অথর্ব নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে যে দেশে বছরের পর বছর জ্বালাও-পোড়াও এবং খুন-জখমের রাজনীতি চলে, সে দেশের সংবিধানে এত বড় একটা গলদ এতকাল কীভাবে বাসা বেঁধে ছিল সেটা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু সেটাই ঘটেছে। সেটা পরে খুলে বলছি।আওয়ামী লীগ ও বিএনপি সম্প্রতি তাদের আয়-ব্যয়ের হিসাবের যজ্ঞ পালন করেছে। দলের আয়-ব্যয়ের স্বচ্ছতার প্রশ্ন অমীমাংসিত রেখে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দুই বড় দল কীভাবে চলে, তাদের টাকাপয়সার উৎস কী—এসব বিষয়ে তারা পারতপক্ষে কোনো তথ্য প্রকাশ করে না। দেশব্যাপী চাঁদাবাজি নিয়ে ওবায়দুল কাদের আক্ষেপ করেন। কিন্তু তাঁর এবং তাঁর গোত্রের (বিএনপির বন্ধুরাসহ) সবারই জানা, দুই বড় দল বৃহত্তম চাঁদাবাজ। সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস টাকার বস্তা নিয়ে ধরা পড়লেন। বিএনপির এক ডাকসাইটে মন্ত্রী সম্পর্কে ওয়ান-ইলেভেনের সময় শুনেছিলাম, ইংল্যান্ডে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের কমতি নেই। তৎকালীন দুদকের উচ্চপর্যায়ের সূত্র বলেছিলেন, তাঁর কাছে নথিপত্র এসে গেছে। সূত্র আমাকে কয়েকটা নথি চকিতে পড়তে দিয়েছিলেন। নোট নিতে দেননি। তখন আরও কয়েকজন রুই-কাতলার বিষয়ে নথিপত্র পড়েছিলাম। জেনেছিলাম বিদেশে তাঁদের মিলিয়ন ডলারের ব্যাংক ব্যালান্স। জনগণের টাকা খরচ করে ওই সব হাই প্রোফাইল ব্যক্তির দুর্নীতির তথ্য সংগ্রহ করা হয়েছিল। যাঁদের বিষয়ে জেনেছিলাম তাঁদের মধ্যে আওয়ামী লীগের হয়তো কেউ ছিলেন না। তাই ঈষৎ আশা ছিল আওয়ামী লীগ অন্তত বিএনপির ওই ধরনের সাবেক মন্ত্রী, যাঁরা প্রতিনিয়ত উঠতে-বসতে ক্ষমতাসীন দলের শাপান্ত করেন তাঁদের বিরুদ্ধে তদন্ত চালাবে। কিন্তু অবাক হই, সরকার ও তার আজ্ঞাবহ দুদক একেবারে নীরব।বিবিসির হার্ডটকে স্টিফেন স্যাকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন, ‘বেগম খালেদা জিয়া আপনাকে তাড়া করেছিলেন। এখন আপনি পাল্টা তা-ই করছেন। তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর ছেলের বিরুদ্ধে করেছেন। এক ছেলেকে বিদেশ থেকে ফেরত আনতে উদ্যোগী হয়েছেন।’ প্রধানমন্ত্রীর যুক্তিবাণ আমাদের অবাক করেনি। তিনি হয়তো খেয়াল করেননি যে তিনি নিজেই নিজেকে বিদ্ধ করেছেন। গলায় আত্মপ্রসাদের সুর মিশিয়ে প্রধানমন্ত্রী যথেষ্ট জোর দিয়ে বলেছেন, ‘আমার সরকার তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেনি। সব মামলাই করেছে বিগত তত্ত্বাবধায়ক সরকার!’ অথচ জনগণ তাঁদের বিশাল ম্যান্ডেট দিয়েছিল যে বিএনপি-জামায়াতের জোট সরকার চুরিচামারি ও লুটপাট করে যত টাকাপয়সা নিয়ে গেছে, তা ফেরত আনতে। এখন পর্যন্ত তাঁরা কার কাছ থেকে কত টাকা এনে সরকারি কোষাগারে জমা করেছেন, তার একটা হিসাব তাঁরা প্রকাশ করুন। বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগের অনেক মন্ত্রীর এত্ত টাকা আছে যে দু-চারটা পদ্মা সেতু তাঁরাই বানিয়ে ফেলতে পারেন। কিন্তু আমরা জানি, মওদুদ আহমদরা নির্দলীয় সরকারের রূপরেখা দিয়ে যদি ক্ষমতায় আসতে পারেন, তাহলে তাঁরাও আওয়ামী লীগের প্রতি যথারীতি ‘কৃতজ্ঞ’ থাকবেন। বলছিলাম, দুই দলের আয়-ব্যয় নিয়ে। আমরা আশঙ্কা করি, দুই দলের আয়-ব্যয়ের সঙ্গে বাংলাদেশের লুটেরা অর্থনীতির নিবিড় সম্পর্ক আছে। সেই অর্থনীতি ও তার প্রভাববলয় থেকে নির্বাচন কমিশন যেমন, তেমনি মহাহিসাব নিরীক্ষকের দপ্তরও মুক্ত নয়।