অতঃপর লাশ হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে দুটো আলোচিত ‘আত্মহত্যা’ কিংবা ‘হত্যাকাণ্ড’র দ্বিতীয় দফা ময়নাতদন্ত হচ্ছে। সামাজিক মিডিয়াও এই দুই মৃত্যুর প্রতিবাদে বেশ সরব। এই দুজন নারীই সামাজিকভাবে প্রতিষ্ঠিত। একজন অভিনেত্রী এবং অন্যজন চিকিৎসক। একজন আশির দশকের মধ্যভাগে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রির ‘টুনি’ চরিত্রে রূপ দেওয়া লোপা। এখনো মনে পড়ে সেই সময় নাটকে প্রায় সমবয়সী লোপার মৃত্যুতে কেঁদেছিলাম আমরা অনেকেই। আরেকজন শামারুখ; পেশায় চিকিৎসক। দুজনের ক্ষেত্রেই শ্বশুরবাড়ি এবং প্রথম ময়নাতদন্তের রিপোর্ট বলেছে, তাঁরা ‘আত্মহত্যা’ করেছেন। কিন্তু লোপা ও শামারুখের পরিবারের কেউই এটিকে ‘আত্মহত্যা’ বলে মানছেন না। এই না মানার পেছনে কারণ আছে। দুজনের মৃত্যুর পর জানা যায়, লোপার মা ও শামারুখের বাবা উভয়েই জানতেন শ্বশুরবাড়িতে তাঁদের মেয়েদের শারীরিক ও মানসিক নির্যাতনের কথা। লোপার মা জানতেন লোপার স্বামী মাদকাসক্ত। আরও জানতেন স্বামী লোপাকে শারীরিক নির্যাতন করেন। কিন্তু লোপার দুই মেয়ের কথা চিন্তা করে মেয়েকে সয়ে যেতে বলেছেন। মেনে নিতে বলেছেন কিংবা বলেছেন মানিয়ে চলতে। কিন্তু শেষমেশ পেয়েছেন মেয়ের লাশ। এই হলো সয়ে যাওয়ার পরিণতি।
ঠিক একইভাবে, প্রথম ময়নাতদন্তে তাঁর মৃত্যু ‘আত্মহত্যা’ বললেও শামারুখের লাশের ছবি ফেসবুকে অনেকে আপলোড করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর শরীরে নানা ধরনের জখমের চিহ্ন রয়েছে। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন তাঁর সহপাঠী ও স্বজনেরা। ফলে আবারও দ্বিতীয় দফায় ময়নাতদন্ত। শামারুখের বাবা পুলিশকে বলেছেন, ঘটনার আগের রাতে তাঁর সঙ্গে তাঁর মেয়ের কথোপকথন চেক করে দেখলেই বোঝা যাবে কী ঘটনা ঘটেছে। বাবাকে করা শেষ ফোনে শামারুখ বাবাকে অনুরোধ করেছিলেন, তাঁকে এই বাড়ি থেকে নিয়ে যেতে। তিনি আর পারছেন না এবং মেয়ের আশঙ্কা ছিল যে শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে বাঁচতে দেবে না। শুধু তা-ই নয়, মেয়ের জামাইয়ের মিথ্যা পেশাগত পরিচয় পেয়েও তিনি মেয়েকে সেই বাড়িতে রেখেছেন, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু কী সেই ভবিষ্যৎ? ভবিষ্যৎ আসলে মেয়ের মরে যাওয়া।

দুই. উভয় ক্ষেত্রেই দেখা গেছে মেয়েদের পরিবারের সবাই জানতেন শ্বশুরবাড়িতে তাঁদের মেয়ের অবস্থা। তবু তাঁরা তাঁদের সয়ে যেতে বলেছেন। সংসারের দোহাই দিয়ে, সন্তানদের দোহাই দিয়ে তাঁদের বুঝিয়ে ঘরে পাঠানো হয়। কিন্তু একবারও আমাদের মনে হয় না বাবা-মায়ের মধ্যকার অসম্মানের সম্পর্ক, ভয়ের সম্পর্ক সন্তানের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আমরা গুলিয়ে ফেলি যে নতুন কোনো কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া আর অমর্যাদার জীবনের পার্থক্য।
এই দুটো মৃত্যু আমাদের কয়েকটি দিকে ভাবনার দ্বার খোলে। লোপা ও শামারুখ তাঁদের পরিবারের কাছে মানসিক আশ্রয় চেয়েছেন। কিন্তু উভয় পরিবার থেকেই সামাজিক মর্যাদা, মেয়ের ভবিষ্যৎ, নাতি-নাতনির ভবিষ্যতের কথা ভেবে তাঁদের অসহনীয় অবস্থাকে মেনে নিয়ে সয়ে যেতে বলেছেন। কিন্তু ভাবেননি এর পরিণাম কী কী হতে পারে। সম-আর্থসামাজিক অবস্থা এবং সমমর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও বিয়েবাড়িতে আচরণগত পার্থক্য আমাদের জানান দেয় কে কনের বাবা আর কে বরের বাবা। আর এভাবে সহনীয়ভাবে দেখে আসা এবং প্রশ্নাতীতভাবে চর্চিত হওয়া বিয়েকেন্দ্রিক ক্ষমতা-সম্পর্ক আমাদের অনেক কিছু জানান দেয়। আমাদের সয়ে যাওয়া সংস্কৃতিতে আরও আছে শ্বশুরপক্ষকে খুশি রাখার প্রাণান্ত চেষ্টা। এতে ক্ষমতা-সম্পর্ক আরও পোক্ত হয়। কিন্তু এই জানানের বিপরীতে আমাদের শুধু শেখানো হয় সয়ে যাওয়ার সংস্কৃতি।
ফেসবুকে যখন শামারুখের মৃত্যু এবং তার প্রতিবাদে হইচই হচ্ছে, তখন আরেকজন ডা. নাসিমুন তাঁর জীবন নিয়ে ফেসবুকেই লিখেছেন। ‘শিক্ষিত’ শ্বশুরবাড়িতে কীভাবে তিনি আট বছর মানসিক অত্যাচার সহ্য করেছেন এবং শেষে তাঁর বাবাকে ফোন দিয়ে বলেছিলেন, তিনি আর পারছেন না মেনে চলতে, বাবাকে অনুরোধ করেছিলেন তাঁকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে।

