ভারত যে ৫ কৌশলে দারিদ্র্য কমাতে অসামান্য সাফল্য পেয়েছে

ভারতের মুম্বাইয়ের একটি বস্তি এলাকায় এক মায়ের সঙ্গে খেলছে শিশুছবি : এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক ২০২৬ সালের অক্টোবর মাসে প্রকাশিত তাদের দারিদ্র্য ও সমতাবিষয়ক সংক্ষিপ্ত প্রতিবেদনে জানিয়েছে, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এক দশকের কিছু বেশি সময়ে ভারতে চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের হার উল্লেখযোগ্যভাবে কমে ২৭ দশমিক ১ শতাংশ থেকে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। দারিদ্র্য হ্রাসের এই অসাধারণ সাফল্যকে বিশ্বে দ্রুততম দারিদ্র্য হ্রাসের ঘটনা হিসেবে অভিহিত করা হয়েছে। এর ফলে ভারত আনুমানিক ৪৯ কোটি ৬০ লাখ মানুষকে, যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্মিলিত জনসংখ্যার চেয়ে বেশি মানুষকে দারিদ্র্য ফাঁদ থেকে বের করে আনতে সক্ষম হয়েছে।

বিশ্বব্যাংকের ওই প্রতিবেদন আরও জানিয়েছে, নিম্নমধ্যম আয়ের দেশগুলোর জন্য নির্ধারিত দৈনিক ৪ দশমিক ২০ ডলারের দারিদ্র্যসীমা বিবেচনায় নিলেও ভারতে দারিদ্র্যের হার এই সময়ে ৫৭ দশমিক ৭ শতাংশ থেকে কমে ১৬ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। তবে প্রতিবেদনে এটা সতর্ক করে দেওয়া হয়েছে যে দারিদ্র্য হ্রাসের সাম্প্রতিক এই সাফল্যের কিছু অংশ প্রকৃত জীবনমানের উন্নতির পাশাপাশি পরিমাপপদ্ধতির উন্নতির ফলও হতে পারে।

আরও পড়ুন

প্রকৃতপক্ষে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে আর্থিক ও অর্থবহির্ভূত—উভয় ধরনের দারিদ্র্য সূচকেরই উন্নতি ঘটেছে। তবে এই উন্নতি দেশের সব অঞ্চলে সমানভাবে হয়নি; বরং ভারতের মোট দরিদ্র জনগোষ্ঠীর ৫৭ শতাংশ উত্তর প্রদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি সংলগ্ন ভৌগোলিক অঞ্চলে কেন্দ্রীভূত।

ভবিষ্যতে ভারতে দারিদ্র্য আরও কমবে বলে বিশ্বব্যাংক ধারণা করছে, যদিও সেই হ্রাসের গতি তুলনামূলকভাবে ধীর হবে বলে অনুমিত হয়। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ভারতে দৈনিক ৪ দশমিক ২০ ডলারের দারিদ্র্যসীমার ভিত্তিতে দারিদ্র্যের হার ২০২৬ সালের ১৪ দশমিক ২ শতাংশ থেকে ২০২৮ সালের মধ্যে ১২ দশমিক ১ শতাংশে নেমে আসতে পারে।

তবে এসব পরিসংখ্যান ও প্রবণতার বাইরে দুটি মৌলিক প্রশ্ন রয়েছে। প্রথমত, ভারতের দারিদ্র্য হ্রাসের এই উল্লেখযোগ্য সাফল্যের পেছনে কোন কোন বিষয় ভূমিকা রেখেছে? দ্বিতীয়ত, এ অভিজ্ঞতা থেকে কী কী শিক্ষা নেওয়া যেতে পারে? ভারতের দারিদ্র্যের হার দ্রুত কমে আসার পেছনে প্রধানত চারটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করেছে বলে ধারণা করা যায়।

আরও পড়ুন

প্রথম কারণটি হলো দীর্ঘ সময় ধরে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা। ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভারত অব্যাহতভাবে উচ্চ ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, যার ফলে দেশটি বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী প্রধান অর্থনীতিগুলোর একটিতে পরিণত হয়েছে। ২০১০ সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি শুরু হয়েছিল ৮ দশমিক ৫ শতাংশ দিয়ে। পরবর্তী চার বছরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ আর্থিক