ড. কামাল হোসেন বলেছেন, মুজিব কোট পরে চাঁদাবাজি চলছে। এই চাঁদাবাজি সাফারি স্যুট পরেও চলে। দুই বড় দল ও তাদের আশ্রয়পুষ্ট পেশিশক্তির ধারক-বাহকেরা বছরে কত মিলিয়ন ডলার চাঁদাবাজি করে, সেটা সমীক্ষার বিষয়। বিএনপি দল চালানো নিয়ে মুখে কুলুপ এঁটে আছে। আওয়ামী লীগ তবু ২০১০ সালে মুখ ফসকে বলে ফেলেছিল, তাদের আয় পাঁচ কোটি টাকা। খরচ দুই কোটি টাকা। ব্যাংকে জমা তিন কোটি টাকা। কিন্তু কোথা থেকে কারা তা দিল তা আমাদের জানতে দেওয়া হয়নি।পাকিস্তানের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ঢোকানো হয়েছে। সেই সঙ্গে সংবিধান এ-ও বলছে যে নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। আমাদের দেশে বহুল উচ্চারিত শব্দ অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অথচ এই জনপ্রিয় অভিব্যক্তি সংবিধান ধারণ করতে পারেনি। সংবিধানের কোথাও বলা নেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। বলা আছে সাধারণ নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে আর একটি কথাও বলা নেই, যাতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে অনুধাবন করতে পারে এবং একটা দায় অনুভব করতে পারে যে তাদের যেনতেন নির্বাচন করলেই চলবে না। নির্বাচন করতে হবে অবাধ ও সুষ্ঠু। এ রকম একটি বিধান অবশ্য ত্রয়োদশ সংশোধনীতে যুক্ত করা হয়েছিল। বলা হয়েছিল, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের’ স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার যেকোনো ধরনের আইন তৈরি করতে পারবে। দলীয় সরকার এমন কোনো দায়িত্ব কাঁধে তুলে নেয়নি।আমাদের পুনর্গঠিত নির্বাচন কমিশন ইতিমধ্যেই অথর্ব নির্বাচন কমিশনে পরিণত হয়েছে। গত ছয় মাসের বেশি সময়ে তারা যা করে দেখিয়েছে তাতে জনগণের ভক্তি, শ্রদ্ধা ও আস্থার জায়গা সৃষ্টি হয়েছে কিংবা তাদের দিক থেকে তেমনটা অর্জনের কোনো আকুতি ছিল বলেও প্রতীয়মান হয় না।রাজনৈতিক দলের আয়-ব্যয়ের অস্বচ্ছতা রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রাতিষ্ঠানিকীকরণ নিশ্চিত করছে। বিএনপির রুহুল কবির রিজভী বলেন, তাঁরা এটা প্রকাশ করবেন না। সেদিন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এক আলোচনায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং বিএনপির সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ এ বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়েও উভয়ের কণ্ঠ স্তব্ধ থাকল। আর নির্বাচন কমিশন তো জাতিকে হাইকোর্ট দেখাচ্ছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ, বিএনপি এবং নির্বাচন কমিশন একই শ্রেণীভুক্ত। ২০০৮ সালে কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলের নিবন্ধনব্যবস্থার প্রবর্তন করেছিল। দুই বড় দলের কেউ এটা মন থেকে মেনে নেয়নি। যদি তারা সুষ্ঠু নির্বাচন চাইত, তাহলে তারা নির্বাচনী সংস্কারে মনোযোগী হতো।২০০৯ সালের অক্টোবরে রাজনৈতিক দলের অর্থসংস্থান নিয়ে পিআইবি একটি সমীক্ষা চালিয়েছিল। এতে তারা বলেছিল, বাংলাদেশে রাজনৈতিক অর্থসংস্থান অত্যন্ত সংবেদনশীল বিষয়। অর্থসংস্থান নিয়ে এমনকি দলের অভ্যন্তরেও পারতপক্ষে কোনো আলোচনা হয় না। নির্বাচন কমিশনের উচিত হবে রাজনৈতিক অর্থসংস্থানসংক্রান্ত একটি পূর্ণাঙ্গ আইনের অনুকূলে তৎপরতা চালানো।