তিন. ডিভোর্স শব্দটি এখনো বাঙালি মধ্যবিত্তের জীবনে বেশ অনাকাঙ্ক্ষিত, অনাদৃত শব্দ। ডিভোর্সের সঙ্গে মানসিক চাপের পাশাপাশি রয়েছে সামাজিক চাপ। এটি শুধু যে দুটো ব্যক্তির মধ্যকার বিষয় তা নয়, এর সঙ্গে যুক্ত হয়ে যায় দুই পরিবারের নানা বিষয়। হয়তো এখনো অনেক পরিবারেই বিয়ের মাধ্যমে একজন নারী তাঁর সামাজিক নিরাপত্তা খোঁজেন। তাই বিবাহবিচ্ছেদ একজন নারীর জীবনে নানা দিক থেকে নানা ধরনের অনিরাপত্তা ও শঙ্কা তৈরি করে। সমাজে অনেক ক্ষেত্রেই একজন ডিভোর্সি নারীকে সহজলভ্য ভাবে। আমাদের সমাজের বেশির ভাগ মানুষ সব ইনসোমনিয়ায় আক্রান্ত। অন্যের বিষয় নিয়ে তাঁদের চোখের ঘুম হারাম হয়ে যায়। কেউ কেউ অন্যকে অপমানিত, অসম্মানিত কিংবা সামাজিকভাবে নাজেহাল করার মধ্য দিয়ে নিজের এক দিনের ঘুম নিশ্চিত করেন। নিজের পরিবার ও আশপাশের অনেক মা-বাবাই এ বিষয়ে বেশ চিন্তিত। তাঁদের বলতে শুনেছি, ছেলেমেয়ের ডিভোর্স হলে সমাজে মুখ দেখাব কেমন করে? লোকে কত কিছু জিজ্ঞেস করবে? কত কথা রটাবে?
তাই তাঁরাও চান সমাজের কাছে নিরন্তর অভিনয় করতে। এর বাইরেও অনেক বাস্তবতা আছে। তাই নারী শ্বশুরবাড়িতে যতই শারীরিক বা মানসিক অত্যাচার বহন করুক না, মেয়ের পরিবার সব সময় সেটি লুকিয়ে রাখতে চায়, পরবর্তী ঝামেলা এড়ানোর জন্য। মেয়েরাও সাধারণত শ্বশুরবাড়ির কথা সহজে বলতে চান না বাবা-মায়ের কাছে। নিজের পছন্দের বিয়ে হলে তো কথাই নেই। যখন একেবারেই পারেন না, মনে করেন তাঁর মানসিক আশ্রয় দরকার, তখন তিনি জানান পরিবারের কাছে, চান মানসিক সমর্থন। যখন সেখানেও দেখেন তাঁকে সমর্থনকেন্দ্রিক দ্বিধাদ্বন্দ্ব, তখন তিনি নিজেই আত্মহত্যার কথা ভাবেন অথবা স্বামীর পরিবারও যখন দেখে তাঁর কিছু করার নেই মেনে নেওয়া ছাড়া, তখন তারাও সেই নির্যাতন চলমান রাখে।

চার. ১৮৭৯ সালে ইবসেনের নোরা বের হয়ে এসেছিল ‘পুতুল ঘর’ ছেড়ে। ইবসেন তাঁর লেখনীতে নোরাকে বের করতে পারলেও লোপা, শামারুখরা আত্মহত্যা করেন কিংবা তাঁদের মেরে ফেলা হয়। ‘সুলতানা’দের স্বপ্ন ভেঙে গেলেও হয়তো ভাবার যে দ্বারটি নারীরা খুলছেন, তাতে সমর্থন জানাবেন নারীর পরিবারের ও কাছের ভালোবাসার মানুষেরা।
জোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
[email protected]