সংকোচনের কারণে প্রবৃদ্ধি কিছুটা কমে গেলেও অল্প সময়ের মধ্যেই তা আবার ঘুরে দাঁড়ায়। ২০১৫-২০১৬ সালে দেশটির প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৩ শতাংশের কাছাকাছি ছিল। কোভিড-১৯ অতিমারির সময় এই প্রবৃদ্ধি সংকুচিত হলেও পরবর্তী সময়ে ২০২১ সালে ভারত প্রায় ১০ শতাংশের ঐতিহাসিক প্রবৃদ্ধি অর্জন করে। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভারত গড়ে ৭ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। দীর্ঘ সময় ধরে এ ধরনের উচ্চ প্রবৃদ্ধি ভারতের দারিদ্র্য পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছে।

ভারতের দারিদ্র্য হ্রাসের সাফল্যের দ্বিতীয় কারণ হলো ভোগ ব্যয়ের শক্তিশালী প্রবৃদ্ধি। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে ব্যক্তিগত ভোগ ব্যয়ের ক্ষেত্রে গভীর ও ধারাবাহিক কাঠামোগত পরিবর্তন ঘটেছে। এ সময়ে দেশটির মোট পারিবারিক ভোগ ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে ২০১৫ সালের ১ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলার থেকে ২০২৫ সালে ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ভারতের মোট জিডিপির প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ আসে ব্যক্তিগত ভোগ ব্যয় থেকে। ফলে এক দশক ধরে চলা এই ভোগ ব্যয়ের উল্লম্ফন দেশটির উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে।

ভারতের ক্ষেত্রে উন্নত মানের পণ্যের প্রতি ভোক্তাদের ঝোঁকও স্পষ্ট হয়ে উঠেছে। অর্থাৎ ক্রেতারা তুলনামূলক কম দামের পণ্যের পরিবর্তে উন্নত মানের পণ্য কিনতে আগ্রহী হয়েছেন। এর ফলে ভারতীয় পরিবারের গড় বাজেটে নিত্যপ্রয়োজনীয় নয়, এমন পণ্য ও সেবায় বা ঐচ্ছিক খাতে ব্যয়ের অংশ ঐতিহাসিকভাবে ১৫ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৩৬ শতাংশে পৌঁছেছে।

একই সময়ে ভারতীয় পরিবারগুলো বস্তুগত পণ্যের চেয়ে সেবা ও জীবনযাপনের আনন্দের ওপর বেশি গুরুত্ব দিতে শুরু করেছে। যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলা দেখা, সংগীত কনসার্ট, বাইরে খেতে যাওয়া এবং অবকাশযাপনমূলক ভ্রমণ। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতীয়দের বিদেশ ভ্রমণে ব্যয় ২ দশমিক ৭ কোটি রুপি থেকে বেড়ে ৪ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা সংস্কারের গুরুত্ব তুলে ধরে। বিশেষ করে রাজস্ব ও নিয়ন্ত্রক কাঠামোর সংস্কার; অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন এনে জিডিপি ও কর্মসংস্থানে উৎপাদন খাতের অংশ বৃদ্ধি; অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ—যার মধ্যে শুধু সড়ক, মহাসড়ক ও রেলপথ নয়, তথ্যপ্রযুক্তির সংযোগও অন্তর্ভুক্ত; তথ্যপ্রযুক্তি, ব্যবসায়িক সেবা ও বৈশ্বিক সক্ষমতা কেন্দ্রের মতো সেবাভিত্তিক খাতের সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনীতির তথ্যপ্রযুক্তিগত রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতে গত এক দশকে দারিদ্র্য হ্রাসের উল্লেখযোগ্য সাফল্যের পেছনে কর্মসংস্থান বৃদ্ধি, বিশেষ করে নারীদের কর্মসংস্থান, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতে ১৭ কোটির বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ বছরে গড়ে ১ দশমিক ৭ কোটি নতুন কর্মসংস্থান। দেশটিতে বেকারত্বের হার ২০১৫ সালের ৭ দশমিক ৬ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৪ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। কর্মসংস্থানের কাঠামোতেও খাতভিত্তিক পরিবর্তন ঘটেছে। যদিও ভারতে এখনো মোট শ্রমশক্তির ৪১ শতাংশ কৃষিতে নিয়োজিত, তবে কর্মসংস্থানে কৃষির আপেক্ষিক প্রাধান্য ধীরে ধীরে কমছে।