ভারতের নির্বাচন কমিশন তাদের দেশের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টকে দিয়ে একটি বড় কাজ করিয়ে নিয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ৪০ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়। ভারতের রাজনৈতিক দলগুলোর অর্থসংস্থান নিয়ে আইন না হলেও নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকার কারণে দলগুলো কীভাবে আয়-ব্যয়ের হিসাব রাখবে এবং নিরীক্ষা ফার্মগুলো সেগুলো কীভাবে নিরীক্ষা করবে সে বিষয়ে প্রেসক্রিপশন চূড়ান্ত করেছে। এটা ওয়েবসাইটে পাওয়া যায়। নিরীক্ষা ফার্মগুলোকেও বিধিনিষেধ মানতে হবে। রাজনৈতিক দলগুলো যেমন করে চাইবে, তেমন নিরীক্ষা চলবে না। বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্সির একজন মুখপাত্র বলেছেন, নির্বাচন কমিশনের কাছ থেকে অনুরোধ পেলে তাঁরা এ রকমের একটি কাজ করে দিতে প্রস্তুত রয়েছেন। কয়েক দিন আগে প্রধান নির্বাচন কমিশনার প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশের সংবিধান ও আইনের আওতায় নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা ও শক্তিমত্তা রয়েছে। যে কারণে আর কোনো ক্ষমতার দরকার নেই। নির্বাচন কমিশনগুলো কতটা উদাসীন হতে পারে তার একটা নজির টেনে লেখাটা শেষ করছি। আমরা জাতিগত হুজুগ দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিই। নইলে সংবিধানের ১১৯ অনুচ্ছেদে এত বড় একটা গলদ অন্তত উচ্চ আদালতের রায়ে অনেক আগেই চিহ্নিত হতে পারত এবং সংসদ তা শুধরে নিতে পারত। ৪১ বছর ধরে এই ভুল চলছে।নির্বাচন কমিশনের স্বাধীনতা ও তার কার্যক্রম বিষয়ে বাংলাদেশের সংবিধানে তিনটি অনুচ্ছেদ রয়েছে। ১১৮ অনুচ্ছেদের ৪ দফা বলছে, ‘নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হবেন।’ ১১৯ অনুচ্ছেদের ১ দফা বলেছে, ‘রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকবে।’১২৬ অনুচ্ছেদ বলেছে, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে।’ এই তিনটি অনুচ্ছেদের অনুরূপ বিধানাবলি ভারতীয় সংবিধানে দেখা যায়। সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম তাঁর কনস্টিটিউশন অব ল বাংলাদেশ গ্রন্থে লিখেছেন, ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ১ দফার সঙ্গে বাংলাদেশ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ১ দফার ‘উল্লেখযোগ্য মিল’ রয়েছে। কিন্তু এটি তথ্যভিত্তিক নয়। কারণ, এখানে একটা শুভংকরের ফাঁকি ঘটেছে। অনুমান করতে পারি, ভারতের সংবিধান অনুসরণ করতে গিয়ে বাহাত্তর সালেই এই বিভ্রাট ঘটেছে।বাংলাদেশ সংবিধানের ১১৯(১) ও ভারতের সংবিধানের ৩২৪(১) ইংরেজি ভাষ্য দেখলে ভুলটা কোথায় তা সহজেই চোখে পড়বে। বাংলাদেশ সংবিধানের ১১৯(১) বলেছে, The superintendence, direction and control of the preparation of the electoral rolls for elections to the office of President and to Parliament, ... shall vest in the Election Commission ...ভারতের সংবিধানের ৩২৪(১) অনুচ্ছেদ বলেছে, The superintendence, direction and control of the preparation of the electoral rolls for, and the conduct of, all elections to Parliament... shall be vested in a Commission .এটা পরিহাসমূলক যে, বাংলাদেশ সংবিধানের ১১৯ অনুচ্ছেদ বলছে, নির্বাচন কমিশনের কাজ হলো শুধু ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও তদারক করা। আর ভারতীয় নির্বাচন কমিশনের কাজ সংসদ নির্বাচন তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও তদারক করা। অবশ্য মূল গলদ ইসির নতজানু মানসিকতা। আমাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন, আইন যেখানে নীরব থাকবে ইসি সেখানে সরব হবে। সুতরাং, সংবিধান বা আইনে না থাকার যুক্তি দেখিয়ে দুই দলের আয়-ব্যয়ের অস্বচ্ছ হিসাব প্রকাশ না করতে ইসির অবস্থান অবৈধ। আমরা ইসিকে অথর্ব নয়, বীর্যবান দেখতে চাই। মিজানুর রহমান খান: সাংবাদিক। [email protected]