অতীত অভিজ্ঞতা ও নতুন সেনা নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনী এ দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ৪০টি বছর অতিক্রম করেছে। এই দেশের যেমন অগ্রগতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তেমনি সেনাবাহিনীর সফলতার অগ্রযাত্রাও অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কার্যক্রমে অবদান রেখে বাংলাদেশ সেনাবাহিনী আজ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থানটি দখল করে রেখেছে। দুর্যোগ মোকাবিলায় ও সংকট উত্তরণে বাংলাদেশ সেনাবাহিনী তার অনন্য ভূমিকা রেখে চলেছে। গত ৪০ বছরে এই দেশের সেনাবাহিনীর সদস্যরা তাঁদের কর্মদক্ষতার কারণে বহু আন্তর্জাতিক ও দেশীয় পদকে ভূষিত হয়েছেন। সেনাবাহিনী পেয়েছে ‘স্বাধীনতা পদক’। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার পরিবর্তন হয়েছে বহুবার। কখনো স্বাভাবিক প্রক্রিয়ায় আবার কখনো বা অস্বাভাবিক প্রক্রিয়ায় এ পরিবর্তনটি হয়েছে। এই পরিবর্তনের ধারা স্পর্শ করেছে সবচেয়ে স্পর্শকাতর অথচ গুরুত্বপূর্ণ সংগঠন সেনাবাহিনীকে। যে প্রতিষ্ঠানটির দক্ষতা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে বিতর্কিত হয়েছে। স্বাধীনতার ৪০ বছরে রাজনীতিবিদদের অনৈক্য ও বিভেদের ফলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকাশ রুদ্ধ হয়েছে। বারবার রাজনীতিতে সেনা হস্তক্ষেপ হয়েছে। ৪০ বছরের ইতিহাসে দেশের দুজন রাষ্ট্রপতির দুঃখজনক মৃত্যুর সঙ্গে সেনাবাহিনীর সম্পৃক্ততার কথাও উচ্চারিত হয়েছে। দুঃখজনক অধ্যায়গুলো থেকে নিজেদের উত্তরণ ঘটাতে সেনাবাহিনীকে কঠোর পরিশ্রম করে তার হূত গৌরব ফিরিয়ে আনতে হয়েছে।১৯৭১ সালে বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন লে. কর্নেল আবদুর রব (পরবর্তীকালে মেজর জেনারেল)। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ দেশের সেনাপ্রধান হন মেজর জেনারেল কে এম সফিউল্লাহ। তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় একদল উচ্ছৃঙ্খল সেনাসদস্য রাষ্ট্রপতিকে নিষ্ঠুরভাবে হত্যা করেছেন। ১৯৭৫-১৯৭৮ সালে সেনাপ্রধান পরবর্তীকালে রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান নিহত হন একদল বিপথগামী সেনাসদস্যের হাতে। তখন সেনাপ্রধান হিসেবে কর্তব্যরত ছিলেন লে. জে. হুসেইন মুহম্মদ এরশাদ। ১৯৯০ সালে লে. জে. আতিকুর রহমানের কর্তব্যকাল শেষ হলে লে. জে. নূর উদ্দীন খান পরবর্তী সেনাপ্রধান হন। ১৯৯৪ সালে লে. জে. নাসিম দায়িত্ব গ্রহণ করলেও ১৯৯৬ সালে তাঁকে বিদায় নিতে হয় লে. জে. মাহবুবুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করে। ১৯৯৭ সালে জেনারেল মুস্তাফিজুর রহমান দায়িত্ব নেন এবং ২০০০ সালে তিনি লে. জে. হারুনকে তাঁর দায়িত্ব হস্তান্তর করেন। ২০০২ সালে লে. জে. হাসান মশহুদ চৌধূরী দায়িত্ব গ্রহণ করে ২০০৫ সালে জেনারেল মইন উ আহমেদকে তাঁর দায়িত্ব হস্তান্তর করেন। জেনারেল মুবীন দায়িত্ব গ্রহণ করেন ২০০৯ সালে এবং ২৫ জুন ২০১২ সালে জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে নতুন সেনাপ্রধান নিয়োগ করা হয়। সেনাপ্রধানের কার্যকাল অনেক সেনাপ্রধান নির্বিঘ্নে পালন করলেও অনেককেই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ঝামেলা পোহাতে হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের সর্বোচ্চ সুযোগ অনেকে গ্রহণ করলেও কেউ আবার ছায়া সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অথবা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেশের শাসনযন্ত্রে। দেশ স্বাধীন হওয়ার পর প্রথম সেনাপ্রধানের কার্যকালে রাষ্ট্রপতি সপরিবারে তাঁরই অধস্তন উচ্ছৃঙ্খল সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুও দুঃখজনকভাবে ঘটে তাঁরই সেনাপ্রধানের অধস্তন কিছু বিপথগামী সদস্যের অতর্কিত আক্রমণে। জেনারেল জিয়াউর রহমান ২০টি অভ্যুত্থান দমন করতে পারলেও ২১তম অভ্যুত্থানে তাঁর জীবনপ্রদীপ নিভে যায়। উল্লেখ্য, রাষ্ট্রপতির সার্বিক নিরাপত্তা সেনাপ্রধানের দায়িত্ব না হলেও কী করে সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল সদস্যরা দুটি দুঃখজনক ঘটনা সংঘটিত করলেন, তা আজও সবাইকে ভাবিয়ে তোলে। সেনাপ্রধান লে. জে. আতিকুর রহমান তাঁর কার্যকালে গণমাধ্যমের রোষানলে পড়েন। বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। লে. জেনারেল নাসিম সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি কর্তৃক বরখাস্ত হন। জেনারেল মুস্তাফিজ দায়িত্ব গ্রহণের শুরুতে চুক্তিবদ্ধ বিতর্কে জড়িয়ে পড়লেও পুরো সময় দায়িত্ব পালন করে সেনাবাহিনীর শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও প্রশিক্ষণক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। দুঃখজনক হলেও সত্য, মুক্তিযোদ্ধা জেনারেল মুস্তাফিজের পদবি তাঁর জীবদ্দশায় প্রত্যাহার করা হয়। লে. জে. হাসান মশহুদ চৌধূরী পুরো কার্যকালে পেশাদারি ফিরিয়ে আনার চেষ্টারত ছিলেন। জেনারেল মইন উ আহমেদ শুরুতে সরকারি আনুকূল্য লাভ করলেও দায়িত্ব পালনকালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছায়া সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিতর্কের ঝড় তুলে ফেলেন। কিছু ইতিবাচক পদক্ষেপ হারিয়ে যায় নেতিবাচক পদক্ষেপের ফলে। তাঁরই কার্যকালে বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যকে আবেগাপ্লুত করে ফেলে। সেই দিনের সেই লোমহর্ষক ঘটনা আজও তাড়া করে ফিরছে সেনাবাহিনীর সদস্যদের। জেনারেল মুবীন অস্থিতিশীল সেনাবাহিনীর সদস্যদের মধ্যে স্থিতি ফিরিয়ে আনার প্রাতিষ্ঠানিক প্রয়াস চালিয়ে গেছেন। একজন স্বল্পভাষী পরিশীলিত সেনাপ্রধান জেনারেল মুবীন তাঁর কার্যকালে সেনাসদস্যদের দ্বারা সংঘটিত অপরাধের বিচারকাজ সেনা আইনে সমাধানে সচেষ্ট ছিলেন। জেনারেল মইন ও জেনারেল মুবীনের কার্যকালে অনেক অফিসারের বিরুদ্ধে আনীত অভিযোগের কারণে গঠিত আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বেশ কিছু সেনাসদস্যকে চাকরি থেকে বরখাস্ত, শাস্তি ভোগ ও কারাগারের জীবন বেছে নিতে হয়েছে। অনেককে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এবং