বর্তমানে ভারতের মোট শ্রমশক্তির প্রায় ২৬ শতাংশ নিয়োজিত রয়েছে শিল্প উৎপাদন ও নির্মাণ খাতে এবং বাকি ৩৩ শতাংশ সেবা খাতে। নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য কাঠামোগত পরিবর্তন ঘটেছে। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে নারীদের কর্মসংস্থান-সম্পর্কিত অনুপাত প্রায় ২২ শতাংশ থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ৪০ শতাংশের বেশি হয়েছে। গ্রামীণ ও শহরাঞ্চলে মজুরিভিত্তিক এবং স্বকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিই এ ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে।

ভারতে উল্লেখযোগ্য দারিদ্র্য হ্রাসের চতুর্থ কারণটি হলো দেশটির সামাজিক সুরক্ষাব্যবস্থায় অভূতপূর্ব ও নীরব বিপ্লব। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ভারত তার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা দেশের মোট জনসংখ্যার ১৯ শতাংশ থেকে বাড়িয়ে ৬৪ শতাংশে উন্নীত করেছে। এই সম্প্রসারণের ফলে ৯৪ কোটির বেশি নাগরিক অন্তত একটি সামাজিক সুরক্ষাসুবিধার আওতায় এসেছে। বিশ্ব ইতিহাসে সামাজিক নিরাপত্তাবেষ্টনী সম্প্রসারণের সবচেয়ে বড় উদ্যোগগুলোর মধ্যে এটি অন্যতম।

২০১৯ সালে ভারতের মাত্র চারটি রাজ্যে নিয়মিত মাসিক নগদ অর্থসহায়তা কর্মসূচি চালু ছিল। কিন্তু ২০২৫ সালের মধ্যে ২৮টি রাজ্যের মধ্যে ১৭টি রাজ্য এবং দিল্লিতে মাসিক নগদ অর্থসহায়তা কর্মসূচি কার্যকর করা হয়। এসব উদ্যোগ ২০২৩ সালের মধ্যে চরম দারিদ্র্যের হার ২ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। পাশাপাশি নিম্ন আয়ের পরিবারগুলোকে প্রতি মাসে ১,০০০ থেকে ২,৫০০ রুপি পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে তাঁদের জীবনধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবলম্বন জুগিয়েছে। এর ফলে পরিবারের সঞ্চয় বৃদ্ধি, পারিবারিক ব্যয় নিয়ন্ত্রণে নারীদের ভূমিকা এবং সমাজে তাঁদের অবস্থানেরও উন্নতি ঘটেছে।

এখন আসা যাক, সাম্প্রতিক সময়ে ঐতিহাসিকভাবে দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা থেকে কী শিক্ষা নেওয়া যেতে পারে, সেই প্রশ্নে।

প্রথমত, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা সংস্কারের গুরুত্ব তুলে ধরে। বিশেষ করে রাজস্ব ও নিয়ন্ত্রক কাঠামোর সংস্কার; অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন এনে জিডিপি ও কর্মসংস্থানে উৎপাদন খাতের অংশ বৃদ্ধি; অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ—যার মধ্যে শুধু সড়ক, মহাসড়ক ও রেলপথ নয়, তথ্যপ্রযুক্তির সংযোগও অন্তর্ভুক্ত; তথ্যপ্রযুক্তি, ব্যবসায়িক সেবা ও বৈশ্বিক সক্ষমতা কেন্দ্রের মতো সেবাভিত্তিক খাতের সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনীতির তথ্যপ্রযুক্তিগত রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়ত, ভারতের প্রবৃদ্ধি কৌশলের লক্ষ্য শুধু দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা ছিল না; বরং উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে সেই প্রবৃদ্ধিকে দরিদ্রবান্ধব করে তোলাও ছিল এর অন্যতম উদ্দেশ্য। এ অভিজ্ঞতার আলোকে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রবৃদ্ধিনির্ভর কর্মসংস্থানের পরিবর্তে কর্মসংস্থাননির্ভর প্রবৃদ্ধির কৌশল গ্রহণ অধিক কার্যকর হতে পারে। কারণ, অতীতে অনেক দেশই কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ভারত দেখিয়েছে যে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উচ্চ কর্মসংস্থানের লক্ষ্য একই সঙ্গে অর্জন করা সম্ভব।

তৃতীয়ত, ভোগ ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ইঙ্গিত দেয় যে শহরাঞ্চলের পরিবর্তে গ্রামীণ অর্থনীতিতে ভোগ ব্যয়ের প্রবৃদ্ধি বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া সামগ্রিক অর্থনীতির ভোগ ব্যয় বাড়াতে পারে। বিশেষ করে যেসব দেশে অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, তাদের জন্য বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। ভারতে কৃষিবহির্ভূত কর্মসংস্থানের দিকে বড় ধরনের পরিবর্তনের ফলে (যা বর্তমানে গ্রামীণ আয়ের ৫০ শতাংশের উৎস) প্রকৃত গ্রামীণ আয় শহরাঞ্চলের মজুরি বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে।

