বিশেষ সাক্ষাৎকার: আবু আলম মো. শহিদ খান
২০১৮ সালের মতো সিটি নির্বাচন করা সম্ভব হবে না
আবু আলম মো. শহিদ খান। সাবেক সচিব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। পাঁচ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন স্থানীয় সরকারের গতিপ্রকৃতি, নির্বাচনী ব্যবস্থা ইত্যাদি নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান
প্রশ্ন :
আমাদের সংবিধানে স্থানীয় স্বশাসনের কথা বলা আছে। কিন্তু বাস্তবে এর প্রতিফলন আছে কি?
আবু আলম মো. শহিদ খান: স্থানীয় স্বশাসনের কথা সংবিধানে আছে। এর জন্য বিভিন্ন আইন ও বিধিও জারি করা হয়েছে। সব রাজনৈতিক দলই স্থানীয় সরকার তথা স্বশাসন জোরদার করার কথা বলে থাকে। বিশেষ করে নির্বাচনী ইশতেহারে স্থানীয় সরকার নিয়ে তাঁরা অনেক ভালো ভালো কথা বলেন। কিন্তু যখনই তাঁরা নির্বাচিত হন কিংবা ক্ষমতায় যান, তখন এসব প্রতিশ্রুতি খুব একটা মনে রাখেন না। যাঁরা সংসদ সদস্য হন, তঁাদের প্রধান কাজ আইন প্রণয়ন করা, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে নীতি-পরিকল্পনা গ্রহণে ভূমিকা রাখা। কিন্তু তাঁরা সেটি না করে স্থানীয় সব উন্নয়নকাজে অযাচিত হস্তক্ষেপ করেন। পরবর্তী নির্বাচনে জয় নিশ্চিত করতে একটি প্রভাববলয় সৃষ্টি করেন।
দলীয় প্রতীকের বিষয়টি ছিল স্থানীয় সরকার সংস্কার প্রস্তাবের অংশ। আমি যখন স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব তখন এই প্রস্তাবটি দেওয়া হয়। সরকার নীতিগতভাবে এটি গ্রহণ করে। কিন্তু বাস্তবে দেখা গেল মেয়র বা চেয়ারম্যান পদে দলীয় প্রতীক দেওয়া হলো। এ কারণেই বিতর্ক হয়েছে
প্রশ্ন :
তাহলে কি সংসদ সদস্যরাই স্থানীয় সরকার শক্তিশালী করার ক্ষেত্রে বড় বাধা?
আবু আলম মো. শহিদ খান: প্রথম বাধা রাজনৈতিক দল। এ ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের মধ্যে খুব একটা ফারাক নেই। প্রথম যখন উপজেলা পরিষদ আইন হয়, তখন স্থানীয় সংসদ সদস্যদের উপজেলা পরিষদের উপদেষ্টা করা হয়। উপদেষ্টা কেবল উপদেশ দেন না। সবকিছু ঠিক করে দেন। এই আইন পাসের সময় সরকারি ও বিরোধী দলের কোনো সদস্যই বিরোধিতা করেননি। সংসদ সদস্যদের ক্ষমতায়নের বিষয়ে সবাই এককাট্টা। এমনকি শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পাওয়ারও কেউ বিরোধিতা করেননি। এক কোটি টাকায় যে গাড়ি তঁারা আমদানি করেন, বাজারে তার দাম তিন কোটি টাকা। পাঁচ বছর পর দুই কোটি টাকায় সেটি বিক্রি করে দেন।
প্রশ্ন :
তার মানে স্থানীয় সরকার ক্ষমতাহীন রাখার ব্যাপারে সব দলই অভিন্ন অবস্থানে? কেউ চান না স্থানীয় সরকার শক্তিশালী হোক।
আবু আলম মো. শহিদ খান: মূলত রাজনৈতিক দলের ভূমিকা বড় এখানে। কিছু কিছু কাজ হয়েছে, কমিশন হয়েছে। আইয়ুব খানের নতজানু স্থানীয় সরকার এখন নেই। নির্বাচনের মধ্য দিয়ে ভালো কিছু লোক এসেছেন। তঁাদেরও মামলা–মোকদ্দমা করতে হয়েছে। কেন্দ্রীয় আমলা ও রাজনৈতিক দল কেউ চায় না স্থানীয় সরকার শক্তিশালী হোক। তারা চায় সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকুক। তঁারা বাজেট করবেন, বরাদ্দ দেবেন, সবকিছু ঢাকাকেন্দ্রিক রাখবেন।
প্রশ্ন :
আমাদের সংবিধানে যে এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থার কথা বলা আছে, সেটা কি স্থানীয় সরকার ক্ষমতায়নের পথে বাধা বলে মনে করেন?
আবু আলম মো. শহিদ খান: না, বাধা হলো মানসিকতা। ভারতেও লোকসভার সদস্য আছেন, রাজ্যসভা ও বিধানসভার সদস্য আছেন, তঁারা তো স্থানীয় সরকারের কাজে নাক গলাতে পারেন না। সেখানে স্থানীয় সরকার স্বাধীনভাবেই কাজ করে। এটাই তফাত। আরেকটি বড় তফাত হলো স্থানীয় সরকার নির্বাচনপদ্ধতি। আমরা যে পদ্ধতিতে সিটি, উপজেলা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন করি, সেটা রাষ্ট্রপতি পদ্ধতিতে। মেয়র ও চেয়ারম্যানরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। এটা অনেকটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি মডেলে। অথচ আমরা কেন্দ্রে সংসদীয় পদ্ধতিতে সরকার চালাচ্ছি। এ কারণেও এমপিদের মনে হতে পারে, তঁার এলাকার মেয়র বা উপজেলা চেয়ারম্যান শক্তিশালী হয়ে যেতে পারেন। তঁারা আরও বেশি আগ্রাসী ভূমিকা নেন। নির্বাচনটা যদি আমরা সংসদীয় পদ্ধতিতে করতে পারতাম, এ সমস্যা থাকত না। যেমন সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হবেন, সেই কাউন্সিলরদের মধ্য থেকে একজন মেয়র হবেন। ইউনিয়ন পরিষদেও একই পদ্ধতিতে চেয়ারম্যান নির্বাচিত হবেন। সংসদীয় পদ্ধতি হলে কাউন্সিলর ও মেয়র প্রার্থীর মধ্যে এত পার্থক্য থাকত না। উপজেলা পরিষদে এখন যেভাবে নির্বাচন হচ্ছে, সেটা পরিষদ হচ্ছে না। মাত্র তিনজন নির্বাচিত, বাকিরা পদাধিকারবলে আসেন। সবাইকে তৃণমূল থেকে প্রথমে নির্বাচিত হতে হলে আমরা যোগ্যতর প্রতিনিধি পেতাম।
প্রশ্ন :
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে বিতর্ক আছে। আগে তো এটি নির্দলীয়ভাবে নির্বাচন হতো।
আবু আলম মো. শহিদ খান: দলীয় প্রতীকের বিষয়টি ছিল স্থানীয় সরকার সংস্কার প্রস্তাবের অংশ। আমি যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ছিলাম, তখন এ প্রস্তাব দেওয়া হয়। সরকার নীতিগতভাবে এটি গ্রহণ করে। কিন্তু বাস্তবে দেখা গেল মেয়র বা চেয়ারম্যান পদে দলীয় প্রতীক দেওয়া হলো। এ কারণেই বিতর্ক হয়েছে। আমরা যে পদ্ধতিতে নির্বাচন চেয়েছিলাম, তাতে দলীয় প্রতীক দেওয়ার উদ্দেশ্য ছিল মেয়র বা চেয়ারম্যান নির্বাচনে কোনো চাপ, ভয়ভীতি বা প্রলোভন দেখিয়ে কোনো প্রতিনিধিকে কেউ যাতে পক্ষভুক্ত করতে না পারে।
প্রশ্ন :
যখন দলীয় প্রতীকে নির্বাচন ছিল না, তখন আওয়ামী লীগ আমলে বিএনপির সমর্থিত মেয়র এবং বিএনপি আমলে আওয়ামী লীগ সমর্থিত মেয়র নির্বাচিত হতেন। ক্ষমতার ভারসাম্য থাকত। এখন তো সেটি প্রায় উঠে গেছে।
আবু আলম মো. শহিদ খান: অতীতে ক্ষমতার ভারসাম্য ছিল কিন্তু পদ্ধতিটি সঠিক ছিল না। পদ্ধতি সঠিক হলে যে সিটিতে যে দলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর থাকবেন, সেই দলের মেয়র হবেন। প্রতিবেশী ভারত, যুক্তরাজ্যসহ অনেক দেশেই এভাবে নির্বাচন হয়ে থাকে। সংসদীয় পদ্ধতিতে না গিয়ে প্রতীক দেওয়া অর্থহীন।
প্রশ্ন :
২০১৩ সালে পাঁচ সিটিতে আওয়ামী লীগ পরাজিত হয়। আপনি তখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সেই নির্বাচনে প্রশাসনের কী ভূমিকা ছিল?
আবু আলম মো. শহিদ খান: পাঁচ সিটিতে পপুলার ভোটেই বিএনপির প্রার্থীরা জিতেছেন। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কিরণ বেদী আম-আদমি পার্টির প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন। তিহার জেল সংস্কার করে কিরণ বেদী নাম করেছিলেন। সাংবাদিকেরা পরাজয়ের কারণ জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, ‘ভোটটা ছিল রাজনৈতিক, নির্বাচনে আমি হারিনি, বিজেপি হেরেছে।’ ২০১৩ সালে ক্ষমতাসীন দলে প্রার্থীরা অনেক যোগ্য ও জনপ্রিয় ছিলেন। বিশেষ করে রাজশাহী, বরিশাল ও খুলনার মেয়র অনেক কাজ করেছেন। শহরের চেহারা বদলে দিয়েছেন। তাঁরা হেরে যাবেন, এটি অনেকেই ভাবতে পারেননি। ব্যক্তিগতভাবে আমিও না। সিলেটের মেয়রের ব্যাপারে সন্দেহ ছিল। গাজীপুরে আজমত উল্লা খুবই মেধাবী প্রার্থী ছিলেন। কিন্তু বাস্তবে পাঁচ সিটিতে আওয়ামী লীগের ভরাডুবি হয়। এটি আওয়ামী লীগের জন্য একটি বিপৎসংকেত ছিল। এর পেছনে আরও একটি বিষয় কাজ করেছে। শাপলা চত্বরে হেফাজতকে বলপ্রয়োগে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনা নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছিল। নির্বাচনের সময় ইসলামি দলগুলো সর্বশক্তি নিয়োগ করেছিল। ঘরে ঘরে তাঁরা প্রচার চালিয়েছেন।
প্রশ্ন :
সেই ফলাফল পরবর্তী রাজনৈতিক সংকটকে আরও বাড়িয়ে দিয়েছিল কি না।
আবু আলম মো. শহিদ খান: দল হিসেবে চিন্তা করলে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। দল ও সরকার একাকার হয়ে যায়। এরপর আওয়ামী লীগ কৌশল নেয় বিএনপিকে কীভাবে মোকাবিলা করবে। তাদের কৌশলগত সিদ্ধান্ত হয়তো ছিল বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করা। আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারি, ওই নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ ছিল না। আমরা চেষ্টা করেছি যাতে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হয় পরে। সেখানে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়োগ করে। তাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অফিস টঙ্গী সেতুর এপারে রাখতে হয়েছে। সেতু পার হতে দেওয়া হয়নি। এরপর আওয়ামী লীগ ঠিক করে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে তাদের কৌশল কী হবে। আমার মনে হয় তাদের কৌশল ছিল কীভাবে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা যায় এবং তারা বিএনপিকে ফাঁদে ফেলতে সক্ষম হয়। বিএনপি আওয়ামী লীগের অধীনে নির্বাচন করতে অস্বীকৃতি জানায় এবং তারা নির্বাচন প্রতিরোধ করারও চেষ্টা করে। তাদের সেই আন্দোলন সফল হয়নি। সে সময় প্রশাসন সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে অবস্থান নেয়। তঁারা কোনোভাবে আরেকটি এক–এগারো আসুক, সেটা চাননি। তঁারা চেয়েছেন সংবিধান সমুন্নত থাকুক। এ সময় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে টেলিফোন করে চারটি মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাব দিলেন। বিএনপি সে প্রস্তাব প্রত্যাখ্যান করল। তারা ধরেই নিয়েছিল সরকার পড়ে যাবে। বিএনপি যদি এ ফাঁদে পা না দিয়ে নির্বাচনে অংশ নিত, ফলাফলে অনেক ভারসাম্য থাকত।
প্রশ্ন :
এরপর ২০১৮ সালে পাঁচ সিটিতে নির্বাচন হলো। আপনার মূল্যায়ন কী?
