অকৃতকার্যদের দিকেও দৃষ্টি দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফল শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল ছবি দেখতে ভালো লাগে
সফল শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল ছবি দেখতে ভালো লাগে

স্কুল-কলেজের পাবলিক পরীক্ষাগুলোর, বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর কাগজে, টেলিভিশনে সফল শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল ছবি দেখতে ভালো লাগে, আনন্দ হয়। দুই আঙুলে বিজয়ের চিহ্ন দেখিয়ে অনেকেই তাদের সাফল্য উদ্যাপন করে, হইহল্লা করে উচ্ছ্বাস জানায়। গত বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ হলে এই আনন্দঘন দৃশ্যগুলোর পুনরাবৃত্তি হয়েছে, তবে এবার শিক্ষার্থীরা অনেক বেশি সংখ্যায় পাস করেছে, এ জন্য উদ্যাপনটাও ব্যাপ্তি পেয়েছে। তারা ধন্যবাদ জানিয়েছে তাদের বাবা-মা ও পরিবারের অন্যদের এবং শিক্ষকদের।
এই শিক্ষকদের অনেকের কাছে হয়তো তারা আলাদাভাবে পড়েছে, তাদের বাসায় অথবা দিনের ক্লাস শেষ হওয়ার পর কলেজেই। তবে কোচিং কেন্দ্রের কথা অবশ্য কেউ উল্লেখ করেনি, এখনো তাহলে এগুলোর অবদান প্রকাশ্যে স্বীকার করায় একটা সংকোচ রয়ে গেছে। তবে যে অপ্রতিরোধ্য গতিতে এদের বিস্তার ঘটছে এবং আমাদের মূল শিক্ষাব্যবস্থার একটি বিকল্প, সমান্তরাল নয়। বিকল্প ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে, আর পাঁচ-সাত বছর পর হয়তো কোচিং কেন্দ্রগুলোর নাম আসবে বাবা-মায়ের পরই। ঢাকার খুব নামী এক কলেজের উপাধ্যক্ষ জানালেন, তাঁরা শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসের আয়োজন করেছিলেন: এই আশ্বাসও দিয়েছিলেন যে যেকোনো কোচিং সেন্টার থেকে তারা আরও ভালোভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করিয়ে দেবেন। অথচ শিক্ষার্থীদের বাবা-মায়েরা এই আমন্ত্রণে আস্থা রাখেননি। তাঁরা সবাই গিয়েছেন কোচিং কেন্দ্রগুলোতে। যেখানে পাঠ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা।
কাগজ-টেলিভিশন অর্থাৎ মিডিয়া অবশ্য ঢাকার কয়েকটি স্কুল-কলেজেই তাদের দৃষ্টি সীমাবদ্ধ রাখে। কখনোই আমি ছোট শহরের বা গ্রামের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের উপস্থিতি টিভিতে দেখতে পাইনি; খবরের কাগজে দেখতে পাই কদাচিৎ, তাও দু-তিন দিন পর। সম্প্রচার প্রযুক্তি এখন সহজলভ্য, তারপরও কেন ঢাকার বাইরের সারা দেশটা মিডিয়াতে অনুপস্থিত, তা আমাকে ভাবায়। এর পেছনে সহজে কাজ সেরে ফেলার পাশাপাশি চমকেরও একটা ব্যাপার আছে—ভালো স্কুলের চমকটা বেশি। তবে ঢাকার সর্বগ্রাসী-কেন্দ্রিকতারও একটা ভূমিকা এখানে আছে। এর ফলে মিডিয়ায় পাবলিক পরীক্ষার ফল প্রকাশের ‘কভারেজ’ একপেশে হয়ে যায়। তারপরও হাসি-আনন্দের একটা শক্তি আছে। মানুষকে তা উৎসাহী এবং আশাবাদী করে তোলে।