আর এটিই ভারতে দ্রুত ভোগ ব্যয় বৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। এ অভিজ্ঞতার মূল শিক্ষা হলো গ্রামীণ অর্থনীতির ওপর গুরুত্ব দিতে হবে এবং এর দ্রুত বিকাশে সহায়তা করতে হবে। এর ফলে অর্থনীতিতে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যত বাড়বে, ভোক্তারা তাঁদের মোট ব্যয়ের মধ্যে মৌলিক খাদ্যপণ্যের জন্য বরাদ্দকৃত অংশ তত কমিয়ে আনবেন এবং সেই অর্থ ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন, মোটরগাড়ি ও বিলাসবহুল ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীর মতো পণ্য ও সেবায় ব্যয় করবেন।

বিশ্বের অন্যান্য দেশ ভারতের বৃহত্তম সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো থেকে শিক্ষা নিতে পারে। বিশেষ করে উপকারভোগী যাচাই, লক্ষ্যভিত্তিক সুবিধা প্রদান, কর্মসূচি বাস্তবায়ন, মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী কর্মসূচির সংশোধনের ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে।

চতুর্থত, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির জন্য ভারতের অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে মানবিক সক্ষমতা বৃদ্ধি, সম্পদের ন্যায্য বণ্টন, মৌলিক সামাজিক সেবায় প্রবেশাধিকার এবং আয় বণ্টনের ন্যায্যতা অত্যন্ত জরুরি। একইভাবে, পারিবারিক পর্যায়ে সম্পদের মালিকানাও ভবিষ্যৎ অর্থনৈতিক সাফল্যের ওপর সুস্পষ্ট প্রভাব ফেলে। কন্যাশিশু ও নারীদের জন্য অধিক সুযোগ সৃষ্টি এবং তাঁদের অর্থনৈতিক, আইনি ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংবিধানিক ও আইনি সংস্কার নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সরাসরি বাড়াতে পারে। বিকল্প জ্বালানি, পানি ও বিদ্যুতের মতো অবকাঠামোগত সুবিধা পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হলে নারীরা স্বকর্মসংস্থানে যুক্ত হতে পারেন কিংবা শ্রমবাজারে অংশগ্রহণের সুযোগ পান। অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নারীদের জমি ও ঋণের মতো উৎপাদনশীল সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করাও অপরিহার্য।

পঞ্চমত, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে এ ধরনের কর্মসূচির জন্য পর্যাপ্ত রাজস্ব বরাদ্দ বৃদ্ধি এবং দেশের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে এর বিস্তার নিশ্চিত করা প্রয়োজন। ভারতের সামাজিক সহায়তা কর্মসূচিগুলো আরও দেখিয়েছে যে প্রযুক্তিগত অবকাঠামো বা ‘টেক স্ট্যাক’—যেমন তথ্যপ্রযুক্তি সংযোগব্যবস্থা ব্যবহার করে কর্মসূচির পরিসর ও কার্যকারিতা কীভাবে বাড়ানো যায়। এ ক্ষেত্রে নারীকেন্দ্রিক কল্যাণ কর্মসূচি, কৃষি ও গ্রামীণ খাতে সহায়তা এবং সামাজিক সহায়তার আওতা সম্প্রসারণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিশ্বের অন্যান্য দেশ ভারতের বৃহত্তম সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো থেকে শিক্ষা নিতে পারে। বিশেষ করে উপকারভোগী যাচাই, লক্ষ্যভিত্তিক সুবিধা প্রদান, কর্মসূচি বাস্তবায়ন, মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী কর্মসূচির সংশোধনের ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে।

ভারতের দারিদ্র্য হ্রাসের উল্লেখযোগ্য সাফল্যকে শুধু তার অর্জন হিসেবে উদ্‌যাপন করাই যথেষ্ট নয়। বরং আরও গুরুত্বপূর্ণ হলো এই অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা এবং অন্যান্য উন্নয়নশীল দেশের দারিদ্র্য হ্রাসের উদ্যোগে সেসব শিক্ষা কীভাবে তাদের নিজস্ব বাস্তবতা ও প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করা যায়, তা খুঁজে বের করা।

  • সেলিম জাহান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক।
    * মতামত লেখকের নিজস্ব