
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার প্রায় ১০০ দিনের সময়ও তিনি ও তাঁর বাণিজ্যমন্ত্রী উইলবার রস অর্থনৈতিক ভুল করেই যাচ্ছেন। অর্থনীতির ছাত্ররা প্রথম বর্ষেই শিখে যান, কীভাবে এটা এড়াতে হয়। তাঁরা দাবি করছেন, যুক্তরাষ্ট্রের বিদ্যমান চলতি হিসাবসংকট (বাণিজ্য ঘাটতি) থেকে বোঝা যায়, জার্মানি ও চীনের বাণিজ্যনীতি অন্যায্য। যদিও এটা মূলত যুক্তরাষ্ট্রের সঞ্চয় কমে যাওয়ার কারণে হয়েছে। তাঁদের এই অর্থনৈতিক অজ্ঞতার কারণে বিপর্যয় ঘটতে পারে।
চলতি হিসাবের সঞ্চিতি, পণ্য ও সেবার বাণিজ্যের ভারসাম্য, নেট ফ্যাক্টর উপার্জন ও বিদেশ থেকে ট্রান্সফার পেমেন্ট—এসব মিলে জাতীয় আয় নির্ধারিত হয়, যা থেকে আবার অভ্যন্তরীণ বিনিয়োগ বাদ দেওয়া হয়। এটা তত্ত্ব নয়। এটা পরিচিতি, আবার মোট দেশজ উৎপাদন ও মোট দেশজ আয়ের মধ্যে পার্থক্য থাকলে সেটাও গণ্য করা হয়। এটা সবার বেলাতেই সত্য, তা আপনি উদারনৈতিক, রক্ষণশীল, জনতুষ্টিবাদী বা মূল স্রোতের মানুষ হোন না কেন। এমনকি ট্রাম্প ও তাঁর সব চুক্তিও এটা বদলাতে পারবে না। তা সত্ত্বেও তিনি বাণিজ্য-যুদ্ধের হুমকি দিচ্ছেন; কারণ, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি থেকে বোঝা যায়, দেশটির সঞ্চয়-বিনিয়োগ অনুপাত ভারসাম্যপূর্ণ নয়।
একটি দেশের বিনিয়োগ যদি সঞ্চয়ের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে চলতি হিসাবের ঘাটতি সৃষ্টি হয়। আর বিনিয়োগ যখন জাতীয় সঞ্চয়ের চেয়ে কম হয়, তাহলে চলতি হিসাবে উদ্বৃত্ত থাকে। ধরুন, কোনো দেশের চলতি হিসাবে ভারসাম্য আছে, এ অবস্থায় তার বিনিয়োগ বাড়লে অথবা সঞ্চয়ের কমতি হলে ঘাটতি সৃষ্টি হতে পারে। অথবা এ দুটোর সমন্বয়ে কিছু একটা ঘটতে পারে।
ধরা যাক, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশের সঙ্গে বাণিজ্য করছে, যেখানে সুরক্ষামূলক নীতি আছে। এই দেশগুলো যদি তাদের বাণিজ্য উদারীকরণ করে, তাহলে তারা আরও বেশি করে মার্কিন পণ্য আমদানির চেষ্টা করবে। এই পণ্য তখন তাদের শিল্পের সঙ্গে প্রতিযোগিতা করবে। এতে প্রতিযোগিতামূলক আমদানি খাত সংকুচিত হবে। সেখানকার পুঁজি ও শ্রমিক মুক্ত হয়ে যাবে। ফলে এই পুঁজি রপ্তানি খাতে বিনিয়োগ করা যাবে এবং শ্রমিকেরা এই খাতে কাজ করতে পারবেন। রপ্তানি বাড়লে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে, যেটা দিয়ে রপ্তানির ব্যয় মেটানো যাবে।
এখন ধরে নিই, যুক্তরাষ্ট্র চলতি হিসাবের ঘাটতির কারণে নতুন করে বাণিজ্য বাধা আরোপ করল। সে কারণে শ্রমিক ও পুঁজি আমদানি প্রতিযোগিতামূলক খাতে নিয়ে আসার সুযোগ হবে, অর্থাৎ তাদের রপ্তানি খাত থেকে সরিয়ে আনা যাবে। কিন্তু এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি তেমন একটা দূর হতো না। বরং এর ফলে তার জাতীয় আয় ও জীবনযাত্রার গড় মান পড়ে যেত। আমদানি বাধা যদি বাণিজ্য করের মাধ্যমে আরোপ করা যেত, তাহলে বাণিজ্য ঘাটতি কমানো যেত। কিন্তু সেটা বাজেটের মাধ্যমে কার্যকর করা যায়; বাণিজ্যনীতির মাধ্যমে নয়।
বৈদেশিক বাণিজ্য বাধা হ্রাস বা বাণিজ্য বাধা বাড়ানো হলে দেশটির জাতীয় সঞ্চয় ও বিনিয়োগে প্রাথমিক প্রভাব পড়ত, তার বিশেষ কারণ নেই। সে কারণে তার চলতি হিসাবের ভারসাম্যেও তেমন পরিবর্তন আসত না। এই ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রকে হয় আরও বেশি করে সঞ্চয় করতে হবে অথবা বিনিয়োগ কমাতে হবে।
যুক্তরাষ্ট্রের চলতি হিসাবে এত দিন ধরে কেন ঘাটতি চলে আসছে, এটা বোঝা কঠিন কিছু নয়। গত ৩০ বছরে দেশটির জাতীয় সঞ্চয় উল্লেখযোগ্য হারে কমেছে। মানে মোট দেশজ উৎপাদনে ব্যক্তিগত ও পারিবারিক সঞ্চয়ের পরিমাণ কমেছে। তবে সরকারের সঞ্চয় কমে যাওয়ার কারণেই দেশটির সঞ্চয় এভাবে কমে গেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল, রাজ্য ও স্থানীয় সরকারগুলোর সঞ্চয়ের অবস্থা করুণ। এর অর্থ হচ্ছে, তার বিদ্যমান ব্যয় রাজস্বকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে এটা মোট দেশজ উৎপাদনের চেয়েও ২ শতাংশ বেড়ে গেছে। বিস্ময়কর নয়। সমস্যার বেশির ভাগই ফেডারেল পর্যায়ের। রোনাল্ড রিগ্যানের পর থেকে প্রতিটি মার্কিন সরকার ‘মধ্যবিত্তের কর হ্রাসের’ প্রস্তাবসহ অন্যান্য কর ব্যত্যয়ের কথা বলেছে। রাজস্বের কথা চিন্তা না করেই তারা এটা করেছে। ফলে ফেডারেল বাজেটে দীর্ঘদিন ধরে ঘাটতি থেকে যাচ্ছে। ডেমোক্রেটিক প্রেসিডেন্টরা কেইনসীয় মডেলের কর হ্রাসের মাধ্যমে সম্ভাব্য ‘উদ্দীপনা’ সৃষ্টির অনুসারী।
ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলই মার্কিন ঘরানার জনতুষ্টিবাদ চর্চা করে। তারা বারবার কর হ্রাস করে সরকারের ঋণ বাড়ায় (২০০৭ সালে তা ছিল জিডিপির ৩৫ শতাংশ, ২০১৫ সালে তা দাঁড়ায় ৭৪ শতাংশে)। এরা সবাই যুক্তরাষ্ট্রের নিম্ন প্রবৃদ্ধির জন্য অন্যকে দোষারোপ করে। এই ধারাবাহিকতায় এখন চীন ও জার্মানি মার্কিন নেতাদের কোপানলে পড়তে শুরু করেছে।
এখন যদি ট্রাম্প ও রিপাবলিকান কংগ্রেস ফেডারেল কর আরও কমিয়ে দেয়, তাহলে দেশটির বাণিজ্য ও বাজেটের ভারসাম্যহীনতা আরও খারাপ অবস্থায় চলে যাবে। নীতি হিসেবে এটি বিপর্যয়কর হবে। যদিও স্বল্প মেয়াদে তা জনপ্রিয় হতে পারে। বাজেট ঘাটতি আরও বাড়লে চলতি হিসাবের ভারসাম্যও টালমাটাল হয়ে পড়বে। ঠিক যেমন ১৯৮০-এর দশকে রিগ্যানের কর হ্রাসের কারণে ফেডারেল বাজেটের ঘাটতি ব্যাপক হারে বেড়ে যায়। আমরা কল্পনা করতে পারি, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে ট্রাম্প ও তাঁর কর্মকর্তারা চীনা ও জার্মান বাণিজ্যের প্রতারণা নিয়ে আরও অদ্ভুত দাবি করতে থাকবেন।
নিজেদের বোকা বানাতে দেওয়া মার্কিনদের উচিত হবে না। সম্রাটের তো এখন আর কাপড় নেই, তা সে ঘরে বানানো বা বাইরে থাকা আনা হোক। আবার দৃশ্যত, তাঁর দক্ষ অর্থনৈতিক উপদেষ্টাও নেই।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
জেফরি ডি স্যাক্স: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের অধ্যাপক।