কিন্তু যে বিষয়টির অনুপস্থিতি আমাকে কষ্ট দেয়, এবং যে বিষয়টি বরাবর সম্প্রচারের অমাবস্যাতে থেকে যায়, তা হচ্ছে অকৃতকার্য পরীক্ষার্থীদের প্রসঙ্গটি। এবারও এইচএসসিতে সবগুলো শিক্ষা বোর্ড মিলে গড়ে যে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবং তা গত বছরের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেশি—এ বিষয়টিই শিরোনামের খবর হয়েছে। এই ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধির কারণ নিয়েও আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে। কিন্তু যে ২৫ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হলো, তাদের নিয়ে কোনো আলোচনা তো দূরের কথা, তাদের কোনো উল্লেখও নেই। এরা যেন নিঃশব্দ কিছু পরিসংখ্যান। উজ্জ্বল কোনো মুদ্রার অনুজ্জ্বল ওপর পিঠ—ওদের ঢেকে রাখাই ভালো। কিন্তু চারজন পরীক্ষার্থীর একজন যে এখন নিতান্ত নিরানন্দ সময় কাটাচ্ছে, চোখের পানি ফেলছে, নিজের অক্ষমতাকে একটা অভিশাপের মতো দেখছে, এই হিসাবটা তো শুধুই কোনো শীতল পরিসংখ্যান নয়, এই হিসাব আমাদের মনোযোগ দাবি করে, আমাদের সক্রিয়তা দাবি করে।
শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হয়, তা নিয়ে নিশ্চয় অনেক গবেষণা হয়েছে; শিক্ষা নিয়ে যেসব সংগঠন, এনজিও কাজ করে, তারা নিশ্চয় এ বিষয়ে অনেক প্রতিবেদনও তৈরি করেছে। কিন্তু এগুলো না পড়েও আমরা বুঝতে পারি, কারণগুলো আন্দাজ করতে পারি। যেহেতু এ রকম শিক্ষার্থীরা আমাদের আশপাশেই আছে। মোট শিক্ষার্থী সংখ্যার এক-চতুর্থাংশ একটা বড় হিস্যা, তাদের উপস্থিতি চোখে না পড়ার মতো নিশ্চয় নয়। মোটা দাগে এসব কারণ আমরা চিহ্নিতও করতে পারি—দারিদ্র্য, পারিবারিক নানা সমস্যা ও দায়দায়িত্ব, অপুষ্টি ও স্বাস্থ্যহীনতা, ভালো স্কুলের অভাব, বাড়ি থেকে কলেজের দূরত্ব। এ তালিকায় আরও অনেক কারণ যুক্ত হতে পারে। যেমন মানসিক অবসাদ, মাদকাসক্তি, রাজনীতি অথবা অসৎ সঙ্গ।
কাগজে দেখলাম, এবার ২৫টি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শিক্ষার্থীরা নিশ্চয়ই ক্লাস করেছে, প্রস্তুতি নিয়েছে; কিন্তু কী লিখেছে, কারা লিখিয়েছেন, কীভাবে লিখিয়েছেন—প্রশ্ন উঠছে সেসব নিয়ে। কিন্তু দিন শেষে এই যে এতগুলো শিক্ষার্থী অকৃতকার্য রয়ে গেল, এই কষ্টটাই তো সব প্রশ্নকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে। এর দায় অনেক পরিবার চাপিয়ে দেয় শিক্ষার্থীদের ওপর। স্কুলে পড়ার সময় আমিও কোনো কোনো শিক্ষককে বলতে শুনেছি, অমুক বা তমুক একটা গাধা, তাকে দিয়ে কিছুই হবে না। কোনো কোনো বাবা-মা এ রকমও বলেন, তাদের অকৃতকার্য সন্তানটি জন্ম না নিলেই ভালো করত। যেন নিজের জন্মে কারও হাত থাকে, অথবা জন্মের আগে সন্তান বুঝতে পারে যে সে মেধাবী হবে নাকি গাধা হবে।
