অদক্ষ চালকদের কাছে জিম্মি জীবন
১৫ অক্টোবরের ঘটনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথে পুলিশ বক্সের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় শিশু, এক অন্তঃসত্ত্বা নারীসহ চারজন নিহত হন। পত্রিকা মারফত জানা গেছে, ওই দিন অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তিনি ব্রেক করতে চেয়েছিলেন, কিন্তু ব্রেকে চাপ না দিয়ে ভুল করে অ্যাকসেলেটরে চাপ দেন। এতে ঘটে যায় ভয়াবহ এই দুর্ঘটনা।
যখন কোনো চালকের সহকারী বা হেলপার গাড়ি চালাবেন, তখন এ ধরনের দুর্ঘটনা ঘটা খুব স্বাভাবিক। অতীতেও এমনটা অনেক ঘটেছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ১০ জন নিহত হয়। দুর্ঘটনায় টেম্পোর সব যাত্রীই প্রাণ হারায়। ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী।
২০১২ সালের সেপ্টেম্বর মাসে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরের খয়রায় একটি বাস একটি হিউম্যান হলারকে ধাক্কা দিলে দুই শিক্ষার্থীসহ ১০ জন নিহত হয়, আহত হয় চারজন। চালকের বদলে বাসটি চালাচ্ছিলেন তাঁর সহকারী।
এসব হেলপার সহকারী হিসেবে কিছুদিন কাজ করতে না করতেই চালক বনে যান। চালকেরাও আনাড়ি সহকারীর হাতে তুলে দিচ্ছেন গাড়ির চাবি। গাড়ির মালিকেরাও বিষয়টি নিয়ে মাথা ঘামান না। তাঁরা একটুও ভাবেন না, এসব আনাড়ি লোকজনের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার পরিণতি কী হতে পারে? এসব সহকারীর না আছে গাড়ি চালানোর প্রাতিষ্ঠানিক শিক্ষা, না আছে ড্রাইভিং লাইসেন্স। গাড়ির কলকবজা সম্পর্কেও তাঁদের পুরোপুরি ধারণা নেই। এসব ছাড়াই তাঁরা মহাদাপটের সঙ্গে সড়ক-মহাসড়কে বাস-ট্রাক চালিয়ে যাচ্ছেন। অনেকে ভুয়া লাইসেন্স জোগাড় করে নির্ভয়ে গাড়ি চালাচ্ছেন। বৈধ লাইসেন্স ছাড়া চালকের আসনে বসে যাওয়ার ঘটনা যেন কোনো ঘটনাই না। কী ভয়াবহ ব্যাপার!
এসব সহকারীর অনেকের বয়স খুব কম। ঢাকা মেডিকেলের গেটে যে সহকারীর কারণে দুর্ঘটনা ঘটেছে, তাঁর বয়স মাত্র ১৮ বছর। রাজধানীর বিভিন্ন পথে চলছে লেগুনা, টেম্পো, হিউম্যান হলারসহ নানা ধরনের ছোটখাটো যাত্রী বহনকারী যান। একটু খেয়াল করলেই দেখবেন, এসব যানের অধিকাংশ চালকের আসনে শিশু-কিশোরেরা। বেশির ভাগই আগে চালকের সহকারী হিসেবে কাজ করেছে।
প্রশ্ন হচ্ছে, এভাবে কত দিন চালকের সহকারীরা গাড়ি চালাবেন? তাঁদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে আর কত মানুষের জীবন যাবে? এসব অদক্ষ সহকারীর হাতে কত দিন আমাদের জীবন জিম্মি থাকবে? এ ব্যাপারে কি কারও কিছু করার নেই? ঢাকা মেডিকেলের ওই অ্যাম্বুলেন্স যদি সত্যিকারের একজন দক্ষ চালক চালাতেন, তাহলে হয়তো ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২২ লাখ ৬৯ হাজার ৮৫৮। আর লাইসেন্সপ্রাপ্ত চালকের সংখ্যা ১৫ লাখ ২৪ হাজার। নিবন্ধিত যানবাহন ও চালকের মধ্যে পার্থক্য ৭ লাখ ৪৫ হাজার। তাহলে বাকি গাড়ি চালান কারা? লাইসেন্স ছাড়া তাঁরা চালাচ্ছেই-বা কীভাবে?
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, যেসব চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাঁদের একটা বড় অংশকে দেওয়া হয়েছে যথাযথ পরীক্ষা ছাড়া। বড় অঙ্কের টাকার বিনিময়ে এসব লাইসেন্স দেওয়া হয় তাঁদের। এসব বিষয়ে কোনো ধরনের নজরদারি আছে বলে তো মনে হয় না। আমাদের দেশে মনে হয় সবই সম্ভব? সবাই কী রকম নির্বিকার।
চালকের আসনে কে বসে আছে, এটা আমরা বেশির ভাগ সময় খেয়ালই করি না। আমরা নিশ্চিন্তে আমাদের জীবন অদক্ষ চালকদের হাতে তুলে দিচ্ছি। আর দুর্ঘটনা ঘটলে নিয়তির লিখন বলে সান্ত্বনা খুঁজছি।
তবে সব সড়ক দুর্ঘটনার দায় এককভাবে চালকের সহকারীদের নয়। আরও নানা কারণে দেশে সড়ক দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে রয়েছে, বেহাল সড়ক, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো, চালকের অসতর্কতা বা গাফিলতি, ফাঁকা সড়কগুলোতে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সাইড না পেয়েও ওভারটেক করার চেষ্টা, মদ্যপ অবস্থায় ও বিরতিহীনভাবে গাড়ি চালানো ইত্যাদি। গাড়ির অদক্ষ চালক নিয়ে এ পর্যন্ত বহু কথা হয়েছে। কিন্তু অদক্ষ গাড়ি চালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে—এমনটা কখনো দেখা যায়নি। এ রকম চলতে থাকলে সড়ক দুর্ঘটনা বাড়তে থাকবে—এটাই তো স্বাভাবিক!
জাতিসংঘের যেসব সদস্য দেশ ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছিল, সে তালিকায় বাংলাদেশও আছে। সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার নির্ধারিত লক্ষ্যমাত্রায় বাংলাদেশ সই করলেও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা দেশটির আছে বলে বলে হয় না। প্রতিদিন দেশের কোনো না কোনো সড়কে ঘটছে দুর্ঘটনা। মারা যাচ্ছে মানুষ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২৪ জনের মৃত্যু ঘটছে। কিন্তু কারও যেন এসব দুর্ঘটনা রোধে কিছু করার নেই। এখন সময় হয়েছে সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন করার। খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এ রকম আইনের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন।
গত এপ্রিল মাসে রাজধানীতে এক কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছেন, ‘পরিবহন চালকদের জন্য বড় ধরনের শাস্তির বিধান রেখে আইন করা উচিত। শাস্তি কম রাখলে চালকদের অপরাধ কমবে না। এ শাস্তি দুই লাখ টাকার আর্থিক জরিমানা হতে পারে, জেলও হতে পারে। এ জরিমানার ভয়ে চালকেরা সতর্কভাবে গাড়ি চালাবে।’
আমরা চাই, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ রকম কঠোর আইন প্রণয়নে উদ্যোগী হবেন। আমরা চাই, প্রশিক্ষিত চালকেরা সত্যিকারের ফিটনেস সনদ পাওয়া যানবাহন চালাবেন। সড়কে ঘটবে না আর কোনো দুর্ঘটনা।
রোকেয়া রহমান: সাংবাদিক