সংসদীয় কমিটির কাছে অনেক বিষয় ব্যাখ্যা দিতে হয়েছে। কার্যকালের শেষদিকে জেনারেল মুবীন একটি অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়ার সফলতার সংবাদ গণমাধ্যমকে প্রদান করেন। সম্প্রতি তদন্ত আদালতে বিচারকাজ সমাপ্ত হচ্ছে বলে গণমাধ্যমে প্রচারিত হয়েছে। যদিও মূল পরিকল্পনাকারী বলে খ্যাত মেজর জিয়া আজও লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছেন। উল্লেখ্য, অভ্যুত্থান যত ছোট আর বড় আকারেই হোক, এর উৎসগুলো খুঁজে বের করা অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়লেও শাস্তির পর্ব সমাপ্ত হলে অভ্যুত্থানের মূল কারণ অসন্তোষের কথাটি অনেকে ভুলে যান। সেনাবাহিনীর মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে স্বচ্ছতার সঙ্গে তথ্য প্রদান না করলে ধূম্রজাল সৃষ্টি হতে বাধ্য। নতুন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া একজন সৎ, কর্মঠ ও মেধাসম্পন্ন পেশাজীবী হিসেবে পরিচিত। রণকৌশলের তাত্ত্বিক জ্ঞানসহ সামরিক বিষয়ে তাঁর আগ্রহ অপরিসীম। সেনাবাহিনীর প্রয়োজনীয় পুস্তকগুলো তাঁর শ্রম ও আগ্রহের ফলে সময়োপযোগী করা হয়েছে। পেশাগত জীবনে সেনাবাহিনীতে কমান্ড ও ইনস্ট্রাকশনাল দুই দিকে তাঁর সফলতা রয়েছে। প্রত্যুৎপন্ন ও অভিজ্ঞতাসম্পন্ন এই জেনারেল বহুজাতিক বাহিনীর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন দৃঢ়তার সঙ্গে। পেশাগত প্রশিক্ষণ আত্মস্থ করা এবং তার প্রায়োগিক প্রয়োগ—কথাটি শুধু বিশ্বাসে নয়, কর্মে বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে। বিশ্বের সেনাবাহিনী ও গণমাধ্যমের সম্পর্ককে খতিয়ে দেখে সেনাবাহিনীর মিডিয়া সেলকে শক্তিশালী করে সেনা মিডিয়াকর্মীর মাধ্যমে গণমাধ্যমের আস্থা অর্জন করা জরুরি, যার ফলে সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও প্রসার বন্ধের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা যাবে। সেনাবাহিনীকে তার কর্মদক্ষতা বাড়াতে হলে নিবিড় প্রশিক্ষণের মাধ্যম এই নতুন প্রজন্মকেও তৈরি করতে হবে। বাংলাদেশের সেনাসদস্যদের কর্মদক্ষতার প্রমাণ ছড়িয়ে আছে সারা বিশ্বে। সব সামরিক প্রতিষ্ঠানে আমাদের সেনা অফিসাররা উচ্চমানের ফলাফল অর্জন করেছেন। দেশেও উচ্চশিক্ষা গ্রহণ করে তাঁরা ভালো ফল এনেছেন। এ দেশেরই সন্তান এই সেনাসদস্যরা এ দেশের আলো-বাতাসে বেড়ে উঠেছেন। আগামী দিনগুলোতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিকব্যবস্থায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বাংলা মায়ের সন্তানেরা প্রতিশ্রুতিবদ্ধ। মেধা, মনন ও দৃঢ় নেতৃত্বকে পুঁজি করে জেনারেল করিম নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। সেনাবাহিনীতে পেশাদারির এক নতুন অধ্যায়ে সবাই সহযোগী ভূমিকা পালনের ক্ষেত্র রচনায় অবদান রাখলে সেনাবাহিনী তার হূত গৌরব ফিরে পাবে এবং সংগঠনটির অবস্থান সমুজ্জ্বল হবে। লে. কর্নেল ওয়ালিউল্লাহ্ (অব.): সাবেক সেনা কর্মকর্তা। যুক্তরাষ্ট্র থেকে পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ে ডিপ্লোমাপ্রাপ্ত।