শিক্ষার্থীদের দায় যে নেই তা নয়; অনেকে নিছক অমনোযোগিতার জন্য অকৃতকার্য হয়, অথবা কাঙ্ক্ষিত ফল করতে পারে না; অনেকে মাদক অথবা অসৎ সঙ্গ বেছে নেয়। কেউ কেউ নাম লেখায় আত্মঘাতী নানা রাজনৈতিক অথবা অন্যান্য কার্যক্রমে। কিন্তু অকৃতকার্যদের একটা বড় অংশ চেষ্টা করেও সাফল্যের দেখা পায় না। এবং এই না পারার কারণ তাদের মেধাহীনতা নয় বরং মেধা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও প্রণোদনার অভাব। যে কলেজের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, খোঁজ নিলে দেখা যাবে সে কলেজে কোনো গ্রন্থাগার নেই, ভালো শিক্ষক নেই; সেখানে রীতিমতো ক্লাস হয় না। অথবা শিক্ষার্থীরা হয়তো সেই কলেজে ক্লাসই করেনি, করতে গেছে কোচিং কেন্দ্রে। এবং কোচিং কেন্দ্রগুলো যেহেতু মুখস্থনির্ভর পাঠ দেয়, হয়তো সেই পাঠও দিয়েছে মন্দ।
আমি দেখেছি, যারা অকৃতকার্য হয়, তাদের একটি অংশ কিছুই মুখস্থ করতে পারে না। হয় তারা ভুলোমনা, নাহয় মুখস্থ বিষয় এমনই খটমট বা তাদের অজানা যে তা মনে রাখা অসম্ভব হয়ে পড়ে। আমরা অনেক ঢাকঢোল পিটিয়ে ‘সৃজনশীল’ শিক্ষা (এবং পরীক্ষাপদ্ধতি) প্রচলন করেছি বটে, কিন্তু আমাদের বর্তমান শিক্ষার যে মূল দর্শন—মুখস্থসর্বস্ব—তা থেকে বেরোতে পারিনি। অনেক শিক্ষার্থীকে দেখি অঙ্কও মুখস্থ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর একটা বড় অংশ এখন বিসিএস পরীক্ষাকে জীবনের সর্বপ্রধান পরীক্ষা হিসেবে বিবেচনা করে। তারা মোটা মোটা গাইড বই মুখস্থ করে—মাদাগাস্কারের রাজধানী থেকে নিয়ে ষাটগম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা। তারা অঙ্কও মুখস্থ করে। যার মুখস্থশক্তি যত প্রবল, তার সাফল্যের সম্ভাবনা ততই বেশি।
কোনো পরীক্ষাতেই শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয় না; প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তো উত্তীর্ণের সংখ্যা থাকে খুবই কম এবং তা নির্ভর করে নির্দিষ্ট পদ বা আসনের ওপর। কিন্তু শ্রেণি পরীক্ষা, পাবলিক পরীক্ষা—এগুলোর হিসাব তো আলাদা। এসব পরীক্ষা হয় শিক্ষা ও শিক্ষা গ্রহণের একটি পর্যায়ের পর। শিক্ষাদান পদ্ধতিটি যদি ত্রুটিপূর্ণ হয়, অত্যন্ত নিরানন্দ পরিবেশে তা দেওয়া হয়, পাঠ্যবই ও শিক্ষা উপকরণের এবং অন্যান্য আবশ্যকতার যদি সেখানে ঘাটতি থাকে, তাহলে দায়টা শিক্ষার্থীর ওপর বর্তায় না। আর যেখানে এর উল্টোটা হয়, অর্থাৎ শিক্ষার পরিবেশ ও শিক্ষাপদ্ধতি চমৎকার, শিক্ষকেরাও যোগ্যতাসম্পন্ন, পরিবেশটা উৎসাহব্যঞ্জক, তাহলে অকৃতকার্য হওয়ার কারণগুলো শিক্ষার্থীদের কাছ থেকেই জানতে হবে, দায়টা পড়বে তাদের ওপর। এবং দেখা যাবে, এই দায়ের অনেকটাই তাদের নিয়ন্ত্রণের বাইরে। এখানে দারিদ্র্যের ভূমিকাটা বড় হয়ে দাঁড়ায়। অভাব-অস্বাস্থ্য-অপুষ্টির বিষয়টি গুরুত্ব পায়। একটি মেয়েকে ষোলো পেরোতেই বিয়ের পিঁড়িতে বসতে হলে তার পক্ষে পড়াশোনাটা অসম্ভব হয়ে পড়ে। অথবা সম্ভব হলেও তার কাছে একটা বোঝার মতো মনে হওয়াটাই স্বাভাবিক।
