যদি ক্রস-বর্ডার ই-কমার্সে সম্পৃক্ত করা সম্ভব হয়, তাহলে সেটি দেশের অর্থনীতির জন্য বিশাল সুফল বয়ে আনতে পারে। তবে বাংলাদেশের জন্য ক্রস-বর্ডার ই-কমার্সে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে রয়ে গেছে বেশ কিছু চ্যালেঞ্জ। সেগুলো নিয়ে বলার আগে ক্রস-বর্ডার ই-কমার্সের ধাপগুলো সম্পর্কে বলে নেওয়া যাক।
প্রথমত, ব্যবসার অনলাইন রূপান্তর প্রক্রিয়া। যেটির জন্য প্রয়োজন হবে ডিজিটাল ডিভাইস, কারিগরি দক্ষতা, তথ্যপ্রযুক্তি অবকাঠামো, সাইবার নিরাপত্তা, ভাষাগত দক্ষতাসহ সংশ্লিষ্ট আইন ও নীতিমালার ধারণা। দ্বিতীয়ত, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মূল্য পরিশোধ প্রক্রিয়া। যেটির আওতায় পড়বে ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন ব্যাংকিং, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, ফরেন এক্সচেঞ্জের মতো ব্যাপারগুলো। তৃতীয়ত, ক্রস-বর্ডার ডেলিভারি বা পণ্য বিতরণ। এর সঙ্গে সম্পৃক্ত থাকবে দুই দেশের মধ্যকার বিভিন্ন ধরনের শুল্ক, পরিবহনব্যবস্থা, ওয়্যারহাউস, প্যাকেজিং, ডাক বিভাগের সেবা প্রদানের মতো বিষয়গুলো। চতুর্থত, লেনদেন–পরবর্তী পরিষেবাগুলো। সেখানে আছে বিক্রয়–পরবর্তী গ্রাহক সেবা দেওয়া থেকে শুরু করে পণ্য পরিবর্তন ও মূল্য ফেরত দেওয়ার মতো বিষয়গুলো।
এ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে বর্তমানে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হলো ক্রস-বর্ডার ই-কমার্স নীতিমালা তৈরি করা, যেটি এখন আমাদের নেই। আমাদের ঘাটতি রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও ব্যাপকভাবে গ্রহণযোগ্য লেনদেনের ব্যবস্থা বা পেমেন্ট সিস্টেমের (যেমন পেপ্যাল) পর্যাপ্ত উপস্থিতির; নেই কোনো কার্যকর লজিস্টিক সাপোর্ট বা ডেলিভারি ইকোসিস্টেম। আমাদের অভাব রয়েছে বিশ্বব্যাপী বিপণন বা শিপিংয়ের জ্ঞানসম্পন্ন প্রয়োজনীয় লোকবলের। তার সঙ্গে আছে অনলাইনে প্রতারণা ও উপাত্ত সুরক্ষা আইনের অনুপস্থিতি।
তবে আমাদের বেশ কিছু সুবিধাও আছে। বিশালসংখ্যক তরুণ বয়সীর জনমিতিক সুবিধার সঙ্গে আছে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা ডিজিটাল রূপান্তর। মোবাইল আর্থিক পরিষেবার আওতায় এসেছে উল্লেখযোগ্যসংখ্যক নাগরিক, ক্রমাগত বেড়ে চলেছে ইন্টারনেট ব্যবহারকারী এবং ব্যান্ডউইথের চাহিদা। দেশের এসব প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আমাদের জন্য তৈরি করতে হবে জুতসই নীতিমালা।
শুধু ২০২২ সালে চীনের স্টেট কাউন্সিল ৩০টির কাছাকাছি নতুন ক্রস-বর্ডার ই-কমার্স পাইলট জোন প্রতিষ্ঠা করেছে। কোম্পানিগুলো যখন এই জোনগুলো থেকে চীনা ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করে, তখন তারা হ্রাসকৃত আমদানি শুল্ক ও দাপ্তরিক প্রক্রিয়া সহজীকরণ, অগ্রাধিকারমূলক কর নীতিসহ বিভিন্নভাবে উপকৃত হয়। চীনে এই ধরনের জোনের সংখ্যা এখন শতাধিক। এসব আন্তর্জাতিক অনুশীলন থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে চিহ্নিত হওয়া সমস্যাগুলো সমাধান করার উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে উন্মুক্ত হতে পারে এক অপার সম্ভাবনার দুয়ার। সে দুয়ার আমরা আরও বন্ধ করে রাখব, নাকি সম্ভাবনাকে বাস্তবে রূপ দেব, সেটা ঠিক করার সময় এখনই।
● ড. বি এম মইনুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক