ডিজেলের বাড়তি খরচ থেকে কৃষককে রেহাই দিতে হবে

ড. এম এ সাত্তার মণ্ডল। কৃষি অর্থনীতিবিদ ও বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। এর আগে তিনি একই বিশ্ববিদ্যায়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন কৃষি উৎপাদনের নানা দিক, দেশের খাদ্যনিরাপত্তা, ডিজেল ও সারের দাম বেড়ে যাওয়ায় কৃষির ওপর এর প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. এম এ সাত্তার মণ্ডল

প্রশ্ন :

প্রথম আলো: দেশের বর্তমান কৃষি উৎপাদন পরিস্থিতি ও বৈশ্বিক খাদ্য পরিস্থিতি—এই দুটো বিবেচনায় নিলে বাংলাদেশ এখন কোথায় অবস্থান করছে?

এম এ সাত্তার মণ্ডল: বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিলে আমি বলব, আমাদের অবস্থান মোটামুটিভাবে ভালো। করোনার দুই বছর আমাদের কৃষি যথেষ্ট ভালোভাবে পার করেছে। আমাদের ক্ষুদ্র ও প্রা

ন্তিক কৃষকেরা টিকে ছিল। কৃষকের চেষ্টার পাশাপাশি সরকারে উদ্যোগ থাকায় উৎপাদনের ওপর বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। এখন করোনা–পরবর্তীকালে কৃষির ওপর কিছু আঘাত এসেছে। সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধি আমাদের কৃষির জন্য একটা বড় আঘাত। কিন্তু আমি মনে করি, এরপরও পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব। কৃষকদের সার পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে সরকারকে সারের বিকল্প উৎস বের করতে হবে। বিশ্ববাজারে তেলের দাম কমতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর সঙ্গে মিলিয়ে দেশে জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি সামাল দেওয়া খুব কঠিন হবে না। এ ধরনের চাপে বিভিন্ন সময় আমাদের কৃষি পড়েছে। প্রাকৃতিক কারণেও আমরা সমস্যায় পড়ি।

প্রশ্ন :

ডিজেলের দাম বেড়েছে, সারের দাম বেড়েছে—এটা তো কৃষকের ওপর বড় চাপ। এই চাপ কমানোর পথ কী?

এম এ সাত্তার মণ্ডল: এবার বোরো ও আউশ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষায় এবার প্রয়োজনীয় বৃষ্টি হয়নি। আমন উৎপাদনে বর্ষার পানির ওপর নির্ভর করতে হয়। বৃষ্টি কম হওয়ায় আমন উৎপাদনে অতিরিক্ত সেচ দিতে হবে। এটা কৃষকের ওপর চাপ বাড়াবে তাতে সন্দেহ নেই। সেচের ব্যাপারে সরকার একটি উদ্যোগ নিয়েছে। সেচ নিশ্চিত করতে গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত লোডশেডিং যেন করা না হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু দেশের সেচযন্ত্রগুলোর মাত্র তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ–চালিত। বাকি দুই–তৃতীয়াংশই ডিজেল–চালিত। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সেচের জন্য কৃষককে বাড়তি খরচ করতে হবে। এর দুটি প্রভাব পড়তে পারে। কৃষক যদি ব্যয় সাশ্রয় করতে চায়, তবে সেচ কম দেবে। এতে উৎপাদন কমবে। আর যদি বাড়তি খরচ করে, তবে উৎপাদন খরচ বেড়ে ধানের দাম বাড়বে। এই পরিস্থিতিতে শুধু বিদ্যুৎ–চালিত সেচপাম্পের দিকটি বিবেচনায় নিলে হবে না, ডিজেলচালিত পাম্প যেহেতু দুই–তৃতীয়াংশ, তাই এই দিকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে সরকারকে ভাবতে হবে। ডিজেলের বাড়তি খরচের বোঝা থেকে কৃষককে মুক্তি দিতে হবে।

প্রশ্ন :

সরকার কীভাবে এই কাজ করতে পারে?

এম এ সাত্তার মণ্ডল: এর জন্য অর্থের সংস্থান করতে হবে এবং কাজটি সহজও নয়। কৃষি মন্ত্রণালয়ের অনেক প্রকল্প রয়েছে। তারা বিচার–বিশ্লেষণ করে দেখতে পারে বর্তমান বাস্তবতায় কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো থেকে কীভাবে অর্থ সাশ্রয় করা সম্ভব। কৃষি প্রদর্শনী বা প্রশিক্ষণের মতো কিছু প্রকল্প আপাতত স্থগিত রেখে সেখান থেকে টাকা বাঁচিয়ে মন্ত্রণালয় কৃষকদের ভার কমাতে পারে। তা ছাড়া কৃষি মন্ত্রণালয় সরকারের কাছে এ জন্য অর্থ বরাদ্দ চাইতে পারে। এ ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে যে ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ভাড়া বেড়ে যাওয়া বা শিল্প উৎপাদনে খরচ বেড়ে যাওয়ার প্রভাব আর কৃষিতে এর প্রভাব কোনোভাবেই এক নয়। কৃষির সঙ্গে অন্য কিছুকে মিলিয়ে ফেললে হবে না। ডিজেলের মূল্যবৃদ্ধির যে প্রভাব কৃষি তথা খাদ্য উৎপাদনে পড়বে, সেটিকে আলাদা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

প্রশ্ন :

বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। এমন বাস্তবতায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা কঠিন কাজ। খাদ্যনিরাপত্তা নিয়ে আমাদের ঝুঁকি তো থেকেই যাচ্ছে।

এম এ সাত্তার মণ্ডল: অভ্যন্তরীণ উৎপাদন থেকে দেশের সবাইকে খাওয়াতে পারব—খাদ্যনিরাপত্তার বিষয়টিকে এভাবে দেখলে আমি বলব আমাদের প্রধান খাদ্য চাল উৎপাদনে গত তিন–চার বছর আমরা মোটামুটি স্বস্তিদায়ক অবস্থায় ছিলাম। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব গত বোরো মৌসুমে পড়েছে। আগাম বন্যার কারণে সিলেট ও উত্তরাঞ্চলে ফসলহানি হয়েছে। খরার কারণে আউশ ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমন ধান রোপণের সময় বৃষ্টি নেই। এগুলো বিবেচনায় নিলে এবার চালের উৎপাদন কম হতে পারে। এমন পরিস্থিতিতে এখন খাদ্যনিরাপত্তার দিকে জোর দিতে হলে আমাদের বিকল্প পথ ও কৌশল নিতে হবে। সরকারকে এখন থেকেই ভাবতে হবে কোথা থেকে এবং কীভাবে চাল আমদানি করা যায়। কোথায় কম দামে পাওয়া যায়, তা খুঁজতে হবে। বিকল্প উৎসের সন্ধান করতে হবে। আগেভাগে এসব উদ্যোগ নেওয়াই আমাদের মতো দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পথ।

প্রশ্ন :

কী পরিমাণ চাল আমদানি করতে হবে বা ধানের উৎপাদন কতটা কম হতে পারে, সেই হিসাব-নিকাশটি তো তাহলে খুবই জরুরি।

এম এ সাত্তার মণ্ডল: আমি বলব যথাযথ হিসাবের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখতে হবে বিভিন্ন পর্যায়ে চালের মজুত কত আছে। শুধু সরকারের বাফার স্টক নয়। বিচার-বিশ্লেষণ করে দেখতে হবে কী পরিমাণ ধান উৎপাদন হতে পারে। কৃষিসংক্রান্ত বিভিন্ন সংস্থা তথ্য সংগ্রহের কাজটি করে থাকে। অনেক ক্ষেত্রে তাদের প্রবণতা থাকে বাড়িয়ে বলা। তথ্যের ক্ষেত্রে কোনো যদি ভুল থাকে, তবে যথাযথ উদ্যোগ নেওয়া যায় না। বর্তমান পরিস্থিতিতে সঠিক তথ্য ছাড়া সরকারের পক্ষে কার্যকর পরিকল্পনা তৈরি করা সম্ভব নয়। দেখা যায় আমাদের দেশে এখন অনেক কৃষক আছে, যাদের ধান মজুত বা ধরে রাখার ক্ষমতা আছে। দেশে কী পরিমাণ ধান-চাল আছে, এই হিসাব-নিকাশে চালকলমালিকদের কাছে কত মজুত আছে সেটা যেমন হিসাবে রাখতে হবে, তেমনি এ ধরনের কৃষকের কাছে সামান্য হলেও কী পরিমাণ ধান মজুত আছে, সেটাও হিসাবে রাখতে হবে। হিসাব-নিকাশ ছাড়া আমদানি হলে ভরা মৌসুমে দাম পড়ে যায় এবং এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। কৃষক ক্ষতিগ্রস্ত হলে তারা পরের মৌসুমে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলে। সঠিক কৃষি তথ্যের বিষয়টি তাই খাদ্যনিরাপত্তার জন্য খুবই জরুরি একটি বিষয়।

প্রশ্ন :

কম উৎপাদনের কারণে খাদ্য আমদানি করতে হলে যে অর্থের প্রয়োজন পড়বে, বর্তমান পরিস্থিতিতে তার সংস্থান করা তো কঠিন কাজ।

এম এ সাত্তার মণ্ডল: খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা রয়েছে। বাইরে থাকে খাদ্য কিনতে হলে বাড়তি অর্থের সংস্থান করতে হবে। সরকার সেই অর্থসহায়তা থেকে জোগাড় বা ঋণ নেওয়ার চেষ্টা করছে। বর্তমানে যে ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি, তা হলো বাজারব্যবস্থা। অভ্যন্তরীণ উৎপাদন টিকিয়ে রাখতে হলে কৃষক যাতে লাভে তার উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। কৃষক যদি লাভ না পায়, তবে সে বাজারের কথা বিবেচনা করে কিছু উৎপাদন করবে না। খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে এটা এক বড় ঝুঁকি।

প্রশ্ন :

এবার আকস্মিক বন্যায় ফসলহানি হয়েছে। কম বৃষ্টির কারণে সামনে আমন উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রকৃতির এই আচরণের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক কতটুকু?

এম এ সাত্তার মণ্ডল: এবার যা হয়েছে, তা প্রতিবছর ঘটতে থাকবে, বিষয়টি হয়তো তেমন নয়। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখে এসেছি যে প্রতি ১০ বছর পরপর কোনো না কোনো প্রাকৃতিক কারণে কৃষিতে বিপর্যয় ঘটে। এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। এখন জলবায়ু পরিবর্তন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে প্রকৃতিতে প্রতিনিয়তই পরিবর্তন ঘটে চলেছে। এসব কারণে যে সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি, তার সামাল দেওয়া হচ্ছে প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে। আমাদের উপকূলীয় অঞ্চলের ২০টির বেশি জেলায় কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে জলোচ্ছ্বাস, লোনাপানি ঢুকে যাওয়া বা বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে। প্রযুক্তির মাধ্যমেই এসব সমস্যা দূর করতে হবে। এর জন্য বিনিয়োগ লাগবে। উদ্ভাবন লাগবে। জলবায়ু পরিবর্তনসহিষ্ণু, লোনাপানিসহিষ্ণু, খরাসহিষ্ণু বা বন্যাসহিষ্ণু জাতের বীজ উদ্ভাবন করতে হবে। আরেকটি দিকে খেয়াল করলে দেখা যাবে আমাদের কৃষক কিন্তু বসে নেই। তাদের ভেতরে একধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে গেছে। তারা নিজেরা নিজেদের মতো করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তবে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা থাকতে হবে। সরকার ডেলটা প্রকল্পের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে এখন পর্যন্ত উন্নয়ন সহযোগী দেশগুলোর কাছ থেকে এ ব্যাপারে প্রযুক্তিগত বা আর্থিক সহায়তার আশ্বাস মেলেনি।

প্রশ্ন :

বিশ্বজুড়ে সামনের দিনগুলোতে খাদ্য উৎপাদন কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। এমন আশঙ্কার ভিত্তি কতটুকু?

এম এ সাত্তার মণ্ডল: বিভিন্ন জন বিভিন্ন সূত্র থেকে কথা বলেন। এফএওর পূর্বাভাসের সূত্রে আমি বলতে পারি যে সামনে খাদ্য উৎপাদন তেমনভাবে কমছে না। গম উৎপাদন কিছু কমতে পারে, তবে চাল নয়। এবং সামগ্রিকভাবে বিশ্ববাজারে সংকটের পূর্বাভাস নেই। ইউক্রেন যুদ্ধ সাময়িকভাবে কিছু সংকট তৈরি করেছে। আবার আন্তর্জাতিক বাজারে নানা বিকল্প দিকও খুলে যাচ্ছে।

প্রশ্ন :

বাংলাদেশ এমনিতেই কম জমি ও বেশি জনসংখ্যার দেশ। দিনে দিনে সেই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। মানুষ বাড়ছে, জমি আরও কমছে। এই চ্যালেঞ্জ মোকাবিলার পথ কী?

এম এ সাত্তার মণ্ডল: এর আসলে সহজ কোনো সমাধান নেই। এত কম জমি নিয়ে এত জনসংখ্যার দেশ আর নেই। আমরা জানি যে আমাদের আবাদি জমি ধরে রাখতে হবে। তা না হলে আমরা মানুষকে খাওয়াতে পারব না। আবার জমি ধরে রাখতে গেলে শিল্পায়নের বিকাশ ও উন্নয়ন অবকাঠামো গড়ে তোলা কঠিন। এটা অনেকটা উভয়সংকটের মতো। বাস্তবতা হচ্ছে আবাদি জমি সামনে আরও কমবে এবং এটা মেনে নিতে হবে। এখন আমাদের ৬০ লাখ হেক্টরের মতো আবাদি জমি আছে। এটা ৫০ লাখে নেমে আসবে। এই জমি থেকেই আমাদের বাড়তি উৎপাদন করতে হবে। এর জন্য আমাদের বিজ্ঞানের সহায়তা নিতে হবে। কৃষি হোক, মৎস্য হোক বা প্রাণিসম্পদ হোক, একরপ্রতি আমাদের উৎপাদন বাড়াতে হবে। ডিম উৎপাদনে আমরা পিছিয়ে আছি, দুধ উৎপাদনেও পিছিয়ে। আরও উন্নত জাত ব্যবহার করে দুই ক্ষেত্রেই উৎপাদন অনেক বাড়ানো সম্ভব। কৃষির উৎপাদন প্রক্রিয়াকে বিজ্ঞানভিত্তিক করার মাধ্যমেই এসব চ্যালেঞ্জ মোকাবিলার পথ ধরতে হবে।

প্রশ্ন :

আমাদের কৃষি উৎপাদনব্যবস্থায় বড় খামার গড়ে তোলার সুযোগ কম। আমাদের ব্যক্তিমালিকানাধীন কৃষিজমিগুলো ছোট ছোট। সেগুলো আরও ভাগ হচ্ছে। এই কৃষিব্যবস্থা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়ন কী?

এম এ সাত্তার মণ্ডল: আমাদের দেশে কৃষকের সংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। এর মধ্যে ৯০ ভাগই ক্ষুদ্র চাষি। তাদের গড়পড়তা জমি ১ হেক্টরের নিচে। এই ব্যবস্থার মধ্যে থেকেই কিন্তু আমাদের কৃষকেরা আমাদের জন্য প্রয়োজনীয় খাদ্যশস্য উৎপাদন করছে। এটাই বাংলাদেশ মডেল। এই কৃষকদের দিয়ে এবং এই কাঠামোর মধ্য দিয়েই আমাদের এগোতে হবে। এই পথে অনেক অগ্রগতি আমরা লক্ষ করছি। আমাদের ক্ষুদ্র কৃষকদের অনেকেরই আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনার সক্ষমতা নেই। এমন একটি বাস্তবতায় আপনি দেখবেন গ্রামগঞ্জে অনেক কৃষিসেবা প্রদানকারী উদ্যোক্তা তৈরি হয়েছে। অনেক শিক্ষিত ও তরুণ উদ্যোক্তা পুঁজি জোগাড় করে যন্ত্রপাতি কিনছেন এবং অর্থের বিনিময়ে কৃষকদের সেবা দিচ্ছেন। এখন এক লাখ টাকায়ও পাওয়ার টিলার কিনতে পাওয়া যায়। উদ্যোক্তারা এসব কিনে ক্ষুদ্র চাষিদের সেবা দিচ্ছেন। কৃষিসেবা ক্ষেত্রে এই যে পদ্ধতি গড়ে উঠেছে, এতে আমি খুবই আশাবাদী। এই ক্ষুদ্র খামার পদ্ধতি আমাদের জন্য খুবই কার্যকর।

প্রশ্ন :

আমাদের কৃষি এখন মূলত ধান চাষনির্ভর। কৃষিতে বৈচিত্র্য আনা আমাদের জন্য কতটা জরুরি? এর সুফল কী?

এম এ সাত্তার মণ্ডল: আমি মনে করি, আমাদের কৃষিতে এখন উল্লেখযোগ্য বৈচিত্র্য এসেছে। আমাদের কৃষির জন্য বৈচিত্র্যের বিষয়টি খুবই জরুরি। এর নানা সুফল রয়েছে। প্রথমত, বছর বছর একই ধরনের ফসল না করে ভিন্ন ভিন্ন ফসল করলে জমির উর্বরতা বাড়ে। দ্বিতীয় লাভটি অর্থনৈতিক। কোনো কৃষকের একটি ফসল মার খেলে পরে অন্য একটি ফসল করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার যায়। কৃষিতে বৈচিত্র্য বাড়লে সামগ্রিকভাবে ঝুঁকি কমে।

প্রশ্ন :

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

এম এ সাত্তার মণ্ডল: আপনাকেও ধন্যবাদ।