আবু আলম মো. শহিদ খান: দুটোর মধ্যে তুলনা হবে না। ওই নির্বাচনে বিএনপি অংশ নিলেও হস্তক্ষেপ ছিল। ২০১৩ সালে প্রশাসন ও নির্বাচন কমিশন চেয়েছিল একটি সুষ্ঠু নির্বাচন হোক। ২০১৮ সালে আমরা তার কোনো প্রতিফলন দেখিনি। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা কী থাকে, তার ওপর নির্ভর করেই মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করবেন। রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপ মাঠপর্যায়ের কর্মকর্তারা উপেক্ষা করতে পারেন না। জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় নির্বাচনেও একটি যোগসূত্র আছে। ২০১৩ সালে যে স্থানীয় সরকারের নির্বাচন ভালো হলো, তার কারণ ২০০৮ সালে জাতীয় নির্বাচনটি ভালো হয়েছিল। ২০১৪–এর জাতীয় নির্বাচন ভালো হয়নি বলে পরবর্তী সিটি নির্বাচনও ভালো হয়নি। জাতীয় নির্বাচন ঠিক না হলে স্থানীয় সরকার নির্বাচন ঠিক হতে পারে না। জাতীয় নির্বাচনে যদি সংসদ সদস্যরা কারচুপি করে জয়ী হন, তঁারা স্থানীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন করার কথাও বলতে পারেন না।
প্রশ্ন :
এই প্রেক্ষাপটে ২০২৩ সালের পাঁচ সিটির নির্বাচনকে কীভাবে দেখছেন?
আবু আলম মো. শহিদ খান: এটা ভিন্ন প্রেক্ষাপট। এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। বিএনপির কোনো কোনো নেতা প্রতিদ্বন্দ্বিতা করলেও ধানের শীষ নিয়ে নির্বাচনে লড়ছেন না। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থীরা লড়বেন নৌকা নিয়েই। এ নির্বাচন অনেকটা ২০১৩ নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। সে সময় কয়েক মাসের ব্যবধানে জাতীয় নির্বাচন হয়েছিল। এবারও ২০২৪ সালের শুরুতে জাতীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচন অনেকটা চ্যালেঞ্জের মুখে। সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আছে। আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করতে পারে কি না। নির্বাচন কমিশনকে বিরোধী দল স্বীকারই করছে না। তাদের সঙ্গে বসছে না। এ অবস্থায় ২০১৮ সালের মতো একটা নির্বাচন করা সম্ভব হবে না।
প্রশ্ন :
বিএনপি তো বলেছে তারা এ নির্বাচনে অংশ নেবে না। তাহলে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কীভাবে হবে।
আবু আলম মো. শহিদ খান: তারা না এলেও বিভিন্ন দলের প্রার্থী থাকবেন। কমিশন ও প্রশাসনের চেষ্টা থাকবে নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করা।
প্রশ্ন :
বিএনপি নির্বাচনে না এলে সিটি নির্বাচনে উকিল আবদুস সাত্তার মডেলের প্রয়োগ দেখব কি ন।
আবু আলম মো. শহিদ খান: এ ব্যাপারে মন্তব্য করার সময় এখনো আসেনি। উকিল আবদুস সাত্তার একটা মডেল। আবার সিলেটে আরিফুল হক চৌধুরী যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে কিন্তু ভিন্ন চিত্র দেখব। ২০১৮ সালে বৈরী পরিবেশ সত্ত্বেও তিনি নিজের যোগ্যতায় জিতেছেন। রাজশাহী ও খুলনায় আওয়ামী লীগের প্রার্থী শক্তিশালী। তারপরও বলব বিএনপি দলীয়ভাবে নির্বাচন করলে ২০১৩–এর পুনরাবৃত্তি ঘটাও অস্বাভাবিক নয়। তখন কিরণ বেদীর মতো ঘটনাও ঘটতে পারে। বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীকে যদি সরকারবিরোধী সর্বশক্তি সমর্থন জানায়, তখন ফলাফল ভিন্ন হতেও পারে। খোকন সেরনিয়াবাত নতুন প্রার্থী। সিলেটেও আওয়ামী লীগের প্রার্থী দুর্বল।
প্রশ্ন :
বিএনপি সিটি নির্বাচন কেবল বর্জন করার কথা বলেনি। তারা এ সময় কঠোর কর্মসূচির কথা বলেছে। তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে?