২৫ শতাংশ অনুত্তীর্ণ শিক্ষার্থী দাবি করে, অকৃতকার্য হওয়ার কারণগুলো খতিয়ে দেখা হোক। শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের উপস্থিতি দাবি করে কোনো কোনো পর্যায়ে আমাদের শিক্ষাব্যবস্থা কতটা অকার্যকর হয়ে পড়েছে, তা খতিয়ে দেখা। যদি শিক্ষার্থীদের নিজস্ব সমস্যাগুলোর পাশাপাশি শিক্ষাব্যবস্থার সমস্যাগুলোও আমরা যথাযথভাবে চিহ্নিত করতে পারি, তাহলে একটা পরিকল্পিত উপায়ে সেগুলো নিরসনের জন্য আমরা এগিয়ে যেতে পারি।
তবে এটি করতে গিয়ে কিছু বিষয়ে আমাদের তৈরি সিদ্ধান্তগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এর একটি হচ্ছে মেধাসংক্রান্ত। বলা হয়, কিছু ছেলেমেয়ে জন্ম থেকেই মেধাহীন থাকে। যারা কিছু মানসিক অসম্পূর্ণতা নিয়ে জন্ম নেয়, তাদের ক্ষেত্রে প্রশ্নটি একটু ভিন্নভাবে উঠতে পারে। তবে পশ্চিমে এ বিষয়টিকেও এখন দেখা হচ্ছে মেধা বিকাশের সুযোগ সৃষ্টির একটি চ্যালেঞ্জ হিসেবে। এসব ‘ডিফারেন্টলি চ্যালেঞ্জড’ শিশুর মেধাও জাগাতে হবে ভিন্ন পথে। আমাদের দেশেও অটিজমের শিকার শিশুদের নিয়ে আশাব্যঞ্জক কাজ হচ্ছে। আর যারা সুস্থ জীবন নিয়ে জন্মায়, তাদের মেধা বিকাশের পথগুলো খুব কঠিন হওয়ার কথা নয়। মেধাকে না বিকশিত করলে কোনো শিশুই তার জীবনে শতভাগ সম্ভাবনা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে না। যদি দারিদ্র্য দূর করা যায়, যদি স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা যায়, যদি পাঠদান ও গ্রহণ আনন্দময় হয়, তাহলে মেধা জাগবেই। মেধাহীন কেউ নয়, প্রশ্নটা হওয়া উচিত মেধার বিকাশ নিয়ে।
আমি সব সময় বলে আসছি, শিক্ষায় বিনিয়োগ না বাড়লে আজকের এই অবস্থা থেকে আমরা বেরোতে পারব না। আমি জানি, বাজেটের অন্যান্য খাতের দাবি আছে, অগ্রাধিকার আছে কিন্তু শিক্ষার স্থান হওয়া উচিত এক নম্বরে। টাকার হিসাবে না গিয়েও যদি বলি, প্রতিটি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়কে একটা ছোটখাটো উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক, তার জন্য ভালো বেতনে ভালো শিক্ষক নিয়োগ দেওয়া হোক, যেখানে গ্রন্থাগার, খেলার মাঠ এসব থাকুক, সেখানে শ্রীলঙ্কার স্কুলগুলোর মতো নানা ক্লাব থাকুক—ভাষা থেকে নিয়ে আবৃত্তি, গান থেকে নিয়ে লেখালেখি, প্রকৃতি থেকে নিয়ে পরিবেশ সচেতনতা বিষয়ে এবং বছরে দুই মাস সেখানে পড়াশোনার বদলে নানা আনন্দময় বিষয়ে শিশুদের সম্পৃক্ত করা হোক, তাহলে জাতীয় সদিচ্ছা, সামাজিক চুক্তি তৈরিতে কি খুব দেরি হবে? যদি সকল পর্যায়ে এ ধরনের অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক এবং আনন্দময় শিক্ষা চালু হয়, তাহলে আমাদের শিক্ষাচিত্রটাই বদলে যাবে।
মানুষের মন খুবই মূল্যবান বস্তু। তরুণদেরটা আরও বেশি। অকৃতকার্যতার চাদরের আড়ালে এই মনটা ঢেকে দেওয়াটা তা নষ্ট করে দেওয়ার মতোই। এটি যাতে না হয়, তা দেখার দায়িত্ব আমাদের সবার।
সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।