আবু আলম মো. শহিদ খান: নির্বাচনের সময় যদি তারা কঠোর কর্মসূচি দেয়, তাহলে সংঘাত হতে পারে। তবে আমি মনে করি, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট ক্ষমতা আছে নির্বাচনগুলো করে ফেলার।
প্রশ্ন :
বিএনপি নির্বাচন প্রতিরোধ করার কথা বলেনি। তবে তারা এমন একটি পরিবেশ তৈরি করতে চায়, যাতে মানুষ ভোটকেন্দ্রে না যায়। সে ক্ষেত্রে কী অবস্থা তৈরি হবে?
আবু আলম মো. শহিদ খান: মনে রাখতে হবে, এ দেশের মানুষ কিন্তু নির্বাচনমুখী। তারা সুষ্ঠু পরিবেশ পেলে ভোটকেন্দ্রে যাবে। এখানে মেয়র ছাড়া কাউন্সিলর পদেও ভোট হচ্ছে। ফলে এলাকাবাসীর মধ্যে একধরনের উৎসাহ থাকবে। স্থানীয় সরকার নির্বাচন প্রতিরোধ করার নজির আমাদের এখানে নেই। আর যদি বিএনপি ও তাদের জোটসঙ্গীরা ৭৫ শতাংশ ভোটারকে ভোটকেন্দ্রের বাইরে রাখতে পারে, তাহলে বুঝতে হবে তাদের গণ-আন্দোলন করার শক্তি আছে।
প্রশ্ন :
নির্বাচন সেটা স্থানীয় কিংবা জাতীয়—প্রশাসন একধরনের নিরপেক্ষ ভূমিকা রেখে আসছিল। সেটি পুরোপুরি উল্টে গেল কেন?
আবু আলম মো. শহিদ খান: তারও কারণ জাতীয় পর্যায়ে ভালো নির্বাচন না হওয়া। যদি দেশে শক্তিশালী বিরোধী দল থাকে, তাহলে সরকার দলীয়করণের কাজটি যথেচ্ছভাবে করতে পারে না। সংসদে তাকে জবাবদিহি করতে হয়। ২০১৪ সালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে একমত হয়েছিলেন। এমনকি এ কথা ও বলা হয়েছিল যে এটি যেহেতু অংশগ্রহণমূলক হয়নি, শিগগিরই আরেকটি নির্বাচন হবে। তখন বিদেশিদেরও বলা হয়েছিল যে আরেকটি নির্বাচন হবে। ২০১৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসন দলীয়করণ হয়েছে। তবে আমি এ–ও মনে করি যে বর্তমানে যঁারা প্রশাসনে আছেন, যাঁদের আপনারা দলীয় অনুগত বলে চিহ্নিত করেন, সরকার চাইলে তাঁরাও একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে সক্ষম। প্রশাসনের কোথাও কোনো পরিবর্তনের দরকার হবে না। দরকার শুধু রাজনৈতিক সদিচ্ছা। সরকার চাইলে একটি ভালো নির্বাচন এই প্রশাসন দিয়েই সম্ভব।
প্রশ্ন :
নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে বলে মনে করেন?
আবু আলম মো. শহিদ খান: নির্বাচন কমিশন স্বাধীন ও সার্বভৌম—এটি ‘কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই’। আমাদের সংবিধানে নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতা ও স্বাধীনতা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেক আইন আছে। যেকোনো বিদেশি নাগরিকও এসব দেখে বলবে যে নির্বাচন কমিশন স্বাধীন। কিন্তু সেই স্বাধীনতা তারা তখনই ভোগ করতে পারবে, যখন সরকার কোনো হস্তক্ষেপ করবে না। একটি জাতীয় নির্বাচন করতে ১২ থেকে ১৪ লাখ লোকবল প্রয়োজন। এদের নিরাপত্তা ও দায়িত্ব পালন সবই নির্ভর করে সরকারের ওপর। বর্তমান নির্বাচন কমিশন পরীক্ষা নেওয়ার কথা বলেছে কিন্তু আমি বলব তারা তো গাইবান্ধায় পরীক্ষায় ফেল করেছে। যঁাদের অনিয়মের জন্য নির্বাচন বাতিল করা হলো, তঁাদের কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারল না কমিশন।
প্রশ্ন :
আপনাকে ধন্যবাদ।
আবু আলম মো. শহিদ খান: আপনাকেও ধন্যবাদ।